সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার

সৌদি আরবের টার্গেটে বিশ্বের ৫০ ফুটবলার দলবদলের বাজারে ফের ঝড় তুলতে যাচ্ছে সৌদি আরব। বিশাল পরিকল্পনা নিয়ে আগামী গ্রীষ্মকালীন দলবদলে নামার প্রস্তুতি নিচ্ছে দেশটির ক্লাবগুলো। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে, সৌদি ক্লাবগুলোর নজরে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও লিভারপুলের অভিজ্ঞ উইঙ্গার মোহামেদ সালাহ। তবে এখানেই শেষ নয়। ব্রিটিশ রেডিও ও ক্রীড়া মাধ্যম টকস্পোর্ট দাবি করেছে, সৌদি লিগ এবার বিশ্বের সেরা ৫০ জন ফুটবলারকে টার্গেট করেছে। সম্ভাব্য তালিকায় রয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ ও ক্যাসেমিরোসহ একাধিক ইউরোপীয় তারকা। এই খবর প্রকাশের পর তিন বছর আগের মতো আবারও ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় হারানোর আশঙ্কায় পড়েছে। সৌদি আরবের এই আগ্রাসী পরিকল্পনার পেছনে রয়েছে বড় লক্ষ্য। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে নিজেদের ঘরোয়া লিগকে আগেভাগেই বিশ্বের অন্যতম আকর্ষণীয় লিগে পরিণত করতে চায় দেশটি। সেই লক্ষ্য বাস্তবায়নে সৌদি সরকার ক্লাবগুলোর জন্য বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এ ছাড়া চলতি মৌসুম শেষে সৌদি লিগ ছাড়তে পারেন এনগোলো কান্তে, ফ্যাবিনহো ও করিম বেনজেমাসহ কয়েকজন বড় তারকা। চুক্তি নবায়ন না করায় তাদের জায়গা পূরণে নতুন সুপারস্টার আনতেই এবার সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে সৌদি ক্লাবগুলো। মোহামেদ সালাহকে দলে ভেড়ানোর চেষ্টা সৌদি ক্লাবগুলোর অনেক দিনের। তারকা পরিচয়ের পাশাপাশি মুসলিম ফুটবলার হওয়ায় সালাহকে আদর্শ প্যাকেজ হিসেবেই দেখছে তারা। সাম্প্রতিক সময়ে লিভারপুল কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের খবরও তাকে ঘিরে জল্পনা বাড়িয়েছে। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে দাবি করা হচ্ছে। চুক্তির শেষ পর্যায়ে থাকা ৩৩ বছর বয়সী সালাহকে বড় অঙ্কে বিক্রি করতে লিভারপুলও অনাগ্রহী নাও থাকতে পারে। জানা গেছে, আল হিলাল, আল কাদিশা ও নিওম এফসি এই তিন সৌদি ক্লাব তাকে পেতে আগ্রহী। এর মধ্যে আল হিলাল ইতোমধ্যেই লিভারপুলের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও খবর রয়েছে। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের সম্পর্কও পুরোপুরি মসৃণ নয়। ব্রাজিলিয়ান তারকার দাবি, কিলিয়ান এমবাপ্পের সমান বেতন ও বোনাস যা দিতে রাজি নয় রিয়াল। নতুন কোচ আলভারো আরবেলোয়া ভিনিকে রাখতে চাইলেও তার শর্ত পূরণ না হলে চুক্তি নবায়ন অনিশ্চিত। এত বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার সক্ষমতা কেবল সৌদি ক্লাবগুলোরই রয়েছে। তবে ২৫ বছর বয়সী ভিনি সৌদি আরবে গেলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে এই আশঙ্কায় সেখানে যেতে অনিচ্ছুক। ৩৭ বছর বয়সী রবার্ট লেভানডস্কির ক্ষেত্রে সে দুশ্চিন্তা নেই। বরং বার্সেলোনাও তাকে বিক্রি করতে আগ্রহী। বয়সের বিবেচনায় সৌদি লিগই হতে পারে তার জন্য উপযুক্ত গন্তব্য। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ কোচ রুবেন আমোরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে ক্লাব ছাড়তে চাইলেও আমোরিম ছাঁটাই হওয়ায় সেই সম্ভাবনা এখন অনেকটাই কম। আর ক্যাসেমিরো ম্যানইউ ছাড়লেও সৌদি আরবে নয়, যুক্তরাষ্ট্রে যাওয়ার দিকেই ঝুঁকছেন বলে জানা গেছে। সব মিলিয়ে, আসন্ন দলবদলের বাজারে সৌদি আরব যে আবারও ইউরোপীয় ফুটবলে বড়সড় আলোড়ন তুলতে যাচ্ছে সে ইঙ্গিত এখন স্পষ্ট।
দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক

দুর্দান্ত হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন এনদ্রিক রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দিয়েই নজর কাড়ছেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক এনদ্রিক। গ্তকাল লিগ ওয়ানে মেটজের বিপক্ষে ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে ক্লাব ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়েছেন এই তরুণ ফরোয়ার্ড। এই হ্যাটট্রিকের মাধ্যমে লিগ ওয়ানে লিওঁর হয়ে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে তিন গোল করার রেকর্ড গড়েছেন এনদ্রিক। ১৯ বছর ১৮৮ দিন বয়সে তিনি ছাড়িয়ে গেছেন ক্লাব কিংবদন্তি বার্নার্ড লাকোম্বকে, যিনি ১৯ বছর ১৯৬ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে কিছুটা স্বস্তি পেয়েছে কোচ পাওলো ফনসেকার দল লিওঁ। ম্যাচে এনদ্রিকের পাশাপাশি রুবেন ক্লাইভার্ট ও টাইলার মর্টনও গোলের দেখা পান। ২০২৫-২৬ মৌসুমের দ্বিতীয়ার্ধে গত ডিসেম্বরে রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিওঁতে যোগ দেন এনদ্রিক। নতুন ক্লাবে দারুণ শুরু করেছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে লিওঁর হয়ে প্রথম তিন ম্যাচেই চার গোল করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ। ২০১৭ সালের আগস্টে মারিয়ানো দিয়াজের পর লিওঁর হয়ে কোনো খেলোয়াড়ের এটি সেরা সূচনা বলে জানিয়েছে পরিসংখ্যান সংস্থা অপ্টা। ২১ শতকে এনদ্রিকের চেয়েও কম বয়সে লিগ ওয়ানে হ্যাটট্রিক করেছেন কেবল তিনজন ফুটবলার—জেরেমি মেনেজ, কিলিয়ান এমবাপ্পে উসমান দেম্বেলে। ফলে এই তালিকায় নিজের নাম তুলে ভবিষ্যতের বড় তারকা হওয়ার ইঙ্গিত দিচ্ছেন এনদ্রিক। এছাড়া, লিওঁর হয়ে লিগে গোল করা ২৫তম ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবেও রেকর্ড গড়েছেন তিনি। মেটজের বিপক্ষে ম্যাচে তার ছিল ছয়টি অন-টার্গেট শট, যা ক্লাবের জন্য যুগ্মভাবে সর্বোচ্চ। দুর্দান্ত এই পারফরম্যান্সে লিওঁ সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছেন এনদ্রিক।
বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত

বাংলাদেশের পাশে পাকিস্তান, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আসতে পারে কঠিন সিদ্ধান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়ে পাকিস্তান কঠোর অবস্থান নিতে পারে। তারা এই সিদ্ধান্তকে আইসিসির বৈষম্যমূলক ও অন্যায় আচরণ হিসেবে দেখছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি বিবেচনা করছে। এজন্য আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বৈঠক করবে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ফেডারেল সরকার ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে পাকিস্তানকে দল পাঠানোর অনুমতি নাও দিতে পারে। পিসিবি এই পরিস্থিতি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারতের ভেন্যুতে খেলার পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। আইসিসি নিরাপত্তার বিষয়ে কোন হুমকি না দেখায় বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেয় এবং স্কটল্যান্ডকে তাদের স্থলে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ক্রিকেটাররা চেয়ারম্যানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন। পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিমুখী নীতি মেনে চলতে চায় না এবং বাংলাদেশকে বৈধ অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ করছে। ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট আন্তর্জাতিক ক্রিকেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা প্রশাসন, নিরপেক্ষতা ও স্বচ্ছতার ওপর গুরুতর প্রশ্ন তুলবে।
বিশ্বকাপ বর্জনের গুঞ্জনের মধ্যেই দল ঘোষণা পাকিস্তানের

বিশ্বকাপ বর্জনের গুঞ্জনের মধ্যেই দল ঘোষণা পাকিস্তানের বাংলাদেশের সমর্থনে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের আলোচনা চলমান। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি আসন্ন টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি নতুন করে ভাবার কথা জানিয়েছিলেন। তার একদিন পর অবশ্য টুর্নামেন্টে খেলার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে বড় চমক হিসেবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার সালমান আলি আগাকে। সাবেক অধিনায়ক বাবর আজম থাকলেও অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান বাদ পড়েছেন। রিজওয়ানের অনুপস্থিতিতে উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে তরুণ খাজা নাফেকে। কোচ মাইক হেসন ইঙ্গিত দিয়েছেন, ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তন এনে নতুন কৌশলে এগোতে চাইছে পাকিস্তান। পিসিবি সভাপতি মহসিন নাকভি আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত পাকিস্তান সরকারের ওপর নির্ভর করছে। এদিকে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়ে আসছিল। ভারতীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান অংশ না নিলে আইসিসি তাদের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এমন সংকটময় পরিস্থিতিতে দল ঘোষণা করাকে পিসিবির ‘কৌশলগত অবস্থান’ হিসেবে দেখছেন অনেকেই। পাকিস্তান স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।
জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান

জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে পরবর্তী সিরিজ থেকে খেলার সূযোগ পাচ্ছেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভা শেষে এ তথ্যজানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি জানান, খেলার জন্য শারীরিকভাবে ফিট থাকা সাপেক্ষে সাকিবকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হবে। বোর্ড সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে পরবর্তীতে সিলেকশনের জন্য বিবেচনা করবে। একই সঙ্গে বিসিবি সাকিব আল হাসানকে কেন্দ্রীয়ভাবে নতুন করে চুক্তির প্রস্তাবও জানাবে বিসিবি। ক্ষমতাচ্যুত আওযামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সরকারের সঙ্গে আলোচনা করবে বলেও তিনি জানান। টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও বাংলাদেশের সামনে আগামী সিরিজ মার্চ মাসে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সে সময় পাকিস্তানের ঢাকায় আসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সিরিজ দিয়েই সাকিব আল হাসান জাতীয় দলে ফিরবেন। সাকিব দেশের হয়ে সর্বশেষ ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন কানপুরে। রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর বিরুদ্ধে জনরোষ তৈরি হওয়ায় বিক্ষোভের শঙ্কা করেছিল বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার কথা থাকলেও দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় তাকে। সর্বশেষ দুবাই থেকে এক সাক্ষাৎকারে সাকিব জানান, তিনি দেশে ফিরতে চান এবং দেশে ফিরেই চেনা দর্শকদের সামনে বিদায় নিতে চান।
যে রিপোর্টের কারণে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ

যে রিপোর্টের কারণে ভারতে দল পাঠায়নি বাংলাদেশ নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ চেয়েছিল ভেন্যু পরিবর্তন করে ভারতের পরিবর্তে শ্রীলংকায় গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। কিন্তু তাতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড। নিরপত্তা ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ দলের না খেলার সিদ্ধান্ত নিয়ে ঘরে বাইরে অনেক সমালোচনা হচ্ছে। এব্যাপারে বিসিবির বর্তমান পরিচালক ও জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক বলেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব প্রশ্ন ছিল এখানে। তাদের একটা গোয়েন্দা প্রতিবেদন থাকে যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক বা ট্যাকটিকাল লোকজন যাবে, তাদের নিরাপত্তা ইস্যু ও সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেগুলোকে মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনাও ঘটে, সেটার দায়দায়িত্ব আমরা নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত। বিসিবি পরিচালক আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না নিরাপত্তার হুমকির কারণে। সরকারের সঙ্গে যখন সরকারের আলোচনা হয়, সবার আগে নিরাপত্তা দেখা হয়। ক্যাবিনেটে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কারণে যাব না। সেখানে অনেক কিছু ঘটতে পারে। আইসিসি একটি সংস্থা, বিসিবিও সংস্থা। তবে তারা রাষ্ট্র না। একটা রাষ্ট্র যখন নিরাপত্তার বিষয়ে কথা বলে, তখন সব দিক বিবেচনা করেই কথা বলে। আমাদের সরকার নিরাপত্তাঝুঁকির কথা জানানোর পর তথ্য, পররাষ্ট্র, ক্রীড়া, আইন এই চার মন্ত্রণালয় মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ঝুঁকি নেব না।
সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

সাফজয়ী নারী ফুটসাল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাবিনা খাতুনের দল। বাংলাদেশ নারী ফুটসাল দলের ঐতিহাসিক সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (২৫ জানুয়ারি) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় বিষয়টি জানানো হয়। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের। এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। প্রধান উপদেষ্টা বিজয়ী দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। ভবিষ্যতেও নারী ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।
মেয়েদের টুর্নামেন্টে রেকর্ড প্রাইজমানি বরাদ্দ করল ফিফা

মেয়েদের টুর্নামেন্টে রেকর্ড প্রাইজমানি বরাদ্দ করল ফিফা নারী ফুটবলের ইতিহাসে নির্দিষ্ট টুর্নামেন্টে সর্বোচ্চ প্রাইজমানি বরাদ্দ দিয়েছে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আর্সেনালের স্টেডিয়ামে পরবর্তী সপ্তাহে শুরু হতে যাচ্ছে ওমেন্স চ্যাম্পিয়ন্স কাপ। পুরো টুর্নামেন্টটির জন্য ৪৭ কোটি ৩৪ লাখ টাকা (৩.৯ মিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে। ২০২৮ সালে লন্ডনে হতে যাওয়া নারী ক্লাব বিশ্বকাপের প্রস্তুতিমূলক মঞ্চ হিসেবেই আয়োজিত হতে যাচ্ছে ওমেন্স চ্যাম্পিয়ন্স কাপ। গ্তকাল ফিফা জানিয়েছে, আগামী সপ্তাহে আর্সেনালের স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য প্রথম ওমেন্স চ্যাম্পিয়নস কাপে চ্যাম্পিয়ন ক্লাবকে ২৩ লাখ মার্কিন ডলার (২৭ কোটি ৯২ লাখ টাকা) প্রাইজমানি দেওয়া হবে। সবমিলিয়ে ৩৯ লাখ ডলার ছয়টি মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নের মাঝে বণ্টন করা হবে। মেয়েদের নির্দিষ্ট কোনো টুর্নামেন্টে এটি সর্বোচ্চ বরাদ্দ। আসন্ন চ্যাম্পিয়ন্স কাপে ইউরোপীয় চ্যাম্পিয়ন আর্সেনাল মুখোমুখি হবে মরক্কোর ক্লাব এএসএফএআরের সঙ্গে। যুক্তরাষ্ট্রের গোথাম লড়বে ব্রাজিলের করিন্থিয়ান্সের বিপক্ষে। এই দুটি সেমিফাইনাল ম্যাচই বুধবার ব্যাক-টু-ব্যাক অনুষ্ঠিত হবে প্রিমিয়ার লিগ ক্লাব ব্রেন্টফোর্ডের মাঠে। পরবর্তীতে ১ ফেব্রুয়ারি আর্সেনালের স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে তার আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হবে। শিরোপাজয়ী মেয়েদের দল ২৩ লাখ ডলার এবং রানার্সআপ পাবে ১০ লাখ ডলার (১২ কোটি ১৪ লাখ টাকা)। এ ছাড়া সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকে পাবে ২ লাখ ডলার (প্রায় ২ কোটি ৪৩ লাখ টাকা) করে। আগের রাউন্ডে বিদায় নেওয়া দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন ওশেনিয়ার অকল্যান্ড ইউনাইটেড এবং এশিয়ার প্রতিনিধি উহান চেগু জিয়াংদা প্রত্যেকেই ১ লাখ ডলার (১ কোটি ২১ লাখ টাকার বেশি) করে পাবে। মেয়েদের লিগে রেকর্ড বরাদ্দ প্রদানের বিষয়ে ফিফার মহাসচিব মাত্তিয়াস গ্রাফস্ট্রম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এই প্রাইজমানি নারী ক্লাব ফুটবল এবং এর ধারাবাহিক উত্থানকে এগিয়ে নেওয়ার পাশাপাশি খেলোয়াড়, ক্লাব ও প্রতিযোগিতার প্রতি বিশ্বাসের একটি স্পষ্ট বার্তা।’ এর আগে সর্বশেষ মৌসুমে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল পেয়েছিল ১৫ লাখ ইউরোর বেশি (প্রায় ১৮ লাখ ডলার) প্রাইজমানি। অন্যদিকে, ছেলেদের সর্বশেষ ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে ৩২টি দলের মধ্যে মোট ১ বিলিয়ন ডলার প্রাইজমানি বিতরণ করেছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টটি সৌদি আরবের অর্থায়নে সম্পন্ন হয়েছিল, যাতে প্রভাবশালী ইউরোপীয় ক্লাবগুলো অংশ নিতে সম্মত হয় এবং প্রত্যাশিত প্রাইজমানি নিশ্চিত করা যায়।
চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী

চট্টগ্রামের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন রাজশাহী সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো রাজশাহী ওয়ারিয়র্স। শুরুতে নেমে ২০ ওভারে ১৭৪ রান করে রাজশাহী। জবাবে ১১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস। এটা রাজশাহীর দ্বিতীয় বিপিএল শিরোপা। এর আগে বিপিএলের ২০১৯-২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে, বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবার শিরোপা জিতেছে ঢাকা। রাজশাহীর সমান দুবার করে চ্যাম্পিয়ন হয় বরিশাল। আর একবার শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাট করার আমন্ত্রণ জানান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদের ঝড় ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান। দ্বিতীয় উইকেটে খেলতে নামা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ। শরিফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন। এদিকে আপনতালে খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম। ফিফটির পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন এই বাঁহাতি ব্যাটার। বিপিএলের এবারের আসরে এটা চতুর্থ সেঞ্চুরি। আর বিপিএলের ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির স্বাদ পেলেন তানজিদ। এর আগে ফাইনালে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল ও তামিম ইকবাল। শেষ পর্যন্ত তানজিদের ইনিংস থামে ১০০ রানে। মাত্র ৬২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ছয়টি চার ও সাতটি ছয়ে সাজানো। আর দলনেতা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। এদিকে ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম। চট্টগ্রাম রয়্যালসের সফল বোলার শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম। দুজনই দুটি করে উইকেটের দেখা পেয়েছেন। রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। দলীয় ১৮ রানের মাথায় সাজঘরের ফেরেন দুই ব্যাটার। ১০ বলে ৯ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আর ২ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি মাহমুদুল হাসান জয়। এরদিকে হাসান নেওয়াজের ব্যাট থেকে আসে ৭ বলে ১১ রান। চতুর্থ উইকেটে ব্যাট করতে নামেন উইকেটরক্ষক ব্যাটার জাহিদুজ্জামান। তাকে নিয়ে কিছুক্ষণ লড়াই চালিয়ে মির্জা বেগ। কিন্তু দুজনের ধীরগতির ব্যাটিংয়ের কারণে ম্যাচটি চট্টগ্রামের হাতের নাগালের বাইরে চলে যায়। ১৩ বলে ১১ রান করে আউট হন জাহিদুজ্জামান। আর আউট হওয়ার আগে ৩৬ বলে ৩৯ রান করেন মির্জা বেগ।
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন চেয়ে আইসিসির ডিসপিউট রেজ্যুলেশন কমিটি বা বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে করা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপিল বাতিল হয়ে গেছে। ভারতের বার্তা সংস্থা পিটিআই এমন তথ্যই জানিয়েছে। বিসিবি অবশ্য শুধু আইসিসির দিকেই তাকিয়ে নেই। তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার কথাও ভাবছে। বিসিবির এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘বিসিবি আইসিসির ডিআরসির সঙ্গে যোগাযোগ করেছে। আমরা বিশ্বকাপ খেলার সম্ভাবনা এবং পথগুলি খোলা রাখতে চাইছি। ডিআরসিও বিসিবির বিরুদ্ধে রায় দিলে আমাদের সামনে একটিই পথ থাকবে। আমরা সুইজারল্যান্ডের কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) সঙ্গে যোগাযোগ করতে পারি।’’ আইসিসির সংবিধান অনুযায়ী, বিসিবি ডিআরসির কাছে আবেদন করতে পারে। কিন্তু আইসিসি বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানির এখতিয়ার নেই ইংল্যান্ডের মাইকেল বেলের নেতৃত্বাধীন এই কমিটির। ডিআরসির শর্তাবলীর ১.৩ ধারা অনুযায়ী, তারা আইসিসির সিদ্ধান্ত বা আইসিসির বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করতে পারে না। ডিআরসি আইসিসির কোনও নিয়ম বা বিধি দ্বারা প্রতিষ্ঠিত কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কমিটি হিসাবেও কাজ করবে না। ডিআরসি একটি স্বাধীন সালিশি সংস্থা, যা আইসিসির সদস্য বোর্ড, খেলোয়াড় ও কর্মকর্তাদের সংশ্লিষ্ট বিরোধ নিষ্পত্তি করে থাকে। সাধারণত অভ্যন্তরীণ সব প্রক্রিয়া শেষ হয়ে গেলে এই কমিটি হস্তক্ষেপ করে। বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের ম্যাচ শ্রীলংকায় সরানোর অনুরোধ নিয়ে বিসিবি ও আইসিসির মধ্যে চলমান অচলাবস্থার প্রেক্ষাপটে ডিআরসির কথা সামনে এসেছে। সরকার নিরাপত্তার ঝুঁকিতে ভারতে টি ২০ বিশ্বকাপে খেলতে চায় না। আইসিসি ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের দাবি নাকচ করে দিয়েছে। ১৫ সদস্যের মধ্যে একমাত্র পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি। এরপর আর আইসিসির সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।