দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন

দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট প্রতিযোগিতা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) সকাল ৯টা থেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ সাঁতার ফেডারেশনের কাউন্সিলর খালেকুজ্জামান, সাবেক ক্রিকেট কাউন্সিলর সায়েম উদ্দিন, ক্রীড়া সংগঠক বদিউজ্জামান বুদু ও সালাহ উদ্দিন রিজন, ফানসুর রহমানসহ অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ। খেলা শেষে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতায় ৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে উঠে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ও পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি। জয়ী হয় আইডিয়াল ক্রিকেট গার্ডেন। প্রথমে ব্যাট করতে নেমে আইডিয়াল ক্রিকেট গার্ডেন ৯৮ রান করে। জবাবে পাইওনিয়র ক্রিকেট অ্যাকাডেমি ৪৬ রানে গুটিয়ে যায়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটকে উড়িয়ে শীর্ষস্থান দখল করে চট্টগ্রামের জয়

সিলেটকে উড়িয়ে শীর্ষস্থান দখল করে চট্টগ্রামের জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ১০ উইকেটে হারানোর পর এবার সিলেট টাইটানসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাগরপাড়ের দলটি। এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্সকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে চট্টগ্রাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটানসকে ব্যাট করতে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পড়ে সিলেটের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করতে পারে দলটি। সিলেটের হয়ে একমাত্র লড়াই করেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তিনি ৪১ বলে করেন ৪৪ রান। তবে বাকি ব্যাটারদের কেউই ২০ রান ছুঁতে পারেননি। চট্টগ্রামের বোলিংয়ে শেখ মেহেদী হাসান ও মির্জা বেগ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আমির জামাল।
ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আজ আইসিসিকে পাঠানো এক ই-মেইল বার্তায় বিসিবি জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে শঙ্কা রয়েছে। সেই কারণে সেখানে বাংলাদেশ দল পাঠানো ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছে বোর্ড। চিঠিতে বিসিবি আরও উল্লেখ করে, টুর্নামেন্টে অংশগ্রহণে বাংলাদেশ আগ্রহী থাকলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। এ অবস্থায় বিকল্প কোনো দেশে ম্যাচগুলো আয়োজনের সুযোগ থাকলে সে বিষয়ে বিবেচনা করার জন্য আইসিসির প্রতি অনুরোধ জানিয়েছে বোর্ড। আজ দুপুরে ১৭ জন বোর্ড পরিচালকের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার জেরে বিষয়টি নিয়ে গভীর আলোচনায় বসেন বিসিবির পরিচালকেরা। গতকাল রাতেও অনলাইনে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অধিকাংশ পরিচালক তখনই কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার পক্ষে মত দেন। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অবস্থান বদলায় বোর্ড।
শান্ত ও জাকেরকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

শান্ত ও জাকেরকে ছাড়াই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশের স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী। আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলীর। তার পরিবর্তে উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে। এদিকে টপ অর্ডারে লিটন-সাইফের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারের ভরসা হিসেবে থাকছেন তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি। পেস আক্রমণে রয়েছে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা ধরে রেখেছেন। স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই দলে পরিবর্তন আনা যাবে কারণ দেখানো ছাড়াই। পরের সমময়টায় পরিবর্তন আনা যাবে শুধু চোটের কারণে ও টেকনিক্যাল কমিটির অনুমোদন সাপেক্ষে।
চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা দল

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন বগুড়া জেলা দল চাঁপাইনবাবগঞ্জে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২০২৬-এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে রাজশাহী জেলা ক্রিকেট দল ও বগুড়া জেলা ক্রিকেট দলের মুখোমুখি লড়াইয়ে বগুড়া জেলা দল ২৮ রানের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে। ফাইনাল ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বগুড়া জেলা ক্রিকেট দল ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। জবাবে রাজশাহী জেলা ক্রিকেট দল ২৭.৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ৯৬ রানেই গুটিয়ে যায়। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চারটি উইকেট শিকার করে টুর্নামেন্টের ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বগুড়া জেলা ক্রিকেট দলের মো. আকাশ চন্দ্র। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসহ ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর থেকে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।
জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি

জিম্বাবুয়ের বিশ্বকাপ দল ঘোষণা, ফিরলেন ক্রেমার-মুজারাবানি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরকে সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। অনুমিতভাবেই দলের নেতৃত্ব থাকছে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার সিকান্দার রাজার হাতে। তবে জিম্বাবুয়ের ঘোষিত এই ১৫ সদস্যের দলে সবথেকে বড় চমক হিসেবে হাজির হয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রেমার। দীর্ঘ ৭ বছরের নির্বাসন ও বিরতি কাটিয়ে সরাসরি বিশ্বকাপের বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করছেন এই অভিজ্ঞ লেগ-স্পিনার। বোলিং ইউনিটে মুজারাবানি স্বস্তি: জিম্বাবুয়ের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ব্লেসিং মুজারাবানিকে নিয়ে সংশয় থাকলেও শেষ পর্যন্ত তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছে বোর্ড। পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ মিস করলেও বিশ্বকাপের আগেই ফিটনেস ফিরে পেয়েছেন এই দীর্ঘদেহী পেসার। মুজারাবানির অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণকে বহুগুণ শক্তিশালী করবে। তবে কপাল পুড়েছে বাঁ-হাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরির। স্কোয়াডে জায়গা হারিয়েছেন তিনি। অভিজ্ঞতার মিশেল ও রাজার সেনাপতিরা: অধিনায়ক সিকান্দার রাজা দলে পাচ্ছেন ব্রেন্ডন টেলরের মতো কিংবদন্তি ক্রিকেটারকে, যার উপস্থিতি ব্যাটিং অর্ডারে বাড়তি গভীরতা যোগ করবে। এছাড়া শন উইলিয়ামসের বিকল্প হিসেবে সম্প্রতি দলে জায়গা করে নেওয়া ক্লাইভ মাদান্দেও সুযোগ পেয়েছেন বিশ্বকাপের মূল দলে। টনি মুনিয়োঙ্গা, রায়ান বার্ল এবং রিচার্ড এনগারাভাদের মতো পরিচিত মুখগুলো জিম্বাবুয়ের ‘রোডেশিয়ান’ গর্জন ধরে রাখতে প্রস্তুত। বিশ্বকাপের সূচি ও সমীকরণ: ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে জিম্বাবুয়ে লড়বে গ্রুপ ‘বি’-তে। যেখানে তাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে। ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। গ্রুপ পর্বে তাদের সবকটি ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ক্রেমারের প্রত্যাবর্তন এবং মুজারাবানির ফেরা জিম্বাবুয়ের জন্য বড় আশীর্বাদ। মন্থর গতির লঙ্কান উইকেটে রাজার স্পিন আর অভিজ্ঞ টেলরের ব্যাটিং জিম্বাবুয়েকে এই গ্রুপের ‘ডার্ক হর্স’ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। জিম্বাবুয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্দা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাবা ও ব্রেন্ডন টেলর।
মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় বোর্ড

মুস্তাফিজকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দিল ভারতীয় বোর্ড আইপিএল ২০২৬ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে নির্দেশ দিয়েছে বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে। ফ্র্যাঞ্চাইজি যদি তার পরিবর্তে অন্য খেলোয়াড় নিতে চায়, সে ক্ষেত্রেও বিসিসিআই অনুমতি দেবে। আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে তার অন্তর্ভুক্তিকে ঘিরে ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। এরপর ভারতীয় হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভের মুখে এমন সিদ্ধান্ত দিতে বাধ্য হয়েছে বোর্ড এমনটাই ধারণা করা হচ্ছে। ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক বৈরিতার আগুন ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে পড়ার নজির বেশ পুরনো। সবশেষ বিসিসিআইয়ের বাংলাদেশবিরোধী হস্তক্ষেপে অনেকটাই স্পষ্ট হয়ে গেছে, আইপিএল ২০২৬ মৌসুমে মুস্তাফিজুর রহমানকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। এখন দলটির সামনে বড় চ্যালেঞ্জ—এই অভিজ্ঞ বাঁহাতি পেসারের জায়গায় কার্যকর বিকল্প খুঁজে বের করা।
বিশ্বকাপে ৭ ‘নতুন মুখ’ নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে ৭ ‘নতুন মুখ’ নিয়ে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। শুক্রবার (২ জানুয়ারি) এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। বেশ চমক রেখে এবারের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই দলে সাতজন ক্রিকেটার প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছে। এরা হলেন কুয়েনা মাফাকা, করবিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা ও ডনোভান ফেরেইরা। এছাড়া বিশ্বকাপ দলের জায়গা পেয়েছেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। সেইসঙ্গে ডেভিড মিলার, টনি ডি জর্জি ও কেশব মহারাজের মতো পরীক্ষিত ক্রিকেটাররা আছেন বিশ্বকাপ দলে। সবশেষ ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের খুব কাছে গিয়ে হৃদয় ভাঙে প্রোটিয়াদের। ফাইনালে ভারতের কাছে ৭ রানে হেরে যায় তারা। তবে এবার শিরোপা জয়েই চোখ রাখছে এইডেন মার্করামের দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কুয়েনা মাফাকা, লুঙ্গি এনগিদি, জেসন স্মিথ, জর্জ লিন্ডা, করবিন বশ, এনরিখ নরকিয়া।
কোনো উইকেট না হারিয়ে জয় পেল চট্টগ্রাম

কোনো উইকেট না হারিয়ে জয় পেল চট্টগ্রাম বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস। ১০ উইকেটের জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। শুক্রবার ১২২ রানের জবাবে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১২.৪ ওভারে জয় তুলে নেয় মাহেদী হাসান-মিঠুনরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। ব্যাটিংয়ে নেমে ক্যাপিটালসের ব্যাটাররা চট্টগ্রাম রয়্যালসের বোলারদের সামনে নাকানি-চুবানি খায়। একের পর উইকেট পতনের কারণে দলীয় স্কোরটা বড় হয়নি। শেষদিকে নাসির (১৭)-সাইফুউদ্দিনের (৩৩) জুটিতে কোনোমতে একশো পার করে ঢাকা। ১৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ঢাকা তুলতে পারে মাত্র ১২২ রান। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি চট্টগ্রাম রয়্যালসকে। ওপেনিং জুটিতেই ম্যাচ শেষ করে দেন নাঈম শেখ ও অ্যাডাম রসিংটন। নাঈম ৪০ বলে ৫৪ এবং রসিংটন ৩৬ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন। মাত্র ১২.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস।
২০২৬ সালে ঘরের মাঠে পাঁচ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

২০২৬ সালে ঘরের মাঠে পাঁচ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৬ মৌসুমের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর বাংলাদেশে এসে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তিন সংস্করণ-টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি-মিলিয়ে পুরো বছরই ব্যস্ত সময় পার করবে টাইগাররা। বিসিবি জানায়, এই সূচির ফলে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরের মাঠে বিশ্বমানের ক্রিকেট উপভোগ করার সুযোগ পাবেন। ম্যাচগুলোর ভেন্যু পরবর্তীতে ঘোষণা করা হবে। ২০২৬ সালের মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান দল। ১২, ১৪ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।এই সিরিজে সীমিত ওভারের দুই সংস্করণেই নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে স্বাগতিকরা। মে মাসেই আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, তবে এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এই সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের সুযোগ এনে দেবে। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে এই সিরিজ ঘরের মাঠে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। প্রতিবেশী দুই দেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, তাই এই সিরিজ নিয়ে ইতোমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও রয়েছে। এ ছাড়া মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দল বাংলাদেশে এসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। সব মিলিয়ে ২০২৬ সালে ঘরের মাঠে টানা আন্তর্জাতিক ক্রিকেটে ভরপুর সময় অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বিসিবির এই ঘোষিত সূচি দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।