ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন

ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন “পৃথিবীরকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কামাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী একতা ভ্যারাইটিজ স্টোরের আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাবু স্টোরের মো. মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রবিউল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহানুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেকসহ অন্যরা। অনুষ্ঠানে ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে আর্থিক পুরস্কার ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার বাসুনিয়াপট্টি মহল্লা নিবাসী বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হক (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভভনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,৪ মেয়েসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৬টায় শহরের নিমতলা কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের বাদ মাগরিব ওই ঈদগাহে নামাজে জানাজা শেষে শহরের ফকিরপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক(এস্আই-সশস্ত্র) আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, মোস্তাক হোসেন, মোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ

প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় সামাজিক স্বেচ্ছাসেবা নেতৃত্ব ও সম্প্রীতি শীর্ষক ব্যাচভিত্তিক দিনব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ-২০২৫ শুরু হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল নিয়ে আলোচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল নিয়ে আলোচনা চাঁপাইনবাবগঞ্জে এনজিও, ক্লাব, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে। বৃহস্পতিবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৬, গোলাপেরহাটে এই কর্মসূচির আয়োজন করা হয়। মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। এছাড়াও আলোচনা করেন— উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেন, সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য কর্মকর্তা মো. আসমাউল হক। পরে সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।
মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের

মায়ের ওপর হামলা : গণপিটুনিতে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের চাঁপাইনবাবগঞ্জে মাকে মারধর করায় গণপিটুনিতে মাদকাসক্ত ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বাঘাইরপাড়া গ্রামে। নিহত যুবকের নাম মাহাবুবুল ইসলাম বাবু (২৮)। সে বাঘাইরপাড়া গ্রামের শীষ মোহাম্মদের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাবু তার মাকে বেধড়ক মারধর করেন। এতে বাবুর মা আহত হন। নিজ মাকে মারধর করায় শাসন করতে গিয়ে প্রতিবেশী গণপিটুনি দিলে ঘটনাস্থালেই বাবুর মৃত্যু হয়। নিহতের মা হেনা বেগম বলেন, বাবু সকালে প্রথমে আমাকে মারধর করে। এ সময় বাবুকে তার বাবা শাসন করতে গেলে তাকেও মারধর করে। পরে তাদেরকে ছাড়াতে গেলে আমাকে ইট দিয়ে মেরে আহত করে বাবু। তিনি আরো বলেন, ছেলেকে শাসন করার জন্য স্বজনদের বললে এ সময় তারা বাবুকে শাসন করার জন্য মারধর করলে রাতে আমার ছেলে মারা যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, নিহত বাবু মাদক কেনার জন্য বুধবার সকালে তার মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে মাকে মারধর করে। বাবুর ইটের আঘাতে গাল ও কানে আঘাত পেয়ে আহত হয় মা। এ ঘটনার পর বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরে গেলে তার স্বজন ও প্রতিবেশীরা শাসনের উদ্দেশ্যে বাবুকে বেঁধে পেটায়। এতে ঘটনাস্থলেই বাবু মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে নিহতের বোন বাদী হয়ে থানায় মামলা করেন বলেও জানান ওসি মতিউর।
চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে দেড়কেজি হেরোইন মামলায় কারবারীর যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে এক কেজি চারশত পঁচাশি গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় শামীম হোসেন নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত শামীম শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কলোনীপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। মামলার বিবরণ এবং আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী মো: আব্দুল ওয়াদুদ বলেন,২০২১ সালের ২৯ ডিসেম্বর শিবগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডের রসুলপুর মোড়ে সড়কের উপর র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ১ কেজি ৪৮৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হন শামীম। এ ঘটনায় ওইদিন একমাত্র শামীমকে আসামী করে মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) হাফিজুর রহমান। ২০২৩ সালের ২৬ জুন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক অপু কুমার একমাত্র শামীমকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ১৫ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আজ আদালত শামীমকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. মাসুদ রানা।
শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে শিশু নিখোঁজ

শিবগঞ্জে পদ্মায় নৌকা ডুবে শিশু নিখোঁজ শিবগঞ্জে নানীর বাড়ি যাবার সময় পদ্মা নদীতে নৌকা ডুবে আয়েশা খাতুন নামে এক শিশু নিখোঁজ রয়েছে। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। এর আগে গতকাল বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, গতকাল বিকেলে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি-জ্যাটপাড়া ঘাট থেকে একটি নৌকায় কয়েকজন যাত্রী ও মুদি দোকানের মালামাল নিয়ে দশ রশিয়া বাজার যাচ্ছিল। এ সময় বৈরী আবহাওয়ায় পদ্মায় নৌকাটি ডুবে যায়। মাঝি ও অন্যান্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পদ্মায় ডুবে নিখোঁজ হয় শিশু আয়েশা খাতুন।
নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার নাচোল উপজেলা থেকে ঢেনা মুর্মু নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক ব্যাক্তির পানিতে ভাসমান প্রায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোল সদর ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া গ্রামের বুদ্ধাই মুর্মুর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢেনা মুর্মু গত সোমবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের প্রায় ৬ কিলোমিটার দূরের ঝিকরা গ্রামে তাঁর নাতনির বিয়ের অনুষ্ঠান শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি আর বাড়ি ফেরেন নি। পরে গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঝিকড়া গ্রাম সংলগ্ন একটি বিলের পানি নিস্কাষন খাঁড়িতে কচুরিপানার মধ্যে ঢেনার ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে খাঁড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নাচোল থানার অফিসার ওসি মনিরুল ইসলাম বলেন, মরদেহে প্রাথমিকভাবে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন মেলেনি। ঢেনা তাঁর ভাগ্নি মরিয়ম মার্ডির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ঝিকড়া গ্রামে যান। পরে বিয়ে খেয়ে আসার পথে কোনভাবে ওই খাঁড়িতে পড়ে তাঁর মৃত্যু হয়। ওসি আরও জানান, ঢেনা নিজ বাড়িতে রওনা দিলে তাঁর ভাগ্নির পরিবার ধারণা করে, তিনি নিজ বাড়িতে চলে গেছেন। কিন্তু তিনি বাড়ি না ফিরলেও তাঁর নিজ পরিবার ধারণা করে, তিনি ভাগ্নির বাড়িতেই আছেন। ফলে ২ দিন কোন পরিবরাই তাঁর কোন খোঁজ করেন নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,অতিরিক্ত মদ্যপানের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি খাঁড়ির পানিতে পড়ে মারা যান। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রকিয়াধীন বলেও জানান ওসি।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের দিনভর কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক এক সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া উপকরণ এবং সৌন্দর্যবর্ধক বাগানবিলাস, কাঠগোলাপ, কৃষ্ণচূড়া, চন্দ্রপ্রভা ও রেভেনিয়া গাছের চারা এবং আগুন ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে ৩ দিনব্যাপী মৌসুমি ফলের মেলা ও প্রদর্শনী। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলীসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৬২ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৬২ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। আর হাসপাতালটির বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ৩৭ জন। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া শিবগঞ্জ ও ভোলাহাটে ২ জন করে শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তারা শনাক্ত হন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হওয়া ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৮ জন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ২৭ জন মহিলা এবং ৮ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও ৯ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ২ জন পুরুষ রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫৪ জন। এই ৫৪ জনের মধ্যে ২০ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ৮ জন শিশু রয়েছেন। এছাড়া বুধবার শিবগঞ্জে ২ জন ও ভোলাহাটে ২ জন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮২৮ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৯৬ জনে।