অনুমতি ছাড়া পোস্ট নয় ক্রিকেটারদের কড়া বার্তা পিসিবির

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে কঠোর সতর্কবার্তা দিয়েছে। বিশেষ করে চুক্তির শর্ত ভঙ্গ ও অনিয়ন্ত্রিত পোস্ট নিয়ে বোর্ড এখন বেশ কঠোর অবস্থানে রয়েছে।
জিও নিওজের খবরে বলা হয়েছে, বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রীয় চুক্তিভুক্ত কোনো ক্রিকেটার পিসিবির মিডিয়া বিভাগের পূর্বানুমতি ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করতে পারবেন না। খেলোয়াড়দের তাদের চুক্তির সব শর্ত, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত নীতিমালা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া খেলোয়াড়দের ম্যানেজারদেরও একই নির্দেশনা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। পিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক কোনো পোস্ট কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। এখন থেকে ক্রিকেটারদের জনসম্মুখে দেওয়া বক্তব্য ও পোস্টের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো বিতর্কিত পোস্ট করলে অন্তত এক কোটি পাকিস্তানি রুপি জরিমানার মুখে পড়তে হতে পারে।
সম্প্রতি জাতীয় দলের পেসার নাসিম শাহের ওপর ২ কোটি রুপি জরিমানা আরোপের পরই এই কঠোর পদক্ষেপ নেয় পিসিবি। ২৩ বছর বয়সী এই পেসার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত টুইট করার কারণে শাস্তি পান।
ঘটনার সূত্রপাত হয় চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে, যা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন মরিয়াম নেওয়াজ।
অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে মরিয়াম নেওয়াজকে স্বাগত জানাতে এবং ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করিয়ে দিতে দেখা যায়।
এর কিছুক্ষণ পরই নাসিম শাহর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল, ‘তাকে কেন লর্ডসে রানির মতো আচরণ করা হচ্ছে?’—যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দেয়।
পরবর্তী সময় নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। তিনি বলেন, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাক হয়েছিল, তবে এখন পুনরুদ্ধার করা হয়েছে।’