শিবগঞ্জে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

শিবগঞ্জে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ এই প্রতিপাদ্যে- তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দুপুরে শিবগঞ্জে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় তিনি বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগাতে এবং উদ্যোক্তা-ভোক্তার মাঝে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন। পাশাপাশি সমাজের উন্নয়নের পথকে সুগম করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনের কোন বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদনের মধ্য দিয়ে নারীরাই পারে দেশ ও পরিবারকে এগিয়ে নিতে। কয়েকজন দর্শনার্থী বলেন, এ মেলায় আসতে পেরে অনেক ভালো লাগছে। এখান থেকে আমরা উদ্যোক্তা হয়ে ওঠার স্বপ্ন দেখছি। উদ্যোক্তা শামীমা বেগম বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা অনলাইন ব্যবসায় এগিয়েছে। অনলাইন ব্যবসায় ঝুঁকে পড়ছে নারীরা। এতে একদিকে যেমন তারা আত্মনির্ভরশীল হচ্ছেন অন্যদিকে সাবলম্বী হয়ে উঠছেন। পরিবারের কাজের ফাঁকে তারা নিজেদের মেধা দিয়ে ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। আরেক উদ্যোক্তা আমিনা রোজি উর্মি বলেন, আমি স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। কয়েক বছরে এখন আমার দ্বিগুণের ওপরে। আমাকে দেখে এখন অন্যরাও ঝুঁকে পড়েছেন এ ব্যবসায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। মেলায় ৫০টি স্টলে খাদ্য, বস্ত্র, নারীদের হাতের তৈরী বিভিন্ন পণ্য ও প্রসাধনী সামগ্রী স্থান পেয়েছে। মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত রয়েছে। মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ইন্তেকাল; রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দূর্লভপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন – ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৪টায় দূর্লভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে দূর্লভপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই লিটন সরকার, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী সহ বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকে লড়বেন সাবেকরা। সাবেকদের ওপরেই ভরসা রেখেছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনেই সাবেকদের ওপরই আস্থা রেখেছে দলটি। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও শিবগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে লড়বেন বিএনপির কার্যনির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ও এই আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এই আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তাদেরকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি। আর এর মধ্যদিয়ে সমস্ত জল্পনা কল্পনার শেষ হয়ে গেল। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন; পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত প্রকল্প

পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন; পদ্মা নদীর ভাঙন রোধে গৃহীত প্রকল্প চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পদ্মা নদীর ভাঙন রোধে একটি প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)’ শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭৫১.০২৯১ কোটি টাকা। পদ্মা নদীটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পদ্মা নদীর প্রবেশমুখ হতে ফারাক্কা ব্যারেজের দূরত্ব মাত্র ১৮ কিলোমিটার। যার ফলে প্রতি বছর শত শত পরিবার তাদের ভিটামাটি, ফসলি জমি, বাজার, স্কুল-কলেজ, মাদ্রাসা, আমবাগানসহ সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে। পদ্মা নদীর মরফোলজিক্যাল পরিবর্তনের কারণে ও ফারাক্কা ব্যারেজের বিরূপ প্রভাবে গত দশ বছরে প্রায় ৩ কিলোমিটার নদীর ব্যাংক লাইন স্থানান্তরিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব জানান, বর্তমানে পদ্মা নদীর বামতীরে ১১.১৫ কিলোমিটার এবং ডান তীরে ১৪.২০ কিলোমিটার; মোট ২৫.৩৫ কিলোমিটার দৈর্ঘ্যে ব্যাপক নদী ভাঙন রয়েছে। তিনি আরো জানান, প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে ২০২৩ সালে আইডব্লিউএম ফিজিবিলিটি স্টাডি করেছে। আইডব্লিউএম’র সুপারিশের আলোকে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনাকষা ও পাঁকা এলাকায় পদ্মা নদীর বাম তীরে ৫.৭৪০ কিলোমিটার স্থায়ী নদী তীর সংরক্ষণ কাজ, চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ডান তীরে ৩.০৯ কিলোমিটার সর্তকতামূলক নদী তীর সংরক্ষণ কাজ এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আলাতুলি প্রকল্পে পদ্মা নদীর বাম তীরে ০.৫০০ কিলোমিটার নদী তীর পুর্নবাসন কাজ অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাব করা হয়। প্রস্তাবনাটি বর্তমানে পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য মেয়াদকাল ধরা হয়েছে এ বছরের নভেম্বর হতে ২০২৯ সালের জুন পর্যন্ত। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৭৫১.০২৯১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে ৯.৩৩ কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ-ভারত সীমান্ত অংশে পদ্মা নদীর উভয় তীরে বাংলাদেশের ভূখণ্ডে নদী ভাঙন রোধ হবে, সরকারি ও বেসরকারি সম্পদ রক্ষা পাবে। প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের লক্ষ্মীপুর, জাইটপাড়া, কানছিড়া ও দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া, আইয়ুব বিশ্বাসের ঘাট, ফিল্ডের বাজার পাঁকাঘাট, দোভাগী নামোজগন্নাথপুর এলাকার ভাঙন পরিদর্শন করেন প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বির আহমদ। এসময় চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ, রহনপুর, নাচোল ও ভোলাহাটে স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় গোমস্তাপুরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। শিবগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। নাচোলেও সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীগণের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দ সভাপতিত্ব করেন। এেিদক ভোলাহাটে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সহকারী ভূমি কমিশনার, কৃষি কর্মকর্তা, থানা ও সমাজসেবা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরচালানকৃত ভারতীয় মদসহ অন্যান্য পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির দুটি পৃথক অভিযানে চোরচালানকৃত ৩২ বোতল ভারতীয় মদ, ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং ৫৪০ পিস ভারতীয় মলম জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে সদরের চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় বাখের আলী বিওপির একটি টহল দল বিড়ি ও মলম জব্দ করে। বিজিবি আরও জানায়, শুক্রবার রাত ৮টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে মাসুদপুর বিওপির একটি বিশেষ টহল দল মদ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়েছে। জব্দকৃত ৩২ বোতল মদ শিবগঞ্জ থানায় এবং ৭ হাজার ৬৮০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ও ৫৪০ পিস ভারতীয় মলম চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা করা হবে। সীমান্তে চোরচালান বিরোধী টহল বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন অধিনায়ক।
পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫

পোলবাহী ট্রলিকে অটোরিক্সার ধাক্কা, অটোচালক নিহত, আহত ৫ শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক পোলবাহী একটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোর মধ্যে পোল ঢুকে অটোচালক শরিফুল আলম নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মৃত টানু ইসলামের ছেলে। একই ঘটনায় অটোর আরো ৫ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন নারী ও ১ জন ৮ বছরের শিশু রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত সাড়ে ৯টার দিকে ভারি বৃষ্টিপাতের সময় মহদিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। এ সময় শিবগঞ্জ সদরগামী অটোরিক্সাটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রলির পেছনে ধাক্কা দেয়। এতে ইলেকট্রিক পোল অটোরের সামনে দিয়ে ভিতরে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত অটোরিক্সাটিকে উদ্ধার করে আহত চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পথেই তাঁর মৃত্যু হয়। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) লিটন সরকার জানিয়েছেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিনোদপুর ডিগ্রী কলেজে তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিনোদপুর ডিগ্রী কলেজে তিন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বিনোদপুর ডিগ্রী কলেজে ৩ জন শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী শিক্ষকগণ হলো, মোহাঃ মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক দর্শন বিভাগ, মহাঃ শাহজাহান, সহকারী অধ্যাপক জীব বিজ্ঞান বিভাগ ও মহাঃ তৌহিদ উল আলম ,সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ । বৃহস্পতিবার সকালে বিনোদপুর কলেজে অবসর জনিত বিদায় সংবর্ধনা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মুহাঃ সেফাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মহাঃ আসাদুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মহা তোহরুল আমীন এবং সহকারী অধ্যাপক মোঃ আলমগীর প্রমূখ। দোয়া ও মোনাজাত শেষে অধ্যক্ষ সাহেব বিদায়ী শিক্ষকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ও মিষ্টিমুখ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোলাই মদসহ চোরচালানকৃত ভারতীয় পন্য জব্দ শিবগঞ্জ ও ভোলাহাট সীমা„ন্তে বিজিবির পৃথক ৪টি অভিযানে চোরাচালানকৃত ১৪০ বোতল ভারতীয় মদ, ১২টি অবৈধ চোরাই স্মার্ট ফোন সেট ও ২৭২টি ভারতীয় কসমেটিকস জব্দ হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত অভিযানগুলো চালানো হয়। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আজ ভোর ৫টায় গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তের আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতের শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফতেপুর বিওপি পরিচালিত অভিযানে জব্দকৃত ৪৭ বোতল চোলাই মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত শিবগঞ্জের শিয়ালমারা সীামন্তে এবং সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট এলাকায় পৃথক অভিযানে ১২টি ফোন ও ২৭২টি কসমেটিকস জব্দ করে বিজিবি। ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রাম থেকে জবাদকৃত ফোন ও কমমেটিকস কাস্টমস অফিসে জমা করা হয়েছে। এছাড়া, গতকাল বিকেলে বিশেষ অভিযানে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে চামুচা গ্রামের ধানক্ষেত থেকে ৯৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি। স্থানটি ১৯৭/৩ মেইন আন্তর্জূাতিক সীমান্ত পিলার থেকে বাংলাদেশের ৪০০ গজ ভেতরে ফরেষ্ট ক্যানালের নিকট অবস্থিত বলেও জানান অধিনায়ক।
অলিম্পিয়াডে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষর্থী

অলিম্পিয়াডে অংশ নিলেন দুই সহস্রাধিক শিক্ষর্থী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এ প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ৫৯৭ জন রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর মধ্যে ২ হাজারের অধিক পরীক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, ইসলামিক জ্ঞান ও পরিবেশ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে একযোগে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তাদের অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ হবে। অভিভাবকরা জানান, অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতসহ অন্যান্য বিষয়ের প্রতি আগ্রহী করবে বিশেষ করে তাদের গাণিতিক দক্ষতা যাচাই করা সম্ভব হবে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এমন আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী বলেন, বাংলা, ইংরজি, বিজ্ঞান ও গণিতসহ বিভিন্ন বিষয়ে চর্চা বাড়াতে ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব বৃদ্ধি করতে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিগগির ফলাফল প্রস্তুত করে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে বাইসাইকল ও স্কুল ব্যাগ দেয়া হবে।