রাজধানীতে আমচাষিদের সমস্যা সমাধানে চার দফা দাবি পেশ

রাজধানীতে আমচাষিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খামারবাড়ীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এ সভা আয়োজন করা হয়।
সভায় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহা. দেলওয়ার হোসেন, আমচাষি ও গণমাধ্যমকর্মী আহসান হাবিব, নওগাঁর সাপাহারের সোহেল রানা, এনামুল হক স্বপনসহ প্রায় ১৫ জন আমচাষি অংশ নেন।
আলোচনায় আমচাষিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে চার দফা দাবি জানান। দাবিগুলো হলো— সারাদেশে আমের সঠিক ওজন নির্ধারণে অভিন্ন নীতিমালা প্রণয়ন, সেচ ব্যয় কমাতে সোলার সেচ প্যানেল স্থাপন, চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র পুনঃস্থাপন এবং একটি স্বতন্ত্র আম বোর্ড বা অধিদপ্তর গঠন।
কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ মনোযোগ সহকারে দাবিগুলো শোনেন এবং সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে ফোনে কথা বলে বিষয়গুলো দ্রুত সমাধানের নির্দেশনা দেন।
তিনি বলেন, আমচাষিদের স্বার্থ রক্ষায় সোলার সেচ প্যানেল সরবরাহ এবং চাঁপাইনবাবগঞ্জে আম গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ডিজিটাল ওজন পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেন, যাতে কৃষকরা ন্যায্য মূল্য পান।
এছাড়া আম গবেষণা কেন্দ্র পুনঃস্থাপন এবং একটি আম ব্যবস্থাপনা বোর্ড গঠনের বিষয়টি প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান সচিব। আমের ওজন নির্ধারণে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আমচাষিরা জানান, দেশের আম উৎপাদন খাত প্রতিবছর হাজার হাজার কোটি টাকার সম্পদ সৃষ্টি করছে। তবে এ খাতের উন্নয়ন ও ব্যবস্থাপনার জন্য এখনো কোনো বিশেষায়িত বোর্ড বা অধিদপ্তর না থাকা দুঃখজনক।
এ সময় কৃষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কৃষি সচিব বলেন, সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।