টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের যে দুই আম্পায়ার

টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের যে দুই আম্পায়ার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় বাংলাদেশ। বিসিবি’র এই সিদ্ধান্তকে তোয়াক্কা না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন দুজন আম্পায়ার। বিশ্বকাপে থাকছেন গাজী সোহেল ও শরফুদ্দৌলা ইবনে শহীত সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে রয়েছে বাংলাদেশের এই দুই আম্পয়ারের নাম।পুরো বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। এই ছয়জনের তালিকায় আছেন ইংল্যান্ডের ডিন কস্কার, অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ। এদিকে আম্পয়ারের তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব। আগামী ৭ ফেব্রুয়ারি কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইট।

স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের

স্কটল্যান্ডকে উড়িয়ে ছয়ে ছয় বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান তুলে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলমান বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের পর আগেই মূল পর্ব নিশ্চিত করা নিগার সুলতানা জ্যোতির দল আজ সুপার সিক্সের ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল টাইগ্রেসরা। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির দুর্দান্ত হাফসেঞ্চুরি ও সোবহানা মোস্তারির ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১০১ রান তুলতে পারে স্কটিশ মেয়েরা।

বয়কট গুঞ্জনের মধ্যে স্কোয়াড ঘোষণা, এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান

বয়কট গুঞ্জনের মধ্যে স্কোয়াড ঘোষণা, এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মধ্যেই স্কোয়াড ঘোষণার পর এবার প্লেনের টিকিটও কাটলো পাকিস্তান। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোর উদ্দেশে রওনা দেবে দলটি। এর আগেই দেশটির ক্রিকেট প্রধান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, ‘বিশ্বকাপে অংশ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করা হয়েছে।’সূত্রটি আরও জানিয়েছে, ‘আমরা আশা করছি, শুক্রবারের মধ্যেই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে দলের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করবেন।’ ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন নাকভি। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংহতি জানিয়ে এমন অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট (পিসিবি) বোর্ড। উল্লেখ্য, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিল। তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের মাধ্যমে আশ্বাস দেওয়া সত্ত্বেও বিসিবি ভারতে খেলতে অনড় অবস্থান নিলে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বাদ দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলো না ওয়েস্ট ইন্ডিজ। পার্লে প্রোটিয়ারা জিতেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে। অথচ চ্যালেঞ্জিং পুঁজিই গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ ছিল সফরকারীদের। ৩২ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলেন সিমরন হেটমায়ার। ব্রেন্ডন কিং ১৬ বলে ২৭, রস্টন চেজ ১৮ বলে ২২ আর শেষদিকে রভম্যান পাওয়েল ২৫ বলে খেলেন অপরাজিত ২৯ রানের ইনিংস। জবাবে অধিনায়ক এইডেন মার্করামের ব্যাটিং তাণ্ডবে সহজ জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৪৭ বলে ৯ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৬ রানের ইনিংস। এছাড়া লুহান ডি-প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪, রায়ান রিকেলটন ৩২ বলে করেন অপরাজিত ৪০ রান।

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলে কেন রাজি হয়নি, জানালো আয়ারল্যান্ড

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলে কেন রাজি হয়নি, জানালো আয়ারল্যান্ড নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তার পরিবর্তে আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচগুলো নেওয়ার অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আইসিসির কাছে প্রস্তাব দেয়, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। তবে এই প্রস্তাবটি আইসিসি এবং আয়ারল্যান্ড-উভয় পক্ষই প্রত্যাখ্যান করে। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বর্তমানে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। কেন রাজি হয়নি আয়ারল্যান্ড? ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ারল্যান্ডের হেড কোচ হাইনরিখ মালান জানালেন, ভেন্যু ও কন্ডিশন অনুযায়ীই তারা প্রস্তুতি নিয়েছেন। ভেন্যু পরিবর্তন হলে তাদের সমস্যা হতো। মালান বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা তৈরি করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। ম্যাচের অবস্থা, কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার সক্ষমতা গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি। আমাদের গেম প্ল্যানগুলো আরও শক্তিশালী করার মাধ্যমে খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেওয়াই শ্রীলঙ্কা সফরের আগে আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি আরও যোগ করেন, মাঠের পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের খেলাটা খেলতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয় বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ জয় বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। সুপার সিক্সের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন টাইগ্রেসরা। নেপালের মুলাপানিতে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে তোলে ১৬৫ রান। জবাবে থাইল্যান্ডের ইনিংস থামে ৮ উইকেটে ১২৬ রানে। রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল থাইল্যান্ড। ওপেনার নাথাকান চানতুম ৪১ বলে ৪৬ রান করে সর্বোচ্চ সংগ্রাহক হন। এছাড়া নানাপাথ ২৯ বলে ২৯ এবং অধিনায়ক নারুমেল চাইওয়াই ২৮ বলে ৩০ রান করেন। তবে অন্য কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন মারুফা আক্তার। তিনি ২৫ রানে নেন ৩টি উইকেট। রিতু মনি ও স্বর্ণা আক্তার শিকার করেন ২টি করে উইকেট। এর আগে ব্যাট হাতে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন জোয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। শুরুতেই দিলারা আক্তার শূন্য রানে এবং শারমিন আক্তার ৯ বলে ১১ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়েন এই দুজন। জোয়াইরিয়া ৪৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৫৬ রান। সোবহানা খেলেন ৪২ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৫৯ রানের ঝকঝকে ইনিংস। এরপর দ্রুত ২১ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা ছন্দপতন হলেও শেষদিকে রিতু মনি ৬ বলে ১৫ রান করে দলের স্কোর ১৬৫-এ নিয়ে যান। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুটোয়ং নেন ৩টি উইকেট।

ভিসা জটিলতায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পাওয়া স্কটল্যান্ড

ভিসা জটিলতায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে জায়গা পাওয়া স্কটল্যান্ড শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও প্রস্তুতি ও আনুষঙ্গিক জটিলতায় পড়েছে স্কটল্যান্ড দল। খেলোয়াড়দের ভারত যাত্রার ভিসা প্রক্রিয়া, জার্সি প্রস্তুত না হওয়া এবং স্পন্সর সংকট সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছে ক্রিকেট স্কটল্যান্ড। বিশেষ করে পাকিস্তানি বংশোদ্ভূত পেসার সাফিয়ান শরিফসহ কয়েকজন খেলোয়াড়ের ভিসা দ্রুত সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এসব জটিলতার মধ্যেও ভারত পৌঁছাতে কোনো বিলম্ব হবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই দিন-রাত কাজ করে যাচ্ছে স্কটিশ ক্রিকেট বোর্ড। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে সরে দাঁড়ায় বাংলাদেশ। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর প্রস্তাব আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। অংশগ্রহণকারী নয় এমন দলগুলোর মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে (১৪তম) থাকায় স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তার ফোন পাওয়ার পর থেকেই প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানান লিন্ডব্লেড। তিনি বলেন, ‘আমন্ত্রণ পেয়ে আমরা রোমাঞ্চিত, তবে পরিস্থিতি সত্যিই ব্যতিক্রমী ও চ্যালেঞ্জিং। তবুও সময়মতো সব খেলোয়াড়কে পাঠাতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।’ বিশ্বকাপ সামনে রেখে দ্রুত বড় কোনো স্পন্সর যুক্ত করার চেষ্টা চলছে। নতুন জার্সি সময়মতো পাওয়া নিয়েও আশাবাদী স্কটল্যান্ড। তবে তা সম্ভব না হলে নিয়মিত ক্রিকেট স্কটল্যান্ডের জার্সিতেই খেলতে পারে দলটি। বাংলাদেশের নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট খেলবে স্কটল্যান্ড। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা তাদের। আপাতত সেই ম্যাচ পিছিয়ে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন না লিন্ডব্লেড।

ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!

ভারতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা! টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক দিন। এবারের আসরের প্রধান আয়োজক ভারত, সহ-আয়োজক শ্রীলঙ্কা। তবে ভারতে নিপা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে নিপা ভাইরাস শনাক্ত হওয়ার পর এশিয়ার একাধিক দেশ ভারতফেরত যাত্রীদের জন্য বিশেষ স্বাস্থ্য স্ক্রিনিং চালু করেছে। পরিস্থিতি আরও অবনতি হলে পুনরায় কোয়ারেন্টিন ব্যবস্থা চালুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে আসা ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকদের ভোগান্তি বাড়তে পারে। ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ভারতে নিপা ভাইরাসের বিস্তার নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জিও সুপার, ট্যাপম্যাড, হেলথ মাস্টার, খাইবার নিউজসহ একাধিক সংবাদমাধ্যম বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে। নিপা ভাইরাস অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতী। সাধারণত কাঁচা খেজুরের রস পানসহ বিভিন্ন মাধ্যমে এটি মানবদেহে সংক্রমিত হয়। একবার মানবদেহে প্রবেশ করলে দ্রুত অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা কার্যকর টিকা এখনো নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপা ভাইরাসকে উচ্চ ঝুঁকিপূর্ণ ও মহামারি সৃষ্টির সম্ভাবনাসম্পন্ন ভাইরাস হিসেবে চিহ্নিত করেছে। সিজিটিএনের তথ্য অনুযায়ী, ভারতে ইতোমধ্যে চিকিৎসাকর্মীসহ অন্তত পাঁচজন নিপা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। জনবহুল দেশ হওয়ায় সবার কার্যকর স্ক্রিনিং করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াচ্ছে। উইকিপিডিয়ার তথ্যমতে, নিপা ভাইরাসে মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত। যারা সুস্থ হন, তাদের অনেকের মধ্যেও পরবর্তীতে স্নায়ুবিক জটিলতা দেখা যায়।

রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ

রেকর্ড দামে বিক্রি হলো ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে পরিচিত স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ব্যবহৃত একটি বিরল ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তির এই ঐতিহাসিক ক্যাপটি সম্প্রতি ৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৬৩ লাখ টাকা। এটি ব্র্যাডম্যানের কোনো ব্যাগি গ্রিন ক্যাপের জন্য এ পর্যন্ত সর্বোচ্চ মূল্য। অস্ট্রেলিয়া ডে উপলক্ষে গোল্ড কোস্টে লয়েডস অকশনসে অনুষ্ঠিত নিলামে নাম প্রকাশে অনিচ্ছুক এক অস্ট্রেলিয়ান সংগ্রাহক এই ক্যাপটি কিনে নেন। নিলাম কর্তৃপক্ষ জানায়, ক্রেতা নিশ্চিত করেছেন এই মূল্যবান স্মারকটি একটি গুরুত্বপূর্ণ জাদুঘরে প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে সাধারণ দর্শনার্থীরা এটি দেখতে পারেন। নিলামে বিক্রি হওয়া ব্যাগি গ্রিন ক্যাপটি ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে ব্র্যাডম্যান নিজ হাতে সতীর্থ ক্রিকেটার এস ডব্লিউ সোহোনিকে উপহার দিয়েছিলেন। এটি ছিল ঘরের মাঠে ব্র্যাডম্যানের শেষ টেস্ট সিরিজ। ১৯৪৮ সালে অবসর নেওয়ার আগে টেস্ট ক্রিকেটে তিনি রেখে যান অবিশ্বাস্য ৯৯.৯৪ গড়, যা আজও ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। নিলাম তালিকায় লয়েডস উল্লেখ করে, ‘ফার্মার্স সিডনি নির্মিত এবং ক্রিকেট কোট অব আর্মস সংবলিত ১৯৪৭-৪৮ সালের এই ব্যাগি গ্রিন ক্যাপ ক্রিকেট ইতিহাসের এক অনন্য স্মারক। দীর্ঘদিন ধরে পারিবারিক সংগ্রহে থাকা এই ক্যাপটি ডন ব্র্যাডম্যানের অজেয় যুগ এবং ভারতীয় দলের সঙ্গে এক ঐতিহাসিক বিনিময়ের স্মৃতি বহন করে।’ উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাপটি ৭৫ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের কাছে সংরক্ষিত ছিল এবং এর আগে কখনো জনসমক্ষে প্রদর্শন বা নিলামে তোলা হয়নি। ব্র্যাডম্যানের যুগের ব্যাগি গ্রিন ক্যাপ অত্যন্ত দুর্লভ; হাতে গোনা কয়েকটিই টিকে আছে। ফলে এগুলো ক্রিকেট স্মারক জগতের সবচেয়ে কাঙ্ক্ষিত নিদর্শনের মধ্যে অন্যতম।

বাংলাদেশি সাংবাদিকদের ‌‘সুুসংবাদ’ দিলো আইসিসি

বাংলাদেশি সাংবাদিকদের ‌‘সুুসংবাদ’ দিলো আইসিসি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। ফলে পুরো টুর্নামেন্ট থেকেই টাইগারদের বাদ দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশি সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অনুমতি (অ্যাক্রেডিটেশন) নিয় জটিলতা সৃষ্টি হয়। বিসিবি এই ঘটনার ব্যাখ্যা চায় আইসিসির কাছে। তারপরই সুর বদল করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের সাংবাদিকদের নতুন করে সুযোগ দেয়ার কথাও জানানো হয়। বাংলাদেশ জাতীয় দল ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার পর সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন প্রক্রিয়াতেও বড় ধরনের পরিবর্তন আনে আইসিসি। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের জন্য প্রায় ৮০ থেকে ৯০ জন বাংলাদেশি সাংবাদিক আবেদন করেছিলেন। যাদের অনেকের আবেদনই প্রাথমিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। তবে আইসিসি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতি এবং সূচি অনুযায়ী তারা এখন পুরো প্রক্রিয়াটি পুনরায় মূল্যায়ন করছে এবং সাংবাদিকদের ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। আইসিসি সূত্রে জানা গেছে, সাধারণত কোনো নির্দিষ্ট দেশের জন্য অ্যাক্রেডিটেশনের একটি নির্ধারিত কোটা থাকে, যা সর্বোচ্চ ৪০ জনের মতো হতে পারে। এই কোটা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ক্রিকেট বোর্ডের সুপারিশকে প্রধান্য দেওয়া হয়। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন জানিয়েছেন, সাংবাদিকদের আবেদন কেন বাতিল করা হয়েছিল সে বিষয়ে তারা আইসিসির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছেন এবং বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন। অনেক অভিজ্ঞ সাংবাদিক, যারা এর আগে একাধিক বিশ্বকাপ কাভার করেছেন তারাও এবার প্রথমবারের মতো প্রত্যাখ্যাত হওয়ার পর বিস্ময় প্রকাশ করেছেন। তবে আইসিসি এখন বিষয়টি ইতিবাচকভাবে দেখছে এবং নতুন করে আবেদন করার পর প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই-বাছাই করে দেখার আশ্বাস দিয়েছে। বাংলাদেশ খেলতে আগ্রহ না দেখানোয় পরিবর্তে স্কটল্যান্ডকে মূল টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।