অপরাজিত থেকে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

গ্রুপ পর্বে উড়ন্ত পথচলা অব্যাহত রেখে আরেকটি জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকেই সুপার এইট নিশ্চিত করেছে গত বিশ্বকাপের রানার্স-আপরা। শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে সহজেই হারিয়েছে তারা। আজ দিল্লিতে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে আমিরাত ৬ উইকেটে তোলে ১২২ রান। জবাবে মাত্র ১৩.২ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা।

ডি গ্রুপে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চার ম্যাচে মাত্র এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে আমিরাত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ঝড় তোলেন আমিরাত অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। তবে ১২ বলে ২২ রানের বেশি এগোতে পারেননি তিনি। এরপর ৫ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪৫ রান করেন আলিশান শরাফু। দলের আর কোনো ব্যাটার ১৫ রান ছুঁতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বোলাররা ছিলেন নিয়ন্ত্রিত। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন করবিন বশ। ১৭ রানে ২ উইকেট শিকার করেন জর্জ লিন্ডা।

রান তাড়ায় বড় ইনিংস না খেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ একপেশে করে ফেলে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ১১ বলে ২৮, রায়ান রিকেলটন ১৬ বলে ৩০ এবং ডেওয়াল্ড ব্রেভিস ২৫ বলে ৩৬ রান করেন।

সুপার এইটে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে।