ঈদুল ফিতর উপলক্ষে নাচোলে ভিজিএফের চাল বিতরণ শুরু

নাচোলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২০ হাজারের অধিক দুস্থ অসহায় অতিদরিদ্র্য পরিবারের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফের ২০৫.৭৭ মে. টন চাল বিতরণ শুরু হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ ও নাচোল পৌরসভা। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের অফিসার দুলাল হোসেন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তার আওতার এ বছর ২০৫.৭৭ মে. টন চাল ২০ হাজার ৫৭৭টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি নাচোলে গত ১২ মার্চ থেকে শুরু হয়েছে। তিনি আরো জানান বিতরণ কার্যক্রমটির স্বচ্ছতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
তিনি জানান, এবছর কসবা ইউনিয়নে ৪,২৩৭ ফতেপুর ইউনিয়নে ৪,৬৩৮, নাচোল ইউনিয়নে ৪,২৭০ ও নেজামপর ইউনিয়নে ৪,৩৪৭টি এবং নাচোল পৌরসভায় ৩,০৮৫টি পরিবারের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ প্রদান করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তালিকা প্রস্তুতের বিষয়ে ৩ নং নাচোল ইউনিয়ন পরিদের চেয়ারম্যান সফিকুল ইসলাম জানান, উপকারভোগীদের জন্য বাছায় ও মাষ্টার রোল প্রস্তুত ও বিতরণ কাজটি খুবই জটিল। তবুও জনসাধারণের কল্যাণে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।
শুক্রবার সকাল ৯ টা থেকে নাচোল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণকালে চেয়ারম্যান সফিকুল ইসলাম, সচিব কামরুজ্জামান, ইউপি সদস্য আতাউর রহমান, শাহজাহানসহ গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।