পা নয়, মাথা নয়, পিঠ দিয়ে গোল করে আলোচনায় রোনালদো

পা নয়, মাথা নয়, পিঠ দিয়ে গোল করে আলোচনায় রোনালদো সৌদি প্রো লিগে রীতিমতো নাটকীয় এক রাতের সাক্ষী হলো বিশ্ব ফুটবল। টানা ১০ ম্যাচ জয়ের দুর্দান্ত সূচনা থেমে গেল আল-নাসরের। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আল-ইত্তিফাকের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খোয়াতে হলো তাদেরকে। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একেবারে অদ্ভুত ভঙ্গিতে, পিঠে বল লাগিয়ে গোল করে চমকে দিলেন সবাইকে। এই ম্যাচে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চড়া। প্রথমার্ধে আল-ইত্তিফাক এগিয়ে যায় জর্জিনিও ওয়াইনালডামের নিখুঁত ফিনিশে। তবে বিরতির পরপরই ঘুরে দাঁড়ায় আল-নাসর। জোয়াও ফেলিক্সের পাওয়ারফুল শটে ম্যাচে সমতা ফেরে। নতুন করে প্রাণ ফিরে পায় অতিথিদের আক্রমণ। এরপরই আসে সেই অবিশ্বাস্য মুহূর্ত। আবারও শট নেন ফেলিক্স, কিন্তু বল সরাসরি লক্ষ্যে না গিয়ে হঠাৎই রোনালদোর পিঠে লেগে দিক পরিবর্তন করে জড়িয়ে যায় জালে। পুরোপুরি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন আল-ইত্তিফাকের গোলরক্ষক। ৪০ বছর বয়সেও গোলের সামনে রোনালদোর উপস্থিতি যে কতটা ভয়ংকর, তা যেন আরও একবার প্রমাণ হয়ে গেল। যদিও এবার গোলটা এলো সবচেয়ে অপ্রচলিত উপায়ে। এই গোল রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের গোলসংখ্যাকে আরও এক ধাপ এগিয়ে নিল সেই বহু আলোচিত এক হাজার গোলের মাইলফলকের দিকে। পা নয়, মাথা নয়, পিঠে করা এই গোলটি নিশ্চিতভাবেই জায়গা করে নেবে তার ক্যারিয়ারের সবচেয়ে অদ্ভুত অথচ স্মরণীয় মুহূর্তগুলোর তালিকায়। তবে রোনালদোর ঝলকানিতেও হার মানতে রাজি ছিল না আল-ইত্তিফাক। ম্যাচের শেষ দিকে আবারও ওয়াইনালডাম গোল করে সমতা ফেরান, ২-২ স্কোরলাইনে থামে ম্যাচ। এর ফলে মৌসুমের শুরুতে টানা জয়ের রেকর্ড ভেঙে যায় আল-নাসরের। ড্র হলেও সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে আল-নাসর। তবে শিরোপা দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের চাপ যে এখন আরও বাড়বে, তা বলাই যায়। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য এই ‘পিঠ দিয়ে করা গোল’ ফুটবল ইতিহাসে যুক্ত হলো আরেকটি বিস্ময়কর অধ্যায় হিসেবে, যা বহুদিন ধরেই স্মরণে থাকবে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের কাছে।
৩৯ বছরে মোজাম্বিকের প্রথম জয়
৩৯ বছরে মোজাম্বিকের প্রথম জয় অবশেষে দীর্ঘ ৩৯ বছরের অপেক্ষা ফুরালো মোজাম্বিকের। আফ্রিকা কাপ অব নেশনসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে গ্যাবনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে মোজাম্বিক। ফলে টুর্নামেন্টের ইতিহাসে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মাম্বাসরা। গ্যাবনের বিপক্ষে ম্যাচের আগে আফকনের মূল পর্বে খেলা মোট ১৬ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি মোজাম্বিক। অবশেষে সেই খরা মিটলো গতকাল রাতে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে মোজাম্বিক। প্রথম গোলের দেখা পায় দেশটি ফয়সাল বাংলের হেডে ৩৭ মিনিটে। মিনিট পাঁচেক পর ম্যাচের ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জেনি কাটামো। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যাওয়া মোজাম্বিককে মনে হচ্ছিল ফেবারিট। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়েই রিবাউন্ড থেকে গোল করে গ্যাবনের হয়ে ব্যবধান কমান পিয়ের-এমেরিক অবামেয়াং। প্রথমার্ধের খেলা শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ালে মোজাম্বিককে আবারও এগিয়ে দেন দিয়োগো ক্যালিলা। হেড থেকে গোল করে ব্যবধান আবারও দুই গোলের করেন তিনি। তবে চেষ্টা চালিয়ে যায় গ্যাবন। ৭৬ মিনিটে আরেকটি গোল করে তারা। কর্নার থেকে আসা আলগা বল জালে পাঠিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান অ্যালেক্স মুকেতু-মুসুন্দা। শেষ ২০ মিনিটে দুই দলই মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর গোল হয়নি। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মোজাম্বিক। এই জয়ের ফলে বিশ্ব র্যাংকিংয়ে ১০২ নম্বরে থাকা মোজাম্বিক গ্রুপ ‘এফ’-এর লড়াইয়ে নতুন করে সমীকরণ তৈরি করেছে। তিন ম্যাচ শেষে তারা এখন সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে, যেখানে শীর্ষে থাকা আইভরি কোস্ট ও ক্যামেরুনের সঙ্গেও তাদের পয়েন্টের ব্যবধান নেই। বিপরীতে, টানা দুই ম্যাচে পরাজয়ের কারণে গ্যাবনের নকআউট পর্বে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরের ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হয়ে ইতিহাস গড়ার হাতছানি মোজাম্বিকের সামনে। আর গ্যাবনের জন্য পরিস্থিতি স্পষ্ট। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আইভরি কোস্টকে হারানো ছাড়া আর কোনো পথ খোলা নেই।
চেলসির মাঠে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে অ্যাস্টন ভিলার স্বপ্নযাত্রা

চেলসির মাঠে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয়ে অ্যাস্টন ভিলার স্বপ্নযাত্রা স্বপ্নের মতোই এগোচ্ছে অ্যাস্টন ভিলার মৌসুম। ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর পর এবার আরেক জায়ান্ট চেলসিকেও মাটিতে নামাল বার্মিংহামের ক্লাবটি। বেঞ্চ থেকে নেমে ম্যাচের ভাগ্য বদলে দিলেন ইংলিশ স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স। শনিবার রাতে চেলসির মাঠে ২-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল উনাই এমেরির দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি অ্যাস্টন ভিলার টানা ১১তম জয়। ক্লাব ইতিহাসে এর আগে কেবল ১৮৯৭ ও ১৯১৪ সালে এমন ধারাবাহিকতা দেখাতে পেরেছিল তারা। প্রিমিয়ার লিগে টানা আট ম্যাচ জয়ের কীর্তিও গড়েছে ভিলা, যা সর্বশেষ হয়েছিল ১৯১০ সালে। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল স্বাগতিক চেলসি। ৩৭ মিনিটে রিস জেমসের কর্নার থেকে জোয়াও পেদ্রো গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধে খেলায় দাপট দেখালেও সেই লিড ধরে রাখতে পারেনি তারা। বিরতির পরও ভিলার ওপর চাপ ধরে রাখে চেলসি। তবে ৫৯ মিনিটে একসঙ্গে তিনটি বদলি এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিলার কোচ উনাই এমেরি। মাঠে নামেন ওলি ওয়াটকিন্স, আমাদু ওনানা ও জ্যাডন সানচো। এর চার মিনিট পরই সমতা ফেরায় অ্যাস্টন ভিলা। মরগান রজার্সের পাস পেয়ে বক্সে ঢুকে শট নেন ওয়াটকিন্স। প্রথম শটটি ঠেকালেও ফিরতি বলে গোল হজম করেন চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। গোলের পর আত্মবিশ্বাস বেড়ে যায় ভিলার। একের পর এক আক্রমণে চেলসিকে চাপে রাখে তারা। ম্যাচের ৮৪ মিনিটে ইউরি টিলেমানসের কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়াটকিন্স। তাতেই নিশ্চিত হয় ভিলার জয়। প্রথম এক ঘণ্টা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাস্টন ভিলা। এই হারে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে নেমে গেছে চেলসি। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৯। অন্যদিকে সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে অ্যাস্টন ভিলা। ক্লাব ইতিহাসে ১৮ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগে এটিই তাদের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা মাত্র তিন পয়েন্ট পিছিয়ে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান এক পয়েন্ট। আগামী মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে লিগের শীর্ষ দল আর্সেনালের বিপক্ষে খেলবে অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে জিততে পারলে ১৯১০ সালের রেকর্ড ভেঙে প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়বে উনাই এমেরির দল।
জিদানের সামনে ছেলে লুকার দাপুটে অভিষেক

জিদানের সামনে ছেলে লুকার দাপুটে অভিষেক ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদানের জন্য গত রাতটি ছিল একেবারেই অন্যরকম। ফুটবল মাঠে অনেক গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকলেও এবার তিনি গ্যালারিতে বসে উপভোগ করলেন ছেলের সাফল্যের আনন্দ। আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) আলজেরিয়ার হয়ে ছেলে লুকা জিদানের অভিষেক ম্যাচ ও জয় স্বচক্ষে দেখলেন এই ফরাসি কিংবদন্তি। মরক্কোর এল হাসান স্টেডিয়ামে সুদানের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় আলজেরিয়া। ক্যারিয়ারের স্বর্ণযুগে জিনেদিন জিদান অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিশ্ব কাঁপিয়েছেন, আর ২৭ বছর বয়সী ছেলে লুকা জিদান সামলাচ্ছেন আলজেরিয়ার গোলপোস্ট। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে পুরো সময় গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী হয়ে ছিলেন লুকা। ম্যাচে দুটি দুর্দান্ত সেভ করার পাশাপাশি অভিষেক ম্যাচেই তিনি রেখেছেন ‘ক্লিন শিট’। ছেলের খেলা দেখতে স্টেডিয়ামের সামনের সারিতেই বসেছিলেন জিনেদিন জিদান। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে যখনই ফরাসি এই মহানায়কের মুখ ভেসে উঠছিল, তখনই পুরো গ্যালারি করতালিতে মুখর হয়ে ওঠে। জিনেদিন জিদানের উপস্থিতি আলজেরীয় সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা যোগ করে। লুকা জিদানের ফুটবলের হাতেখড়ি ফ্রান্সে। তিনি ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দল পর্যন্ত খেলেছেন। তবে গত ১৯ সেপ্টেম্বর ফিফা তাঁর জাতীয়তা পরিবর্তনের আবেদন অনুমোদন দেয়। এরপর অক্টোবরে উগান্ডার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে আলজেরিয়ার হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে গোলকিপিং করছেন। আলজেরিয়া ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে এবং ফর্ম বজায় থাকলে আগামী বিশ্বকাপের মঞ্চে জিদান পরিবারের পরবর্তী সদস্য হিসেবে লুকা জিদানকে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে
বার্সা শীর্ষে থেকেই বছর শেষ করল

বার্সা শীর্ষে থেকেই বছর শেষ করল ২০২৫ সালটি রাজকীয় ঢঙেই বিদায় জানাল বার্সেলোনা। রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠ ‘এস্তাদিও দে লা সেরামিকা’য় স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করলেন হান্সি ফ্লিকের শিষ্যরা। রাফিনহা ও লামিনে ইয়ামালের লক্ষ্যভেদে টানা অষ্টম জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে বাড়িয়ে নিলেন কাতালানরা।এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় থেকে বছর শেষ করল বার্সা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভিয়ারিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। দশম মিনিটেই বক্সের ভেতর ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন ছন্দে থাকা এ ফরোয়ার্ড। ম্যাচের ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় ভিয়ারিয়াল। ইয়ামালকে বিপজ্জনকভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেনাতো ভেইগা। ফলে ম্যাচের বাকি ৫০ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে লড়াই করতে হয় স্বাগতিকদের। ম্যাচে বার্সেলোনার রক্ষণভাগ মাঝেমাঝে খেই হারালেও ভাগ্য সহায় ছিল তাদের। ১৭ মিনিটে ডিফেন্ডার জুল কুন্দে নিজেদের জালে বল জড়িয়ে দিলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। আবার ৩৬ মিনিটে আলেহান্দ্রো বালদের একটি মারাত্মক ভুল থেকে গোল হজম করতে পারত বার্সা। তবে গোলরক্ষকের দুর্দান্ত সেভ সে যাত্রায় দলকে রক্ষা করে। দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে ভিয়ারিয়ালকে দিশাহারা করে দেয় বার্সা। ৬৩তম মিনিটে বার্সার জয়ের পথে শেষ পেরেকটি ঠোকেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। চলতি লিগে এটি এই টিনেজ তারকার সপ্তম গোল। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্লিক-বাহিনী। দারুণ এক জয়ের স্মৃতি নিয়ে ছুটিতে যাচ্ছে বার্সেলোনা। আগামী ৩ জানুয়ারি এস্পানিওলের বিপক্ষে উত্তাপ ছড়ানো ডার্বি ম্যাচ দিয়ে ২০২৬ সালের ফুটবল মিশন শুরু করবে স্প্যানিশ জায়ান্টরা।
শীর্ষে থেকেই বছর শেষ বার্সার

শীর্ষে থেকেই বছর শেষ বার্সার ২০২৫ সালটি রাজকীয় ঢঙেই বিদায় জানাল বার্সেলোনা। রবিবার (২১ ডিসেম্বর) রাতে ভিয়ারিয়ালের মাঠ ‘এস্তাদিও দে লা সেরামিকা’য় স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করল হান্সি ফ্লিকের শিষ্যরা। রাফিনহা ও লামিনে ইয়ামালের লক্ষ্যভেদে টানা অষ্টম জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে বাড়িয়ে নিল কাতালানরা। এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় থেকে বছর শেষ করল বার্সা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই রয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভিয়ারিয়ালকে চেপে ধরে বার্সেলোনা। দশম মিনিটেই বক্সের ভেতর ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন ছন্দে থাকা এই ফরোয়ার্ড। ম্যাচের ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় ভিয়ারিয়াল। ইয়ামালকে বিপজ্জনকভাবে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেনাতো ভেইগা। ফলে ম্যাচের বাকি ৫০ মিনিটেরও বেশি সময় ১০ জন নিয়ে লড়াই করতে হয় স্বাগতিকদের। ম্যাচে বার্সেলোনার রক্ষণভাগ মাঝেমাঝে খেই হারালেও ভাগ্য সহায় ছিল তাদের। ১৭ মিনিটে ডিফেন্ডার জুল কুন্দে নিজেদের জালে বল জড়িয়ে দিলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। আবার ৩৬ মিনিটে আলেহান্দ্রো বালদের একটি মারাত্মক ভুল থেকে গোল হজম করতে পারত বার্সা। তবে গোলরক্ষকের দুর্দান্ত সেভ সে যাত্রায় দলকে রক্ষা করে। দ্বিতীয়ার্ধে একজন বেশি থাকার সুবিধা কাজে লাগিয়ে ভিয়ারিয়ালকে দিশেহারা করে দেয় বার্সা। ৬৩তম মিনিটে বার্সার জয়ের পথে শেষ পেরেকটি ঠোকেন তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। চলতি লিগে এটি এই টিনেজ তারকার সপ্তম গোল। শেষ পর্যন্ত ২-০ ব্যবধান ধরে রেখে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্লিক-বাহিনী। দারুণ এক জয়ের স্মৃতি নিয়ে ছুটিতে যাচ্ছে বার্সেলোনা। আগামী ৩ জানুয়ারি এস্পানিওলের বিপক্ষে উত্তাপ ছড়ানো ডার্বি ম্যাচ দিয়ে ২০২৬ সালের ফুটবল মিশন শুরু করবে স্প্যানিশ জায়ান্টরা।
মেসিকে নিয়ে তুলকালাম: মামলা করলেন সৌরভ গাঙ্গুলী

মেসিকে নিয়ে তুলকালাম: মামলা করলেন সৌরভ গাঙ্গুলী সম্প্রতি ভারত সফরে আসেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন রদ্রিগো ডি পল এবং সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তাদের তিনদিন ব্যাপী সফরের শুরুতে অব্যবস্থাপনার খবর ছড়িয়েছে বিশ্বজুড়ে। মেসিকে দেখতে না পেয়ে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ভাঙচুর করেন ফুটবলপ্রেমীরা। এমন বিশৃঙ্খলার ঘটনায় আঙুল উঠেছে সৌরভ গাঙ্গুলির দিকেও, যে কারণে তিনি আইনী পথে হেঁটেছেন। মেসিদের ভারত সফরের প্রথম দিনে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আসেন মেসি। গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের স্টেডিয়ামে ভাঙচুর ও বিশৃঙ্খলা করার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করা হচ্ছে। কিন্তু এরই মাঝে কলকাতা-ভিত্তিক আর্জেন্টাইন ফ্যান ক্লাবের সভাপতি উত্তম সাহার দাবি– ওই সফরের ব্যবস্থাপনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলী। ওই ইভেন্টে শতদ্রুর সঙ্গে ব্যবস্থাপনার কাজে মধ্যস্থতা করেছেন প্রিন্স অব কলকাতা খ্যাত সৌরভ গাঙ্গুলী। এ ঘটনায় মানহানি হয়েছে দাবি করে সৌরভ গাঙ্গুলী আর্জেন্টাইন ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। সংবাদ সংস্থা পিটিআইকে সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘পুলিশে অভিযোগ দায়ের করার পাশাপাশি আমি ফুটবল ফ্যান ক্লাবটিকে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনী নোটিস পাঠিয়েছি। কারণ তারা মনে যা আসছে তাই বলে দিয়েছে।’ প্রাপ্ত অভিযোগের বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘মামলার বিবরণীতে বলা হয়েছে– তার (সৌরভ) বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে কোনো বাস্তবসম্মত ভিত্তি ছাড়াই অনেক গুরুতর অভিযোগ আনা হয়েছে। যা তার অনেক কষ্টে অর্জিত সম্মান নষ্ট করার প্রচেষ্টা।’ এই ঘটনায় তদন্ত করছে লালবাজার পুলিশ। সৌরভ জানিয়েছেন, ১৩ ডিসেম্বর একজন অতিথি হিসেবে যুবভারতীতে উপস্থিত ছিলেন তিনি। মেসির অনুষ্ঠানের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক সংযোগ ছিল না।
দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার?

দুই কিংবদন্তির ঐতিহাসিক সাক্ষাৎ, কে কাকে কী দিলেন উপহার? মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম যেন এক সন্ধ্যায় পরিণত হয়েছিল তারকাময় মঞ্চে। ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার ও ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দুটি ভিন্ন খেলার দুই কিংবদন্তির মিলনমেলায় সাক্ষী থাকল ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। এই বিশেষ মুহূর্তে শচীন মেসির হাতে তুলে দেন ভারতের ঐতিহাসিক ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্মারক জার্সি। জবাবে মেসিও শচীনের জন্য নিয়ে আসেন একটি বিশেষ বিশ্বকাপ বল। দুই মহাতারকার পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের অনন্য নিদর্শন হয়ে রইল এই বিনিময়। স্টেডিয়ামে পা রাখার সঙ্গে সঙ্গেই বজ্রধ্বনির মতো করতালিতে ভরে ওঠে ওয়াংখেড়ে। দর্শকদের উচ্ছ্বাসের জবাবে হাত নেড়ে অভিবাদন জানান মেসি। তার সম্মানে আয়োজন করা হয় একটি বিশেষ পারফরম্যান্স, যা শহরে ফুটবল–তারকার উপস্থিতিকে আরও স্মরণীয় করে তোলে। মাঠে মেসির সঙ্গী হন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীসহ একাধিক বলিউড তারকা। তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি প্রীতি ফুটবল ম্যাচ। যা পুরো আয়োজনের উত্তেজনা ও আনন্দ বহুগুণ বাড়িয়ে দেয়। আনন্দঘন এক মুহূর্তে মেসি দর্শকদের দিকে কয়েকটি বল শট করে মারেন, তাতে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তার সঙ্গে যোগ দেন আর্জেন্টিনার সতীর্থ রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ। মেসির মজার ভঙ্গি নকল করে দর্শকদের বিনোদনে আরও রঙ ছড়িয়ে দেন তারা। ওয়াংখেড়েতে এই সন্ধ্যা শুধু একটি অনুষ্ঠান নয়, বরং দুই খেলাধুলার দুই যুগস্রষ্টার মিলনঘন মুহূর্ত হয়ে স্মরণীয় হয়ে থাকবে ক্রীড়াপ্রেমীদের মনে।
বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য

বিশ্বকাপে ৬ কোচের ৫ জনই আর্জেন্টাইন, একই প্রদেশের আধিপত্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচিও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। ৪৮ দেশের মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ৪২ দেশ। বাকি ৬টি দেশ আসবে আগামী মার্চের প্লে-অফ থেকে। আসন্ন এই ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দেশের ডাগআউটে থাকবেন ৪৮ জন কোচ। অবশ্য এখন পর্যন্ত ৪২ দল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। আর অবাক করা ব্যাপার হলো, এই ৪২ জন কোচের মধ্যে ৬ জনই আর্জেন্টিনার। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশেরই রোজারিও শহরে জন্ম বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির। আর ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনার ৬ কোচের ৫ জনের জন্মই এই একই প্রদেশে।
ফিফা আরব কাপে সেমিফাইনালে মরক্কো ও সৌদি আরব

ফিফা আরব কাপে সেমিফাইনালে মরক্কো ও সৌদি আরব আল রাইয়ানে অনুষ্ঠিত ফিফা আরব কাপ ২০২৫-এর কোয়ার্টার ফাইনালে সিরিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মরক্কো। ম্যাচের ৭৯তম মিনিটে ফরোয়ার্ড ওয়ালিদ আজারোর নিখুঁত শটে এগিয়ে যায় উত্তর আফ্রিকার দলটি। শেষ মুহূর্তে নাটকীয়তা যোগ হয় যখন ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামা মরক্কোর মিডফিল্ডার মোহাম্মদ মুফিদ ইনজুরি টাইমের প্রথম মিনিটেই সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এক খেলোয়াড় কম নিয়ে আট মিনিট যোগ করা সময়ে চাপ সামলে মরক্কো নিশ্চিত করে সেমিফাইনাল। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পরে ফিলিস্তিনকে হারিয়ে সেমিতে উঠেছে সৌদি আরবও। ব্রিকান ও কানোর গোলে ২-১ গোলের জয় পায় সৌদি আরব। আজ অনুষ্ঠিত হবে বাকি দুই কোয়ার্টার ফাইনাল, জর্ডান বনাম ইরাক এবং আলজেরিয়া বনাম সংযুক্ত আরব আমিরাত।