সমতায় ফেরার সুযোগ না পেয়ে সিরিজ হাতছাড়া

সমতায় ফেরার সুযোগ না পেয়ে সিরিজ হাতছাড়া পাকিস্তান শাহীনসের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খুব বাজেভাবে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। ইসলামাবাদে ৮ উইকেটে ম্যাচ হেরেছিল তাওহীদ হৃদয়ের দল। পরের দুই ম্যাচে সিরিজের ফয়সালা হতো। কিন্তু বৃষ্টির বাগড়ায় প্রথমে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়। ফলে শেষ ম্যাচটি বাংলাদেশ দলের জন্য ছিল সিরিজে সমতা ফেরানোর। কিন্তু তৃতীয় ম্যাচটিও গেছে বৃষ্টির পেটে। তাতে সিরিজ হাতছাড়া হলো সৌম্য, তাওহীদ, সাইফদের। ইসলামাবাদে বৃষ্টির বাগড়ায় এদিনও টস অনুষ্ঠিত হয়নি। মুষলধারে বৃষ্টির কারণে মাঠ থেকে কাভারও তুলতে পারেননি গ্রাউন্ডসম্যানরা। লম্বা সময় পর বাংলাদেশ ‘এ’ দল এই সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি চারদিনের ম্যাচ খেলার কথা ছিল। আগামীকাল বাংলাদেশ ‘এ’ দলের দেশে ফেরার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব-তামিম

যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন সাকিব-তামিম বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের দুজন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। কিন্তু অনেকদিন ধরেই তাদের টানাপোড়ন চলছে সম্পর্কে। এর মধ্যে জানা গেল, এবার একসঙ্গে খেলতে যাচ্ছেন তারা।   মূলত যুক্তরাষ্ট্রের একটি টি টেন টুর্নামেন্টে খেলতে তামিম ও সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক ভিডিওবার্তায় তামিম জানিয়েছেন আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে দেখা যাবে তাকে। এই টুর্নামেন্টে সাকিবের খেলার ব্যাপারটিও জানিয়েছেন আয়োজকরা।  আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। অংশ নেবে ছয়টি দল। টুর্নামেন্টের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সাথে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সাথে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।  বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে। যদিও কে কোন দলে খেলবেন তা এখনও জানা যায়নি। ওয়াসিম আকরাম-ভিভ রিচার্ডসের মতো ক্রিকেটাররা থাকবেন মেন্টর হিসেবে।

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন জয় শাহ। মঙ্গলবার (২৭ অগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২৭ অগস্ট ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বোচ্চ পদে বসলেন জয় শাহ। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী এই ভারতীয় সংগঠক। এর আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন জয় শাহ। তাছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও দায়িত্বে ছিলেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির দায়িত্ব নেবেন জয় শাহ। আগামী ৬ বছর এই পদে থাকবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। আইসিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো। আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটের মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। সেই সঙ্গে ক্রিকেটে নতুন নতুন প্রযুক্তিও আসছে। ক্রিকেটের বাজার আরও বাড়ছে। এই পরিস্থিতিতে ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ শুরু করব আমরা।’ চলতি বছরের নভেম্বরে শেষ হচ্ছে আইসিসির বর্তমান চেয়ারম্যান চাননি গ্রেগ বার্কলের মেয়াদ। এই মেয়াদসহ টানা দুই মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করছেন।

হোপ ঝড়ে ধবলধোলাই দক্ষিণ আফ্রিকা

হোপ ঝড়ে ধবলধোলাই দক্ষিণ আফ্রিকা প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ ছিল শেষ ম্যাচ জিতে শেষটা ভালো করার। তবে সেটাও হতে দিলো না ক্যারিবীয়রা। সিরিজের তৃতীয় ম্যাচেও প্রোটিয়াদের হারিয়েছে তারা। শাই হোপ ঝড়ে ৮ উইকেটের হারে ধবলধোলাই হয়ে টি-টোয়েন্টি সিরিজ শেষ করলো এইডেন মার্করামের দল। ২৭ আগস্ট ত্রিনিদাদে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করাম ও ত্রিস্টান স্টাবসের ঝড়ো ইনিংসে নির্ধারিত ১৩ ওভারে ৪ উইকেটে ১০৮ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে শাই হোপ, নিকোলাস পুরানদের ঝড়ো ব্যাটিংয়ে ২ উইকেট হারিয়ে ৯.২ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার রায়ান রিকেলটন ও রিজা হেনড্রিকস। তবে তারা বেশিদূর যেতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারে হানা দেয় বৃষ্টি। এরপর বৃষ্টি কমলে ম্যাচ নামিয়ে আনা হয় ১৩ ওভারে। বৃষ্টির পরপরই হেনড্রিকসকে ফেরান আকিল হোসেন। ২০ বলে ৯ রান করেন তিনি। এরপর দ্রুত রান তোলার চেষ্টা করেন রিকেলটন ও মার্করাম। ১২ বলে দুইটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২০ রান করে ফেরেন মার্করাম। ২৪ বলে ২৭ রান করেন রিকেলটন। এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ত্রিস্টান স্টাবস। ইনিংসের শেষ ওভারে ঝড় তোলার পর ১৫ বলে পাঁচটি চার ও তিন ছক্কায় ৪০ রান করে আউট হন তিনি। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ফিরে যান এলিক আথানজে। ক্রিজে এসেই ঝড় তোলেন পুরান। ১৩ বলে দু চার ও চার ছক্কায় ৩৫ রান করে ফিরে যান তিনি। বাকি পথে ঝড় তুলে যান শাই হোপ ও শিমরন হেটমায়ার। ২২ বল বাকি থাকতেই ৮ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।২৪ বলে চারটি ছক্কা ও এক চারে অপরাজিত ৪২ রান করেন হোপ। ১৭ বলে চারটি চার ও এক ছক্কায় অপরাজিত ৩১ রান করেন শিমরন হেটমায়ার। ম্যাচসেরা হয়েছেন রোমারিও শেফার্ড, সিরিজ সেরা হয়েছেন শাই হোপ।

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটার বিশ্বের নামিদামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা দেখা যায় না। তবে অনেকেই ড্রাফটে নাম দেন। এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে নাম দিয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। ২০২৫ সালের আসরের ড্রাফটে আছেন এরা। সেপ্টেম্বরের ১ তারিখ মেলবোর্নে বসবে এবারের নিলাম। যেখানে বাংলাদেশের ৯ ক্রিকেটার থাকবেন। এদের মধ্যে জাতীয় দলের নিয়মিত মুখ অন্তত ৭ জন। তবে এই ৯ জনের মধ্যে কেবল ৬ জন নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য প্রস্তুত রেখেছেন। তাদেরকে আসরজুড়ে পাওয়া যাবে। এই তালিকা থেকে সুযোগ পাওয়া ক্রিকেটাররা হলেন- হাসান মাহমুদ, জাকের আলী অনিক, রনি তালুকদার, রিশাদ হোসেইন, শামীম হোসেইন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবের দল পাওয়ার সম্ভাবনা থাকছে। দুজনেই সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করেছেন। বিগ ব্যাশে লেগস্পিনকে খুব গুরুত্ব দেওয়া হয়। তাই রিশাদের জন্যই বড় সুযোগটা থাকছে। নারী বিগ ব্যাশের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে নাম জমা দিয়েছেন জাহানারা ইসলাম। তিনিও পুরো আসর খেলার জন্যই আগ্রহী।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি প্রকাশ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। তবে দেশে উদ্ভুত রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। গতকাল আইসিসি নতুন করে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে। নতুন সূচি অনুযায়ী ৩ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষ হবে ২০ অক্টোবর। গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩-১৫ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ ও ১৮ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। সূচিতে পরিবর্তন আসলেও গ্রুপে কোনো পরিবর্তন আনা হয়নি। যথারীতি ‘এ’ গ্রুপে আছে— অস্ট্রেলিয়া, ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে আছে— বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।দুই গ্রুপের প্রত্যেকটি দল চারটি করে ম্যাচ খেলবে। গ্রুপপর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে দুটি করে সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ১০টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও

সাকিবকে আইসিসির শাস্তি, কাটা হলো বাংলাদেশ দলের পয়েন্টও রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে পাকিস্তান। সেই আনন্দের মাঝেই এলো দুঃসংবাদ। আইসিসির নিয়ম ভেঙে শাস্তি পেয়েছেন সাকিব আল হাসান। কাটা হয়েছে বাংলাদেশ দলের পয়েন্টও। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৩৩তম ওভারে বোলিং করছিলেন সাকিব। ব্যাটিংয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। সাকিব বল করতে যাওয়ার সময় শেষ মুহূর্তে ব্যাটিং থেকে সরে যান রিজওয়ান। এ সময় সাকিব বল ছুঁড়ে মারেন ব্যাটিং প্রান্তে। রিজওয়ান সরে যাওয়ায় বল তার গায়ে লাগেনি, উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে। সাকিবের এমন আচরণ নিয়ে সমালোচনা হচ্ছিল। এর মধ্যে আইসিসির শাস্তি পেলেন সাকিব। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশি অলরাউন্ডারকে, সেইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। সাকিব নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এদিকে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে আইসিসি। নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ পয়েন্ট হারিয়েছে টাইগাররা। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে। একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে শান মাসুদের দল। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ

সাকিবকে ক্রিকেট থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ হত্যা মামলার আসামি ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এ লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে অপরাধ মামলা রেকর্ড হয়েছে তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন।

ফারুক ও ফাহিমের বৈধতা নিশ্চিত করলো ক্রীড়া মন্ত্রণালয়

  ফারুক ও ফাহিমের বৈধতা নিশ্চিত করলো ক্রীড়া মন্ত্রণালয় নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবির নতুন সভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এ ছাড়াও বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। তবে ফারুক ও ফাহিমের নিয়োগের বৈধতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কারণ, নিয়ম অনুসারে বিসিবিতে প্রভাবে খাটাতে পারবে না যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞা পেতে পারে ক্রিকেট বোর্ড। তবে আজ এক বিবৃতিতে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমের নিয়োগের বৈধতা নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিবৃতি জানানো হয়েছে, বিসিবির অপরদিকে গঠনতন্ত্রের ১৩.২ (খ) ৪ নং অনুচ্ছেদ মোতাবেক পরিচালক ক্যাটাগরিতে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক ইতিপূর্বের মনোনয়ন পরিবর্তন করে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিমকে মনোনয়ন দেওয়া হয় যা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট

করাচি নয়, রাওয়ালপিন্ডিতেই হবে দুই টেস্ট টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন টাইগাররা। সূচি অনুসারে আগামী ২১ আগস্ট এই মাঠেই গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট হওয়ার কথা ছিল করাচিতে। তবে এবার ভেন্যুতে পরিবর্তন এনেছে পিসিবি। দুটি টেস্টই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। আর তাই শহর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। দিন তিনেক আগে পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল করাচিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। কারণ স্টেডিয়ামটিতে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির জন্য সংস্কার কাজ চলছে। তবে গতকাল এক বিবৃতি দিয়ে ভেন্যুই পরিবর্তন করে দিয়েছে পিসিবি। অবশ্য এই পরিবর্তনের কারণ হিসেবে তারা সংস্কার কাজের কথাই বলেছে। বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ভেন্যুটিতে (করাচি) চলমান সংস্কার কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিবি সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পরে এবং অপারেশনাল ও লজিস্টিকাল বিষয়গুলো পর্যালোচনা করার পরে, রাওয়ালপিন্ডিতে দুটি টেস্ট আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। যে কারণে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। তারই ধারাবাহিকতায় শুরু হয়েছে করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ। যে কারণে গত ১৪ আগস্ট পিসিবি জানায়, দ্বিতীয় টেস্টে দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন না। এবার দুই টেস্টের জন্যই এক ভেন্যু নির্ধারণ করা হলো।