অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শিরোপা ধরে রাখার মিশনে অজিদের নেতৃত্ব দেবেন ভিক্টোরিয়ার ব্যাটার অলিভার পিক। পিক যুব দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলেছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়েও। ডেভেলপমেন্ট প্লেয়ার হিসেবে টেস্ট স্কোয়াডের সঙ্গে শ্রীলঙ্কা সফরও করেছেন তিনি। ২০২৪ সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ফাইনালের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন পিক। বিশ্বকাপের জন্য ঘোষিত দলে রয়েছেন তিন নতুন মুখ। তারা হলেন নাডেন কুরে, নিথেশ স্যামুয়েল এবং উইলিয়াম টেইলর। বিশ্বকাপে দলটি অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ টিম নিলসেনের অধীনে। সহকারী হিসেবে থাকবেন লুক বাটারওর্থ এবং ট্রাভিস ডিন। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল : অলিভার পিক (অধিনায়ক), কেইসি বার্টন, নাডেন কুরে, জেডেন ড্রেপার, বেন গর্ডন, স্টিভেন হোগান, থমাস হোগান, জন জেমস, চার্লস লাখমুন্ড, উইল মালাইচজুক, নিথেশ স্যামুয়েল, হেইডেন শিলার, আরিয়ান শর্মা, উইলিয়াম টেইলর, অ্যালেক্স লি ইয়ং।
‘এ+’ গ্রেড হারাতে পারেন কোহলি-রোহিত

‘এ+’ গ্রেড হারাতে পারেন কোহলি-রোহিত আইসিসির সর্বশেষ ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য সুখবরের পাশাপাশি রয়েছে কিছু চাঞ্চল্যকর দুঃসংবাদ। ৩৭ বছর বয়সী কোহলি দুই নম্বরে এবং ৩৮ বছর বয়সী রোহিত শর্মা শীর্ষে থাকা এই দুই অভিজ্ঞ ব্যাটার এখনও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন, তবে তাদের বেতন কমানোর সম্ভাবনা রয়েছে। ভারতের দলে শুধু ওয়ানডেতে খেলছেন এই দুই সিনিয়র ক্রিকেটার। ২০২৪-২৫ মৌসুমের চুক্তিতে তারা ‘এ+’ ক্যাটাগরিতে ছিলেন, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়-পরবর্তী অবসরের কারণে এবং এবার টেস্ট থেকে বিদায় নেয়ার পর সম্ভাবনা রয়েছে তাদের গ্রেড একটি ধাপ নেমে ‘এ’ ক্যাটাগরিতে চলে যাবে। এতে তাদের বার্ষিক বেতন বর্তমান ৭ কোটি রুপি থেকে কমে প্রায় ২ কোটি রুপি কমতে পারে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হতে যাওয়া বিসিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সভায় বেতন কাঠামার পাশাপাশি আম্পায়ার ও ম্যাচ রেফারিদের বেতন সংস্কার এবং বোর্ডের ডিজিটাল প্ল্যাটফর্মের হালনাগাদ বিষয়গুলোও আলোচনা হবে। বর্তমান সময়ে রোহিত-কোহলির পরে ভারতের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে উঠে আসছেন শুভমান গিল। এছাড়া জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাও এ+ ক্যাটাগরিতে থাকবেন। গিল পূর্বে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন।
ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হায়দার আলী, পেলেন বিপিএল খেলার ছাড়পত্র

ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হায়দার আলী, পেলেন বিপিএল খেলার ছাড়পত্র পাকিস্তান ক্রিকেটার হায়দার আলী ইংল্যান্ডের ম্যানচেস্টারে দায়ের হওয়া ধর্ষণ মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে, হায়দারসহ ১০ ক্রিকেটারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। এতে পাকিস্তানি ক্রিকেটাররা ২৩ জানুয়ারি পর্যন্ত বিপিএলে অংশ নিতে পারবেন। ২৫ বছর বয়সী হায়দার আলী গত সেপ্টেম্বরে একটি ধর্ষণ মামলায় অভিযোগের মুখে পড়েন। অভিযোগ ওঠার পরই পিসিবি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় ২৫ সেপ্টেম্বর মামলাটি বন্ধ করে দেয়। ফলে হায়দারের বিরুদ্ধে অভিযোগের আর কোনো আইনি ভিত্তি থাকেনি। দীর্ঘ বিরতির পর এবার তিনি ফিরছেন মাঠে। বিপিএলের নতুন দল নোয়াখালী এক্সপ্রেস নিলামে ২৫ হাজার ডলারে দলে ভিড়িয়েছে পাকিস্তানের এই ব্যাটারকে। এছাড়া এনওসি পাওয়া খেলোয়াড়দের তালিকায় আরো আছেন মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হোসাইন তালাত, খাজা নাফে ও এহসানুল্লাহ।
‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’-রোহিতকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি

‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য’-রোহিতকে নিয়ে মুখ খুললেন আফ্রিদি সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, এই দু’জনকে দল থেকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে তা একেবারেই অযৌক্তিক, কারণ তারা এখনো ভারতীয় ওয়ানডে দলের মেরুদণ্ড। টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘বিরাট ও রোহিত ভারতের ব্যাটিংয়ের মূল শক্তি। সাম্প্রতিক ওডিআই সিরিজে তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে, ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সহজেই তারা দলকে টেনে নিতে পারবেন। তিনি আরো যোগ করেন, বড় সিরিজগুলোতে এই দুই তারকাকে নিয়মিত খেলানো উচিত। ‘তাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। দুর্বল দলের বিপক্ষে খেললে নতুনদের সুযোগ দিন, আর রোহিত-কোহলিকে বিশ্রাম দিন,’- বলেন আফ্রিদি। গৌতম গম্ভীরকে উদ্দেশ করে আফ্রিদির কটাক্ষও ছিল তীর্যক। ‘গম্ভীর শুরুতে মনে করেছিলেন, তার ভাবনাই সবকিছু। কিন্তু পরে প্রমাণ হয়েছে, সবসময় তুমি ঠিক নও,’ মন্তব্য করেন তিনি। রোহিত শর্মা তার ওডিআই ছক্কার রেকর্ড ভাঙায় আফ্রিদি আনন্দও প্রকাশ করেন। ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি। আমি রোহিতকে সবসময়ই পছন্দ করেছি, তার হাতে আমার রেকর্ড ভাঙা দেখে ভালো লাগছে,’- বলেন তিনি। রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে রোহিত আফ্রিদির ৩৫১ ছক্কার রেকর্ড পেরিয়ে ৩৫৫ ছক্কায় পৌঁছান। আফ্রিদি স্মরণ করেন ২০০৮ সালের আইপিএলে ডেকান চার্জার্সে রোহিতের সঙ্গে তার সময়ও। ‘অনুশীলনে তাকে দেখে বুঝেছিলাম, এই ছেলেটা একদিন ভারতের বড় তারকা হবে। সে এখন বিশ্বমানের ব্যাটার,’ যোগ করেন তিনি।
আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের ৭ ক্রিকেটার, নেই সাকিব আইপিএল-২০২৬ এর মিনি নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে জায়গা পাওয়া ৩৫০ ক্রিকেটারের মধ্যে আছেন ২৪০ জন ভারতীয় এবং ১১০ জন বিদেশি তারকা। যাদের মধ্যে আছেন কুইন্টন ডি কক ও স্টিভ স্মিথের মতো বিশ্বসেরা ক্রিকেটাররাও। আসন্ন মৌসুমের ১০ ফ্র্যাঞ্চাইজির জন্য মোট শূন্যপদ ৭৭টি। আর সেই আসনগুলোর দখল নিতে হবে এই তারকাদেরই। অবশ্য ৩৫০ জনের চূড়ান্ত তালিকায় নেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে রয়েছেন আরও ৭ বাংলাদেশি। তার মধ্যে ২ কোটি রূপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও মো. শরীফুল ইসলাম আছেন ৭৫ লাখ রূপি ভিত্তমূল্যের তালিকায়। আর ৩০ লাখ রূপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন রাকিবুল হাসান। এবারের নিলামের জন্য শুরুতে নিবন্ধন করেছিলেন ১,৩৯০ জন ক্রিকেটার। সেখান থেকে বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপে তালিকা নামানো হয় ১,০০৫ জনে। শেষ পর্যন্ত কঠোর বাছাই প্রক্রিয়া শেষে ৩৫০ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। যারা লড়বেন বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের ১৯তম আসরের জন্য। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক প্রথমে নিবন্ধন না করলেও পরে যুক্ত হয়েছেন তালিকায়। সদ্য ওয়ানডে থেকে অবসর ভেঙে ফিরেছেন তিনি। তার ভিত্তিমূল্য রাখা হয়েছে ১ কোটি রুপি। অন্যদিকে, অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথ, যিনি শেষ আইপিএল খেলেছিলেন ২০২১ সালে, তিনিও তালিকায় স্থান পেয়েছেন ২ কোটি রুপি ভিত্তিমূল্যে। ভারতের দুই তরুণ প্রতিভা পৃথ্বী শ ও সারফরাজ খান নিলামের প্রথম সেটেই আছেন। দু’জনেই নিজের ভিত্তিমূল্য রেখেছেন ৭৫ লাখ রুপি। আইপিএলের প্রকাশিত তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক, নিউ জিল্যান্ড ও চেন্নাই সুপার কিংসের সাবেক ওপেনার ডেভন কনওয়ে, আর দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার ডেভিড মিলার। এদের প্রত্যেকের ভিত্তিমূল্যই ২ কোটি রুপি।
মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল

মোস্তাফিজের ফের ২ উইকেট, এবার জিতল দল দুবাইয়ে আইএল টি-টোয়েন্টিতে নিজের অভিষেক জয়ে রাঙাতে পারেননি মোস্তাফিজুর রহমান। বল হাতে নিজে ২ উইকেট নিলেও দুবাই ক্যাপিটালস জিততে পারেনি। তবে জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হয়নি বাংলাদেশের পেসারের। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় ম্যাচে বড় জয় পেয়েছে তারা। রোববার আবুধাবি নাইট রাইডার্সকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে মোস্তাফিজুর রহমানদের দুবাই ক্যাপিটালস। আগে ব্যাটিং করে দুবাই ৪ উইকেটে ১৮৬ রান করে। জবাব দিতে নেমে আবুধাবি নাইট রাইডার্স গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। আসরের প্রথম জয়ের সঙ্গে কিছু রান রেটও বাড়িয়ে নিতে পেরেছে দুবাই। যা সম্ভব হয়েছে মোস্তাফিজদের দারুণ বোলিংয়ে। বাঁহাতি পেসার জয় পাওয়া ম্যাচেও পেয়েছেন ২ উইকেট। ৩ ওভারে ২২ রান দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। পাওয়ার প্লে’তে দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে উন্মুক্ত চাঁদকে ফেরান মোস্তাফিজ। এরপর আক্রমণাত্মক ব্যাটসম্যান ফিল সল্টের উইকেট নেন। সল্টের ব্যাটেই দুই চার ও এক ছক্কা হজম করেন তিনি। পরে প্রতিশোধ নিয়ে শেষ হাসিটা তিনিই হাসেন। দুবাইয়ের সেরা বোলার ছিলেন ওয়াকার সালামখেইল। ৩.৩ ওভারে ২৯ রানে ৪ উইকেট নেন। তবে তাদের জয়ের নায়ক রোভমান পাওয়েল। প্রথম ইনিংসে তার ঝড়ো ব্যাটিংয়েই দল জিতেছে। ৫২ বলে ৯৬ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের এই হার্ডহিটার। ৮ চার ও ৪ ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া জর্ডান কক্স ৩৬ বলে ৫২ রান করেন।
দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব

দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ একটি সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব ঘোষণা দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে তিনি এখনও কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা বলেছিলেন তিনি। দেশে ফিরে আবার দেশের বাইরে যাওয়ার শর্ত দিয়েছিলেন সাকিব। কিন্তু নীতিনির্ধারকদের থেকে সাড়া পাননি। ‘হুমকি’ থাকায় তাকে নিয়ে ঝুঁকিও নেননি তারা। কানপুরে সাকিব টি-টোয়েন্টি থেকে সরে যাওয়ার এবং ভবিষ্যতে প্রয়োজন হলে ফেরার কথা বলেছিলেন। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে ছাড়ার ইচ্ছা ছিল তার। সেটাও হয়নি। আর টেস্টেও সুযোগ হয়নি। ফলে মাঠ থেকে অবসর নেওয়ার বাসনা পূরণ হয়নি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবের। তবে এখনও সেই ইচ্ছাটা পুষে রেখেছেন তিনি। । রোববার প্রকাশিত ‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্ট-এ নিজের ইচ্ছা কথা বলেছেন বাঁহাতি অলরাউন্ডার, “আনুষ্ঠানিকভাবে সব সংস্করণ থেকে অবসর নেইনি আমি। এই প্রথম এটি প্রকাশ করছি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেওয়া।” “আমি বলতে চাই, একটি সিরিজে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি। এটি টি-টোয়েন্টি দিয়ে শুরু করে ওয়ানডে ও টেস্ট, অথবা টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-এভাবে হতে পারে। এর যেভাবেই হোক, আমি খুশি; কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমি চাই।” – যোগ করেন তিনি।
নতুন ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া

নতুন ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় দীর্ঘ বিরতির পর আবারও টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২০০৩ সালের পর আর কখনও অজিদের মাটিতে সাদা পোশাকের ম্যাচ পায়নি টাইগাররা। প্রায় ২৩ বছর পর ২০২৬ সালের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তবে এবার তাদের অপেক্ষা করতে হতে পারে একেবারেই নতুন এক ভেন্যুর জন্য। অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষ (সিএ) এখনও আনুষ্ঠানিকভাবে ভেন্যু চূড়ান্ত না করলেও অভ্যন্তরীণ আলোচনা থেকে জানা গেছে, কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাকে বিবেচনা করা হচ্ছে। নতুন এই ভেন্যুটি হতে পারে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট স্টেডিয়াম। সেখানেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট আয়োজনের পরিকল্পনা করছে সিএ। স্টেডিয়ামটিতে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার গ্র্যান্ডস্ট্যান্ড, আধুনিক সম্প্রচার সুবিধা এবং উন্নত ট্রেনিং কমপ্লেক্স নির্মাণে রাজ্য সরকার প্রায় ২০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। ইতোমধ্যে পুরুষ দলের দুটি ওয়ানডে এবং নারী দলের একাধিক ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে মাঠটির। আগস্টে সিরিজ হওয়ায় এটি অস্ট্রেলিয়ার মূল ক্রিকেট মৌসুমের আগের সময়। ফলে সিডনি, মেলবোর্ন বা ব্রিসবেনের মতো প্রধান ভেন্যুগুলো সে সময় অন্য ব্যস্ততা ও প্রস্তুতির কারণে ব্যবহার করা সম্ভব নয়। তাই উষ্ণ আবহাওয়ার কারণে সারাবছরই ক্রিকেট উপযোগী দেশটির উত্তরাঞ্চলের ভেন্যুগুলোকে বিকল্প হিসেবে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার পাশাপাশি কেয়ার্নস, ডারউইন ও টাউনসভিলও আলোচনায় আছে। ডারউইনের ক্রিকেট নর্দার্ন টেরিটরির প্রধান নির্বাহী গ্যাভিন ডোভি ইতিমধ্যেই আশা প্রকাশ করেছেন যে অন্তত একটি ম্যাচ তাদের এখানেও হতে পারে। কেয়ার্নস ও ডারউইন দুটো স্থানেই আগে টেস্ট খেলেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে প্রায় দুই যুগ। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে, তবে নতুন এক অধ্যায়ের মধ্য দিয়ে। নতুন ভেন্যু, নতুন পরিবেশ সব মিলিয়ে অজিদের মাটিতে বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ফিরতি যাত্রা হতে পারে ভিন্ন এক অভিজ্ঞতা।
ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে এ্যাশেজে ২–০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে এ্যাশেজে ২–০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ব্রিসবেনে অনুষ্ঠিত দিবা–রাত্রির দ্বিতীয় এ্যাশেজ টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্টিভ স্মিথ গাস অ্যাটকিনসনের ওভারের শেষ বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন। লক্ষ্য তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়া ২ উইকেট হারায়। এর আগে পার্থে দুই দিনের মধ্যেই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে সিরিজ দুর্দান্তভাবে শুরু করেছিল অজিরা। ফলে এডিলেড, মেলবোর্ন ও সিডনির বাকি তিন টেস্টেও অস্ট্রেলিয়াই বড় ফেবারিট। ম্যাচ নিয়ে স্মিথের প্রতিক্রিয়া ম্যাচ শেষে অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন,“দারুণ একটি দিন ছিল। প্রথম দুই দিন কিছুটা লড়াই হয়েছিল। তবে লাইটের আলোতে নতুন বল হাতে নেওয়ার মুহূর্ত থেকেই ম্যাচ আমাদের দিকে চলে আসে। গোলাপি বলে খেলা কঠিন—প্রতি মুহূর্তে বলের আচরণ বদলায়, সেটির সঙ্গে মানিয়েই খেলতে হয়।” ইংল্যান্ডের ব্যাটিং ব্যর্থতা ও ফিল্ডিং দুর্বলতা ইংলিশ ব্যাটারদের মধ্যে প্রথম ইনিংসে জো রুট ও জ্যাক ক্রলি এবং দ্বিতীয় ইনিংসে বেন স্টোকস ও উইল জ্যাকস ছাড়া কেউই টিকতে পারেননি। গ্যাবার বাউন্সি উইকেটে বেশ কয়েকজন ব্যাটার বাজে শট খেলে আউট হয়েছেন। ফিল্ডিংয়েও ভয়াবহ ব্যর্থ ইংল্যান্ড—প্রথম ইনিংসে ৫টি ক্যাচ মিস করে তারা। বিপরীতে অস্ট্রেলিয়া একটিও সুযোগ হাতছাড়া করেনি। বিশেষ করে জস ইংলিসের দুর্দান্ত রানআউটে স্টোকসকে ফেরানো ম্যাচের চিত্রই পাল্টে দেয়। স্টোকস ম্যাচ শেষে বলেন,“সম্পূর্ণ বিষয়ই হতাশার। ম্যাচটা অনেকটাই আমাদের হাতে ছিল—কিন্তু চাপ সামলাতে পারিনি।” অস্ট্রেলিয়ার ১৭৭ রানের লিড অস্ট্রেলিয়ার টেলএন্ডারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে দল তোলে ৫১১ রান, যা ইংল্যান্ডের ওপর ১৭৭ রানের লিড এনে দেয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১২৮ রানে ৬ উইকেটে পড়ে আবারও বিপদে পড়ে। এই অবস্থায় স্টোকস–জ্যাকস জুটি ৯৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন। স্টোকস ২২৯ বলে ৫০ জ্যাকস ১৮৩ বলে ৪১ দুজনকেই শেষ পর্যন্ত ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার পেসার মাইকেল নেসার। অস্ট্রেলিয়ার সহজ জয় ৬৫ রানের টার্গেটে অজিরা দলীয় ৩৭ রানে ট্রাভিস হেড এবং চার রান পর মার্নাস লাবুশেনকে হারায়। স্মিথ ও জেক ওয়েদারাল্ড ঠাণ্ডা মাথায় ম্যাচ শেষ করেন। স্মিথ অপরাজিত ২৩ ওয়েদারাল্ড অপরাজিত ১৭ ম্যাচ সেরা স্টার্ক দুই ইনিংসে মোট ৮ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। পরবর্তী ম্যাচ এ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ১৭ ডিসেম্বর, এডিলেডে।
গিলকে খেলায় ফেরা নিয়ে সুখবর পেল ভারত

গিলকে খেলায় ফেরা নিয়ে সুখবর পেল ভারত ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুভমান গিল চোটমুক্ত হয়ে অবশেষে মাঠে ফিরতে প্রস্তুত। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স (সিওই) শনিবার জানায়, ঘাড়ের ইনজুরি থেকে সেরে ওঠা গিলকে খেলায় ফেরার জন্য মেডিক্যাল ও স্পোর্টস সায়েন্স বিভাগ সবুজ সংকেত দিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই তাকে মাঠে দেখা যেতে পারে। কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ের ইনজুরিতে আক্রান্ত হয়ে গিলকে দুই দিন হাসপাতালে থাকতে হয়। ইনজেকশন নেওয়ার পর চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি রিহ্যাবে যান এবং চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন। তবে সিওই-এর কঠোর রিটার্ন টু প্লে (আরটিপি) প্রোটোকল অনুসরণ করে তিনি পুরোপুরি অনুশীলনে ফিরে এসেছেন। সিওই থেকে দল ব্যবস্থাপনার স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিন টিমকে পাঠানো বার্তায় বলা হয়েছে, ‘শুভমান গিল সফলভাবে সব রিহ্যাব ধাপ সম্পন্ন করেছে এবং সব ফরম্যাটের ক্রিকেটে ফেরার জন্য প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করেছে।’