তিনদিন শেষে শীর্ষে জাপান

তিনদিন শেষে শীর্ষে জাপান শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অলিম্পিক গেমস-২০২৪।  ইতোমধ্যে তিনদিনের খেলা শেষ হয়েছে। তিনদিন শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে জাপান। দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপান ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট ৯টি পদক জিতেছে। অস্ট্রেলিয়া ৪টি স্বর্ণ ও ২টি রৌপ্যসহ মোট ৬টি পদক জিতেছে। আর যুক্তরাষ্ট্র ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য  ও ৩ টি ব্রোঞ্জসহ মোট ১২টি পদক জিতেছে। চতুর্থ স্থানে আছে আয়োজক ফ্রান্স। চলুন দেখে নিই তৃতীয় দিন শেষের অলিম্পিক গেমসের পয়েন্ট টেবিল।      

প্যারিস অলিম্পিকে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ, ক্ষমা চাইলো আয়োজকরা

প্যারিস অলিম্পিকে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ, ক্ষমা চাইলো আয়োজকরা প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মঞ্চস্ত করা হয়েছিল ‘দ্য লাস্ট সাপার’ নামের একটি প্যারোডি মূকনাট্য। কিন্তু বিষয়টি নিয়ে ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগ উঠতে শুরু করেছিল। তীব্র প্রতিবাদ জানিয়েছিল ক্যাথলিক ও অন্যান্য খ্রিষ্টান গোষ্ঠী। অবশেষে বিতর্কের মুখে ক্ষমা চাইলো আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে ড্র্যাগ কুইন থিমে প্যারোডি প্রদর্শন করা হয়েছিল। যার থিম ছিল যিশুখ্রিষ্টকে নিয়ে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘দ্য লাস্ট সাপার’। বাইবেলের বর্ণনা অনুযায়ী আঁকা ছবিতে দেখা যায়, ক্রুশবিদ্ধ হওয়ার আগে যিশু তার রারোজন শিষ্যের সঙ্গে নৈশভোজ করছেন। কিন্তু মূকনাট্যে দেখা গেছে ভিন্ন চিত্র। দেখানো হয়েছে ট্রান্সজেন্ডার মডেল ড্র্যাগ কুইন্স এবং একজন নগ্ন গায়ককে। যাকে তুলে ধরা হয়েছে গ্রিক দেবতা ডায়োনিসাসের আদলে।  বিষয়টি নিয়ে বিতর্ক ও নিন্দার ঝড় বয়ে যায়। অলিম্পিক কমিটির বিরুদ্ধে অভিযোগ ওঠে, খ্রিষ্ট ধর্মকে অপমান করেছে তারা। সমালোচনা করেছেন শীর্ষ খ্রিষ্ট ধর্মগুরুরাও। ফরাসি ক্যাথলিক চার্চ এই মূকনাট্যকে ‘খ্রিষ্ট ধর্মের উপহাসের দৃশ্য’ হিসেবে বর্ণনা করেছে। টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্ক অভিহিত করেছেন, ‘খ্রিষ্টানদের জন্য অত্যন্ত অসম্মানজক’ হিসেবে। ইতালির মন্ত্রী পরিষদের ভাইস প্রেসিডেন্ট মাত্তেও সালভিনি ফরাসি জনগণের উদ্দেশে লিখেছেন, ‘বিশ্বের কোটি কোটি খ্রিষ্টানকে অপমান করে অলিম্পিক উদ্বোধন করা সত্যিই একটি বাজে সূচনা। ‘ শো-টির শৈল্পিক পরিচালক থমাস জলি বলেছিলেন, তাদের এই মূকনাট্যের উদ্দেশ্য ধ্বংসাত্মক কিছু করা, উপহাস করা বা কাউকে আঘাত করার মতো কিছু ছিল না। বরং, তিনি এই শো-এর মাধ্যমে দিতে চেয়েছিলেন ভালোবাসার বার্তা। কিন্তু তাতে ক্ষোভ প্রশমন হয়নি। বিতর্ক থামাতে শেষে মাঠে নামতে হয়েছে আয়োজকদেরকেই।   ২০২৪ অলিম্পিক গেমসের যোগাযোগ ব্যবস্থাপক অ্যান ডেসক্যাম্পস সাংবাদিকদের বলেছেন, ‘কোনো ধর্মীয় গোষ্ঠীর প্রতি অসম্মান দেখানোর উদ্দেশ্য ছিল না। সব সম্প্রদায়ের প্রতি সহনশীলতা দেখানোর চেষ্টা ছিল আমাদের। আমরা মনে করি, আমাদের লক্ষ্য ইর্জিত হয়েছে। কিন্তু যদি কোনো কারণে কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তবে আমরা সত্যিই দুঃখিত।

ফের নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

ফের নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা চামিরা আতাপাত্তুর আরও এক নায়কোচিত ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। আগের আসরের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। গতকাল আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। ডাম্বুলায় পাকিস্তানের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। টুর্নামেন্টে এটি তাদের টানা চার জয়। সমান জয়ে ফাইনালে তাদের সঙ্গী হয়েছে ভারতও। লঙ্কানদের জয়ে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন আতাপাত্তু। যা তার এই আসরে দ্বিতীয় ফিফটি। ৪ ম্যাচে ২৪৩ রান নিয়ে এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক তিনি। গতকাল তার ৬৩ রানের সৌজন্যেই জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার ভিষমী গুণারত্নে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তিনে নামা হরষিতা সামারাবিক্রমাও ফিরে যান দ্রুতই। তবে তবে তৃতীয় উইকেটে কাভিশা দিলহারির সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন আতাপাত্তু। তবে ওপেনিং জুটি ভাঙার পর পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল ১৩তম ওভারে এসে জোড়া আঘাত হানেন। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দিলাহারি ও নিলাখশিকা সিলভাকে আউট করে দেন পাকিস্তানের স্পিনার। তবে বিরুদ্ধ পরিস্থিতিতেও হাল ছাড়েননি আতাপাত্তু। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৪২ রানের জুটি গড়ে যোগ্য সঙ্গ অবশ্য দিয়েছেন আনুশকা সঞ্চিয়িনি। দলের জয় যখন ২১ রান দূরে তখন আতাপাত্তু আউট হলে আবার ম্যাচের মোড় ঘুরে যায়। ৯ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৬৩ রানে আউট হওয়ার পর হতাশায় ব্যাট মাটিতে ছুড়ে ফেলেন তিনি। আতাপাত্তুর বিদায়ের পর বেশ চাপেই পড়ে যায় শ্রীলঙ্কা। শেষ ১২ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৬ রান। পাকিস্তানের বোলার নাশরা সান্ধুর ১৯তম ওভারে ১৩ রান এলে চাপমুক্ত হয় শ্রীলঙ্কা। অবশ্য শেষ ওভারে ৩ রান নিতে গিয়ে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ১৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার সাদিয়া। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৬১ রানের সংগ্রহ এনে দেন দুই ওপেনার গুল ফিরোজা ও মুনেবা আলি। তবে ১০ম ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান বাঁহাতি পেসার উদেশিকা প্রবোধনী। ৩ রানের ব্যবধানে আউট হন ফিরোজা (২৫) ও মুনেবা (৩৭)। পরে অধিনায়ক নিদা দার ও ফাতিমা সানা। দুজনই সমান ১৭ বলে ২৩ রানে জুটি গড়েন। কিন্তু তাদের এই লড়াই কাজে আসেনি। আজ সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

জমকালো উদ্বোধনীতে শুরু অলিম্পিক গেমস

জমকালো উদ্বোধনীতে শুরু অলিম্পিক গেমস এরপর বিশ্বকাপ জয়ী জিদানের হাতে সেটা ফেরত দেওয়া হয় এবং তিনি সেটা বহন করে নিয়ে যান ট্রোকাডেরোতে। সেটা দিয়ে হট এয়ার বেলুনে প্যারিস অলিম্পিকের মশাল প্রজ্বলন করেন ফরাসি জুডো গ্রেট টেডি রাইনার এবং স্প্রিন্টার ম্যারি-হোসে পেরেক। তারপর প্যারিসের আকাশে সেটি ওড়ানো হয়। এ সময় সিন নদীতে চলতে থাকে ২০৫টি দেশের অলিম্পিক কমিটির ডেলিগেশন ও অ্যাথলেটদের নৌ প্যারেড। তার পাশাপাশি চলতে থাকে গান, নাচ ও নানা শো। যার মাধ্যমে তুলে ধরা হয় স্পেনের ইতিহাস, ঐহিত্য, শিল্পকলা, ক্রীড়া ও নানাদিক। ১২টি সেগমেন্টে ২ হাজার আর্টিস্ট পারফর্ম করেন উদ্বোধনী অনুষ্ঠানে। আর সিন নদীর দুই তীরে বসে সেটা উপভোগ করেন ৩ লাখ ২০ হাজার দর্শক। এছাড়া প্রতিটি ভবনের ছাদ থেকে, জানালা দিয়ে উপভোগ করেন অনেকে। আর বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন দর্শক দেখেন প্যারিস অলিম্পিকের জমকালো উদ্বোধনী। ২৬ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজার ৭১৪ জন অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মেসির কারণে চাকরি খোয়ালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা

মেসির কারণে চাকরি খোয়ালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা এনজো ফার্নান্দেজের বর্ণবাদী আচরণ নিয়ে আলোচনা-সমালোচনায় জড়িয়ে পড়লেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে ক্ষমা চাইতে বলে চাকরি হারালেন দেশটির ক্রীড়া কর্মকর্তা আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। তাকে বরখাস্ত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই। কোপা আমেরিকার ২০২৪ সালের আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিওতে এনজো ফার্নান্দেজকে বর্ণবাদী গান গাইতে দেখা যায়। তার সঙ্গে তাল মেলান সতীর্থরাও। সেই গানে ফ্রান্সকে নিয়ে অপমানজনক ও বর্ণবাদী ভাষা ছিল। যদিও এই ঘটনার সময় মেসি ছিলেন না। তাও ঘটনার জের ধরে মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাইতে বলেছিলেন গারো। তিনি বলেছিলেন, ‘জাতীয় দলের অধিনায়কের এ জন্য ক্ষমা চাওয়া উচিত। এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। এটা আমাদের গৌরবান্বিত দেশকে বাজে পরিস্থিতিতে ফেলেছে।’ এরপরই আর্জেন্টিনা সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গারোকে বরখাস্ত করার ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘প্রেসিডেন্ট অফিস জানাচ্ছে যে আর্জেন্টিনা জাতীয় দল কিংবা কোনো নাগরিক কী ভাববে, কী করবে, সেটা কোনো সরকার বলতে পারে না। এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে থাকছেন না।’ বরখাস্ত হওয়ার পর এক্সে করা পোস্টে গারো দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার কথা যদি কাউকে আঘাত করে, তাহলে দুঃখিত। এটা আমার উদ্দেশ্য ছিল না।  তবে আমি সব সময়ই যেকোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধে থাকব।’ এর আগে টিম বাসে খেলোয়াড়দের উদ্‌যাপন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লাইভ করছিলেন ফার্নান্দেজ, যেখানে ওই বর্ণবাদী গানটি শোনা যায়। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল প্রতিপক্ষ ফ্রান্সকে নিয়ে গানটি বানিয়েছিলেন আর্জেন্টিনার সমর্থকেরা। এ ঘটনায় অবশ্য ফার্নান্দেজ ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েও অবশ্য পার পাচ্ছেন না ফার্নান্দেজ।

সাকিবকে বাদ দিয়ে খেলল নাইট রাইডার্স

সাকিবকে বাদ দিয়ে খেলল নাইট রাইডার্স বিবর্ণ পারফরম্যান্সের কারণে এবার মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। বুধবার তাকে ছাড়াই মাঠে নেমেছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।  সময়টা একদমই ভালো যাচ্ছিল না বাংলাদেশের সুপারস্টারের।  প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সাকিবের প্যারফরম্যান্স একেবারেই অনুজ্জ্বল। অনেক আশা নিয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাকে দলে নিলেও প্রত্যাশা মেটাতে পারেননি। যার কারণে নিজেদের ষষ্ঠ ম্যাচে সাকিবকে বেঞ্চে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। ৪ ম্যাচে তার ব্যাট থেকে আসে কেবল ৬০ রান। উইকেট পেয়েছেন মাত্র ১টি। সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। ঠিক আগের ম্যাচেই করেছিলেন ৭ রান। এর আগে প্রথম ম্যাচে ১৮ এবং দ্বিতীয় ম্যাচে ৩৫ রান করেছিলেন সাকিব।  গত ৫ জুলাই প্রথম ম্যাচে ১ উইকেটের পর টানা তিন ম্যাচে উইকেটশূন্য বাঁহাতি স্পিনার। তবে আশার বিষয় খুব বেশি খরুচে ছিলেন না। ত্রিশের উপরে রান দেননি কোনো ম্যাচেই। তবে ব্যাট-বলে তার থেকে যে আশা ছিল সমর্থকদের তা পূরণে ব্যর্থ ৩৭ পেরুনো সাকিব। পারফর্ম করতে না পারলেও মেজর লিগ ক্রিকেটের অভিজ্ঞতাকে দারুণ বলছেন সাকিব। সঙ্গে এই প্রতিযোগিতার উজ্জ্বল ভবিষ্যৎ-ও দেখছেন তিনি। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের এক ভিডিওতে সাকিব বলেছেন, ‘এটা (মেজর লিগ ক্রিকেট) দিনকে দিন ছড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্যও এটা দারুণ। যেভাবে এই প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে আশা করছি সেভাবেই এগিয়ে যাবে। আমি মনে করি, পাঁচ বছরে এটা বড় জায়গায় নিয়ে নেবে। যা যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্যও ভালো হবে।’ আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সেরই মালিকানায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। কলকাতায় সাকিব ছিলেন নিয়মিত মুখ। দুইবার কলকাতার হয়ে শিরোপা জিতেছেন। ফ্রাঞ্চাইজিটির সঙ্গে তার বন্ধুত্ব পুরোনো। নাইট রাইজার্সের জার্সি গায়ে জড়িয়ে উচ্ছ্বসিত সাকিব, ‘দারুণ লাগছে এই পরিবারের সঙ্গে আবারো যুক্ত হতে পেরে। এখানে আসতে পেরে দারুণ উচ্ছ্বসিত। মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরটি মিস করেছি। দ্বিতীয় আসরে যুক্ত হতে পেরে আনন্দিত। নাইট রাইডার্সকে সাপোর্ট করুন। আশা করছি আমরা এখানে ট্রফি জিতবো এবং আপনাদেরকে ট্রফি উপহার দেব।’

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) নির্বাচনের দিনক্ষণ। আজ নির্বাহী কমিটির বৈঠক শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর হবে এবারের নির্বাচন। বাফুফে ভবনে সভা শেষে সালাউদ্দিন বলেন, ‘আজ আমাদের সভায় নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরে আমরা নির্বাচন করছি। ‘ নির্বাচন পেছানোর ব্যাখ্যায় বাফুফে প্রধান জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগষ্ট মাসের জন্য নির্বাচন পেছানো হয়েছে। কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হোটেল ভাড়া বৃদ্ধি হবে এবং আগস্ট হচ্ছে শোকের মাস। আর তাই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। সালাউদ্দিন বলেন, ‘নারী বিশ্ব কাপের সময় নির্বাচনের ভেন্যু পাওয়া নিয়ে সংকট থাকবে। তখন হোটেল ভাড়া বেশি থাকবে। এছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে অনেক কাজ থাকে। আমাদের অনেক সদস্য পার্লামেন্টের মেম্বার। তারা সেই সময় ব্যস্ত থাকবেন। তাই আমরা ৩ অক্টোবরের পরিবর্তে ২৬ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ‘ এদিকে টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন কিনা, এমন প্রশ্ন উঠেছে এবার। তবে এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি এটা আপনাদের বলতে বাধ্য? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ‘

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র!

২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র! সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালের আগে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। যা ২০২৬ বিশ্বকাপ আয়োজকদের বেশ শঙ্কায় ফেলেছে। উত্তর আমেরিকায় আসন্ন এই ফিফা বিশ্বকাপ আদৌ সফলভাবে আয়োজন সম্ভব কিনা, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। রোববার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়া বনাম আর্জেন্টিনার মধ্যকার কোপার ফাইনাল ম্যাচটি সমর্থকদের উচ্ছৃঙ্খলতার কারণে ৮২ মিনিটে দেরিতে শুরু হয়। এতে স্টেডিয়ামে প্রবেশ করা সমর্থকদের নিরাপত্তা নিশ্চিতের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছ। আয়োজকদের দাবি, টিকেটবিহীন সর্মথকরা এক পর্যায়ে স্টেডিয়ামে প্রবেশের জন্য জোড়াজুড়ি শুরু করলে প্রায় তিন ঘন্টা সকল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু যখন দেখা গেল এমন অনেকেই স্টেডিয়ামে প্রবেশ করেছে যাদের কাছে কোন টিকেট নেই তখন আয়োজকদের আর কিছুই করার ছিল না। আর এতেই স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের সম্মুখীন হয়। প্রচন্ড গরমে এ সময় অনেককেই অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে। ৬৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন মায়ামির স্টেডিয়ামটির সবগুলো গেটে তখন হাজার হাজার সমর্থকদের ভিড় চোখে পড়েছে। হার্ড রক স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়াও এবারের আয়োজক অন্য দুই দেশ হলো মেক্সিকো ও কানাডা। কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকান কনফেডারেশন কনমেবল। অন্যদিকে স্থানীয় আয়োজকদের সহায়তায় বিশ্বকাপ আয়োজন করে থাকে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও বর্তমানে ফক্স স্পোর্টস চ্যানেলের ফুটবল বিশেষজ্ঞ অ্যালেক্সি লালাস বলেছেন, ‘এটা মোটেই ভাল কোন লক্ষণ নয়। কনমেবলের জন্য বিষয়টি মোটেই ভাল হয়নি। কারণ ঘটনাটি আমাদের দেশে ঘটেছে। এখানেই আগামী দুই বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে।’ কোপা আয়োজনের ব্যাপারে ফিফার কোন ভূমিকা নেই। ফাইনালের এই ঘটনার পর ফিফার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু বিভিন্ন সূত্রমতে জানা গেছে, এরই মধ্যে ফিফা যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে। হার্ড রক স্টেডিয়ামের সাবেক এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এই ধরনের ঘটনা কখনই কাম্য নয়, সেটা যে ধরনের ম্যাচই হোক না কেন। প্রতিটি দর্শককে টিকেট পরীক্ষা করে স্টেডিয়ামে প্রবেশ করানো উচিৎ ছিল। তিনি আরো বলেন, এই ম্যাচ দেখতে অনেক নারী ও শিশু এসেছিল। এমনও হয়েছে দুই হাজার ডলার ব্যয় করে টিকেট ক্রয় করেও তারা মাঠে প্রবেশ করতে পারেনি, যা খুবই দু:খজনক। ঘটনাটি কনমেবলের জন্য অত্যন্ত অস্বস্তিকর, একইসাথে হার্ড রক স্টেডিয়ামের জন্যও। এর আগে কলম্বিয়া ও উরুগুয়ের মধ্যকার শার্লটে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচেও বিক্ষুব্ধ সমর্থকরা মাঠে নেমে পড়েছিল। উরুগুইয়ান খেলোয়াড়রা স্ট্যান্ডে গিয়ে কলম্বিয়ান সমর্থকদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তাদের দাবী স্ট্যান্ডে থাকা তাদের পরিবারের সদস্যদের কলম্বিয়ান সমর্থকরা হুমকি দিয়েছে। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে সফলভাবে বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। কিন্তু তখনকার থেকে এবারের স্টেডিয়ামগুলোতে আসনসংখ্যা আনুপতিক হারে বেড়েছে। যে কারণে দর্শক সমাগমও এবার বেশি হবে। কিন্তু নিরাপত্তার বিষয়ে প্রশ্ন বাড়তে থাকায় আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক!

ভারতের ক্রিকেটে আসছে বড় চমক! ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই বড় চমক দেখাতে যাচ্ছেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা টি-২০ থেকে অবসর নেয়ায় নেতৃত্বের দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক। তবে শোনা যাচ্ছে, গৌতম গম্ভীর কোচ হতেই বদলে গেছে সব হিসাব। ভারতের পরবর্তী টি-২০ অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের, এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। প্রতিবেদন অনুযায়ী, আপাতত ভারতের অধিনায়ক হওয়া হচ্ছে না হার্দিকের। জাতীয় দলের নেতৃত্ব পেতে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে আরো অপেক্ষা করতে হবে। তার পরিবর্তে ভারতের টি-২০ দলের অধিনায়ক হতে যাচ্ছেন সূর্যকুমার যাদব। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত সূর্যকুমারকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে। দু’একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সূর্যকুমারের নাম অধিনায়ক হিসেবে প্রকাশ করবে ভারত। শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ থেকেই দায়িত্ব নেবেন এই ব্যাটার। সূর্যকুমার ভারতীয় দলকে দুইটি সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাতটি ম্যাচে নেতৃত্ব দিয়ে পাঁচটিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। এদিকে হার্দিককে দলে সহ-অধিনায়ক হিসেবেই রাখা হবে।

ইউরোর সেরা একাদশ প্রকাশ

ইউরোর সেরা একাদশ প্রকাশ জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। যেখানে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। গত রোববার ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো শিরোপা জেতে তারা। ইউরোর সেরা একাদশে স্পেনের খেলোয়াড়ই বেশি। ১১ জনের দলে ছয়জনই সুযোগ চ্যাম্পিয়ন দল থেকে পেয়েছে। ৪-৩-৩ ফর্মেশনে উয়েফা ইউরোর সেরা একাদশ প্রকাশ করেছে। সেরা একাদশের আক্রমণভাগে রয়েছে তরুণ ফুটবলারদের আধিপত্য। ১৭ বছর বয়সী লামিনে ইয়ামাল, ২২ বছর বয়সী নিকো উইলিয়ামস রয়েছেন আক্রমণভাগে। আক্রমণভাগের অন্যজন হলেন ২১ বছর বয়সী জার্মানির জামাল মুসিয়ালা। সেরা একাদশের মিডফিল্ডে যে তিনজন রয়েছেন তাদের সবাই স্পেনের ফুটবলার। টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী রদ্রির সঙ্গে আছেন দানি ওলমো ও ফাবিয়ান রুইজ। রক্ষণভাগে রয়েছেন কাইল ওয়াকার, উইলিয়াম সালিবা, ম্যানুয়েল আকাঞ্জি ও মার্ক কুকুরেল্লা। গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ফ্রান্সের মাইক মাইগনান। ইউরো ২০২৪-এর সেরা একাদশ: মাইক মাইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), ম্যানুয়েল আকাঞ্জি (সুইজারল্যান্ড), মার্ক কুকুরেল্লা (স্পেন), রদ্রি (স্পেন), দানি ওলমো (স্পেন), ফাবিয়ান রুইজ (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি) ও নিকো উইলিয়ামস (স্পেন)