কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ফল প্রকাশ করল নবাবগঞ্জ সরকারি কলেজ

চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে নবাবগঞ্জ সরকারি কলেজ। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল।
মঙ্গলবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক ফরহাদ আহমেদ। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় প্রতিটি শাখা থেকে সেরা পাঁচজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি চলতি বছরের মেডিকেল, প্রকৌশল ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ সেরাজ উদ্দীন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত কলেজমুখী রাখতে কলেজ কর্তৃপক্ষ নানা উদ্যোগ গ্রহণ করেছে। টিফিন সমস্যার সমাধানে ক্যান্টিন চালু, শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যে উৎসাহিত করা এবং কলেজকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন।
উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য দেন। এ সময় কৃতী শিক্ষার্থীরাও তাদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।