অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের গ্রুপে বাংলাদেশ আগামী বছরের জানুয়ারিতে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে আরও আছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে আসা একটি দল। ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিন ছয়টি ম্যাচ রয়েছে। এর মধ্যে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচের পর ২০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ২২ জানুয়ারি স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক মালয়েশিয়া, বর্তমান চ্যাম্পিয়ন ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সামোয়া ও আফ্রিকা অঞ্চলের বাছাই পেরিয়ে আসা দল। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্সে খেলবে। ঐ রাউন্ডে ‘এ’ ও ‘ডি’ গ্রুপের দলগুলো গ্রুপ-১’এ এবং ‘বি’ ও ‘সি’ গ্রুপের দলগুলো গ্রুপ-২’এ খেলবে। সুপার সিক্সে দুই গ্রপের সেরা চার দল সেমিফাইনালে খেলবে। ৩১ জানুয়ারি দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। শেষ চারের ম্যাচগুলোতে রিজার্ভ ডে রাখা হয়েছে। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। ফাইনালের জন্যও রিজার্ড ডে থাকছে। ২০২৩ সালের আসরে সুপার সিক্সে ৪ ম্যাচে ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট পেয়েও রান রেটে পিছিয়ে থাকার কারনে সেমিফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। সুপার সিক্সের টেবিলের তৃতীয়স্থান পেয়েছিলো তারা।

অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সেমিফাইনালের পথে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় ৯ দলের টপ এন্ড সিরিজে তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল (এইচপি)। অস্ট্রেলিয়ার দল পার্থ স্করচার্সকে ৩ উইকেটে হারিয়েছে আকবর আলির দল। এই জয়ের সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেশ ভালোভাবে টিক থাকলো বাংলাদেশ।আজ  প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে পার্থ স্করচার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন টিয়াগু উইলি। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও রকিবুল হাসান নেন ২টি করে উইকেট। ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপরও বেশ কয়েকটি উইকেট হারায় বাংলাদেশ। হারতে বসা ম্যাচে হাল ধরেন আরেক ওপেনার জিশান আলম। ২৬ রান করেন এই ব্যাটার। এছাড়া অধিনায়ক আকবর আলি করেন ৩৩ বলে ৩৫ রান। শেষ দিকে মাহফুজ রাব্বির ১৩ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। ৬ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে

নারী বিশ্বকাপ আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের আয়োজন করার কথা থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিকল্প ভেন্যুর কথা ভাবছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সম্ভাব্য বিকল্প হিসেবে শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে এবার বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছে জিম্বাবুয়েও। আগামী ২০ আগস্ট আইসিসি বোর্ডে ভেন্যু নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আয়োজন করতে আগ্রহী জিম্বাবুয়ে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে জিম্বাবুয়ে বেশ কিছু বিষয় নিজেদের অনুকূলে দেখছে। ২০১৮ ও ২০২৩ সালে বিশ্বকাপের বাছাইপর্ব আয়োজন করেছে দেশটি। সামনে ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের অন্যতম আয়োজক তারা। তবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ১০টি দলের মধ্যে নেই জিম্বাবুয়ে এবং সংযুক্ত আরব আমিরাত। যদি এই দুই দেশে বিশ্বকাপ আয়োজিত হয় তাহলে সেটি হবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়াবিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু হিসেবে টিকে থাকবে বলে আশা প্রকাশ করেছেন। বিসিবিও আইসিসির কাছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি সময় নিয়েছে, যা মঙ্গলবার শেষ হতে চলেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অস্থিরতার প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বা বাড়তি সতর্কতা আরোপ করেছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও ভারতের মেয়েদের ক্রিকেট দলের বিশ্বকাপে অংশ নেওয়ার কথা।

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঁচ দিন সময় চেয়েছে বিসিবি

চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পাঁচ দিন সময় চেয়েছে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা বাড়ছে। গতকালই সেটি আইসিসি থেকে চলে আসার কথা ছিল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে থাকছে, নাকি অন্য কোথাও চলে যাচ্ছে, সে বিষয়ে আইসিসি সিদ্ধান্ত নিয়ে ফেলার আগেই অবশ্য আরো কিছুটা সময় চেয়ে ই-মেইল পাঠিয়েছে বিসিবি। তাতে আগামী ২০ আগস্ট পর্যন্ত সময় চাওয়া হয়েছে। বিশ্বকাপের আয়োজক স্বত্ব ধরে রাখতে সর্বাত্মক চেষ্টাই চালিয়ে যাচ্ছে বিসিবি। তবে নিরাপত্তার বিষয়ে অগ্রগতি জানতে গতকাল বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি বৈঠক করেছেন বলেই খবর। বিশ্বকাপের সম্ভাব্য বিকল্প ভেন্যুর তালিকায় আছে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম। আইসিসি ভারতের সঙ্গে যোগাযোগ করলেও বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা আগ্রহী নয়।

প্রথমবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে আফগানিস্তান

প্রথমবার প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাচ্ছে আফগানিস্তান বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফর্ম করার পুরস্কার পাচ্ছে আফগানিস্তান। এখন বড় দলগুলোতেও তাদের গুরুত্বের সঙ্গে দেখতে শুরু করেছে। যার ধারাবাহিকতায় এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ খেলার সুযোগ মিলছে রশিদ খানদের। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর শারজাহতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজটির আয়োজক। এই সিরিজটি ফিউচার ট্যুর প্রোগ্রামে ছিল না। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের চেয়ারম্যান লসন নাইডু জানিয়েছেন, দুই বোর্ডের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এক মাইলফলক। সিরিজটি শেষ হবে আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ব নির্ধারিত দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ওয়ানডের সিরিজ খেলার ঠিক আগে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড সিরিজ। দক্ষিণ আফ্রিকার বেশ ব্যস্ত সময় কাটবে। সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগে তারা দুই টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। স্বাগতিকদের বিপক্ষে সে সিরিজটি মাঠে গড়াবে ৭ আগস্ট।

নারী টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সেরা ১৫-তে জ্যোতি 

নারী টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাংকিংয়ে সেরা ১৫-তে জ্যোতি নারী টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশর দুই ব্যাটার অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্বর্ণা আকতার। বোলিংয়ে অবনতি হয়েছে দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আক্তারের। আজ নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। গেল সপ্তাহে ভারতের বিপক্ষে সেমিফাইনালে ৩২ ও গ্রুপ পর্বে মালয়েশিয়ার বিপক্ষে ৩৭ বলে অপরাজিত ৬২ রান করেছিলেন নিগার। টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনি। ৩ ধাপ এগিয়ে ৬১২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১৪তম স্থানে উঠেছেন নিগার। এশিয়া কাপে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন স্বর্ণা। দশ ধাপ এগিয়ে ৯৫তম স্থানে জায়গা করে নিয়েছেন স্বর্ণা। তবে বোলিং র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের রাবেয়া ও নাহিদার। চার ধাপ পিছিয়ে রাবেয়া দশম স্থানে এবং পাঁচ ধাপ অবনতিতে নাহিদা ২৬তম স্থানে আছেন। বোলারদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।  

পাকিস্তানের বিপক্ষে ৫ রানের দারুণ জয় বাংলাদেশ ‘এ’ দলের

পাকিস্তানের বিপক্ষে ৫ রানের দারুণ জয় বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে অতি নাটকীয় এক জয় পেলো বাংলাদেশ ‘এ’ দল। রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল, মারুফ মৃধার মত দ্রুত গতির বোলার কিংবা হাসান মুরাদের মত বাঁ-হাতি স্পিনার নন, বাংলাদেশ ‘এ’ দলের নাটকীয় জয়ের নায়ক অধিনায়ক মাহমুদুল হাসান জয়। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিয়মিত বোলিং করলেও জাতীয় পর্যায়ে অনিয়মিত অফ স্পিনার জয় এ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অফস্পিন বোলিং দিয়েই পাকিস্তানীদের ঘায়েল করেন। আর তার স্পিন ঘূর্ণিতে ৫ রানের স্মরণীয় জয় পেয়েছে জুনিয়র টাইগাররা। জয়ের জন্য পাকিস্তান ‘এ’ দলের প্রয়োজন ছিল ২৯৬ রানের। আগের দিন ৪ উইকেটে ১৩৬ রান তোলা পাকিস্তান ‘এ’ দলের আজ সোমবার শেষদিন দরকার ছিল ১৬০ রানের। আর বাংলাদেশ ‘এ’ দলের জিততে প্রয়োজন ছিল ৬ উইকেটের। দুই ওপেনার সাহেবজাদা ফারহান আর হাসিবউল্লাহ আগের দিনই (রোববার) পাকিস্তান ‘এ’ দলকে জয়ের পথে অনেকদুর এগিয়েও দিয়েছিলেন। বাংলাদেশের বোলারদের দলকে চাপে ফেলে তারা প্রথম উইকেটে তুলে দেন ৯৬ রান। সাহেবজাদা ফারহান ওয়ানডে মেজাজে হাত খুলে প্রায় বল পিছু রান করে বাংলাদেশের বোলার ও ফিল্ডারদের ব্যতিব্যস্ত রাখেন। অপর ওপেনার হাসিবউল্লাহ একদিক আগলে রাখার কাজটি করেন। প্রতিষ্ঠিত বোলারদের কেউ ওই জুটি ভাঙ্গতে পারেননি। অনিয়মিত বোলার অধিনায়ক জয় নিজে বল হাতে নিয়ে সাহেবজাদা ফারহানের ৭০ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় সাজানো ৬৮ রানের আক্রমণাত্মক ইনিংসটির পতন ঘটান। তারপর পেসার রেজাউর রহমান রাজা আঘাত হেনে পাকিস্তানীদের পিছনের পায়ে ঠেলে দেন। রাজার বলে পরপর শূন্য রানে ফেরেন দুই পাকিস্তানী কামরান গুলাম ও উমর আমিন। কিন্তু অপর ওপেনার হাসিবউল্লাহ আর আর তায়েব তাহির আজ সোমবার চতুর্থ ও শেষদিন জয় বাহিনীর মাথা ব্যাথার কারণ হয়ে দেখা দেন। তবে ৪৪ রানে অপরাজিত হাসিবউল্লাহ সোমবার সকালেই ফিরে যান। টাইগার পেসার রাজা ৫১ রানে সাজঘরে ফেরত পাঠান হাসিবউল্লাহকে। এরপর হাল ধরেন তায়েব তাহির। এই পাকিস্তানীও লড়াই চালিয়ে যান। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ ‘এ’ দল বুঝি আর পারবে না। ৬ উইকেট হাতে রেখে শেষদিন যে ১৬০ রান দরকার, পাকিস্তানীরা বুঝি তা অনায়াসে করে ফেলবে। এক সময় পাকিস্তানীদের স্কোর ছিল ৫ উইকেটে ২২০; কিন্তু ২২১ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর হঠাৎ খেই হারিয়ে ফেলে পাকিস্তানীরা। হঠাৎ বল হাতে জ্বলে ওঠেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়। পাকিস্তান ‘এ’ দলের লেট অর্ডার ব্যাটিংয়ে রীতিমত ধ্বস নামে জয়ের বিষাক্ত অফস্পিনে। মাত্র ২১ রানে পাকিস্তান দ্বিতীয় ইনিংসের অর্ধেকটার পতন ঘটান জয়। আর তাতেই ২৯৬ রান করতে গিয়ে ২৯০ রানে অলআউট হয় পাকিস্তানীরা। বাংলাদেশ পায় ৫ রানের দারুণ জয়। এই জয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ ১-১ ‘এ’ অমিমাংসিতভাবে শেষ করলো বাংলাদেশ ‘এ ’। প্রসঙ্গতঃ অস্ট্রেলিয়ার ডারউইনে দুই ম্যাচের ৪ দিনের সিরিজের প্রথমটিতে পাকিস্তানীরা জিতেছিল ১৪৮ রানে। বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস: ২৫৮/১০, ৬৭.৩ ওভার ও দ্বিতীয় ইনিংসে ২১৬/১০,৭০.১ ওভার (পারভেজ ইমন ৭, মাহমুদুল হাসান জয় ৬৫, অমিত হাসান ২৫, হাসান মুরাদ ০, আইচ মোল্লাহ ৫৮*, সাদমান ইসলাম ০, শাহাদাত হোসেন দিপু ৩৩, অংকন ১৩, রেজাউর রহমান রাজা ৪, রিপন মন্ডল ২, মারুফ মৃধা ৩; কামরান শাহজাদ ৩/৬৭, মোহাম্মদ আলী ৬/৬৬, ফয়সাল আকরাম ১/৫১) পাকিস্তান শাহীন (পাকিস্তান ‘এ’) প্রথম ইনিংস: ১৭৯/১০, ৬২.২ ওভার ও দ্বিতীয় ইনিংসে ২৯০/১০, ৯৩.২ ওভার (হাসিব উল্লাহ ৫১, সাহেবজাদা ফারহান ৬৮, কামরান গুলাম ০, উমর আমিন ১০, মোহাম্মদ ইরফান খান ১৫, তায়েব তাহির ৪৩, ওমায়ের বিন ইউসুফ ৪৫, মোহাম্মদ আলী ২১, কামরান শাহজাদ ২৮, মাহমুদুল হাসান জয় ৫/২১, রেজাউর রহমান রাজা ৩/৮৫, হাসান মুরাদ ২/৬২)।

ফের নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

ফের নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা চামিরা আতাপাত্তুর আরও এক নায়কোচিত ইনিংসে ভর করে পাকিস্তানকে হারিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। আগের আসরের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। গতকাল আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। ডাম্বুলায় পাকিস্তানের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। টুর্নামেন্টে এটি তাদের টানা চার জয়। সমান জয়ে ফাইনালে তাদের সঙ্গী হয়েছে ভারতও। লঙ্কানদের জয়ে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন আতাপাত্তু। যা তার এই আসরে দ্বিতীয় ফিফটি। ৪ ম্যাচে ২৪৩ রান নিয়ে এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক তিনি। গতকাল তার ৬৩ রানের সৌজন্যেই জয়ের বন্দরে পৌঁছায় লঙ্কানরা। যদিও শুরুটা ভালো হয়নি তাদের। ইনিংসের তৃতীয় বলেই ওপেনার ভিষমী গুণারত্নে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। তিনে নামা হরষিতা সামারাবিক্রমাও ফিরে যান দ্রুতই। তবে তবে তৃতীয় উইকেটে কাভিশা দিলহারির সঙ্গে ৫৪ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেন আতাপাত্তু। তবে ওপেনিং জুটি ভাঙার পর পাকিস্তানের বাঁহাতি স্পিনার সাদিয়া ইকবাল ১৩তম ওভারে এসে জোড়া আঘাত হানেন। ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দিলাহারি ও নিলাখশিকা সিলভাকে আউট করে দেন পাকিস্তানের স্পিনার। তবে বিরুদ্ধ পরিস্থিতিতেও হাল ছাড়েননি আতাপাত্তু। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৪২ রানের জুটি গড়ে যোগ্য সঙ্গ অবশ্য দিয়েছেন আনুশকা সঞ্চিয়িনি। দলের জয় যখন ২১ রান দূরে তখন আতাপাত্তু আউট হলে আবার ম্যাচের মোড় ঘুরে যায়। ৯ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৬৩ রানে আউট হওয়ার পর হতাশায় ব্যাট মাটিতে ছুড়ে ফেলেন তিনি। আতাপাত্তুর বিদায়ের পর বেশ চাপেই পড়ে যায় শ্রীলঙ্কা। শেষ ১২ বলে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৬ রান। পাকিস্তানের বোলার নাশরা সান্ধুর ১৯তম ওভারে ১৩ রান এলে চাপমুক্ত হয় শ্রীলঙ্কা। অবশ্য শেষ ওভারে ৩ রান নিতে গিয়ে ২ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। ১৬ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার সাদিয়া। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৬১ রানের সংগ্রহ এনে দেন দুই ওপেনার গুল ফিরোজা ও মুনেবা আলি। তবে ১০ম ওভারে দুই ওপেনারকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান বাঁহাতি পেসার উদেশিকা প্রবোধনী। ৩ রানের ব্যবধানে আউট হন ফিরোজা (২৫) ও মুনেবা (৩৭)। পরে অধিনায়ক নিদা দার ও ফাতিমা সানা। দুজনই সমান ১৭ বলে ২৩ রানে জুটি গড়েন। কিন্তু তাদের এই লড়াই কাজে আসেনি। আজ সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।

সাকিবকে বাদ দিয়ে খেলল নাইট রাইডার্স

সাকিবকে বাদ দিয়ে খেলল নাইট রাইডার্স বিবর্ণ পারফরম্যান্সের কারণে এবার মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। বুধবার তাকে ছাড়াই মাঠে নেমেছিল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স।  সময়টা একদমই ভালো যাচ্ছিল না বাংলাদেশের সুপারস্টারের।  প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সাকিবের প্যারফরম্যান্স একেবারেই অনুজ্জ্বল। অনেক আশা নিয়ে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তাকে দলে নিলেও প্রত্যাশা মেটাতে পারেননি। যার কারণে নিজেদের ষষ্ঠ ম্যাচে সাকিবকে বেঞ্চে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। ৪ ম্যাচে তার ব্যাট থেকে আসে কেবল ৬০ রান। উইকেট পেয়েছেন মাত্র ১টি। সবশেষ ম্যাচে শূন্য রানে আউট হন বাঁহাতি ব্যাটসম্যান। ঠিক আগের ম্যাচেই করেছিলেন ৭ রান। এর আগে প্রথম ম্যাচে ১৮ এবং দ্বিতীয় ম্যাচে ৩৫ রান করেছিলেন সাকিব।  গত ৫ জুলাই প্রথম ম্যাচে ১ উইকেটের পর টানা তিন ম্যাচে উইকেটশূন্য বাঁহাতি স্পিনার। তবে আশার বিষয় খুব বেশি খরুচে ছিলেন না। ত্রিশের উপরে রান দেননি কোনো ম্যাচেই। তবে ব্যাট-বলে তার থেকে যে আশা ছিল সমর্থকদের তা পূরণে ব্যর্থ ৩৭ পেরুনো সাকিব। পারফর্ম করতে না পারলেও মেজর লিগ ক্রিকেটের অভিজ্ঞতাকে দারুণ বলছেন সাকিব। সঙ্গে এই প্রতিযোগিতার উজ্জ্বল ভবিষ্যৎ-ও দেখছেন তিনি। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের এক ভিডিওতে সাকিব বলেছেন, ‘এটা (মেজর লিগ ক্রিকেট) দিনকে দিন ছড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্যও এটা দারুণ। যেভাবে এই প্রতিযোগিতা এগিয়ে যাচ্ছে আশা করছি সেভাবেই এগিয়ে যাবে। আমি মনে করি, পাঁচ বছরে এটা বড় জায়গায় নিয়ে নেবে। যা যুক্তরাষ্ট্রের ক্রিকেটের জন্যও ভালো হবে।’ আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সেরই মালিকানায় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। কলকাতায় সাকিব ছিলেন নিয়মিত মুখ। দুইবার কলকাতার হয়ে শিরোপা জিতেছেন। ফ্রাঞ্চাইজিটির সঙ্গে তার বন্ধুত্ব পুরোনো। নাইট রাইজার্সের জার্সি গায়ে জড়িয়ে উচ্ছ্বসিত সাকিব, ‘দারুণ লাগছে এই পরিবারের সঙ্গে আবারো যুক্ত হতে পেরে। এখানে আসতে পেরে দারুণ উচ্ছ্বসিত। মেজর লিগ ক্রিকেটের প্রথম আসরটি মিস করেছি। দ্বিতীয় আসরে যুক্ত হতে পেরে আনন্দিত। নাইট রাইডার্সকে সাপোর্ট করুন। আশা করছি আমরা এখানে ট্রফি জিতবো এবং আপনাদেরকে ট্রফি উপহার দেব।’

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন

আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন অবশেষে ঘোষণা করা হলো বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) নির্বাচনের দিনক্ষণ। আজ নির্বাহী কমিটির বৈঠক শেষে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, আগামী ২৬ অক্টোবর হবে এবারের নির্বাচন। বাফুফে ভবনে সভা শেষে সালাউদ্দিন বলেন, ‘আজ আমাদের সভায় নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলোচনা হয়েছে। আগামী ২৬ অক্টোবর বাফুফের নির্বাচন হবে। নির্ধারিত সময়ের তিন সপ্তাহ পরে আমরা নির্বাচন করছি। ‘ নির্বাচন পেছানোর ব্যাখ্যায় বাফুফে প্রধান জানান, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আগষ্ট মাসের জন্য নির্বাচন পেছানো হয়েছে। কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য হোটেল ভাড়া বৃদ্ধি হবে এবং আগস্ট হচ্ছে শোকের মাস। আর তাই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। সালাউদ্দিন বলেন, ‘নারী বিশ্ব কাপের সময় নির্বাচনের ভেন্যু পাওয়া নিয়ে সংকট থাকবে। তখন হোটেল ভাড়া বেশি থাকবে। এছাড়া নির্বাচনের এক মাস আগে থেকে অনেক কাজ থাকে। আমাদের অনেক সদস্য পার্লামেন্টের মেম্বার। তারা সেই সময় ব্যস্ত থাকবেন। তাই আমরা ৩ অক্টোবরের পরিবর্তে ২৬ অক্টোবর নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। ‘ এদিকে টানা ১৬ বছর ধরে বাফুফের সভাপতি পদে আছেন সালাউদ্দিন। আগামী নির্বাচনেও অংশগ্রহণ করবেন কিনা, এমন প্রশ্ন উঠেছে এবার। তবে এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি এটা আপনাদের বলতে বাধ্য? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। ‘