শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা স্টেডিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান, সাইমুম সাদাব ও শাহাদাৎ হোসেনসহ অন্যরা। সভায় ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিতে নানান পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক আজাহার আলী। এসময় তিনি বলেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা করারও সুযোগ করে দিতে হবে। পাশাপাশি স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নের আশ^াস দেন তিনি।

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩০০ শীতার্ত সীমান্তবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির উপ-অধিনায়ক মেজর এস.এম. ইমরুল কায়েস প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে কিরনগঞ্জ কোম্পানী কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।বিজিবি জানায়,প্রতিবছর ব্যাটালিয়ন কর্তৃক সীমান্তবাসীদের এ ধরণের সহায়তা করা হয়। এ বছরও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ফোন জব্দ

শিবগঞ্জে অবৈধ ভারতীয় মোবাইল ও ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা হতে চোরাইপথে আসা অবৈধ ভারতীয় ১৬টি মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। গত শনিবার দিবাগত রাত ১২টায় উপজেলার দুর্লভপুর এলাকা হতে এগুলো জব্দ করা হয়। রবিবার এক সংবাদ বিজ্ঞতিতে এই তথ্য জানিয়েছেন বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান। তিনি আরো জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকা অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে চোরাই পথে আনা ১৬টি ভারতীয় মোবাইল ফোন ও ৪ বোতল ফেনসিডিল জব্দ করে টহল দল।

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ

শিবগঞ্জে দুস্থদের মাঝে চেক বিতরণ শিবগঞ্জে আলহাজ¦ কয়েস উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়-দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে অসহায়-দুস্থ ও বাক প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে এসব চেক পৌঁছে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রভাষক মাসুদ রানা। এ সময় তিনি ব্যক্তিগত উদ্যোগে ফজিলাতুন্নেছা নেশা শিক্ষা ও চিকিৎসা সেবা, প্রতিবন্ধীসেবার মাধ্যমে প্রতিমাসে ৫’শ ও ১ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন। আজ পাঁচজনকে আর্থিক সহায়তার চেক দেয়া হয়। এসময় স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।    

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় লিয়াকত আলী নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাস কারাদন্ড দিয়েছেন আদালত। আজ দুুপরে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডিত লিয়াকত আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোনাপাড়ার মৃত লোকমান মন্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বটতলা বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ লিয়াকত আলীকে আটক করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাবের নায়েব সুবেদার আবু তালেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আতাউর হোসেন তদন্ত শেষে লিয়াকত আলীকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার শুনানি শেষে আদালত এই দন্ড প্রদান করেন।

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ

বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সিসিডিবির কার্যালয়, শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘ ও নওগাঁর নিয়ামতপুর প্রেস ক্লাবে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিসিডিবি-এমএফপির উদ্যোগে ১০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। জেলা শহরের স্বরূপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, সিসিডিবি-এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অন্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১০০ জন অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জেন শিবগঞ্জে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ পৌর মার্কেটের তৃতীয় তলায় সংগঠনটির নিজস্ব কার্যালযে কম্বল বিতরণের আয়োজন করা হয়। প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে সংগঠনের দুস্থ সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় সংঘের সাধারণ সম্পাদক আলহাজ মো. আকবর হোসেন, কোষাধ্যক্ষ একরামুল রেজাসহ অন্য সদস্য্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলা মডেল প্রেস ক্লাবের উদ্যোগে প্রধান উপদেষ্টার ত্রাণভা-ার হতে প্রাপ্ত কম্বল বিতরণ করা হয়। গতকাল বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ ৮০ জন নারী-পুরুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়। মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য আবু তালেব, সনজিত কুমার, সদস্য সেলিম, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, সবুজ, ইলিয়াস হোসেন টুটুল।

শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক

শিবগঞ্জে সেই খাদিজা পেল সূবর্ণ নাগরিক   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজ সেই খাদিজা খাতুন নামে ছয় বছরের এক শিশুকে প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড দেয়া হয়েছে। আজ দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে উপজেলা সমাজসেবা কার্যালয়ে ওই শিশুর পরিবারের হাতে সূবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। ওই শিশু উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মনিরুল ইসলাম ও জেসমিন খাতুনের দম্পতির মেয়ে। জানা গেছে- গত ১৮ ডিসেম্বর বেলা ১১টায় প্রতিবন্ধী খাদিজা খাতুন নিজ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ২টায় শিবগঞ্জ থানা পুলিশ, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে শিশুটির সন্ধান পাওয়া যায়। খোঁজ নিয়ে জানা যায়, ওই শিশুর প্রতিবন্ধীর সূবর্ণ নাগরিক কার্ড নেই। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয় সূবর্ণ নাগরিক কার্ড দেয়ার উদ্যোগ নেয়।

শিবগঞ্জে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন মোবারকপুর ইউনিয়ন

শিবগঞ্জে প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন মোবারকপুর ইউনিয়ন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর প্রিমিয়ার লীগ প্রাইজমানি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আইয়ান ও আরাফাত ক্রিকেট ক্লাব আয়োজিত শ্যামপুর ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কানসাট ইউনিয়ন ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মোবারকপুর ইউনিয়ন ক্রিকেট দল। অনুষ্ঠানে শ্যামপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি ডা. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু তালেব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী মাহমুদ মিঞা ও বিশিষ্ট সমাজসেবক নাইমুল ইসলাম অন্যরা। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া হয়।

অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি

অবৈধভাবে শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফের অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই দিন ধরে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে বিজিবি জানিয়েছে। এরই মধ্যে ওই সীমান্তে গত সোমবার ও মঙ্গলবার বিকেলে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। ফলে উভয় বাহিনীই সীমান্তে বতর্মানে সর্তকাবস্থানে রয়েছে। বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেনÑ গত ৫ জানুয়ারি বিকেল পৌনে ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চৌকা বিওপির সীমান্ত পিলার ১৭৭/২-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে চৌকা মাঠ নামক স্থানে যার জিআর নম্বর ০৪৭৩৭২ এমএস ৭৮ ডি/২ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সবদেলপুর ক্যাম্পের সদস্যরা মাটি খননের কাজ শুরু করে। পরে চৌকা বিওপির টহল দল পতাকা বৈঠকের মাধ্যমে বাধা প্রদান করে। সেই ঘটনার প্রেক্ষিতে আজ বেলা ১১টার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য আবারো মাটি খনন শুরু করে। এ ব্যাপারে বিজিবি কর্তৃক তাৎক্ষণিক বাধা প্রদান করলে বিএসএফ স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে এবং অতিরিক্ত জনবল নিয়োগ করে। পরবর্তীতে ৫৯ বিজিবির অধিনায়ক এবং বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ঘটনাস্থলে পরিদর্শনে আসেন এবং বিজিবি তাৎক্ষণিক বিএসএফ’র স্টাফ অফিসারের সাথে পতাকা বৈঠক করে। বৈঠক-পরবর্তী বিএসএফ তাদের অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নেয় এবং নির্মাণ কাজ বন্ধ রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান।

শিবগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, বস্তুনিষ্ঠ সাংবাদ লেখনের মাধ্যমে আপনারা প্রশাসনকে এগিয়ে নিয়ে যাবেন। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন আর রশিদ টুকু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন উর রশিদ, সাধারণ সম্পাদক নাদিম হোসেন, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন আলী, সাবেক সভাপতি মাইনুল ইসলাম লাল্টু, সিনিয়র সাংবাদিক আহসান হাবীব, সফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।