আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ

আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা ও উপজেলায় পর্যায়ের সদস্যদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে সদর উপজেলার অতি দুস্থ ও অসহায় সদস্য ও সদস্যাদের মধ্যে মোট ৬২টি কম্বল বিতরণ করা হয়। জেলাশহরের বেলেপুকুরে আনসার ক্যাম্পে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, উপজেলা কর্মকর্তা তাজিনুর ইসলাম, উপজেলা প্রশিক্ষক আফরোজা খাতুন ও এফ-এস মাসুদ রানা। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় ৪৪টি, নাচোলে ৩০টি, গোমস্তাপুর ৩৮টি ও ভোলাহাট ২৬টিসহ মোট ২০০ পিস কম্বল স্ব স্ব উপজেলা কর্মকর্তারা বিতরণ করেছেন।
প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার

প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ও শিপ ফার্ম পরিদর্শন করেছেন। আজ দুপুরে গোদাগাড়ীর ঠাকুরযৌবনে অবস্থিত প্রয়াসের এ ফার্ম পরিদর্শনে আসেন তিনি। এসময় গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ইউএনও’র সঙ্গে ছিলেন। খামার পরিদর্শন ও খামার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আব্দুল্লাহ-আল-কাফি, খামার ব্যবস্থাপক জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বরেন্দ্র এলাকায় গভীর নলকূপের সাহায্যে দীর্ঘদিন ধরে পানি উত্তোলনের ফলে যখন ভূগর্ভের পানির সংকট দেখা দিচ্ছে, যে কারণে কিছু এলাকায় যখন বোরো আবাদ নিরুৎসাহিত করা হচ্ছে তখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ। জমিতে সারা বছর নিরবচ্ছিন্ন সেচ দিতে প্রকল্পটি বাস্তবায়বন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় বেশ কিছু খাল ও খাড়ি পুনর্খনন করা হয়েছে এবং এ কাজ এখনো চলমান রয়েছে। মহানন্দা ও পুনর্ভবা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি তুলে সেইসব খালে ও খাড়িতে সংরক্ষণ করা হবে এবং সোলার বিদ্যুতের মাধ্যমে ৯৮টি সেচ পাম্প দিয়ে সেই পানি কৃষকের জমিতে সরবরাহ দেয়া হবে। বিএমডিএ সূত্রে জানা গেছে, সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নের গণির মোড় এলাকায় মহানন্দা নদীতে ১টি পন্টুন স্থাপন করে পন্টুনের ওপর ৮টি প্রতিটি ৫ কিউসেক ক্ষমতার সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে মোট ৪০ কিউসেক পানি উত্তালন করা হবে। ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি এবং ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি মোট ৪টি ভূগর্ভস্থ ৪৫০-৫০০ মি.মি. ডায়া এমএস পাইপের মাধ্যমে তেঘড়িয়া-মির্জাপুর খাড়িতে পানি সরবরাহ করে সংরক্ষণ করা হবে। খালে ৩০টি সোলার পাম্প স্থাপন করে খালের উভয় পাশে পানি সেচের মাধ্যমে ৫৭০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। এছাড়া ওই এলাকায় ৪০টি গভীর নলকূপ দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিপাথর নির্গত হয়ে প্যাক্টআপ হওয়ায় সেচ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে সরাসরি ওই গভীর নলকূপ এলাকায় ৬০০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। তাছাড়া ৭ কিলোমিটার তেঘড়িয়া খাল পলি পড়ে ভরাট হওয়ায় পুনঃখনন করা প্রয়োজন হচ্ছে। ওই এলাকায় সেচের ব্যবস্থা না থাকায় বৃষ্টির ওপর নির্ভর করে ফসল উৎপাদন করা হয়। প্রকল্প বাস্তবায়ন হলে এক ফসলি জমি তিন ফসলি জমিতে পরিণত হবে। ফলে প্রায় ৯৩৬০ মেট্রিক টন ফসল উৎপাদন করা সম্ভব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ বলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় প্রকল্পের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে এবং গোমস্তাপুরের কাজ এরই মধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। এছাড়া সদর উপজেলার গোবরাতলার কাজটি ২০ ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্পের ধাইনগর অংশের পানি সরবরাহ আগামী এক মাসের মধ্যেই শুরু হবে। এছাড়া অন্য দুটির কাজ শেষ হতে আরো মাস ছয়েক লাগবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় সবমিলিয়ে ২ হাজার ২৯০ হেক্টর জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩২০ মেট্রিক টন। তিনি বলেন— এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন ও গোমস্তাপুর উপজেলার রহনপুর, রাধানগর ও পার্বতীপুর ইউনিয়নে এবার বোরো আবাদা না করে গমসহ সেচ কম লাগে এমন ফসল চাষাবাদ করতে কৃষকদের বলা হয়েছে। কারণ, এইসব অঞ্চলের ভূগর্ভের পানি অনেক নিচে নেমে গেছে। এই ভূগর্ভের পানির বিষয়টি মাথা রেখেই ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’টি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যার অনেকটাই সমাধান হবে। এদিকে মহানন্দায় রাবার ড্যামে পানি সংরক্ষণ শুরু হওয়ায় ভূউপরিস্থ পানিরও অনেকটা সমাধান হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে কমছে ডেঙ্গু রোগী, নতুন আক্রান্ত ১

চাঁপাইনবাবগঞ্জে কমছে ডেঙ্গু রোগী, নতুন আক্রান্ত ১ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব করমে এসেছে। কোনো কোনো দিন শনাক্ত হচ্ছে না ডেঙ্গু রোগী। গত শনিবার সকাল ৮টা থেকে গত রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সেখানে ১ জন বয়স্ক ও ১ জন শিশু ভর্তি আছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৮ জনে।
গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন

গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূর্তি উদযাপন কমিটির আয়োজনে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩ বছর পূর্তি উদ্যাপন কমিটি আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. যহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন— একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মনসহ অন্যরা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাচোলে মল্লিকপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নাচোলে মল্লিকপুরে জোড়া খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নাচোল উপজেলার মল্লিকপুরে জোড়াখুনের ঘটনায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ চাঁপাইনবাবগঞ্জ-গোমস্তাপুর সড়কের মল্লিকপুর বাজারে এই কর্মসূচি পালন করেন তারা। বিকেলে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলশী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মল্লিকপুর বাজারে গিয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন, নিহত মাসুদ রানার পিতা এজাবুল হক, নিহত রায়হানের পিতা আব্দুর রহিম, রায়হানের ভাই জাহাঙ্গীর, আকবর, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আফজাল হোসেন। এসময় তারা নৃশংস এই জোড়া খুনের তীব্র প্রতিবাদ জানান এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দাবি করেন। এসময় তারা রাস্তা অবরোধ করেন। এসময় পুলিশ দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নিয়ে ঘরে ফিরে যান। উল্লেখ, গত মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গরুর হাটের মাছ বিক্রির টিনশেডে প্রতিপক্ষের হামলায় ৬ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নেয়ার পথে উপজেলার খলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ ও চাঁনপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান মারা যান। ওই ঘটনায় ৪ জন আহত হন। আহতরা হলেন- খলসী গ্রামের জালালের ছেলে সুমন, আলমের ছেলে রজব আলী ওরফে রনি, রব্বানী ওরফে পাতুর ছেলে আরমান ও ফিরোজের ছেলে ইমন। তাদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় নাচোল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডলের ছেলে আজিজুল হক, এজাবুলের ছেলে তাসিমকে গ্রেপ্তার হয়েছে।
শিবগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় স্মার্ট ফোন উদ্ধার

শিবগঞ্জ সীমান্তে ৩১ ভারতীয় স্মার্ট ফোন উদ্ধার ভারতীয় সীমান্তে পড়ে থাকা ৩১টি মালিবহিন স্মার্ট ফোন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি মাঠ থেকে জব্দ করা হয়। আজ সকালে বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন,সীমান্তে চোরাচালান বন্ধসহ অবৈধ অনুপ্রেবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এরই মাঝে চোরাকারবারিরা মোবাইল ফোনগুলো পাচার করার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায়। পরে একটি ব্যাগ তল্লাশী চালিয়ে ৩১টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো কাষ্টমসে জমা দেয়া হয়েছে।
প্রয়াসের স্মার্ট প্রকল্পের ঋণ বিতরণ ও অবহিতকরণ সভা

প্রয়াসের স্মার্ট প্রকল্পের ঋণ বিতরণ ও অবহিতকরণ সভা গোমস্তাপুরের আড্ডায় সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্স ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের অববিহতকরণ সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় স্মার্ট প্রকল্প বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াসের ইউনিট-৩০ আড্ডা অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। স্মার্ট প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন কনিষ্ঠ সহকারী পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও শাহাদাৎ হোসেন, ইউনিট-৩০ ব্যবস্থাপক রাজিবুল ইসলাম, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মোমেনা ফেরদৌসসহ অন্যরা। এসময় দুজন ক্ষুদ্র উদ্যোক্তাকে ঋণের চেক বিতরণ করা হয় এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে স্মার্ট প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলা এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তাবায়ন করবে। এই প্রকল্পের মেয়াদকাল ৪ বছর। এর মাধ্যমে লক্ষিত ক্ষুদ্র উদ্যোক্তা ১ হাজার ৫০০ জনকে ঋণ, অনুদান এবং প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) চর্চার মাধ্যমে আম উৎপাদনকারী/ আমচাষি / আম ব্যবসায়ী / আম প্রক্রিয়াজাতকারী (আমসত্ব, আচার, ম্যাংগোবার, ম্যাংগোজুস, ম্যাংগো পাউডার)/ আমবাজারতাকারী (দেশ ও বিদেশ)/ আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরঞ্জাম বা মেশিনারিজ যানবাহন/নার্সারি/ জৈব সার উৎপাদন ও বাজারজাতকারী অর্থাৎ আমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ এই প্রকল্পের আওতাভুক্ত হবে।b
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারকে বিজয় সংবর্ধনা, বিজয় মেলা উদ্বোধনসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ সূর্যোদযের সাথে সাথে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরই জেলা প্রশাসক কার্ডালয় চত্বরে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলকের বেদীতে জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে জেলা পুলিশ, প্রধান নির্বাহী(উপ-সচিব) আফাজ উদ্দিনের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক(উপ-সচিব) দেবেন্দ্র নাথ উর^াও এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক,সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। পরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের সবাইকে বৈষম্যহীন সবাজ ও রাষ্ট্র গড়ে তুলতে কাজ করতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশীদ ও পুলিশ সুপার রেজাউল করিম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দীনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে ২দিনব্যাপী বিজয়মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা। শিবগঞ্জে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামন আল ইমরানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বীর মুত্তিযোদ্ধা তসলিম উদ্দিন, তরিকুল আলম, বজলার রশিদ সনু, জোবায়ের আলী, আব্দুল মান্নান, আব্দুল হামিদসহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠন। আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়। অন্যদিকে, বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে গোমস্তাপুরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করে। জাতীয় পতাকা উত্তোলন, রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিকী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা, মসজিদ মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, খেলাধূলা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই মাঠে বিজয় মেলার ১৬টি স্টল অংশ নেয়। পরে রহনপুর আহম্মদী বেগম সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আকতার আলি কচি খান ও তোজাম্মেল হোসেন সাপাটু, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের

বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাড়ির কাছে এসেও বাড়ি ফেরা হলো না শিশু নূর হায়াতের। রবিবার উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে ট্রাক ও ট্রলির সংঘর্ষে প্রাণ হারান হায়াত (১২)। নিহত হায়াত জেলার শিবগঞ্জ উপজেলার দক্ষিণ উজিরপুর নাসির মন্ডলের টোলার বাবর আলীর ছেলে। এঘটনায় ট্রলিতে থাকা একই গ্রামের রাকিব (৩৫) নামের একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় সূত্র জানান, রবিবার সকাল ৮টার দিকে বরেন্দ্র অঞ্চল থেকে রাকিব ও নূর হায়াত ট্রলিতে করে ধান নিয়ে বাড়ি আসছিল। পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ট্রলিতে ধাক্কা দেয়। এতে রাকিব ও নূর হায়াত গুরুতর আহত হন। এসময় তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশেষ্ট জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূর হায়াতকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে রাকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাকিব চিকিৎসাধীন রয়েছেন। ওসি জানান, নূর হায়াতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।