চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবাকে দেয়া হলো ২৫ লাখ টাকা চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ২৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ পরিচালিত ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত ২৫ লাখ টাকার প্রত্যেককে ৫ লাখ টাকা করে এই অনুদান দেয়া হয়। রবিবার সকালে জেলা প্রশাসকের মাধ্যমে অনুদানের চেকগুলো বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মান্নান, বিআরটিএ-চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. শাহজামান, জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদসহ অন্যরা। নিহতদের মধ্যে ২০২৪ সালের ১৫ মে জেলার নাচোল উপজেলার জোবদুল হকের ছেলে আতাউর রহমান, ৩০ মে সদর উপজেলার সুলতান আলীর ছেলে রেজাউল্লাহ, ১৪ জুন নাচোল উপজেলার আব্দুল মতিনের ছেলে জাহিদ হাসান, ২৮ সেপ্টেম্বর শিবগঞ্জ উপজেলার আফসার আলীর ছেলে শাহজাহান আলী এবং ১ অক্টোবর গোমস্তাপুর উপজেলার আইনাল হকের ছেলে নূর আমিন সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিহত হবার পর পরিবারগুলো বিআরটিএ কর্তৃক পরিচালত ট্রাস্টি বোর্ডে ক্ষতিপুর দাবি করে আবেদন করলে এই ৫ জনের পরিবারের অনুকূলে ৫ লাখ টাকা করে মঞ্জুর করা হয়। রবিবার জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ এই চেকগুলো বিতরণের আয়োজন করে।

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত

ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ লংমার্চ কর্মসূচি ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত ফেলানিসহ সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনীর গুলিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সামাজিক জেয়াফতের আয়োজন করা হয়। রবিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ উপলক্ষে জেয়াফতের আয়োজনের পাশাপাশি সংক্ষিপ্ত প্রতিবাদ সভারও আয়োজন করা হয়। ‘বাংলাদেশ জনগনে’র ব্যানারে আয়োজিত সভায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতের আগ্রাসী ভূমিকা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় হস্তক্ষেপের চেষ্টার প্রতিবাদ জানিয়ে সভায় বক্তব্য দেয়া হয়। এ সময় ভারত ও ফ্যাসিস্টবিরোধী বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া বিভিন্ন স্লোগানে স্লোগানে হাই স্কুল মাঠ মুখরিত করে তোলেন অংশগ্রহণকারীরা। শেষে মডেল হাই স্কুল মাঠ থেকে কিরণগঞ্জ বর্ডার অভিমুখে একটি লংমার্চ শুরু হলে পৌর এলাকার পাইলিং মোড়ে বিজিবি ও পুলিশ তাদের আটকে দেয়। সেখানেই দুটি গরু জবাই করে ভারত ও ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন তারা। ভারত এদেশে আর দাদাগিরি করতে পারবে না বলেও হুশিয়ারি দেয়া হয়। ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের প্রতিনিধি ওয়ারেছুল ইসলাম নাসির বলেন, ফারাক্কার ন্যায্য পানির হিস্যা এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সীমান্তের নাগরিকদের সচেতন, সজাগ ও উদ্বুদ্ধ করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। সীমান্তের সকল নাগরিকদের সচেতন করা হচ্ছে। আমরা পুরো দেশের নাগরিকরা সীমান্তবাসীর সাথে রয়েছি। পাশাপাশি সীমান্তে সকল ধরনের আগ্রাসন ও হত্যা বন্ধের হুশিয়ারি দেন তিনি। ‘বাংলাদেশের জনগণে’র মুখপাত্র আবু মোস্তাফিজ বলেন, ১৯৭১ সাল থেকে ভারত বাংলাদেশকে শোষণ করে এসেছে। সীমান্তে বড়ভাইয়ের মতো আচরণ করেছে। ফ্যাসিস্ট হাসিনা ভারতের সাথে জিরো লাইনে ভারতকে বেড়া নির্মাণের অনুমতি দিয়ে দেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। কিন্তু আর এসব মেনে নেয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জের মানুষ যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কাস্তে হাতে বিএসএফকে প্রতিহত করেছে, ঠিক একইভাবে দেশের সকল মানুষকে প্রতিবাদমুখর হয়ে উঠতে হবে। স্থানীয় কলেজ শিক্ষক আবদুল্লাহ আল মামুন জানান, দেশের জন্য যারা কাজ করছে, ভারতের অন্যায়ের প্রতিবাদে যারা সোচ্চার হয়েছে তাদের উৎসাহ দিতেই তিনি এ কর্মসূচিতে যোগ দিয়েছেন। এর আগে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ লংমার্চে যোগ দেন এবং সবাইকে সোচ্চার হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

নিরাপদ সবজি উৎপাদনে ‘গ্যাপ’ অনুসরণ : কৃষক প্রশিক্ষণ শেষে মাঠ দিবস

নিরাপদ সবজি উৎপাদনে ‘গ্যাপ’ অনুসরণ : কৃষক প্রশিক্ষণ শেষে মাঠ দিবস চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় বাস্তবায়িত মৌসুমব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কোর্সের (গ্যাপ, আইপিএম, আইসিএম, আইপিএনএস) এই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষিতে গুড এগ্রিকালচারাল প্র্যাকর্টিস (গ্যাপ) অনুশিলনের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনের ওপর চার মাস মেয়াদি কৃষকদের প্রশিক্ষণ শেষে মাঠ দিবসের আয়োজন করে প্রোগ্রাম কো-অর্ডিনেশন ইউনিট খামারবাড়ি ঢাকার সহযোগী সংস্থা ‘পার্টনার’। শনিবার বিকেলে কল্যাণপুর হটিকালচার সেন্টারের উপ-পরিচালক একেএম মঞ্জুর মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠদিবসে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীম ইকবাল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, পার্টনার-এর সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়সহ অন্যরা। মাঠদিবসের আলোচনায় বক্তরা বলেন, গ্যাপ অনুশীলনের মাধ্যমে উৎপাদিত সবজি বিদেশে রপ্তানির ফলে একদিকে যেমন বৈদেশিক মূদ্র অর্জন করা সম্ভব হবে অন্যদিকে তেমনি কৃষক তার পণ্যের উচ্চ মূল্য পাবেন। এছাড়া দেশের মানুষের জন্য নিরাপদ সবজি সরবরাহ নিশ্চিত করাও সম্ভব হবে। এসময় গ্যাপ কার্যক্রমের আওতায় ৮টি প্রদর্শনী প্লট তৈরি করা হয়।৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন।

জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির সভাপতি হারুণ সম্পাদক বাবু

জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির সভাপতি হারুণ সম্পাদক বাবু চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান চাউল ব্যবসায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪-২৫ মেয়াদে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।  শনিবার স্থানীয় সন্ধ্যা কমিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় পূর্বের কমিটিই বহাল রাখা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে মো. হারুণ অর রশিদ, সিনিয়র সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. শামসুদ্দিন, সহসভাপতি পদে মুখলেসুর রহমান, সাধারণ সম্পাদক পদে মসিউল করিম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলহাজ¦ মফিজ উদ্দিন, সহসাধারণ সম্পাদক সম্পাদক পদে আমিনুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া কার্যানির্বাহী কমিটির ১১ জন সদস্য পদে নির্বাচিত হন। তারা হলেন-আব্দুর রাজ্জাক, সারোয়ার হোসেন, ফারুক আহমেদ, আশরাফুল হক, রেজাউল করিম, আব্দুল মান্নান, শফিকুল ইসলাম, ওমর ফারুক, ইব্রাহিম আলী বাবলু, বোরহান উদ্দিন সেন্টু, শামীম হোসেন।

চার প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিল বাপসা

চার প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিল বাপসা চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের ৪জন প্রশাসনিক কর্মকর্তাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শনিবার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। সংগঠনটির জেলা সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, বাপসা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পারবর্তীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মুকুল হোসেন, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম, রানীহাটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউর রহমান, ঝিলিম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি পাল, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর, ফতেপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আকবর আলী, গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুল করিমসহ অন্যরা। সম্প্রতি শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহা. আব্দুল খালেক, উজিরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক আহমেদ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহা. মুনসুর রহমান, বিনোদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেন অবসরে গেছেন।

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ গোমস্তাপুরে শীতবস্ত্র বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ হয়েছে। এই উপলক্ষে আজ সকালে গোমস্তাপুর নূহ স্ট্যান্ডে ফিতা কেটে অফিস উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি আবুল কাশেম মহাজন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা তাবাসুম আরা মিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য চাষী ও সমাজ সেবক শরিফুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবুবাক্কারসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা। আলোচনা শেষে বদরুল ইসলামকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির জেলা কমিটি ঘোষনা করা হয়। পরে ওই এলাকার ৫০ জন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা ও শিশুর অধিকার বিষয়ে স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠি এবং বেসরকারি খাতের ফোরামগুলোর সাথে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়। ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প সভাটির আয়োজন করে। ‘চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। মানপুর বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, এসএসবিসি প্রকল্পের সহয়তাকারী তোহরুল ইসলামসহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন ব্যবসায়ী প্রতিনিধি। অনুষ্ঠানে বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব, শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিয়েকে লালকার্ড প্রদর্শণ করেন।

শিবগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

শিবগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যালয়ে যাবার পথে শুভ সরকার (১২) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ নিয়ে আজ সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীর পিতা মানিক চন্দ্র সরকার। নিখোঁজ ব্যক্তি উপজেলার রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের মানিক চন্দ্র সরকারের ছেলে। লিখিত অভিযোগে জানা গেছে- সকাল ৭টায় শিবগঞ্জ বাজারে অবস্থিত রেডিয়েন্ট স্কুল এ্যান্ড কলেজে যাবার উদ্দেশ্যে উপজেলার চককীর্তি ইউনিয়নের নাধরা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় শুভ সরকার। বিকাল পর্যন্ত শুভ সরকার বাড়ি ফিরে না আসায় স্কুলসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া লিখিত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর নিকট মোবাইল ফোন না থাকায় কিছুটা অসুবিধা হলেও উদ্ধারের চেষ্টা চলছে।

গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ

গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা গণঅধিকার পরিষদ। বুধবার বেলা ১১টায় জেলাশহরের বাতেনখাঁর মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। গণঅধিকার পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আল আমিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি, সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি ওয়াহিদুজ্জামান সায়েম, গোমস্তাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আজিজুর রহমান ও সাবেক ছাত্রনেতা রাতুল হাসান নিশান। সমাবেশে বক্তারা জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবি জানান। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনে আহত ক্ষতিগ্রস্ত শহীদদের সঠিক তালিকা তৈরি করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান বক্তারা। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জেলা প্রশাসনের কর্মসূচি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে জেলা প্রশাসনের কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সরকারি নির্দশনা অনুযায়ী এবারের সকল কর্মসূচিতে বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার পাশাপাশি ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা ফুটিয়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় বিস্তারিত আলোচনার পর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- একুশের প্রথম প্রহরে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, একুশ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে। এছাড়ও ২০ ফেব্রুয়ারির মধ্যে শিশুদের মধ্যে রচনা, চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। আইনশৃঙ্খলা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ তার বক্তব্যে শহীদ মিনারসহ সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তরিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা।