আম্পায়ার সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কাল

আম্পায়ার সাইমন টাফেল বাংলাদেশে আসছেন কাল বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষণের জন্য আগামীকাল ঢাকায় আসছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেল। টাফেলের সাথে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের দক্ষতা ও প্রশিক্ষণের মান বাড়ানোর জন্য কাজ করবেন টাফেল। টানা ৫ বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন টাফেল। ১৯৯৯ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০০ সালে প্রথম টেস্ট আম্পায়ারের দায়িত্ব পালন করেন টাফেল। আইসিসির মেগা ইভেন্ট এবং অ্যাশেজের মতো জনপ্রিয় সিরিজের আম্পায়ারের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। ৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন টাফেল। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়ার অনন্য রেকর্ড গড়েছেন তিনি। ১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এনসিএল টি-টোয়েন্টিতে টাফেল উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এশিয়া কাপ মিশনে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

এশিয়া কাপ মিশনে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ এশিয়া কাপ মিশনে নেমে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ। আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে হংকংকে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক লিটন দাস। এবারের টুর্নামেন্ট বাংলাদেশ দল ভালোই প্রস্তুতি নিয়েছে। ঢাকা-সিলেটে দুই দফায় হয়েছে ট্রেনিং ক্যাম্প। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছ থেকে তালিম নিয়েছে লিটন-শান্তরা। এছাড়া টানা তিন সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই দুবাইয়ে গেছে বাংলাদেশ দল। এবার মাঠের ক্রিকেটে নিজেদের প্রমাণ করার পালা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৯৪ রানে হেরে আসা হংকংয়ের জন্য এই ম্যাচ টিকে থাকার লড়াই। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ রাতে মাঠে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের একাদশ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। হংকংয়ের একাদশ জিশান আলী (উইকেটকিপার), অংশুমান রথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিৎ শাহ, ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুষ শুক্লা ও আতিক ইকবাল।

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামালরা

নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন জামালরা আজ ত্রিভুবন বিমানবন্দর থেকে বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এর ঘণ্টা দুয়েকের মধ্যে দেশে অবতরণ করে তাদের বহনকারী বিমানটি। দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু গিয়েছিল বাংলাদেশ দল। তখন পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। এর মধ্যে ৬ সেপ্টেম্বর দুদল একটি প্রীতি ম্যাচও খেলে। যেটায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে। কিন্তু তারপর মাত্র এক-দেড় দিনের মধ্যে হঠাৎ উত্তপ্ত হয়ে যায় নেপালের রাজনৈতিক পরিস্থিতি। সরকারবিরোধী আন্দোলন রূপ নেয় সহিংসতায়। তাতে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়। নির্ধারিত দিনে দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায় বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায়। টানা দেড় দিন ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর গতকাল সন্ধ্যায় ফের সচল হয় কাঠমান্ডু বিমানবন্দর। এ সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকার মিলে জামালদের দেশে ফেরার ব্যবস্থা নেয়। যদিও এদিন বেলা সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল জামালদের। তবে দীর্ঘক্ষণ বিমানবন্দরে অপেক্ষা করার পর অবশেষে প্রায় ৩টার সময় তারা রওনা দেন।

ক্রিকেট ইতিহাসে প্রথম; ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বে থাকবেন কেবল নারীরাই

ক্রিকেট ইতিহাসে প্রথম; ওয়ানডে বিশ্বকাপে দায়িত্বে থাকবেন কেবল নারীরাই ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ এবার এক ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী হতে যাচ্ছে। পুরো আসরটি পরিচালনা ও তদারকি করবেন শুধুমাত্র নারী আম্পায়ার ও রেফারিরা। মোট ১৮ জন ম্যাচ অফিসিয়াল—এর মধ্যে ১৪ জন আম্পায়ার ও ৪ জন রেফারি—নিয়োগ দেওয়া হয়েছে ৩১ ম্যাচের এই টুর্নামেন্টে, যা শুরু হবে ৩০ সেপ্টেম্বর। নারী ওয়ানডে বিশ্বকাপে এটাই প্রথমবারের মতো পূর্ণাঙ্গভাবে অল-উইমেন প্যানেলের দায়িত্বপ্রাপ্তি। এর আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ কমনওয়েলথ গেমসেও আংশিকভাবে এমন দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে ক্লেয়ার পোলসাক, জ্যাকুলিন উইলিয়ামস ও সু রেডফার্ন থাকছেন তাদের তৃতীয় বিশ্বকাপে। এছাড়া ২০২২ সালের ফাইনালে দায়িত্ব পালন করা লরেন এজেনব্যাগ ও কিম কটনও এবার ফিরছেন। এলোইজ শেরিডানও থাকছেন অফিসিয়াল প্যানেলে। তালিকায় রয়েছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা খান জেসিও। রেফারিদের মধ্যে রয়েছেন ভারতের জি এস লক্ষ্মী, পাশাপাশি ট্রুডি অ্যান্ডারসন, শান্দ্রে ফ্রিটজ ও মিশেল পেরেইরা। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই উদ্যোগকে বলেছেন ‘নারী ক্রিকেটের যাত্রায় এক সংজ্ঞায়িত মুহূর্ত। ’ তিনি বলেন, ‘এটি শুধু একটি মাইলফলক নয়, বরং ক্রিকেটে জেন্ডার সমতায় আইসিসির অঙ্গীকারের শক্তিশালী প্রতিফলন। বিশ্বকাপ মঞ্চে শুধু নারী অফিসিয়ালদের অন্তর্ভুক্তি দৃশ্যমানতা, সুযোগ ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার মতো রোল মডেল তৈরির এক বড় পদক্ষেপ। ’ তিনি আরও যোগ করেন, ‘এই সিদ্ধান্ত কেবল প্রতীকী নয়। এটি দেখাবে, ক্রিকেটে নেতৃত্ব ও প্রভাবের কোনো লিঙ্গভেদ নেই। ’

ফেব্রুয়ারিতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক ভারত ও শ্রীলঙ্কা

ফেব্রুয়ারিতে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, আয়োজক ভারত ও শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে রঙিন আসর আবারও দোরগোড়ায়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের, যা চলবে ৮ মার্চ পর্যন্ত। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। আইসিসির পরিকল্পনা অনুযায়ী, ভারতের অন্তত পাঁচটি এবং শ্রীলঙ্কার দুটি ভেন্যুতে হবে ম্যাচ। ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে দুই জায়গায়— আহমেদাবাদ বা কলম্বো। তবে পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, অন্যথায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে শিরোপা লড়াই। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত–পাকিস্তান একে অপরের মাটিতে খেলতে রাজি নয়। তিন বছর আগে হওয়া সমঝোতা অনুযায়ী এবারও একই নিয়ম মানা হবে। ফলে আয়োজক সমীকরণে থাকছে বাড়তি উত্তেজনা। ২০ দলের এ মহাযুদ্ধে এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ১৫ দলের নাম। আফ্রিকা, এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাকি পাঁচটি দল আসবে বাছাইপর্বের মাধ্যমে। ইতিহাস গড়ে ইতালি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। ইতিমধ্যে যারা বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা হলো— বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। ফরম্যাট থাকছে আগের মতোই। ২০ দলকে ভাগ করা হবে চার গ্রুপে, প্রতিটিতে পাঁচটি করে দল। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে আবার দুই গ্রুপে ভাগ হয়ে লড়াই করবে সেমিফাইনালের জন্য। এরপরই শুরু হবে শিরোপা জয়ের শেষ লড়াই।

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের

৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসর। আসরের পর্দা নামবে ৮ মার্চ। এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০ দলের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে শ্রীলঙ্কা ও ভারত। ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে ফাইনাল কোথায় হবে তা নির্ভর করছে পাকিস্তানের ফলাফলের ওপর।পাকিস্তান যদি ফাইনালে উঠে তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে কলম্বোতে। কারণ আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান। আর পাকিস্তান যদি আগেই বিদায় নেয় তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে আহমেদাবাদে। বিশ্বকাপের সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ইতোমধ্যেই অংশগ্রহণকারী দেশগুলোকে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেয়া হয়েছে। ক্রিকইনফোর খবরে এমনটাই বলা হয়েছে। চারটি গ্রুপে ভাগ হয়ে লড়বে ২০ দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইটে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি করে দল অংশ নেবে সেমি ফাইনালে। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১৫টি দল বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করেছে। দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি।

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি!

দ্বিগুণ হচ্ছে এশিয়া কাপের প্রাইজমানি! নারী ওয়ানডে বিশ্বকাপের পর এবার এশিয়া কাপের পুরস্কারমূল্যও বাড়ছে। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, দ্বিগুণ বেড়েছে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কারমূল্য। এখনও পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিল কোনো ঘোষণা না দিলেও ইতোমধ্যেই পুরস্কারমূল্য বাড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ২০২৩ সালে এশিয়া কাপ জিতে ১ কোটি ২৫ লাখ টাকা পেয়েছিল ভারত। এবার তা দ্বিগুণ বাড়ছে। এবার চ্যাম্পিয়নরা ২ কোটি ৬০ লাখ টাকা পাবে। এবার যে দল রানার্স হবে তারা ১ কোটি ৩০ লাখ টাকা পাবে। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেওয়া হবে ১২ লাখ ৫০ হাজার টাকা।এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। কিন্তু আসরটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দুবাই ও আবু ধাবির মাঠে হবে সব খেলা। মোট আটটি দল খেলছে এ বারের প্রতিযোগিতায়। গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। গ্রুপ পর্বে প্রতিটি দল প্রতিটি দলের বিপক্ষে খেলবে। দু’টি গ্রুপ থেকে চারটি দল উঠবে সুপার ফোরে। সেখানেও প্রতিটি দল প্রতিটি দলের বিরুদ্ধে খেলবে। তার পর শীর্ষে থাকা দুই দল ফাইনালে উঠবে।আজ ৯ সেপ্টেম্বর পর্দা উঠছে এই আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। আগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত।কয়েক মাস পর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দলগুলো। তাই এবারের আসর হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।

১৯৮৪ এশিয়া কাপ: শারজাহতে ভারত-পাকিস্তানকে এক মঞ্চে এনেছিল ক্রিকেট

১৯৮৪ এশিয়া কাপ: শারজাহতে ভারত-পাকিস্তানকে এক মঞ্চে এনেছিল ক্রিকেট ২০২৫ সালের এশিয়া কাপকে ঘিরে ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি হচ্ছে। তবে এবার দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা অনেক বেশি, যে কারণে আয়োজক ভারত শেষ পর্যন্ত ভেন্যু দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে।কিন্তু ১৯৮৪ সালের চিত্র ছিল ভিন্ন। তখন এতটা বৈরিতা ছিল না, বরং সেই সময়েই শারজাহতে আয়োজিত হয় প্রথম এশিয়া কাপ। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেয় ঐতিহাসিক আসরে। শারজাহর উন্মাদনা শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের জেনারেল ম্যানেজার মাজার খান স্মৃতিচারণ করে বলেন, ‘ঘোষণার পরপরই টিকিটের জন্য ব্যাপক চাহিদা তৈরি হয়েছিল। ভারত ও পাকিস্তানের তারকা খেলোয়াড়দের পাশাপাশি চলচ্চিত্র জগতের সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন। সুনীল গাভাস্কার ছিলেন ভারতের অধিনায়ক, জাহির আব্বাস পাকিস্তানের, আর শ্রীলঙ্কার নেতৃত্বে ছিলেন দুলীপ মেন্ডিস। ’সেই মেন্ডিসই এবার এশিয়া কাপে ফিরছেন ওমান দলের কোচ হিসেবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্ম সংযুক্ত আরব আমিরাত শুধু টুর্নামেন্ট আয়োজনেই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি) গঠনের সঙ্গেও যুক্ত। ১৯৮৩ সালে আব্দুল রহমান বুকাহতীরের নেতৃত্বে গঠিত হয় সংস্থাটি, এবং পরের বছরই শুরু হয় এশিয়া কাপ। এটি ছিল মধ্যপ্রাচ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। ভারতের শিরোপা জয় ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারত এশিয়া কাপেও দারুণ ফর্ম ধরে রাখে। শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে তারা প্রথম এশিয়া কাপ জেতে। আসরে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সুরিন্দর খান্না।দিলিপ ভেঙ্গসরকার সেই অভিজ্ঞতা স্মরণ করে বলেন, ‘শারজাহতে খেলা আমাদের জন্য দারুণ ছিল। দর্শক ছিল উপচে পড়া, ভারত ও পাকিস্তানি প্রবাসীরা বিপুল সংখ্যায় এসেছিলেন। আমরা শিরোপা জিতেছিলাম, আর পরিবেশ ছিল বিদ্যুতায়িত। ’ শারজাহর অবদান পরবর্তী সময়ে শারজাহ আয়োজন করেছে অসংখ্য বড় ম্যাচ ও ক্রিকেটার্স বেনিফিট ফান্ড সিরিজ (সিবিএফএস)। ভেঙ্গসরকার বলেন, ‘তখন কেবল শারজাহই ছিল, এখন দুবাই ও আবুধাবিতেও আধুনিক স্টেডিয়াম আছে। কিন্তু ক্রিকেট ছড়িয়ে দেওয়ায় শারজাহর অবদান অসাধারণ। ’

বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে হংকং

বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর স্বপ্ন দেখছে হংকং এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। চার দলের মধ্যে কাগজে-কলমে তুলনামূলক দুর্বল হিসেবেই ধরা হচ্ছে হংকংকে, কিন্তু তারা নিজেদের পিছিয়ে রাখতে রাজি নয়। দলটির অধিনায়ক নিজাকাত খান জানিয়েছেন, তারা বাংলাদেশ ও আফগানিস্তানকে হারানোর মতো সক্ষমতা রাখে। আজ আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে হংকং। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশের। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই শেষ অনুশীলন সেরে ফেলেছে দলটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজাকাত বলেন, ‘আমাদের আত্মবিশ্বাস আছে। নির্দিষ্ট দিনে যে কেউ ম্যাচ জেতাতে পারে। টি-টোয়েন্টি এমন এক খেলা যেখানে ২-৩ ওভারের ভেতরেই সব পাল্টে যায়। আমাদের দল যথেষ্ট প্রস্তুত। ’২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ঢাকায় বাংলাদেশকে হারানোর স্মৃতি আবারও মনে করিয়ে দেন হংকং অধিনায়ক। ওই ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। নিজাকাত বলেন, ‘সেই জয়টা ভোলার মতো নয়। বাংলাদেশকে তাদের মাঠে হারানো ছিল কঠিন কাজ, কিন্তু আমরা কামব্যাক করেছিলাম। ’টি-টোয়েন্টি ক্রিকেটে বড় দল–ছোট দল বলে কিছু নেই বলে মনে করেন তিনি, ‘যেদিন আপনি ভালো খেলবেন, সেদিনই জিতবেন। আমরা আগেও আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়েছি। শুরু থেকেই যদি সর্বোচ্চটা দিতে পারি, কিছুই অসম্ভব নয়। ’

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল ইংল্যান্ড প্রথম ওয়ানডেতে ২৯২ রান করে ৮৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল দ্বিতীয় ম্যাচেও কাছাকাছি সংগ্রহ ছিল আজিজুল হাকিম তামিমের দলের। ৯ উইকেটে ২৭৩ রান তুলেছিল তারা। ডিএল মেথডে ৪৭ ওভারে ইংল্যান্ড পেয়েছিল ২৭১ রানের লক্ষ্য, ম্যাচটি ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে নিল তারা। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড জেতায় পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতা আসল। দুদল ১০ সেপ্টেম্বর তৃতীয়, ১২ সেপ্টেম্বর চতুর্থ ও ১৪ সেপ্টেম্বর পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে।