দুবাই বিমানবন্দরে ৩ দিন আটকে থেকে অবশেষে দলের সঙ্গে রিশাদ-নাহিদ

দুবাই বিমানবন্দরে ৩ দিন আটকে থেকে অবশেষে দলের সঙ্গে রিশাদ-নাহিদ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে তিনদিন আটকে থাকার পর অবশেষে বাংলাদেশের তরুণ দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দিয়েছেন। শুক্রবার ভোররাতে তারা মুক্তি পান এবং শারজাহতে দলের সঙ্গে যুক্ত হন। এই ঘটনায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ঠিক ১৮ ঘণ্টা আগে তারা টিম হোটেলে পৌঁছান। গত ১৪ মে বাংলাদেশ দল প্রথম দফায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমায়। বাকি খেলোয়াড়রা নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হলেও রিশাদ ও নাহিদকে আটকে রাখা হয় ‘ডকুমেন্ট যাচাই’-এর জন্য। বিষয়টি এতটাই দীর্ঘায়িত হয় যে, একপর্যায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানান, “তাদের ভিসা বৈধ ছিল। তারা দলের সঙ্গেই গিয়েছিল। কিন্তু ইমিগ্রেশনে আটকে গিয়ে তারা ‘রিভিউ’র মধ্যে পড়ে। মাঝখানে তাদের খুঁজে পাওয়াই যাচ্ছিল না। ” বিসিবি দ্রুত আমিরাত ক্রিকেট বোর্ড এবং দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা করে। শেষপর্যন্ত ১৭ মে ভোর ২:৩০টার দিকে তাদের মুক্তি মেলে। এই বিলম্বের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শুরুতে পাকিস্তান থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দুবাই হয়ে বাংলাদেশে ফিরেছিলেন। তখন পিএসএল (পাকিস্তান সুপার লিগ) স্থগিত হওয়ায় তারা দুবাইয়ে স্বল্প সময় অবস্থান করেন। সেসময় কোনো ডকুমেন্টসে ঘাটতি থাকায় হয়তো এবার ইমিগ্রেশনে বাধা সৃষ্টি করেছে। তিন দিনের জটিলতায় রিশাদ ও নাহিদ দলের দুটি প্রস্তুতি সেশন মিস করেছেন। তাদের ১৮ মে’র প্রথম ম্যাচে মাঠে নামানো হবে কি না, তা নির্ভর করবে শারীরিক ও মানসিক প্রস্তুতির ওপর। বাংলাদেশ ১৮ ও ২০ মে শারজাহতে দুটি টি-টোয়েন্টি খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
বিসিবিতে ফের দুদকের অভিযান

বিসিবিতে ফের দুদকের অভিযান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম, দুর্নীতি এবং তৃতীয় বিভাগ বাছাইয়ে অস্বচ্ছতার অভিযোগে ফের অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ দুপুর ১টার দিকে এই অভিযান শুরু হয়। দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযান পরিচালনা করেন সংস্থার সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি দল। এর আগে ১৬ এপ্রিল মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৯ কোটি টাকার অনিয়মের অভিযোগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অভিযান চালায় দুদক। সেসময় অভিযোগ-সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়। সম্প্রতি বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। তার বিরুদ্ধে বিসিবি ও সরকারি অর্থ ব্যবহারে অনিয়ম, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এই অনুসন্ধানের অংশ হিসেবে বিসিবির কাছে ২৭ ধরনের তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। অনুসন্ধানে নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক সাইদুজ্জামান। তার সঙ্গে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।
অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ

অবশেষে আইপিএল খেলার ছাড়পত্র পেলেন মুস্তাফিজ অবশেষে আইপিএলে খেলার জন্য বিসিবির ছাড়পত্র পেয়েছেন মুস্তাফিজুর রহমান। ১৭ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ শেষে ভারতে রওনা হবেন তিনি। বিসিবি তাকে ১৮ থেকে ২৪ মে পর্যন্ত এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) প্রদান করেছে। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে বিরতির পর আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে আইপিএল। তবে দিল্লির খেলা ১৮ মে। তার মানে প্রথম ম্যাচ থেকে মুস্তাফিজকে পাচ্ছে দলটি। উল্লেখ্য, আইপিএলের এবারের আসরের মেগা নিলামে নাম থাকলেও অবিক্রিত ছিলেন মুস্তাফিজুর রহমান।
ব্রাজিলের ফুটবল প্রধানকে অপসারণ পুরো বোর্ড বরখাস্ত

ব্রাজিলের ফুটবল প্রধানকে অপসারণ পুরো বোর্ড বরখাস্ত ব্রাজিলের ফুটবল অঙ্গনে আবারও বড়সড় রদবদল। আদালতের রায়ে পদ হারালেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজ। তার বিরুদ্ধে তোলা চুক্তি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে রিও ডি জেনেইরোর একটি আদালত এই সিদ্ধান্ত দেয়। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে পুরো বোর্ড সদস্যদেরও। রদ্রিগেজের স্থলাভিষিক্ত হিসেবে আপাতত দায়িত্ব পালন করবেন সিবিএফের সহ-সভাপতি ফার্নান্দো সারনি। তিনিই আদালতে রদ্রিগেজের অপসারণের আবেদন করেছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী, সারনিকে যত দ্রুত সম্ভব নতুন সভাপতি নির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে।
মাঠে ফেরার পথে নেইমার

মাঠে ফেরার পথে নেইমার নেইমার জুনিয়রের মাঠে ফেরার সময় ঘনিয়ে এসেছে। আগামী সপ্তাহে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সান্তোস দলের সঙ্গে মেসেইও সফরে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান ফুটবল তারকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ মে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯:৩০টায়, স্তাদিও রেই পেলের মাঠে। সান্তোসের পরিকল্পনা, গুরুত্বপূর্ণ এই ম্যাচে অন্তত কিছু সময়ের জন্য নেইমারকে মাঠে নামিয়ে শেষ ষোলো নিশ্চিত করা। প্রথম লেগে ভিলা বেলমিরোতে তার অনুপস্থিতিতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। নেইমার গত ১৮ এপ্রিল বাম উরুর পেছনের সেমিমেমব্রানোসাস পেশিতে চোট পান। ম্যাচের দিন পর্যন্ত তিনি প্রায় পাঁচ সপ্তাহের পুনর্বাসন সম্পন্ন করবেন। চিকিৎসকদের মতে, তার জন্য ৫-৬ সপ্তাহের একটি ইতিবাচক পুনর্বাসন সময় ধরা হয়েছিল, যা সর্বোচ্চ আট সপ্তাহ পর্যন্তও যেতে পারত।বর্তমানে নেইমার মাঠে ফেরার শারীরিক প্রস্তুতি পর্বে আছেন। তবে এই রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে ব্রাজিলিয়ান লিগের নবম রাউন্ডের ম্যাচের দলে তাকে রাখা হচ্ছে না। সান্তোস ক্লাব জানায়, নেইমার তার পুনর্বাসনে পূর্ণ মনোযোগ দিয়েছেন, প্রতিদিনই রেই পেলে ট্রেনিং সেন্টারে অধিক সময় ব্যয় করছেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।
পাকিস্তান সফরের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় বিসিবি

পাকিস্তান সফরের জন্য সরকারের অনুমতির অপেক্ষায় বিসিবি ভারতের সঙ্গে সংঘাতের পর পিএসএল স্থগিত করে দেয় পাকিস্তান। যদিও পরে আসরটি ফের চালু করা হয়, কিন্তু এই টুর্নামেন্টের পরেই বাংলাদেশ সফর নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গতকাল অবশ্য নতুন সূচির প্রস্তাব করে পিসিবি। তবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিবি। আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ দলের। তবে বিসিবি জানায়, সফরটি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের অনুমোদন এবং খেলোয়াড়দের সঙ্গে কথা বলার প্রয়োজন রয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ‘আমরা গতকাল এই বিষয়ে (১৩ মে) জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠিয়েছি যেন তারা মন্ত্রণালয়ে পাঠায়। এর আগের দিন উপদেষ্টাকে জানিয়েছিলাম। আজও তার সঙ্গে কথা হয়েছে। ’ সবার সঙ্গে কথা বললেও বিসিবি প্রধানের এখনও খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা বাকি রয়েছে, ‘পিএসএল শুরু হয়েছে, আইপিএলও পুনরায় শুরু হবে। এমন পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া আদৌ ঠিক হবে কিনা, তা বলা কঠিন। তবে সরকারের দিক থেকে কোনো নির্দেশনা পেলে তারপর আমরা খেলোয়াড়দের পাশাপাশি বাকিদের সঙ্গে আলোচনা করব। ’ সরকারের অনুমোদন ছাড়া পাকিস্তান সফরে যাবে না বাংলাদশে। একা তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না জানিয়ে বলেন ‘প্রথমে সরকার অনুমোদন নিতে হবে। এরপর খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। ভেন্যু কিংবা অন্যান্য বিষয়ও দেখা লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ’ পিএসএলের নতুন সূচি চূড়ান্ত করার পর বাংলাদেশ সফরের জন্যও নতুন করে সূচি তৈরি করেছে পিসিবি। এই সূচি অনুযায়ী আগামী ২৭ মে থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ৫ জুন শেষ টি-টোয়েন্টির মাধ্যমে শেষ হবে সিরিজটি।
ব্রাজিলে সহকারী কোচ হিসেবে কাকাকে চান আনচেলত্তি

ব্রাজিলে সহকারী কোচ হিসেবে কাকাকে চান আনচেলত্তি ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব এখনও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি কার্লো আনচেলত্তি। তবে তার আগমন ঘিরে দেশটির ফুটবল মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে তীব্র কৌতূহল ও আলোচনা। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হিসেবে চলতি মৌসুম শেষ হওয়ার পরই আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেবেন। এরই মধ্যে তার কোচিং দলের জন্য এক কিংবদন্তির নাম সামনে এসেছে—তিনি আর কেউ নন, কাকা। ২০০২ সালের বিশ্বকাপজয়ী ও ২০০৭ সালের ব্যালন ডি’অর জয়ী কাকাকে আনচেলত্তি তার সহকারী হিসেবে চাচ্ছেন ব্রাজিল দলের কোচিং স্টাফে যুক্ত করতে। ব্রাজিলের প্রভাবশালী গণমাধ্যম ‘সিএনএন ব্রাসিল’ জানিয়েছে, আনচেলত্তি চাইছেন তার সঙ্গে এমন একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার থাকুন, যিনি দেশের ফুটবল সংস্কৃতি, জাতীয় দলের পরিবেশ ও মানসিকতা ভালোভাবে বোঝেন। সেই চাহিদার সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে যায় কাকার নামটি। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এ প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে। তাদের মতে, কাকার মতো একজন কিংবদন্তির উপস্থিতি দলের খেলোয়াড়দের মধ্যে অতীত ও বর্তমানের মাঝে একটি সেতুবন্ধ তৈরি করতে পারবে। এদিকে জানা গেছে, আনচেলত্তির ছেলে ও দীর্ঘদিনের সহকারী কোচ দাভিদ আনচেলত্তি হয়তো বাবার সঙ্গে ব্রাজিলে না। ইতোমধ্যে তিনি নিজেই প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছেন, যেখানে ইতালির কোমো এবং স্কটল্যান্ডের রেঞ্জার্স ক্লাব রয়েছে আলোচনায়। আনচেলত্তির অধীনে কাকার সোনালি সময় ইতালির এসি মিলান ক্লাবে খেলার সময় কাকা তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করেন আনচেলত্তির অধীনে। সেই সময় তিনি ২৭০টি ম্যাচে অংশ নিয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ইতালিয়ান লিগ (সিরি আ), ক্লাব বিশ্বকাপ, ইউরোপীয়ান সুপার কাপ এবং ইতালিয়ান সুপার কাপ। ২০০৭ সালে পেয়েছেন ব্যালন ডি’অর। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে তারা আবার একত্র হলেও, কাকা খুব একটা খেলার সুযোগ পাননি। মাত্র দুই মাসের মধ্যেই তিনি ফেরত যান এসি মিলানে।
একই দিনে শুরু আইপিএল-পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

একই দিনে শুরু আইপিএল-পিএসএল, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় দুই দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যুদ্ধ বন্ধের পর আবারও স্বাভাবিক হতে শুরু করেছে এই দুই দেশের জনজীবন। এরইমাঝে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে ১৭ মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা। এবার তাতে যোগ দিলো পিএসএল। ১৭ মে তারিখেই মাঠে গড়াচ্ছে স্থগিত হওয়া পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের এক্সে দেওয়া এক পোস্টে ফের খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি খেলাগুলো। ফাইনাল হবে ২৫ মে। পিএসএলের নতুন এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই। ফাইনাল ২৫ তারিখেই হলে, পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ। টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’পাকিস্তানের গণমাধ্যমগুলো আগেই আভাস দিয়েছিল, ১৬ থেকে ১৮ মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেওয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন।
৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা

৭ গোলের মহারণে রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা লা লিগা শিরোপার আরেক ধাপ কাছে চলে এলো বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে রুদ্ধশ্বাস এক ‘এল ক্লাসিকো’তে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে, কিন্তু শেষ হাসি হেসেছে বার্সাই। ম্যাচের শুরুতেই আগুন ঝরান এমবাপ্পে। মাত্র ১৪ মিনিটেই জোড়া গোল করে রিয়ালকে এগিয়ে নেন। কিন্তু প্রথমার্ধের মধ্যেই বাজিমাত করে বার্সা—এরিক গার্সিয়া ও লামিন ইয়ামাল একটি করে এবং রাফিনহা করেন জোড়া গোল। দ্বিতীয়ার্ধে আবারও গোল করেন এমবাপ্পে, যা তার অভিষেক মৌসুমে রিয়ালের জার্সিতে সর্বোচ্চ গোলসংখ্যার রেকর্ড (মোট ৩৯ গোল)। এরপর ফেরমিন লোপেজ একবার জালে বল পাঠালেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হয়। উত্তেজনায় ঠাসা ম্যাচের শেষে ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখে রিয়ালের থেকে ৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা। ইন্টার মিলানের কাছে চ্যাম্পিয়ন্স লিগের হারের পর দলের কোনো পরিবর্তন না এনে কোচ হান্সি ফ্লিক দেখালেন আস্থা। শুরুতে কিছুটা ক্লান্ত দেখালেও বার্সা দ্রুত ফিরে পায় ছন্দ। গোলরক্ষক ভয়েচেক সেজনি এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ফরাসি তারকা। এরপর ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। কিন্তু এরপর শুরু হয় বার্সার পাল্টা আক্রমণ। কর্নার থেকে গার্সিয়ার হেডে ব্যবধান কমে আসে। এরপর ১৭ বছরের লামিন ইয়ামাল দুর্দান্ত এক শটে সমতা ফেরান। মুহূর্ত বাদেই রাফিনহা গোল করে দলকে এগিয়ে নেন। এরপর আবারও রাফিনহার গোল—বার্সার আধিপত্য নিশ্চিত করে। দ্বিতীয়ার্ধের শুরুতে ইয়ামাল আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। পরে এমবাপে হ্যাটট্রিক পূর্ণ করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ মুহূর্তে রাফিনহার একটি সহজ সুযোগ মিস এবং রিয়ালের তরুণ ভিক্টর মুনিওজের ভুলে আর সমতা ফেরাতে পারেনি রিয়াল। চলতি মৌসুমে এটি বার্সার রিয়ালের বিপক্ষে চতুর্থ জয়—লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালে আগেই জিতেছিল তারা। রিয়াল এই মৌসুমে ক্লাসিকোতে মোট ১৬ গোল হজম করেছে—যা তাদের রক্ষণভাগের দুরবস্থার পরিচয় দেয়। অপরদিকে, বার্সার উন্নতি চোখে পড়ার মতো। আগামী বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই নিশ্চিত হবে বার্সার লিগ শিরোপা। অন্যদিকে, রিয়াল মায়োর্কার বিপক্ষে হেরে গেলে আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে বার্সা।
নিজের বক্তব্য ঘিরে বিভ্রান্তি, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন রিশাদ

নিজের বক্তব্য ঘিরে বিভ্রান্তি, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন রিশাদ ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত করা হয় পিএসএল। ক্রিকেটারদেরও নিরাপদে পৌঁছে দেওয়া হয় দুবাইতে। ফিরে আসেন আসরটিতে খেলতে যাওয়া বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানাও। কিন্তু ফেরার সময় নিজের ও বিদেশি ক্রিকেটারদের অভিজ্ঞতা জানান রিশাদ। সেগুলো নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় ক্ষমা চেয়েছেন এই লেগ স্পিনার। গতকাল রাতে নিজের ফেসবুকে পেইজে এক পোস্টের মাধ্যমে রিশাদ ক্ষমা চাওয়ার পাশাপাশি জানান, মিডিয়া বিষয়গুলোকে অতিরঞ্জিত করে প্রকাশ করছে। তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি আমার সম্প্রতি করা কিছু মন্তব্য নিয়ে গণমাধ্যমের ভুল ব্যাখ্যায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি সাংবাদিকদের দেওয়া একটি সাক্ষাৎকারে সেই মন্তব্য করেছিলাম। এটাতে পুরো প্রসঙ্গ উঠে আসেনি এবং অনিচ্ছাকৃতভাবে আবেগকে অতিরঞ্জিত করে তুলে ধরা হয়েছে। ’ সতীর্থদের কাছে দুঃখপ্রকাশ করে রিশাদ বলেন, ‘আমার কারণে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য আমি অনুশোচনা প্রকাশ করছি। কারান এবং মিচেলের কাছেও নিঃশর্ত ক্ষমা চেয়েছি আমি। সতীর্থদের জন্য আমার মধ্যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি (লাহোর) কালান্দার্সের ভ্রাতৃত্ববোধকে ধারণ করি- যেখানে আমরা সবাই যেকোনো পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়াই। পাকিস্তান সুপার লিগ আবার শুরু হলে আমি নিজের দলে যোগদানের জন্য মুখিয়ে আছি। ’মূলত কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালায় ভারত। প্রতিউত্তরে ভারতেও হামলা চালায় পাকিস্তান। এরইমধ্যে রাওয়ালপিন্ডিতে ম্যাচ গড়ানোর আগে ড্রোন হামলা করে ভারত। তখন ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরো আসরই স্থগিত করে দেওয়া হয়। আর ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ফেরার পথে দুবাইয়ের ট্রানজিটে গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন রিশাদ। তিনি ক্রিকবাজকে বলেন, ‘স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন। দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে। ’ইংল্যান্ডের টম কারানকে নিয়ে রিশাদ বলেন, ‘বিমান ধরার জন্য এয়ারপোর্টে গিয়ে তিনি (কারান) শুনতে পান সেটি বন্ধ হয়ে গেছে। যা শুনে ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করেন কারান। ওই সময় তাকে সামলাতে দুই-তিনজন লোক লেগেছিল। ’এই বক্তব্যগুলোর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। তৈরি হয় বিভ্রান্তি। সেই বিভ্রান্তিই সংশোধন করতে পরিস্কার বিবৃতি দেন রিশাদ।