মিরাজের ব্যাটে ভর করে প্লে অফে খুলনা

মিরাজের ব্যাটে ভর করে প্লে অফে খুলনা ঢাকা ক্যাপিটালসের হয়ে একাই লড়লেন তানজিদ হাসান তামিম। কিন্তু বাকিদের ব্যর্থতার কারণে ভালো সংগ্রহ পায়নি তারা। জবাব দিতে নেমে টিকে থাকলেন মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ইনিংসে খুলনা টাইগার্সকে এনে দিলেন জয়। নিয়ে গেলেন প্লে অফে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৪১তম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে ঢাকা। যা ১৯ বল হাতে রেখেই তাড়া করে ফেলে খুলনা। খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন উইলিয়াম বোসিস্তো ও হাসান মাহমুদ। বাকি সব বোলার নেন একটি করে উইকেট। ১২ ম্যাচে ৬ জয় ও সমান হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে থেকে প্লে অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে পাঁচে নেমে গেছে চিটাগং কিংস। আর ৬ পয়েন্ট নিয়ে এরপরেই ঢাকা। ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে সিলেট।  

৪ ডিমেরিট পয়েন্ট ও ২ ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব

৪ ডিমেরিট পয়েন্ট ও ২ ম্যাচ নিষিদ্ধ তানজিম সাকিব বিপিএলে আগ্রাসী মনোভাবের জন্য শাস্তি পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সের পেসার তানজিম সাকিব। এবারের বিপিএলে সর্বোচ্চ ৪টি ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার। যদিও বিপিএলে তার দল সিলেট স্ট্রাইকার্স গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ফলে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সাকিব যে দলেই খেলবেন প্রথম দুই ম্যাচে নিষিদ্ধ থাকতে হবে তাকে। ২৪ মাসে চার ডিমেরিট পাওয়ার শাস্তি হিসেবেই দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। সেটা শুধু কার্যকর হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে তাঁর কোনো বাধা থাকছে না। সাকিবের ঘটনাটি সিলেটের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে। সেই ম্যাচে তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককে ফিরিয়েছিলেন সাকিব। এরপর এই ব্যাটারকে উদ্দেশ্য করে কিছু বলতে শোনা যায় এই পেসারকে। এই বিষয়টি নজর এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও মোর্শেদ আলী খানের। ম্যাচ শেষে তারা সাকিবের নামে ম্যাচ রেফারির কাছে অভিযোগ করেন। এরপর ম্যাচ রেফারি এহসানুল হক সেজান একটি ডিমেরিট পয়েন্ট দেন সাকিবকে। এর আগে গত ১২ জানুয়ারি খুলনা টাইগার্সের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজের সঙ্গে বাকবিত-ায় জড়িয়ে ৩ টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব।

নাঈম শেখের সেঞ্চুরিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা

নাঈম শেখের সেঞ্চুরিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল খুলনা শুরু থেকেই আক্রমণাত্মক হলো খুলনা টাইগার্স। নাঈম শেখ ঝড় তুললেন, করলেন সেঞ্চুরিও।বড় রান তাড়ায় নেমে রংপুর রাইডাের্সের ব্যাটাররা খেই হারালেন। একা সৌম্যর লড়াই কাজে আসেনি শেষ অবধি। আজ বিপিএলের ম্যাচে রংপুর রাইডার্সকে ৪৬ রানে হারিয়েছে খুলনা টাইগার্স। শুরুতে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২২০ রান করে খুলনা। সেই রান তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানের বেশি করতে পারেনি রংপুর। ১১ ম্যাচে পঞ্চম জয় নিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে খুলনা টাইগার্স। প্রথম ৮ ম্যাচ জেতা রংপুর লিগ পর্বে নিজেদের শেষ চার ম্যাচেই হারলো। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল খুলনা টাইগার্স। চতুর্থ ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় তারা। ১২ বলে ২১ রান করে মাহেদী হাসানের বলে আকিফ জাভেদের হাতে ক্যাচ দেন তিনি। এরপরের গল্পটা নাঈম শেখের। সবশেষ এনসিএল টি-টোয়েন্টির সর্বোচ্চ রান সংগ্রাহক পান সেঞ্চুরির দেখা। বিপিএলেও এখন অবধি তার রানই সবচেয়ে বেশি। এবারের বিপিএলের অষ্টম সেঞ্চুরি করা নাঈম শেষ অবধি অপরাজিত থাকেন। ৬২ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কায় ৬২ বলে ১১১ রান করেন নাঈম। এর সঙ্গে খুলনার হয়ে উইলিয়াম বসিস্তো ৩১ বলে ৩৬ ও মাহিদুল ইসলাম অঙ্কন ১৫ বলে ২৯ রান করেন। রান তাড়ায় নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই তৌফিক খান তুষার আউট হয়ে যান। ৮ বলে ৯ রান করে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান তিনি। পঞ্চম ওভারের শেষ বলে রান আউট হন ৯ বলে ৬ রান করা সাইফ হাসান। মাঝে ১৫ বলে ১৯ রান করে ইফতেখার আহমেদ ও ১৪ বলে ২৭ রান করে মাহেদী হাসান আউট হন। রংপুরের হয়ে লড়াই চালিয়ে যান সৌম্য সরকার। তার এই চেষ্টার সমাপ্তি ঘটে শেষ ওভারে গিয়ে। ৪৮ বলে ৭৪ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে যান তিনি। এছাড়া রংপুরের হয়ে ১০ বলে ১৮ রান আসে মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে। ৪ ওভারে ২৪ রান দিয়ে খুলনার হয়ে তিন উইকেট নেন মুশফিক হাসান। এক ওভার করে ৮ রান দিয়ে দুই উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। এই জয়ে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে আছে খুলনা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রংপুর।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের ১০ উইকেটে জয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে বাংলাদেশের ১০ উইকেটে জয় আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচ শুরু হয় দুই ঘণ্টা দেরিতে, ওভার কমে ৭টি। কুয়ালালামপুরে ‘গ্রুপ-১’ থেকে উইন্ডিজের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারে মাত্র ৫৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে কোনো উইকেট না হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের ক্ষুদে প্রতিনিধিরা। জুরিয়া ফেরদৌস ২৮ বলে ২৫ ও ফাহোমিদা ছোঁয়া ২৫ বলে ১৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। উইন্ডিজ মেয়েরা অতিরিক্ত রান দেয় ১৬টি। তাতে জয় আরও সহজ হয় বাংলাদেশের জন্য। এর আগে নিশিথা আক্তার নিশিদের তোপে সুবিধা করতে পারেনি উইন্ডিজ ব্যাটাররা। ১৬ বলে সর্বোচ্চ ২৩ রান করে অমৃতা রামাথাল। ১৩ রান করেন নাইজিন্নি কামব্রিবেচ ও ১১ রান আসে আসাবি ক্যালেন্ডারের ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। বাংলাদেশের হয়ে নিশি সর্বোচ্চ ৩ উইকেট নেন। ২ উইকেট নেন আনিসা আক্তার সোবা। ১ উইকেট নেন জান্নাতুল মাওয়া। সুপার সিক্সে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছে। এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পা রেখেছে অস্ট্রেলিয়া ও ভারত।

খুলনাকে হারিয়ে ৫ জয় নিয়ে কোয়ালিফায়ারে বরিশাল

  খুলনাকে হারিয়ে ৫ জয় নিয়ে কোয়ালিফায়ারে বরিশাল ফরচুন বরিশালের কাছে হেরে আগেরদিন প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। আজ তাদের দেখানো পথেই হাঁটলো খুলনা টাইগার্স। সেই বরিশালের কাছে হারলো তারাও। তবে মেহেদী হাসান মিরাজের দল পড়ে গেছে যদি-কিন্তুর মারপ্যাঁচে। অন্যদিকে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার নিশ্চিত হয়ে গেছে বরিশালের। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেট ১৮৭ রান করে খুলনা। জবাব দিতে নেমে ৫ বল আর ৫ উইকেট হাতে রেখে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে গেছে বরিশাল। বরিশালের জয়ে বড় ভূমিকা ডেভিড মালানের। ৩৭ বলে ৬৩ রানের ৮ চার ৩ ছক্কায় ঝোড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এই ম্যাচে বরিশালের দ্বিতীয় রান সংগ্রাহক অধিনায়ক তামিম ইকবাল ২৫ বলে ২৭ রান করেন।  এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন মাহিদুল হাসান অংকন। অপরাজিত ১২ বলে ২৭ রান করেন তিনি। বল হাতে বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। খুলনার হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি।

তামিমের ফিফটিতে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল

তামিমের ফিফটিতে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল এবারের বিপিএলে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছিল রংপুর রাইডার্স। প্রথম ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেয়েছিল ফরচুন বরিশাল। নিজেদের নবম ম্যাচে তামিম ইকবালের ফিফটিতে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে বরিশাল। আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে সিলেট। ব্যাটারদের ব্যর্থতায় ১৮ ওভার ১ বলে ১১৬ রানে অলআউট হয় সিলেট। দলের পক্ষে আহসান ভাট্টি করেন সর্বোচ্চ ২৯ বলে ২৮ রান। এছাড়া জাকের আলি অনিক করেন ১৯ বলে করেন ২৪ রান। বরিশালের পক্ষে ফাহিম আশরাফ ৭ রান খরচায় নেন ৫ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বরিশাল। তাওহিদ হৃদয় ৭ বলে ৬ ও দাউদ মালান ৮ বলে ৯ রান করে আউট হন। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তামিম। তাদের ব্যাটে ভর করে ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের বড় জয় পায় বরিশাল। তামিম ৫১ বলে ৫২ ও মুশফিক ৩০ বলে ৪২ রানে অপরাজিত থাকেন।  

 নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেয়া ৬৫ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৭ ওভার ১বল ও ৮ উইকেট হাতে রেখেই। আজ মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারতের মেয়েরা। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া। একই ভেন্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে বাংলাদেশ।  

বড় হারে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

বড় হারে সরাসরি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের আগের ম্যাচে দুর্দান্ত এক জয়ে বাংলাদেশের মেয়েরা জাগিয়ে রেখেছিল সম্ভাবনা। তবে আরও একবার ব্যর্থ হয় ব্যাটিং। কিন্তু এবার আর বোলাররা ত্রাতা হতে পারেননি। বড় হারে শেষ হয়ে গেছে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা। গতরাতে সেন্ট কিটসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ১১৮ রানে অলআউট হয় সফরকারীরা। ওই রান তাড়ায় ১৩৫ বল আগে জয় পায় ক্যারিবীয়রা। সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ওমেন্স চ্যাম্পিয়নশিপ যাত্রা শেষ হয়েছে।

আইসিসির বর্ষসেরা একাদশে পাকিস্তানের ৩, ভারতের নেই কেউ

আইসিসির বর্ষসেরা একাদশে পাকিস্তানের ৩, ভারতের নেই কেউ কালের গহব্বরে মিলিয়ে যাওয়া গেল ২০২৪ সাল জুড়ে যারা বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, তাদের নিয়ে আইসিসি বর্ষসেরা একাদশ (টেস্ট ও ওয়ানডে) ঘোষণা করেছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি, ২০২৫) ১২টি পুরস্কারের তিনটি ঘোষণা করা যায়। সেগুলো হলো- পুরুষদের বর্ষসেরা টেস্ট একাদশ, পুরুষদের বর্ষসেরা ওয়ানডে একাদশ ও নারীদের বর্ষসেরা ওয়ানডে একাদশ। পুরুষদের বর্ষসেরা টেস্ট দলে ভারতের আছেন তিনজন প্রতিনিধি। তবে ওয়ানডের একাদশে তাদের নেই কেউ! পাকিস্তান ও আফগানিস্তান থেকে আছেন তিনজন করে। ভারতের মতো বাংলাদেশেরও নেই কেউ। চলুন তালিকাটা দেখে নেওয়া যাক। আইসিসির বর্ষসেরা টেস্ট দল (পুরুষ): যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি ও জসপ্রীত বুমরাহ। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল (পুরুষ): সাইম আইয়ুব, রহমানউল্লাহ গুরবাজ, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালঙ্কা (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, আজমতুল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আল্লাহ মোহাম্মদ গজানফার। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল (নারী): স্মৃতি মান্ধানা, লরা উলভার্ড (অধিনায়ক), চামারি আতাপাত্তু, হেইলি ম্যাথিউস, মারিজান কাপ, অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যামি জোন্স (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, সোফি একলেস্টোন ও কেট ক্রস।

সুপার সিক্সে বাংলাদেশের লড়াই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে

সুপার সিক্সে বাংলাদেশের লড়াই ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বুধববার (২২ জানুয়ারি, ২০২৫) বাংলাদেশের মেয়েরা সুপার সিক্স নিশ্চিত করেছে। যেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শক্তিশালী ভারতকে, সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজও। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষে ছিল অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড। গ্রুপ ‘ডি’-এর সেই লড়াইয়ে অজিদের বিপক্ষে ম্যাচ হেরে রানার্সআপ হয়ে সুপার সিক্সে জায়গা পায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের মেয়েরা। বাংলাদেশ সুপার সিক্সে ১ নম্বর গ্রুপে জায়গা করে নিয়েছে। এই গ্রুপের অন্য ৫টি দল হচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। এখন ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন, বাংলাদেশ শুধু ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই কেন খেলবে? অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের এবারের আসরের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে লড়াই করে ফেলা দলগুলো সুপার সিক্সে পুনরায় একে অন্যের মুখোমুখি হবে না। আবার গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন বা রানার্সআপরা অন্য গ্রুপের চ্যাম্পিয়ন বা রানার্সআপদের বিপক্ষেও খেলবে না। দেখা যাচ্ছে সুপার সিক্সের ১ নম্বর গ্রুপটা মূলত তৈরি হয়েছে গ্রুপ পর্বের ‘এ’ ও ‘ডি’ গ্রুপ দিয়ে। বাংলাদেশ গ্রুপ পর্বে ছিল ‘ডি’ গ্রুপে। একই গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ভারত এবং রানার্সআপ শ্রীলঙ্কা। তাই বাংলাদেশকে খেলতে হচ্ছে ভারতের বিপক্ষেই। তুলনামূলক কম শক্তিশালী শ্রীলঙ্কাকে প্রতিপক্ষে হিসেবে পাচ্ছে না নিয়মের বেড়াজালে। সুপার সিক্সে বাংলাদেশের আরেক প্রতিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে উঠে এসেছে। বাংলাদেশের জন্য সেমিফাইনালের রাস্তা কঠিন। এই দুটা ম্যাচ জিতলেই বাংলাদেশের ক্ষুদে মেয়েদের শেষ চার নিশ্চিত নয়। কারণ, গ্রুপ পর্বে খেলা ম্যাচের পয়েন্টও যোগ করা হবে। তবে এক্ষত্রে বিবেচনা করা হবে কেবল যারা সুপার সিক্সে উঠেছে, কেবল তাদের বিপক্ষে পাওয়া পয়েন্টগুলো। সুপার সিক্সের শীর্ষ দুই দল ভারত ও অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৪ নম্বরে। অন্যদিকে সমান ২ পয়েন্ট পেলেও তালিকার রানরেটে এগিয়ে থেকে ৩ নম্বরে আছে শ্রীলঙ্কা। লঙ্কানদের রানরেট (‍+০.৫২৫),  অন্যদিকে বাংলাদেশের রানরেট (‍+০.৪২৫)।