আম্পায়ারকে বল না দেওয়ায় শাস্তি ডেভিডের, জরিমানা হার্দিকের

আইপিএলের শুরু থেকেই ব্যাট হাসছে টিম ডেভিডের। তাতে গ্যালারির চতুর্দিকে বলকে পাঠিয়ে দর্শকদের দিচ্ছেন নির্মল আনন্দ। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে গতকালের ম্যাচেও অস্ট্রেলিয়ান ব্যাটার দিয়েছেন বিনোদন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২১২.৫০ স্ট্রাইকরেটে অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলেছেন ডেভিড। পরে তার ঝোড়ো ইনিংসটিও পেয়েছে পূর্ণতা। মুম্বাইয়ের বিপক্ষে ১৮ রানের জয় পেয়েছে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়লেও পরে ডেভিডকে শুনতে হয়েছে দুঃসংবাদ। আম্পায়ারের নির্দেশনা অমান্য করায় শাস্তি পেতে হয়েছে তাকে। শুধু ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানাই নয়, ৩০ বছর বয়সী ব্যাটারের নামের পাশে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্টও। ম্যাচে একবার নয়, আম্পায়ারের নির্দেশনা দুইবার অমান্য করেছেন ডেভিড। প্রথম ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু ইনিংসের ১৮তম ওভারে। বল পরিবর্তন করার পর আম্পায়ার তা চাইলে ডেভিড না দিয়ে পরিবর্তিত বলকে সিম অ্যালাইনমেন্ট পরীক্ষার জন্য ছুঁড়ে মারেন তিনি। আর দ্বিতীয় ঘটনাটি ২০তম ওভারে। এবারও তিনি আম্পায়ারের নিদের্শনা মানেননি। এরই শাস্তি হিসেবে আইপিএল আচরণবিধির ২.৪ অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা করেন ম্যাচ রেফারি। ডেভিড শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি। এদিকে, হার্দিক পান্ডিয়ার হয়েছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। ম্যাচ হারার পর জরিমানা গুনেছেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক। মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা দিতে হয়েছে তাকে।