নিজের ‘শেষ’ কোপা খেলার ইঙ্গিত মেসির

নিজের ‘শেষ’ কোপা খেলার ইঙ্গিত মেসির আগেই শেষবারের মতো কোপা আমেরিকা খেলার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন লিওনেল মেসি। এবার নিজের সঙ্গে যুক্ত করলেও আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দিকেও। এবারের কোপার ফাইনালে উঠে এবারের আসরকে শেষ যুদ্ধ হিসেবেই দেখছেন আর্জেন্টাইন অধিনায়ক।  আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপার সেমিফাইনালে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। সবশেষ আট আসরে এটি তাদের ষষ্ঠ ফাইনাল। ২০০৭ থেকে প্রতিটি আসরেরই খেলে আসছেন মেসি। তবে এবারের আসরকে তিনি দেখছেন শেষ হিসেবেই।  দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দির কথা উল্লেখ করে মেসি বলেন, ‘ইদানিং সবকিছু যেভাবে দেখছি, এটিও (কোপা আমেরিকা) সেভাবে দেখছি। দারুণ উপভোগ করছি। ফিদেও (আনহেল দি মারিয়া) ও ওতার (নিকোলাস ওতামেন্দি) মধ্যে যা চলছে, এগুলো যে শেষের লড়াই, সে সম্পর্কেও সচেতন আছি। ’শেষের লড়াইকে অবশ্য খুব বেশি সহজ হিসেবে নিচ্ছেন না আর্জেন্টাইন অধিনায়ক। তবে দলের খেলা উপভোগ করার কথা তিনি জানিয়েছেন ঠিকই। মেসি বলেন, ‘দল হিসেবে আমাদের যা অভিজ্ঞতা হচ্ছে, চলুন উপভোগ করি। আবারও ফাইনালে ওঠা, চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করা সহজ নয়। ’ আগামী সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপা জেতার লড়াইয়ে কলম্বিয়া অথবা উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

নির্বাচক কমিটি থেকে ওয়াহাব ও রাজ্জাককে বাদ দিল পাকিস্তান

নির্বাচক কমিটি থেকে ওয়াহাব ও রাজ্জাককে বাদ দিল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ছিল বিবর্ণ। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সেই ব্যর্থতায় এবার চাকরি হারালেন ওয়াহাব রিয়াজ ও আব্দুর রাজ্জাক। নির্বাচক কমিটি থেকে তাদের বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  এক বিবৃতিতে আজ পিসিবি জানায়, ‘জাতীয় নির্বাচক কমিটিতে রাজ্জাক ও ওয়াহাবের সার্ভিস আর প্রয়োজন নেই। ’ পরবর্তীতে নির্বাচক প্যানেলে কারা আসবেন সেটি পরে জানানো হবে বলেও জানানো হয় বিবৃতিতে। বিশ্বকাপের আগে মার্চ মাসে সাত সদস্যের নির্বাচক কমিটি গঠন করে পিসিবি। সেখানে ছিল না কোনো প্রধান নির্বাচক পদ। এবার নতুন করে প্যানেল গঠন করলে হয়তো ফেরানো হবে প্রধান নির্বাচক পদটি, এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। বর্তমানে সাত সদস্য থেকে দুইজন বাদ দিয়ে নির্বাচক কমিটির বাকি সদস্যরা হলেন কোচ, অধিনায়ক, সাবেক দুই ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও আসাদ শফিক এবং অ্যানালিস্ট বিলাল আফজাল।

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার বুমরাহ

আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার বুমরাহ বিশ্বকাপে চমক দেখিয়েছেন ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ। ফাইনালে তার দাপুটে বোলিংয়ে বিশ্বকাপ জয়ের কাছে গিয়েও ছিটকে যায় দক্ষিণ আফ্রিকা। যে কারণে আইসিসির জুনের মাস সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডানহাতি এই পেসার।  বিশ্বকাপে বুমরাহর মতো ভালো খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তাদের হারিয়ে সেরা হয়েছেন ভারতীয় পেসার। এছাড়া মেয়েদের ক্রিকেটে জুনের সেরা হয়েছেন স্মৃতি মান্দানা। টি-২০ বিশ্বকাপে বুমরাহ গড়ে ৮.২৬ রান দিয়ে ও ওভার প্রতি ৪.১৭ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি। এবার পেলেন আরও এক পুরস্কার।  আইসিসির সেরা ক্রিকেটার হয়ে বুমরাহ বলেন, ‘জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হতে পেরে আমি উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা মাস কাটানোর পর এই পুরস্কার সত্যিই গর্বিত হওয়ার মতো। দল হিসেবে আমরা অনেক উদযাপন করেছি। এর সঙ্গে ব্যক্তিগত অর্জনে আমি দারুণ খুশি।’

মিউনিখে মহারণে মুখোমুখি ফ্রান্স-স্পেন

মিউনিখে মহারণে মুখোমুখি ফ্রান্স-স্পেন দেখতে দেখতে শেষের পথে ইউরো-২০২৪। ২৪টি দলের অংশগ্রহণে ১৪ জুন শুরু হয়েছিল ইউরোর এবারের আসর। এখন কেবল ৪টি দল টিকে আছে। তার মধ্যে আজ রাতে বিদায় নিবে একটি দল। বিদায়ের আগে প্রাণপণ লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। মিউনিখের সেই মহারণটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। অবশ্য সেমিফাইনালের আগে ফ্রান্সের চিন্তার নাম গোল করতে না পারা। গ্রুপপর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা ওপেন প্লেতে কোনো গোল করতে পারেনি। পোল্যান্ডের বিপক্ষে কেবল একটি গোল করেছে পেনাল্টি থেকে এবং সেটি করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া অস্ট্রিয়া ও বেলজিয়ামের বিপক্ষে তারা দুটি আত্মঘাতী গোলে জিতেছিল। গ্রুপপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। আর কোয়ার্টার ফাইনালে পর্তুগালের সঙ্গে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জিতেছিল। ফ্রান্স দলে তারকার অভাব না থাকলেও তারা এবার তাদের পারফরম্যান্স দিয়ে ভক্ত-সমর্থক-দর্শকদের সন্তুষ্ট করতে পারছেন না। অবশ্য এই বিষয়টি মোটেও আমলে নিতে রাজি নন কোচ দিদিয়ের দেশম, ‘আপনি যদি আমাদের খেলা দেখে বিরক্ত হন, তাহলে অন্য খেলা দেখুন। সেটাই ভালো আপনার জন্য। আমাদের খেলা আপনার দেখতে হবে না। এটা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এটা সবার জন্যই বেশ কঠিন।’ তবে ফ্রান্সের তুলনায় বেশ ফুরফুরে মেজাজে আছে স্পেন। তারা ইনিয়েস্ত-জাভি-রামোস-ক্যাসিয়াস-পুয়োল-পিকে-বুসকেটস-ভিয়াদের পর আরেকটি সোনালী প্রজন্ম পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। ১২ বছর পর তারা আরও একটি বড় টুর্নামেন্টের ফাইনালে ওঠা এবং জয়ের অপেক্ষায় আছে। এবারের আসরে স্পেনের তরুণ প্রজন্মের ফুটবলাররা বেশ ভালো পারফরম্যান্স করছে। তারা গ্রুপপর্বে ইতালি, ক্রোয়েশিয়া, জর্জিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে। এরপর কোয়ার্টার ফাইনালে আয়োজক ও শিরোপা প্রত্যাশী জার্মানিকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিফাইনালে এসেছে। এ যাত্রায় তারা পারফরম্যান্স দিয়ে মন ভরিয়েছে ভক্ত-সমর্থক ও দর্শকদের। তাতে করে ফুটবলপ্রেমীরা স্পেনের এই দলটিকে সোনালী প্রজন্মের সেই দলের সঙ্গে তুলনা করতে শুরু করেছে যারা ব্যাক টু ব্যাক তিন-তিনটি মেজর শিরোপা জিতেছিল। স্পেনের মিডফিল্ডার রদ্রি জানিয়েছেন, সোনালী প্রজন্ম হতে তাদেরকে লিগ্যাসি তৈরি করতে হবে। যেমনটা করেছিলেন ক্যাসিয়াস-ইনিয়েস্তা-জাভিরা, ‘আমরা এখন যে সোনালী প্রজন্মের কথা বলি তারা কিন্তু শুরুতে সোনালী প্রজন্ম ছিল না। সেটা করতে তাদেরকে নিজেদের একটি লিগ্যাসি তৈরি করতে হয়েছে। এমন একটি দল হয়ে উঠতে হয়েছে। আমাদেরকেও তেমন করতে হবে, কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি দল হয়ে উঠতে হবে। নিজেদের লিগ্যাসি তৈরি করতে হবে। ফ্রান্সের বিপক্ষে খুবই কঠিন একটি ম্যাচ আমাদের। যারা বিশ্বের অন্যতম সেরা একটি দল। তারা নিঃসন্দেহে আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে।’ ফ্রান্স ও স্পেন এ পর্যন্ত ৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে স্পেন জিতেছে ১৬টিতে। ফ্রান্সের জয় ১৩টিতে। ৭টি ম্যাচ হয়েছে ড্র। সবশেষ পাঁচবারের দেখায় দুইবার জিতেছে ফ্রান্স, দুইবার জিতেছে স্পেন। একটি ম্যাচ হয়েছে ড্র। বোঝাই যাচ্ছে আজও হাড্ডাহাড্ডি এক লড়াই হবে মিউনিখে। সেমিফাইনালের আগে জার্মানির বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়ে ছিটকে যান পেদ্রি। তাকে আর ইউরোতে পাবেন না লুইস দে লা ফুয়েন্তে। তার পরিবর্তে যিনি খেলছেন সেই দান ওলমো আছেন দারুণ ছন্দে। ফ্রান্সের বিপক্ষের ম্যাচে শুরু থেকেই হয়তো খেলবেন ওলমো। এছাড়া ফুয়েন্তের হাতে আরও একজন বিকল্প আছেন, নাম তার মিকেল মেরিনো। যিনি জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ে গোল করে দলকে জিতিয়েছিলেন। নিষিদ্ধ হওয়া দানি কারবাহালের পরিবর্তে একাদশে আসবেন অভিজ্ঞ রাইটব্যাক জেসাস নাভাস। এদিকে ফ্রান্সের অবশ্য কোনো খেলোয়াড়ের নিষেধাজ্ঞা সমস্যা নেই। কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞা কাটিয়ে সেমিফাইনালে ফিরেছেন আদ্রিয়েন র‌্যাবিয়ট। যিনি কোচ দেশমের বেশ প্রিয়ভাজন। সেক্ষেত্রে এডুয়ার্ডো কামাভিঙ্গার পরিবর্তে শুরুর একাদশে আসবেন র‌্যাবিয়ট। বেঞ্চে চলে যাবেন আঁতোয়ান গ্রিজমানও। ফ্রান্স তাদের আক্রমণভাগের ধার বাড়াতে একাদশে ঢোকাতে পারে ওসমানে দেম্বেলে ও মার্কাস থুরামকেও। স্পেন ও ফ্রান্স উভয় দল ৪-৩-৩ ফরম্যাটে খেলতে পারে। স্পেনের সম্ভাব্য শুরুর লাইনআপ: সিমন, নাভাস, নাচো, ল্যাপোর্তে, কুকুরেলা, রদ্রি, ওলমো, ফ্যাবিয়ান, ইয়ামাল, মোরাতা ও উইলিয়ামস। ফ্রান্সের সম্ভাব্য শুরুর লাইনআপ: মাইগনান, কৌন্দে, উপামেকানো, সালিবা, হার্নান্দেজ, চৌমেনি, কান্তে, রাবিয়ট, দেম্বেলে, থুরাম ও এমবাপ্পে।

শ্রীলংকার নতুন কোচ সনাৎ জয়াসুরিয়া

  শ্রীলংকার নতুন কোচ সনাৎ জয়াসুরিয়া সনাৎ জয়াসুরিয়াকে শ্রীলংকা দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেটার বোর্ড- এসএলসি। ২০২৪ টি২০ বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কা দলের দায়িত্ব ছেড়েছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। পদত্যাগ করেছেন পরামর্শক মাহেলা জয়াবর্ধনেও। তবে জয়াসুরিয়াকে পূর্ণকালীন নয়, আপাতত অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ৫৫ বছর বয়সী সাবেক এই লংকান ক্রিকেটার ভারত ও ইংল্যান্ড সিরিজে দলকে পরিচালনা করবেন। অন্তবর্তী কোচ হওয়ার আগে দুই দফায় শ্রীলংকার প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন জয়াসুরিয়া। নতুনভাবে শুরুর পথে থাকা শ্রীলংকা চলতি মাসেই ভারতকে ওয়ানডে ও টি২০ সিরিজে আতিথেয়তা দেবে। ৩টি  টি-২০ ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ২৭ জুলাই, ৩ ওয়ানডের সিরিজ শেষ হবে ৭ আগস্ট। এরপর ইংল্যান্ডে গিয়ে ৩ টেস্টের সিরিজ খেলবে দলটি।

সেমিফাইনালের আগে সুখবর আর্জেন্টিনার

সেমিফাইনালের আগে সুখবর আর্জেন্টিনার চলমান কোপায় অপরাজিত থেকে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচে জয় পেলেই শিরোপার মঞ্চে পা রাখবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী ১০ জুলাই  বাংলাদেশ সময় ভোর ৬টায় আর্জেন্টিনা ও কানাডার সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে।কানাডার বিপক্ষে সাফল্য পেতে পুরোদমে অনুশীলনে ব্যস্ত আলবিসেলেস্তেরা। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি প্রকাশিত এক বার্তায় জানা যায় আর্জেন্টিনা ফুটবল দলের অনুশীলনের সময় এমি মার্টিনেজ তার দলের সতীর্থ এবং আর্জেন্টিনার সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, আরো একবার জয় তারপরই ফাইনাল।

আক্ষেপ নিয়ে টনি ক্রুসের বিদায়

আক্ষেপ নিয়ে টনি ক্রুসের বিদায় স্পেনের বিপক্ষে হেরে এবারের ইউরো মিশন শেষ হয়েছে জার্মানির। ঘরের মাঠে অন্যতম ফেভারিট হিসেবে খেলেও শিরোপা ঘরে তুলতে পারল না দলটি। সেই আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস। বিদায়ের দিনে অনেকটা আবেগজড়িত কণ্ঠেই জানিয়েছেন, আরেকটু থাকতে চেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে টনি ক্রুস বলেন, ‘আমরা যা করেছি তার জন্য গর্ববোধ করতে পারি। দলকে সাহায্য করতে পেরে আমি খুশি। আমার ধারণা, আমরা জার্মান ফুটবলকে আবারও আশা দেখিয়েছি এবং সময় যত এগিয়েছে দল হিসেবে আমরা তত ভালো হয়েছি। এই দলটা ভবিষ্যতে আরও ভালো করবে। কিন্তু আজকে আমাদের অনেক মন খারাপ, কারণ আমরা আরেকটু সময় থাকতে চেয়েছিলাম।’ নিজের শেষ ম্যাচেও মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন ক্রুস। তার ট্যাকলেই ম্যাচের অষ্টম মিনিটে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ তারকা পেদ্রিকে। প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকার লামিন ইয়ামালকেও আটকে রেখেছেন তিনি। তবে জার্মানির স্বপ্নভঙ্গ হয়েছে ১১৯তম মিনিটে করা মিকেল মোরেনোর গোল। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় স্পেন। জার্মানি ওই গোল পরিশোধ করেছে ম্যাচ শেষের স্রেফ ১ মিনিট আগে। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দানি ওলমোর দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন স্পেনের মোরেনো। আর তাতেই ইউরো থেকে ছিটকে যায় জার্মানি। বিদায় হয়ে যায় টনি ক্রুসেরও।

ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার তিন রেফারি

ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার তিন রেফারি ব্রাজিল ও আর্জেন্টিনার মহাদ্বৈরথ যেন থামার নয়। ফুটবল মাঠে দুই দলের লড়াইয়ের ঝাঁজ ছড়িয়ে গেছে সর্বত্র। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচেও থাকছে আর্জেন্টিনা! এই ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকছেন তিনজন আর্জেন্টাইন রেফারি। ব্রাজিল-উরুগুয়ে হাইভোল্টেজ ম্যাচের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাতে দেখা যায়, ম্যাচের মূল রেফারিসহ তিনজনই আর্জেন্টাইন। আহামীকাল রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে।  এই ম্যাচের জয়ী দল সেমি-ফাইনালে খেলবে কলম্বিয়া ও পানামার মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে। চার কোয়ার্টার ফাইনালের শেষটিতে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে মূল রেফারি হিসেবে থাকছেন আর্জেন্টিনার দারিও হেরেরা। তার সহকারী হিসেবে থাকবেন আর্জেন্টিনার হুয়ান বেলাত্তি ও ক্রিস্টিয়ান নাভারো। চতুর্থ ও পঞ্চম রেফারি এল সালভাদরের ইভান বারটন ও নিকারাগুয়ার হেনরি পুপিরো। ব্রাজিলের ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়ে এতো আলোচনার অবশ্য কারণ আছে। এর আগে গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টাইন রেফারি মাউরো ভিগলিয়ানোর ভুলে একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছিল ব্রাজিল। মাউরো ভিএআরের দায়িত্বে ছিলেন।  পরে ভুল স্বীকার করে নেয় কনমেবল।

দল জিতলেও মেজর লিগে অভিষেক রাঙাতে পারেননি সাকিব

দল জিতলেও মেজর লিগে অভিষেক রাঙাতে পারেননি সাকিব ব্যাট হাতে খুব বেশি রান পান নি, বল হাতে ছিলেন খরুচে। যদিও উইকেটের দেখা পান। তবে ম্যাচে খুব বেশি ইমপ্যাক্ট ফেলতে পারেননি সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) পারফরম্যান্স দিয়ে অভিষেক রাঙাতে পারেননি তিনি।   ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। দলটির হয়েই আজ অভিষেক হয়েছে সাকিবের। নির্ধারিত ২০ ওভারে তার দল ৭ উইকেটে করে ১৬২ রান। পরে টেক্সাস ১৫০ রানের বেশি করতে পারেনি। নাইট রাইডার্স জেতে ১২ রানে।   দলের হয়ে ব্যাট হাতে ১৩ বলে ১৮ রান করে আউট হওয়ার পর বোলিংয়ে তাকে দিয়ে পুরো ৪ ওভার করাননি দলের অধিনায়ক সুনিল নারাইন। অ্যারন হার্ডির উইকেট পেলেও ৩ ওভারে সাকিব খরচ করেন ৩২ রান।

ফাইনালের আগে আজ রাতে মুখোমুখি হবে স্পেন-জার্মানি

ফাইনালের আগে আজ রাতে মুখোমুখি হবে স্পেন-জার্মানি একদিকে স্পেন-জার্মানি অন্যদিকে পর্তুগাল-ফ্রান্স। ইউরোর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে যেন ফাইনালের রোমাঞ্চ উপহার দিচ্ছে। আজ রাত ১০টায় স্টুটগার্টে স্বাগতিক জার্মানদের মুখোমুখি উড়ন্ত স্পেন। ম্যাচটি ঘিরে এরই মধ্যে উন্মাদনা তুঙ্গে। ইউরোপের দুই ফুটবল পরাশক্তির বহুল প্রতিক্ষীত এই ম্যাচটির দিকে চোখ থাকবে ফুটবল বিশ্বের। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পর্তুগাল বনাম ফ্রান্সের মধ্যকার বিজয়ী দলের মোকাবিলা করবে। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে স্পেন। গত রোববার শেষ ষোলোর ম্যাচে তারা জর্জিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে। এ নিয়ে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে স্পেন। লুইস ডি লা ফুয়েন্তের তারুণ্যনির্ভর দল আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই জার্মানির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। শেষ পাঁচটি ইউরো চ্যাম্পিয়নশিপে এই প্রথম তারা শেষ আটের টিকেট পেয়েছে। এমনকী খোদ জার্মানির জসুয়া কিমিচ স্বীকার করেছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে আকর্ষণীয় দল হলো স্পেন। ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে থাকা স্পেন ১৯৮৮ সালের পর জার্মানির বিপক্ষে শেষ ছয়টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের একটিতেও হারেনি। ছয়টি ম্যাচের তিনটিতে জয় ও তিনটি ড্র হয়েছে। ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বে এই দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। স্পেনের একটি অভিশপ্ত রেকর্ড রয়েছে। ইউরো কিংবা বিশ্বকাপের নক আউট পর্বে কখনই তারা স্বাগতিক দেশকে হারাতে পারেনি। ১৯৩৪ সালের পর থেকে এমন নয়টি ম্যাচেই প্রতিটিতেই তারা পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এদিকে, ১৯৯৬ সালের পর প্রথম ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে স্বাগতিক জার্মানি। বিশ্বকাপে ১৪ বার ও ইউরোতে পাঁচবার মিলিয়ে সর্বমোট ১৯তম কোয়ার্টার ফাইনাল খেলতে মাঠে নামবে জার্মানি। বৈশ্বিক এই দুটি বড় টুর্নামেন্টে আর কোনো দল এতবার শেষ আটে খেলেনি। ইউরো ২০২৪’এ সবচেয়ে বেশী গোল (১০), সবচেয়ে বেশী আক্রমন (২৬৫), গোলের সবচেয়ে বেশী শট (৭১), গড়ে সর্বোচ্চ পজিশন (৬২%) নিয়ে শেষ আটে খেলতে নামবে জার্মানরা। তার ওপর বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে থাকছে স্বাগতিক সমর্থক। সব মিলিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার সব ক্ষেত্রই প্রস্তুত আছ। এখন শুধু মাঠে নিজেদের প্রমাণের অপেক্ষা। ঘরের মাঠে শেষ আট ম্যাচে অবশ্য লা রোজাদের বিপক্ষে অপরাজিত রয়েছে জার্মাান। ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল থেকে এখনো কোনো স্বাগতিক দল বিদায় নেয়নি। আজকে ম্যাচে স্প্যানিশ বস ডি লা ফুয়েন্তে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন। ১৬ বছর বয়সী লামিন ইয়ামাল ও অ্যাথলেটিকো বিলবাও নিকো উইলিয়ামস তিন জনের আক্রমনভাগে অধিনায়ক আলভারো মোরাতার সঙ্গী হবে। সেন্ট্রাল মিডফিল্ডে পেড্রিকে ছাড়িয়ে ওলমো ও মিকেল মেরিনোর খেলার সম্ভাবনাই বেশী। তবে মূল একাদশে রড্রি ও ফাবিয়ান রুইজের সাথে পেড্রিও খেলতে পারেন। পায়ের ইনজুরি কাটিয়ে নাচো ফার্নান্দেজের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। তাকে জায়গা দিতে সেন্ট্রাল ডিফেন্সে লি নরমান্ড অথবা অমারিক লাপোর্তের মধ্যে একজন বদলী বেঞ্চে চলে যাবেন। ফুল-ব্যাক হিসেবে মাঠে নামবেন ডানি কারভাহাল ও মার্ক কুকুরেলা। অন্যদিকে সেন্টার-ব্যাক জোনাথান টাহ নিষেধাজ্ঞা কাটিয়ে জার্মান দলে ফিরছেন। ডেনমার্কের বিরুদ্ধে বাদ পড়েছিলেন লেফট-ব্যাক ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাডে। কিন্তু ডেভিড রমকে ছাড়িয়ে তারই মূল দলে ফেরার সম্ভাবনা বেশী। আক্রমনভাগে লেরয় সানের পরিবর্তে ফ্লোরিয়ান রিটজ ফিরতে পারেন।