আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধি তামিম
তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রথম সভা করেছে। সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তার মধ্যে প্রধান সিদ্ধান্ত, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভা ও কার্যক্রমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। এছাড়া আইসিসির পরামর্শ অনুযায়ী বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)কেও প্রতিনিধিত্ব করার অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে সংবাদ সম্মেলনে ছোট বক্তব্যে তামিম জানান, অ্যাডহক কমিটির সদস্যরা ইচ্ছেমতো সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না। বোর্ডের মুখপাত্র হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন তানজিল চৌধুরি। তানজিল চৌধুরি সভার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, বোর্ডের ব্যাংক সিগনেটরি সংক্রান্ত নিয়মিত কার্যক্রম বজায় রাখার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের সিগনেটরির দায়িত্ব দুই গ্রুপে ভাগ করা হয়েছে, ম্যানেজমেন্ট গ্রুপে সিইও ও হেড অব ফাইন্যান্স থাকবেন, আর বোর্ড বা অ্যাডহক কমিটি থেকে প্রেসিডেন্ট ও ফাইন্যান্স কমিটির প্রধান দায়িত্ব পালন করবেন।
আইসিসি ও এসিসিতে বাংলাদেশের প্রতিনিধিত্বের ব্যাপারেও তানজিল বলেন, ‘বাই ট্রাডিশন ও ডিজাইনের মাধ্যমে বোর্ড প্রেসিডেন্টই অংশগ্রহণ করেন। আমাদের ক্ষেত্রে এই দায়িত্বে মনোনীত হয়েছেন তামিম ইকবাল। পাশাপাশি আইসিসির পরামর্শে সিইওকে যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।’ তানজিল আরও জানিয়েছেন, অ্যাডহক কমিটি নিয়েও আইসিসি আপত্তি রাখেনি। নতুন কমিটি ইতিমধ্যেই ঘরের মাঠে আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতির খোঁজ নিয়েছে। আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল। সভায় লিগাল কাউন্সিল সম্পর্কিত বিষয়ও আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সভা বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।