শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ

শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫টি ইউনিয়নে ৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা। দরিদ্র ব্যক্তিদের কষ্ট লাঘবে জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

শিবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন

শিবগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন শিবগঞ্জ উপজেলা শ্যামপুর ইউনিয়ন শাখার আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শ্যামপুর হাজী মমতাজ মিঞা ডিগ্রি কলেজের হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার সভাপতি ইদ্রীস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক। এই সময় বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সহ-সাধারন সম্পাদক, শফিকুল ইসলাম, উপদেষ্টা বাবুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, শ্যামপুর ইউনিয়ন শাখার উপদেষ্টা নাসির উদ্দিনসহ অন্যরা।

শিবগঞ্জে চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক

শিবগঞ্জে চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোনসহ একজন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় চোরাইপথে আনা ভারতীয় মোবাইল ফোন, মোটরসাইকেল (বাইক) ও নৌকাসহ এক যুবককে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। রবিবার সকাল ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে হয় উল্লিখিত পণ্যসহ যুবককে আটক করা হয়। আটক হওয়া যুবক উপজেলার পাঁচকাঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মুক্তার হোসেন (২৪)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বিষয়টি জানিয়েছেন। তিনি আরো জানান, মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল বুগলাউড়ি ঘাট এলাকায় অভিযান চালায়। সেখানে এক যুবক ব্যাগ নিয়ে নৌকা থেকে নামার সময় তার গতিবিধি সন্দেহ হয়। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার ব্যাগটি তল্লাশি করে অবৈধ ও চোরাচালানকৃত ১৮টি মোবাইল ফোন, ১টি নৌকা ও ১টি মোটরসাইকেল আটক করা হয়।

শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন

শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে বক্তব্য দেন, সাহিত্য মঞ্চের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহসভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মামুন অর রশিদ, ডা. তড়িৎ কুমার সাহা ও শিবগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেখা রানী মনিগ্রামসহ অন্যরা। বক্তারা সাহিত্য মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিদের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে ভারতীয় ইয়াবাসহ আটক ২ শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বিজিবির অভিযানে এক হাজার তিনশত পিস ভারতীয় ইয়াবা সহ দু’জন আটক হয়েছে। আটককৃতরা হল শিবগঞ্জের বাবুপুর কাঁটাপাড়া গ্রামের ইসমাইলের ছেলে জিফরুল ও গমেরচর গ্রামের আব্দুল ওহাবের ছেলে জাহাঙ্গীর। আজ দুপুরে ৫৩ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে টহলদল সন্দেহজনক গতিবিধির দুই ব্যাক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে থামার সংকেত দেয়। কিন্তু তারা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যাবার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশীতে ১ হাজার ৩ শত পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় জব্দ মাদকসহ আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা

রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে ‘শিক্ষার্থীর জ্ঞান অন্বেষায়’ হাতের সুন্দর লেখা, সাধারণ জ্ঞান ও পাঠ্যসূচির আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রানীহাটি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জহিরুল করিম ডেভিডের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন- সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও পাঠাগারটির উপদেষ্টা মজিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঘোড়াপাখিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি খাতুন, পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সদস্য আহসান হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারটির সাধারণ সম্পাদক সিপারুল আনাম। পরে পাঠাগারকেন্দ্রিক নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর ও রানীহাটি ইউনিয়নের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৭৫ জন শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

শিবগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১

শিবগঞ্জে ডিবি’র অভিযানে গাঁজা জব্দ, গ্রেপ্তার ১ শিবগঞ্জে অভিযান চালিয়ে গাঁজাসহ মো. পাইরুল ইসলাম (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। গত শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে এই অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে ডিবির একটি দল মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামে অভিযান চালায়। অভিযানে ১ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মো. পাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

শিবগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় স্মার্ট ফোন উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় স্মার্ট ফোন উদ্ধার ভারতীয় সীমান্তে পড়ে থাকা ৩১টি মালিবহিন স্মার্ট ফোন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি মাঠ থেকে জব্দ করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,সীমান্তে চোরাচালান বন্ধসহ অবৈধ অনুপ্রেবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এরই মাঝে চোরাকারবারিরা মোবাইল ফোনগুলো পাচার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায়। পরে একটি ব্যাগ তল্লাশী চালিয়ে ৩১টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো কাষ্টমসে জমা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি বছর বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন কর্মী

চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি বছর বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন কর্মী ‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ-আমাদের সবার’- এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি তার বক্তব্যে বলেন- অভিবাসনের ক্ষেত্রে আমাদের মূল চ্যালেঞ্জ বা সমস্যা হলো নিরাপদ অভিবাসন নিশ্চিত করা। আমরা যদি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পারি তাহলে এটি ব্যক্তিপর্যায়ে যেমন নিরাপদ হবে, পরিবারের পক্ষেও নিরাপদ হবে, তেমনি সামগ্রিকভাবে দেশ লাভবান হবে। আমাদের বাংলাদেশ থেকে যারা প্রবাসে যান অভিবাসী হিসেবে, তাদের প্রায় সবাই অদক্ষ লেবার বা শ্রমিক হিসেবে যান। আবার বেশিরভাগ ক্ষেত্রে যার যে বিষয়ে অভিজ্ঞতা নেই, ওই জাতীয় কাজ তিনি কখনোই করেননি, তেমন কাজই তাদের বিদেশে গিয়ে করতে হচ্ছে। জেলা প্রশাসক বলেন- সাইপ্রাসে প্রধান কাজ হলো সমুদ্রে মাছ ধরা। কিন্তু যার মাছ ধরার দক্ষতা নেই, সে কি করে মাছ ধরবে? এই জন্য যখন আমরা দেশ থেকে বিদেশে যাবো, তখন খুব সতর্কতার সাথে জানতে হবে যে, ওই দেশে গিয়ে আমি কি কাজ করব? তিনি বলেন, যারা যাচ্ছেন, তাদের করণীয় হলো, তার ভিসার কাগজপত্র ঠিক আছে কিনা, রিক্রুটিং এজেন্সিটি বৈধ কিনা, তারা সঠিকভাবে নিয়ে যাবে কিনা, নিয়োগকর্তার সাথে কোনো কন্ট্রাক্ট আছে কি না, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে কিনা, কত টাকা বেতন দেয়া হবে, কি কি সুযোগ-সুবিধা পাওয়া যাবে তা চুক্তিপত্রে আছে কিনা- এইসব বিষয় জেনে নিতে হবে। নইলে বিদেশে গিয়ে বিপদে পড়ার আশঙ্কা অনেক বেশি। এজন্য জেনে-বুঝে বিদেশ যেতে হবে। যদি দক্ষ হয়ে বিদেশ যাওয়া যায়, তাহলে এখন যে পরিমাণ টাকা আনতে পারছে তখন এর থেকেও বেশি আনা যাবে। জেলা প্রশাসক বলেন, সরকার চেষ্টা করছে, পৃষ্ঠপোষকতা করছে। আপনাদের বিএমইটি, টিটিসির মাধ্যমে প্রশিক্ষণ নিতে হবে। সরকারি রিক্রুটিং এজেন্সি আছে, বোয়েসেল আছে, সেখানে একদম ন্যূনতম ব্যয়ে আমরা বিদেশ যেতে পারব। আমাদের জানতে হবে, কোথায় গেলে আমরা এই সেবাগুলো পেতে পারি। আপনারা নিজেরা জানবেন, অন্যদের জানতে ও জানাতে সহযোগিতা করবেন। তাহলে কেউ প্রতারিত হবেন না। আর দালালচক্রের মাধ্যমে কেউই বিদেশ যাবো না। নিজে দক্ষ হবো, প্রশিক্ষিত হবো তারপর বিদেশ যাবো। আব্দুস সামাদ বলেন- শুধুমাত্র দক্ষতা অর্জন করে বিদেশ যাবার কারণে ফিলিপাইনের প্রবাসীরা অনেক বেশি বৈদেশিক মুদ্রা আয় করেন। পক্ষান্তরে আমাদের কর্মীদের দক্ষতা না থাকায় অনেক বেশি লোক বিদেশে যাবার পরও তাদের থেকে অনেক কম মুদ্রা আয় করেন। কাজেই যে কাজে যাবেন, সেই কাজটির বিষয়ে দক্ষতা অর্জন করে বৈভাবে বিদেশে যাবেন, তাহলে বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসির অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় কর্মকর্তা কার্ত্তিক কুমার প্রাং। সূচনা বক্তব্যে অভিবাসন সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানবপাচার প্রতিরোধ প্রকল্পের ব্যবস্থাপক দুরুল ইসলাম, ব্র্যাকের মাইগ্রেশন প্রকল্পের কো-অর্ডিনেটর আশিকুজ্জামান, সফল প্রবাসী মনিরুল ইসলাম। পরে একজন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসসহ কর্মসূচিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ব্র্যাক অংশগ্রহণ করে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান জানান, গত একযুগে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৬২ হাজার ৯৩৩ জন কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য পাড়ি জমিয়েছেন। তার মধ্যে ২০১৫ সালে গেছেন ৪ হাজার ৫৩৮ জন, ২০১৬ সালে ৫ হাজার ৬৮৩ জন, ২০১৭ সালে ৬ হাজার ৬০২ জন, ২০১৮ সালে ৬ হাজার ৮৮৯ জন, ২০১৯ সালে ৫ হাজার ৬১২ জন, ২০২০ সালে করোনা মহামারির বছরে কমে গিয়ে বিদেশ যান ১ হাজার ৮৮১ জন, ২০২১ সালে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে কর্মী সংখ্যা বৃদ্ধি পেয়ে বিভিন্ন দেশে যান ৪ হাজার ২৬২ জন, ২০২২ সালে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে বিদেশ যান ৯ হাজার ১১৪ জন কর্মী, ২০২৩ সালে ১০ হাজার ৬৫৯ জন এবং চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত বিদেশে গেছেন ৭ হাজার ৬৯৩ জন। কানসাটে ফুটবল খেলা : কানসাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কানসাট ফুটবল মাঠে খেলার উদ্বোধন করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আখলাক-উজ-জামান। খেলার ধারাবিবরণী দেয়ার সময় দিবসের প্রতিপাদ্য বিষয় ও নিরাপদ অভিবাসন সংক্রান্ত বিভিন্ন স্লোগান প্রচার করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল তৈয়াব, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুর রহমান, কানসাট ক্লাবের সভাপতি মো. শহিদুল হক হাইদারী ও প্রয়াসের এফএসটিআইপি প্রকল্পের ব্যবস্থাপক মো. দুরুল ইসলাম। উইনরক ইন্টারন্যাশনাল ও ইউএসএআইডির আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এফএসটিআইপি প্রকল্পের অধীনে এই খেলার আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধনসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সূর্যোদযের সাথে সাথে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই জেলা প্রশাসক কার্ডালয় চত্বরে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকের বেদীতে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে জেলা পুলিশ, প্রধান নির্বাহী(উপ-সচিব) আফাজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উর^াও এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ  পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের সবাইকে বৈষম্যহীন সবাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ ও পুলিশ সুপার রেজাউল করিম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে ২দিনব্যাপী বিজয়মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। শিবগঞ্জে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামন আল ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুত্তিযোদ্ধা তসলিম উদ্দিন, তরিকুল আলম, বজলার রশিদ সনু, জোবায়ের আলী, আব্দুল মান্নান, আব্দুল হামিদসহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল  শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে, বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে বিজয় মেলার ১৬টি স্টল অংশ নেয়। পরে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আকতার আলি কচি খান ও তোজাম্মেল হোসেন সাপাটু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।