বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল

বিশ্বের এক নম্বর দল এখন স্পেন, তিনে নেমে গেছে আর্জেন্টিনা, ছয়ে ব্রাজিল ফিফার সর্বশেষ পুরুষদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছে স্পেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দুই ধাপ পিছিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে। অবনমন হয়েছে ব্রাজিলেরও। এক ধাপ পিছিয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলটি। সেপ্টেম্বরের শুরুতে একুয়েডরের বিপক্ষে আর্জোন্টিনার ১-০ গোলে হার এই র‍্যাংকিংয়ে ধরা হয়নি। তবে কলম্বিয়ার সঙ্গে ১-১ ড্র এবং ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারানোর ফলাফল ধরা হয়েছে। তবুও অবশ্য ফ্রান্স ও স্পেন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের টপকে গেছে।চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্টের উন্নতি হয়েছে। এছাড়া ব্রাজিলকে টপকে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে, জার্মানির অবনমন হয়েছে তিন ধাপ, তাদের অবস্থান এখন ১২তম। তাদের ওপরে উঠে গেছে ক্রোয়েশিয়া, ইতালি ও মরক্কো। ব্রিটিশ দ্বীপপুঞ্জের দলগুলোর মধ্যে ওয়েলস এক ধাপ এগিয়ে ৩০তম, স্কটল্যান্ড চার ধাপ লাফিয়ে উঠে গেছে ৪৩তম স্থানে। তবে রিপাবলিক অব আয়ারল্যান্ড এক ধাপ নেমে ৬১তম, আর নর্দার্ন আয়ারল্যান্ড ৭১ থেকে নেমে গেছে ৭২তম স্থানে। সবচেয়ে বড় অগ্রগতি করেছে স্লোভাকিয়া। জার্মানিকে ২-০ গোলে হারানোয় তারা ১০ ধাপ এগিয়ে উঠে এসেছে ৪২তম স্থানে।

আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ

আজ রাত থেকে মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগ ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে যাচ্ছে এই টুর্নামেন্ট। যেখানে ইউরোপ ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বে মুকুট পড়ার জন্য লড়াই করবে ৩৬ দল। নতুন মৌসুমের সেই লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম রাতে অনুষ্ঠিত হবে ৬ ম্যাচ। ২০২৫-২৬ মৌসুমের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত ১০টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাতলাটিক বিলবাও এবং ইংলিশ ক্লাব আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেসে। গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল আর্সেনাল। অন্যদিকে ১০ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ফিরেছে বিলবাও। সবশেষ ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলেছিল স্প্যানিশ ক্লাবটি।

দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি

দলে ফিরতে নেইমারের সামনে শর্ত; ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ইতোমধ্যে ‍দুই দফায় স্কোয়াড ঘোষণা করেছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। দু’বারই ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। যদিও শেষবার চোটের সমস্যা নয়, কৌশলগত কারণে ডাক না পাওয়ার অভিমত জানান এই তারকা। যা নিয়ে ব্রাজিল কোচের সঙ্গে নেইমারের দ্বিমত দেখা দেয়। নতুন করে তার জাতীয় দলে ঢুকতে পুরোনো শর্ত-ই জুড়ে দিয়েছেন আনচেলত্তি। ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৭৯) হওয়ার কীর্তি গড়েন নেইমার। এসিএল (অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট) ইনজুরিতে পড়ে পরের মাস থেকেই তিনি এক বছরের জন্য মাঠের বাইরে ছিটকে যান। এরপর আল-হিলাল হয়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে ম্যাচ খেললেও, এখনও জাতীয় দলে ফেরা হয়নি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার ক্যারিয়ারজুড়েই ছিল ইনজুরির হানা। যা তার শেষ সময়ে এসেও বারবার ব্যাঘাত ঘটাচ্ছে। চলতি মাসে (সেপ্টেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার জন্য আনচেলত্তির ঘোষিত প্রাথমিক স্কোয়াডে ছিলেন নেইমার। কিন্তু ম্যাচের দু’দিন আগে চোটে পড়ায় চূড়ান্ত দলে তার জায়গা মেলেনি। এর পেছনে চোট ও ফিটনেসজনিত সমস্যার কথা উল্লেখ করেছিলেন আনচেলত্তি। কিন্তু নেইমারের ভাষ্য ছিল ভিন্ন, ‘আমাকে বাদ দেওয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি।’

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল

মৌসুমের শুরুতেই বড় দুঃসংবাদ পেল রিয়াল রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার গত মৌসুমেও চোটের সঙ্গে লড়েছেন। এর মাঝেও ৫৫ ম্যাচে দলের হয়ে নেমেছিলেন। কিন্তু চলতি মৌসুমে লা লিগায় তিন ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র একটিতে নামতে পেরেছেন তিনি। এরই মধ্যে জার্মান ডিফেন্ডারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল মাদ্রিদের ক্লাবটি। গতকাল অনুশীলনে বাঁ পায়ের মাংশপেশিতে চোট পান রুডিগার। ক্লাবের সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রুডিগারের চোট ‘সিরিয়াস।’ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রুডিগারকে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে এএস ও মার্কার দাবি, মাঠে ফিরতে আরেকটু বেশি সময় লাগবে ৩২ বছর বয়সী এই সেন্টারব্যাকের। স্পেনের এ দুই সংবাদমাধ্যম জানিয়েছে, রুডিগারকে ১০ থেকে ১২ সপ্তাহ অর্থাৎ আড়াই থেকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। গত জুনে জাবি আলোনসো রিয়াল কোচের দায়িত্ব নেওয়ার পর তার সময়ে এটাই প্রথম বড় ধরনের চোটের ঘটনা। রুডিগারের আঘাতের জায়গায় স্ক্যান করে রিয়ালের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘রেক্টাস ফেমোরিস মাসলে চোট পেয়েছেন।’ রুডিগারের চোট রিয়ালের জন্য নিঃসন্দেহে বড় আঘাত। এএস জানিয়েছে, আঘাত পাওয়া জায়গায় ফোলা কমলে তার আরও কিছু পরীক্ষা করা হবে। এতে আঘাত কতটা মারাত্মক সেটি বুঝতে পারবে দলটির মেডিকেল টিম। তখন বোঝা যাবে, রুডিগারকে ঠিক কত দিন মাঠের বাইরে থাকতে হবে। প্রাথমিকভাবে ক্লাব মনে করছে, মাঠে ফিরতে রুডিগারকে অন্তত ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে লা লিগায় আজ রাতে রিয়াল সোসিয়েদাদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আগামী মঙ্গলবার মার্শেইয়ের মুখোমুখি হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করবে জাবির দল। এসব ম্যাচ তো বটেই, ২৭ সেপ্টেম্বর লা লিগায় ‘মাদ্রিদ ডার্বি’ এবং অক্টোবরে ‘এল ক্ল্যাসিকো’তেও রুডিগারকে পাবে না রিয়াল। এমন কঠিন পরিস্থিতিতে রিয়ালের রক্ষণ সামলাতে জাবির হাতে আছেন ডেভিড আলাবা, রাউল আসেনসিও, এদের মিলিতাও ও ডিন হুইসেন। আলাবা ও আসেনসিও মৌসুমে রিয়ালের তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। তবে জাবির হাতে যারাই থাকুক, রুডিগারের অভিজ্ঞতার অভাব বোধ করবে লস ব্লাঙ্কোসরা।

২০২৬ বিশ্বকাপের টিকিট যেভাবে কাটবেন

২০২৬ বিশ্বকাপের টিকিট যেভাবে কাটবেন আগামী বছর কানাডা, মেক্সিকো ও আমেরিকাতে অনুষ্ঠিত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। আগামী অক্টোবর মাসে শুরু হবে টিকিট বিক্রির প্রথম ধাপের কার্যক্রম। গত বুধবার (১০ সেপ্টেম্বর) ফিফার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে ফিফা। বিশ্বকাপের গ্রুপস্তরের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৬০ মার্কিন ডলার। তবে সবার জন্য উন্মক্ত নয় এই প্লাটফর্ম। শুধুমাত্র ভিসা কার্ড ধারীরা পাবেন প্রথম ধাপের এই টিকিট সংগ্রহের সুযোগ। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই আবেদন চলবে ১৯ তারিখ পর্যন্ত। এরপর আবেদনকারীদের আবেদনপত্র পরীক্ষা করা হবে, যাদের আবেদনপত্র গৃহীত হবে তাদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর। এর কারণ হচ্ছে, যেসব সমর্থকরা বিশ্বকাপ দেখতে যাবেন, তারা যেন সময় থাকতেই ভিসা, টিকিটসহ যাবতীয় কাজ সেরে ফেলতে পারেন। যাদের আবেদন গ্রহণ করা হবে তারা টিকিট কাটতে পারবেন ১ অক্টোবর থেকে। সেই দিন থেকে টিকিট বিক্রি শুরু হবে। এই টিকিট কাটতে গেলে ভিসা কার্ড থাকতে হবে সমর্থকদের। অনলাইনে টিকিট কাটবেন যেভাবে FIFA.com/tickets এই সাইটে গিয়ে টিকিটের জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের ভিসা কার্ড না থাকলে সেই আবেদন বাতিল করা হবে।

বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন 

বিশ্বকাপ টিকিটে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন  ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে শুরু হয়েছে তুমুল উত্তেজনা। টুর্নামেন্টের টিকিটের প্রাথমিক আবেদন শুরু হয়েছে গত ১০ সেপ্টেম্বর থেকে। মাত্র ২০ ঘণ্টার মধ্যে দেড় মিলিয়নের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সমর্থকদের কাছ থেকে। এরপরই রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানির ভক্তরা। বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি বলেন, এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবল ইতিহাসে এক মাইলফলক হয়ে উঠবে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাই শেষে নির্বাচিতদের ই-মেইলের মাধ্যমে জানানো হবে। আগামী ১ অক্টোবর থেকে নির্দিষ্ট দিন ও সময়ের স্লটে অনলাইনে টিকিট কেনার সুযোগ পাবেন ভক্তরা। সরাসরি ক্রয়ের কোনো সুযোগ থাকছে না। টিকিটের দাম গ্রুপ-পর্বে শুরু হবে ৬০ ডলার (প্রায় ৭,৩০৭ টাকা) থেকে। ক্যাটাগরি অনুসারে এই দাম বাড়তে থাকবে। ফাইনালের টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ৬,৭৩০ ডলার (প্রায় ৮ লাখ ১৯ হাজার ৬৯৫ টাকা)। তবে চাহিদার ভিত্তিতে দাম ওঠা-নামার সম্ভাবনাও রয়েছে। ফিফা জানিয়েছে, এবার টুর্নামেন্টে থাকছে ৪৮ দল ও ১০৪ ম্যাচ। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসর বসবে ১৬ ভেন্যুতে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং কানাডায় ২টি। পুরো টুর্নামেন্টে প্রায় ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি প্রত্যাশা করছে আয়োজকরা। প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা আবেদন করতে পারছেন। ফিফা আইডি তৈরি করে নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে হবে এই প্রক্রিয়ায়।

পর্তুগালে ‘সর্বকালের সেরা’ নির্বাচিত হলেন রোনালদো

পর্তুগালে ‘সর্বকালের সেরা’ নির্বাচিত হলেন রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিজ দেশ পর্তুগালে দেওয়া হলো বিশেষ সম্মাননা। পর্তুগিজ লিগের আয়োজনে অনুষ্ঠিত এক গালায় ৪০ বছর বয়সী এ স্ট্রাইকারকে ভোটে বেছে নেওয়া হয়েছে ‘সর্বকালের সেরা খেলোয়াড়’ হিসেবে। আল-নাসরের হয়ে খেলতে থাকা রোনালদোকে আয়োজকরা অভিহিত করেছেন ‘খেলাধুলার অনিবার্য মুখ ও কোটি ভক্তের আইডল’ হিসেবে। পুরস্কার হাতে নিয়ে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় গর্বের মুহূর্ত। আমার সব সতীর্থ, কোচ ও যারা আমাকে বারবার উন্নত হতে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ’ পর্তুগিজ ফার্স্ট ডিভিশনের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘রোনালদো এক যুগকে সংজ্ঞায়িত করেছেন। তার পরিশ্রমী মানসিকতা, প্রতিযোগিতার স্পৃহা ও গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁকে পরিসংখ্যানের বাইরে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দিয়েছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় শিরোপা ও বিশ্বজুড়ে প্রভাব—সবকিছু মিলিয়ে তিনি ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা। ’জাতীয় দলের জার্সিতেও রোনালদো রেখেছেন বিশেষ ছাপ। এখন পর্যন্ত তিনি দেশের হয়ে সর্বোচ্চ ২২৩ ম্যাচে মাঠে নেমেছেন এবং রেকর্ড ১৪১ গোল করেছেন। একই সঙ্গে পর্তুগালের তিনটি বড় শিরোপা—২০১৬ ইউরো, ২০১৯ ও ২০২৫ নেশনস লিগ জয়ে সরাসরি অবদান রেখেছেন এই মহাতারকা।

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসরে এখনো খালি ৩০টি জায়গা

২০২৬ বিশ্বকাপ: ৪৮ দলের আসরে এখনো খালি ৩০টি জায়গা আগামী গ্রীষ্মে বসছে বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। এবার মোট ৪৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। আয়োজক তিন দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে। আরও ৪৩টি স্থান নির্ধারিত হবে ছয় মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে। আর বাকি দুটি জায়গা নির্ধারণ হবে আগামী মার্চে মেক্সিকোর মন্তেরি ও গুয়াদালাহারায় ছয় দলের আন্তঃমহাদেশীয় প্লে-অফে। এ পর্যন্ত ১৮টি দেশ নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনের কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে মূল ড্র। আফ্রিকা নয়টি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। সেরা চার রানার্স-আপ নভেম্বরের প্যান-আফ্রিকান প্লে-অফে লড়বে আন্তঃমহাদেশীয় প্লে-অফের একটি জায়গার জন্য। মরক্কো (কাতার ২০২২-এর সেমিফাইনালিস্ট) ও তিউনিসিয়া ইতিমধ্যেই নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। তিউনিসিয়া এখনো পর্যন্ত আট ম্যাচে কোনো গোল হজম করেনি। মিশর শীর্ষে থাকলেও বুর্কিনা ফাসোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের কারণে নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে অন্তত আরেক মাস। ম্যাচে ইনজুরিতে পড়েছেন স্ট্রাইকার ওমর মামরুশ, যা উদ্বেগের কারণ ম্যানচেস্টার সিটির সমর্থকদের জন্যও। কেপ ভার্দে নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে ওঠার এক জয় দূরে রয়েছে। তারা ১-০ গোলে হারিয়েছে ক্যামেরুনকে। অন্যদিকে সেনেগাল নাটকীয়ভাবে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে হারিয়েছে কঙ্গোকে। নাইজেরিয়ার পরিস্থিতি জটিল হয়ে উঠছে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ ড্র করে পিছিয়ে পড়েছে তারা। শৃঙ্খলাজনিত কারণে নিষিদ্ধ থাকা সত্ত্বেও খেলোয়াড় তেবোহো মকোয়েনাকে মাঠে নামানোর অভিযোগে ফিফা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা, তা এখনো অনিশ্চিত। আইভরি কোস্ট, আলজেরিয়া ও ঘানা সরাসরি যোগ্যতা অর্জনের দারুণ অবস্থানে রয়েছে। এশিয়া এশিয়া থেকে সরাসরি যাবে আট দল, আর একটি দল আন্তঃমহাদেশীয় প্লে-অফে লড়বে। জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান ও উজবেকিস্তান ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে জর্ডান ও উজবেকিস্তান। বাকি দুটি জায়গার জন্য লড়ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, ওমান, সৌদি আরব ও ইন্দোনেশিয়া। বিশেষ নজর থাকবে সৌদি আরবের দিকে। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া দেশটি কি না এবারই বাদ পড়ে যায়? অক্টোবরে তারা জেদ্দায় মুখোমুখি হবে ইন্দোনেশিয়া ও ইরাকের। ইউরোপ ইউরোপ থেকে সরাসরি যাবে ১২ গ্রুপের চ্যাম্পিয়ন দল। বাকি চার জায়গা নির্ধারিত হবে রানার্স-আপ ও নেশনস লিগের সেরা দলদের মধ্যে প্লে-অফের মাধ্যমে। ইংল্যান্ডের অবস্থা দারুণ আশাব্যঞ্জক, কিন্তু ইতালি, জার্মানি ও সুইডেনের জন্য সময়টা কঠিন হয়ে উঠছে। সুইডেন এখন শীর্ষ দল সুইজারল্যান্ডের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে। বিপরীতে নরওয়ে দুর্দান্ত ফর্মে, পাঁচ ম্যাচে শতভাগ জয় নিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। জার্মানি নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে, যদিও তারা উত্তর আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। স্কটল্যান্ড ও ওয়েলসের আশা এখনো টিকে আছে, কিন্তু আয়ারল্যান্ড বড় ধাক্কা খেয়েছে আর্মেনিয়ার কাছে ২-১ গোলে হেরে। বর্তমানে শীর্ষে থাকা দলগুলো হলো: ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, বসনিয়া, উত্তর মেসিডোনিয়া ও স্লোভাকিয়া। উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান তিনটি গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে যাবে। রানার্স-আপ দুই দল সুযোগ পাবে আন্তঃমহাদেশীয় প্লে-অফে। এখানে জ্যামাইকা, সুরিনাম ও হন্ডুরাস ভালো অবস্থানে আছে। ওশেনিয়া ওশেনিয়া থেকে একমাত্র সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বাকি একটি সুযোগ নিয়ে মার্চে প্লে-অফে খেলবে নিউ ক্যালেডোনিয়া। দক্ষিণ আমেরিকা এই অঞ্চলের শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে যায়। ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে, ব্রাজিল ও প্যারাগুয়ে। সপ্তম হয়ে আন্তঃমহাদেশীয় প্লে-অফে উঠেছে বলিভিয়া, যারা চমক দেখিয়ে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিলকে।

নেপাল থেকে দেশের পথে জাতীয় ফুটবল দল

নেপাল থেকে দেশের পথে জাতীয় ফুটবল দল নেপালে রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল অবশেষে দেশে ফিরছে। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন। উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা

শেষ ম্যাচে হারলো মেসিহীন আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে হার মেনেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ সকালে ইকুয়েডরের কাছে ১-০ গোলে হেরে যায় মেসিহীন আলবিসেলেস্তারা। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করেন এনার ভ্যালেন্সিয়া। ম্যাচে দুই দলই ১০ জনের দলে পরিণত হয় কার্ডের কারণে। এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে ইকুয়েডর শেষ করেছে দ্বিতীয় স্থানে, আর ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তবে এদিন মাঠে নামেননি লিওনেল মেসি। যিনি গত বৃহস্পতিবার নিজ দেশে খেলেছিলেন সম্ভবত তার শেষ আনুষ্ঠানিক ম্যাচ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের ৩১ মিনিটে লাল কার্ড দেখেন নিকোলাস ওটামেন্ডি। তাতে দশজনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। বিরতির পর ৫০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইকুয়েডরের মইসেস কাইসেদো। বাকি সময় উভয় দল দশজন নিয়ে খেললেও ভ্যালিন্সয়ার গোলটি ম্যাচের পার্থক্য গড়ে দেয়।