‘দিল্লিতে কুম্বলের ১০ উইকেট নেওয়ার পিচ মিরপুরের থেকেও খারাপ ছিল’

‘দিল্লিতে কুম্বলের ১০ উইকেট নেওয়ার পিচ মিরপুরের থেকেও খারাপ ছিল’ জিম লেকার, অনিল কুম্বলে, এজাজ পাটেল। ত্রয়ীর মধ্যে অদ্ভুত মিল রয়েছে। স্পিনে তিনজন হাত ঘুরান। ক্রিকেট বিশ্বে তারাই কেবল টেস্টে এক ইনিংসে ১০টি উইকেট পেয়েছেন। জিম লেকার ম্যানচেস্টারে। অনিল কুম্বলে দিল্লিতে। এজাজ মুম্বাইয়ে। প্রতিপক্ষ যথাক্রমে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ভারত। বিংশ শতাব্দীর আগে এই অস্বাভাবিক সাফল্যের দেখা পেয়েছিলেন লেকার ও কুম্বরে। এজাজই কেবল বিংশ শতাব্দীর প্রতিনিধি। হঠাৎ এই আলোচনা কেন? কেনই বা ১০ উইকেট নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনাটা উঠছে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের এক মন্তব্যকে ঘিরে। মিরপুর শের-ই-বাংলার উইকেট নিয়ে আলোচনা থামছে না। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর মিরপুরে আবার ফিরেছে ওয়ানডে। এ সময়ে গামিনি ডি সিলভার পরিবর্তে মিরপুরের দায়িত্বে টনি হেমিং। কিন্তু চিরচেনা মিরপুর পাল্টাতে পারেনি স্পিন দূর্গ। ধীর গতির, লো বাউন্সের উইকেট। তাতে ওয়েস্ট ইন্ডিজ রীতিমত হিমশিম খেল। বাংলাদেশও ভুুগেছে। তাতেই উঠছে প্রশ্ন, এমন উইকেট খেলে লাভ কী? আর জয়েও কি প্রত্যাশিত লক্ষ্য পূরণ হলো? সময়ের কাছে সেই প্রশ্ন তোলা থাক। আগামীকাল মঙ্গলবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে। দলের প্রতিনিধি হয়ে মুশতাক আহমেদ এসেছিলেন সংবাদ সম্মেলনে। কিংবদন্তি স্পিনার পাকিস্তানের হয়ে লম্বা সময় খেলেছেন। ৯৬ এর বিশ্বকাপ জিতেছেন। লেগ স্পিনার হিসেবে সাফল্য টইটুম্বর। তার কাছেই জানতে চাওয়া হয়েছিল, এর চেয় বাজে উইকেট এর আগে তিনি দেখেছেন কি না? উত্তরে বাংলাদেশ দলের স্পিন কোচ বলেছেন, ‘‘হ্যাঁ, অনেক (বাজে উইকেট)। আমার মনে আছে, দিল্লিতে ভারতের বিরুদ্ধে একটি ম্যাচে অনিল কুম্বলে এক ইনিংসে ১০ উইকেট পেয়েছিলেন। সেই উইকেটটি এর থেকেও খারাপ ছিল।’’ এমন উইকেটে মুশতাক নিজের সেরা সময়ে কত উইকেট পেতেন? সহজেই ৭, ৮, এমনকি ১০ উইকেট নিতে পারতেন? উত্তরে তিনি বলেছেন, ‘‘না, সত্যি বলতে এটা ততটা সহজ নয়। যেমনটা ওই ভাই জিজ্ঞাসা করলেন, কখনও কখনও বেশি চাপের মধ্যে থাকতে হয় কারণ আপনাকে সেরাটা দিতে হবে। একজন তরুণ লেগ-স্পিনার হিসেবে আপনি নার্ভাস হতে পারেন। কোচিং দৃষ্টিকোণ থেকে আমার কথা হলো প্রক্রিয়া ধরে রাখা। এই পিচগুলো কখনও কখনও আপনাকে আপনার কমফোর্ট জোন এবং প্রক্রিয়া থেকে বের করে নিয়ে যেতে পারে।’’ এজন্য সেন্ট্রাল উইকেটে লম্বা সময় স্পিনাররা বল করেছেন। কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুশতাক বলেছেন, ‘‘এই ধরণের পিচে, আপনাকে খুব স্মার্ট এবং ফিল্ড পজিশন নিয়ে ধূর্ত হতে হবে। সঠিক ফিল্ড সেট করে আপনাকে ব্যাটসম্যানকে আউট করতে হবে, সে ফ্রন্ট-ফুট না ব্যাক-ফুট প্লেয়ার, এবং আপনার গতি (৮৫ বা ৯০+ কিমি/ঘন্টা) কেমন হবে, তা বুঝে বল করতে হবে। কোচ হিসেবে আমরা তাদের তথ্য দিই, এবং প্লেয়ারদের তা মাঠে কার্যকর করতে হয়।’’
মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ

মিরপুরের স্পিন-ফাঁদে নাকাল, নাসুমের জবাবে আকিলকে উড়িয়ে আনছে উইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৪ রানের বড় ব্যবধানে হারের পর স্কোয়াড শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্পিন আক্রমণকে আরও ধারালো করতে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে উড়িয়ে আনা হচ্ছে। দ্বিতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দিতে আজ রাতেই তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সোমবার সংবাদমাধ্যমকে বিসিবির একজন কর্মকর্তা আকিলের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত সিরিজের প্রথম ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মন্থর ও নিচু বাউন্সের উইকেটে দুই দলের স্পিনাররাই প্রধান ভূমিকা পালন করেন। এই বিষয়টি মাথায় রেখেই স্কোয়াডে পরিবর্তন আনছে সফরকারীরা। এর আগে বাংলাদেশও নিজেদের স্পিন আক্রমণ শক্তিশালী করতে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছিল। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম মিলে ৮ উইকেট শিকার করে স্বাগতিকদের জয়ের নায়ক ছিলেন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনা খারি পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন এবং অফ স্পিনার রস্টন চেজ দুটি উইকেট পান। এদিকে, দলে আরও কিছু পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস, যিনি এর আগে দুটি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা দুই পেসার জেডিয়াহ ব্লেডস ও শামার জোসেফ দেশে ফিরে যাবেন। আরও জানা গেছে, টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে অলরাউন্ডার জেসন হোল্ডার আগামী ২১ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন।
রোমাঞ্চকর জয় বাংলাদেশের; রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

সুপার ফোরে রোমাঞ্চকর জয় বাংলাদেশের; রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ১৯ ওভার ৫বলে জয় নিশ্চিত করে। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান দারুণ বোলিংয়ে নেন ৩ উইকেট। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সাইফ হাসানের ৪৫ বলে ৬১ রান এবং তাওহীদ হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংসে ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। শেষ ওভারে উত্তেজনা তৈরি হলেও নাসুম আহমেদের শান্ত সিঙ্গেলে ৪ উইকেট হাতে রেখে লক্ষে পৌছায় বাংলাদেশ। এদিকে রাজনীতি, কূটনীতি আর প্রতীকী দূরত্ব সবকিছু ছাপিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এক সপ্তাহে দ্বিতীয়বারে মতো মুখোমুখি হচ্ছে তারা। তবে এবার সুপার ফোরের ম্যাচে। ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে আটটায়। গ্রুপপর্বে পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছিল ভারত। তবে সেই ম্যাচে ব্যাট-বলের লড়াইয়ের চেয়ে বেশি আলোচনায় ছিল পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের হাত মেলাতে না চাওয়া, যাতে জড়িয়ে পড়ে ম্যাচ রেফারির নামও।
বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর

বিসিবি নির্বাচনের ভোট ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুরুতে ৪ অক্টোবর নির্বাচনের কথা শোনা গেলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। আজ (২১ সেপ্টেম্বর) প্রকাশিত তফসিল অনুযায়ী আগামীকাল (২২ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। জেলা, বিভাগ ও ক্লাব মিলিয়ে মোট ১৭৪ জন কাউন্সিলর ভোট দেওয়ার যোগ্য। খসড়া তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন ২৩ সেপ্টেম্বর, আর শুনানি হবে ২৪ সেপ্টেম্বর। সব যাচাই-বাছাই শেষে ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা। এরপর ২৬ সেপ্টেম্বর থেকে দুই দিন মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ সেপ্টেম্বর। পরদিন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কোনো আপত্তি থাকলে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে জমা দিতে হবে, আর একই দিনে বিকেলে হবে শুনানি। ১ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বেলা ১২টা পর্যন্ত, আর সেদিন বিকেল ২টায় প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এবারের নির্বাচনে থাকছে পোস্টাল ও ই-ব্যালটের সুযোগ। ১ অক্টোবর বিকেলে বিসিবির ওয়েবসাইটে ব্যালট আপলোড করা হবে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ক্ষেত্রে তা অবশ্যই ৬ অক্টোবর দুপুর ২টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিংবা ই-মেইলে ([email protected] ) পৌঁছাতে হবে। মূল ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৭৪ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন বিসিবির ২৫ পরিচালক। ভোট শেষে সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। এরপর সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন, আর রাত ৯টার মধ্যে ঘোষণা করা হবে বিসিবির নতুন সভাপতি ও সহ-সভাপতির নাম।
এশিয়া কাপ: রাতে সুপার ফোরের প্রথম লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

এশিয়া কাপ: রাতে সুপার ফোরের প্রথম লড়াইয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এশিয়া কাপের জমজমাট আসরে গ্রুপ পর্বের হিসাবনিকাশ শেষ। এবার শুরু সুপার ফোরের মূল লড়াই। অংকের জটিল সমীকরণ মিলিয়ে এশিয়া কাপ ২০২৫ আসরের সুপার ফোরে উঠেছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এক কথায় বলতে গেলে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর কারণেই পরের ধাপে যেতে পেরেছে টাইগাররা। অর্থাৎ বাংলাদেশকে সেরা চারে খেলার সুযোগ করে দিতে শুভাকাঙ্ক্ষী হিসেবে আবির্ভাব হয়েছিল শ্রীলঙ্কার। আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব। রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘নাগিন ডার্বি’তে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ সামনে রেখে কিছুটা এগিয়ে রাখতে হয় শ্রীলঙ্কাকে। কারণ, তারা গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলোই জিতেছে, যেখানে বাংলাদেশকেও হারিয়েছিল। অর্থাৎ লঙ্কানরা এখনো টুর্নামেন্টে অপরাজিত। অন্যদিকে বাংলাদেশ উঠেছে ভাগ্যের সহায়তায়। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ১৭০ রানের লক্ষ্য তাড়ায় দুই লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস যেমন আক্রমণাত্মক ব্যাট করেছেন, তাও ভয়ের কারণ বাংলাদেশের। তবে গত সাত বছরে শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে লড়াই জমিয়ে তুলেছে লাল-সবুজ জার্সিধারীরা, তাতে জয়ের সম্ভাবনা রয়েছে টাইগারদেরও। সেক্ষেত্রে ব্যাট হাতে ভালো করতে হবে টপ অর্ডারদের। দায়িত্ব নিতে হবে মিডলঅর্ডারে খেলা তাওহিদ হৃদয় জাকের আলী অনিক ও শামীম হোসেনদের। বল হাতে কারিশমা দেখাতে হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদদের। বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লালাগে, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা। সুপার ফোরের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বের পয়েন্ট সঙ্গে আসায় বাংলাদেশকে এগোতে হলে জয় দিয়ে শুরু করাটা অপরিহার্য। আর শ্রীলঙ্কার বিপক্ষে সেই জয় পেলে শুধু প্রতিশোধই নয়, ফাইনালের দৌড়েও বড় এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।
বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, বাদ টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, বাদ টি-টোয়েন্টি সিরিজ ২০২৬ সালের মার্চের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। তবে আইসিসির এফটিপি অনুযায়ী নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবার আর থাকছে না। মূল সূচিতে সব ফরম্যাট মিলিয়ে সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী টি-টোয়েন্টি বাদ দিয়ে টেস্ট ও ওয়ানডেকেই গুরুত্ব দিচ্ছে দুই বোর্ড। বিশ্বকাপ-পরবর্তী এই সফর ঘিরে বিসিবি ও পিসিবির মধ্যে আলোচনা চলছে। ইতোমধ্যে প্রস্তাবিত সূচি পাঠিয়েছে বিসিবি, তবে নির্দিষ্ট দিনক্ষণ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০২৪ সালের জুলাইয়ে, যখন দুটি দল মুখোমুখি হয়েছিল একটি টি-টোয়েন্টি সিরিজে। এবার দীর্ঘ ফরম্যাটে সিরিজ আয়োজনকে বড় চ্যালেঞ্জ ও সম্ভাবনা হিসেবে দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের মতো প্রতিপক্ষকে পেয়ে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাবে লাল-সবুজের দল। আগামী ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজ মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজ শেষে সরাসরি বাংলাদেশ সফরে আসবে সালমান-শাহিনরা। সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি ও পিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান জাফর

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে শেখ মেহেদীকে চান জাফর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশ ব্যাটিং-নির্ভর একাদশ নিয়ে মাঠে নেমেছিল মাত্র চারজন বোলার নিয়ে। পার্ট-টাইম বোলারদের খরুচে স্পেল দেখে সতর্ক করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তার মতে, সুপার ফোরে শক্তিশালী প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে এই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। আফগানিস্তানের বিপক্ষে শামীম হোসেন ও সাইফ হাসান মিলিয়ে চার ওভারে খরচ করেন ৫৫ রান। যদিও বাংলাদেশ ম্যাচ জেতে, তবে অধিনায়ক লিটন দাসের কৌশল নিয়ে প্রশ্ন ওঠে। জাফরের মতে, ‘পঞ্চম বোলার’ এর ঘাটতি স্পষ্ট ছিল। ভাগ্য সহায় হওয়ায় বাংলাদেশ ম্যাচ জিতলেও পরবর্তী ধাপে একই কৌশল কার্যকর হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাফর একাদশে দেখতে চান শেখ মেহেদী হাসানকে। তার মতে, নুরুল হাসান সোহানের পরিবর্তে মেহেদীকে সুযোগ দেওয়া উচিত। জাফর বলেন, ‘শ্রীলঙ্কা দলে অনেক বাঁ-হাতি ব্যাটার আছে। তাই মেহেদীকে নেওয়া দরকার। সে শুধু ভালো বোলারই নয়, ব্যাটও করতে পারে। আগের ম্যাচগুলোতে তাকে পাঁচ নম্বরে খেলানো হয়েছিল। নুরুল আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগই পায়নি, তাই তার জায়গায় মেহেদীকে আনা যেতে পারে। ’আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ বোলিং করে ম্যাচসেরা হন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। চার ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ২ উইকেট। জাফরের মতে, দুবাইয়ের বড় মাঠে বাঁ-হাতি স্পিনাররা কার্যকর। তাই নাসুমকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোরের খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু সুপার ফোরের খেলা ভারত আর ওমানের ম্যাচটি দিয়ে আজ শেষ হচ্ছে এশিয়া কাপের গ্রুপপর্ব। তবে ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। আর ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। সুপার ফোর পর্বে খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ৪ দল একে অপরের সাথে খেলবে। সেরা দুই দল যাবে ফাইনালে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আগামী ২০ সেপ্টেম্বর সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে গ্রুপের ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার সুপার ফোরে লড়বে দুই দল। লঙ্কা ম্যাচের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটনরা। পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এই ম্যাচে বাংলাদেশের ভাগ্যও জড়িয়ে রয়েছে। শ্রীলঙ্কা যদি আজকের ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে সরাসরি সুপার ফোরে জায়গা পাবে বাংলাদেশ। অন্যদিকে, আফগানিস্তান জয় লাভ করলে, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা নির্ভর করবে রান রেটের ওপর। এই কারণেই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। আফগানিস্তান আজ একাদশে দুটি পরিবর্তন এনেছে। অভিজ্ঞ পেস অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে বিশ্রাম দিয়ে দারভিশ রাসুলিকে সুযোগ দেয়া হয়েছে, আর আল্লাহ গজনফরের জায়গায় খেলছেন মুজিব উর। শ্রীলঙ্কা একাদশেও একটি পরিবর্তন এনেছে। পেসার মহেশ থিকসানার জায়গায় দুনিথ ভেল্লালাগে মাঠে নামছেন। আবুধাবির উইকেটটি স্পিনারদের জন্য ভালো বলে মনে হলেও, পিচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে আজকের উইকেটে কিছু ঘাস থাকার কারণে পেসাররাও সুবিধা পেতে পারেন। আফগানিস্তানের একাদশ: সাদেকুল্লাহ আতাল, রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, দারভিশ রাসুলি, কারিম জানাত, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর, নুর আহমেদ, ফজলহক ফারুকি। শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা।
এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এ জয়ে ভারতের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করলো পাকিস্তান। ভারতের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তান। সুপার নিশ্চিত হওয়ায় চলতি আসরে আরও অন্তত একবার ভারত-পাকিস্তান লড়াই দেখা যাবে। আগামী ২১ সেপ্টেম্বর ররিবার আবার ভারতের মুখোমুখি হবেন সালমান আলী আঘারা। ম্যাচের ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এশিয়া কাপের সূচি অনুযায়ী আগেই নির্ধারিত ছিল সুপার ফোরে ওঠা সব দল নিজেদের মাঝে আবারও মুখোমুখি হবে। ‘এ’ গ্রুপ থেকে ওঠা দুই দল যে ২১ সেপ্টেম্বর মুখোমুখি হবে সেটাও চূড়ান্ত ছিল আগে থেকেই। বাকি ছিল কেবল দলগুলোর জায়গা নিশ্চিত করা। ভারত আগেই সুপার ফোরে উঠলেও পাকিস্তানকে বেশ ঘাম ঝরিয়েই উঠতে হয়েছে।