শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভা

শিবগঞ্জে ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির সভা শিবগঞ্জে জেলা ট্রাক-ট্যাংকলরী ও কাভার্ডভ্যান পরিবহন মালিক সমিতির উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ পৌরসভার চৌধুরীপাড়া এলাকায় সংগঠনের উপজেলা কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন, সভাপতিগোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সড়ক সম্পাদক আনারুল ইসলামসহ অন্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন সহসাধারণ সম্পাদক সৈয়বুর রহমান, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য নিয়ামত খাঁন ও দুরুল আমিনসহ অন্যরা। বক্তারা লেন, পরিবহন সেক্টরে যানবাহনগুলোর মধ্যে ট্রাক ও ট্যাংকলরী গুরুত্বপূর্ণ বাহন। মালামাল সারাদেশে পৌঁছে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এসব পরিবহন। আর এসব পরিবহনের শ্রমিকদের কল্যাণেই গঠিত এই সংগঠন। মালিক ও নেতারা আপনারা ঐক্যবদ্ধ থাকলে সবার কল্যাণ হবে। নিজেদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। এছাড়া ট্রাক- ট্যাংকলরী ও কাভার্ডভ্যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।  

ঈদের ছুটিতে স্কুলে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ৩টি টিভি উদ্ধার

ঈদের ছুটিতে স্কুলে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, ৩টি টিভি উদ্ধার ঈদের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের তৃতীয় তলার মাািল্টমিডিয়া শ্রেণী কক্ষে দূর্ধর্ষ চুরির ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দু’জনের মধ্যে পেশাদার মূল চোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে। আটকরা হলেন-জেলা শহরের  রামকৃষ্টপুর বানিপাড়া মহল্লার ইয়াকুব আলী টুকানের ছেলে আবদুল্লাহ এবং আরামবাগ মাদ্রাসাপাড়া মহল্লার এলাম হোসেনের ছেলে রহিম আলী। পুলিশ জানায়, গতকাল এ ঘটনায় মামলা দায়েরের পর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। উদ্ধার হয় চুরি যাওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি। বিকালে মুল চোর আবদুল্লাহকে আদালতে তোলা হলে তিনি চুরিতে জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, সিসিটিভি ফুটেজ বিম্লেষণ করে প্রথমে আবদুল্লাহ ও পরে তাঁর সহযোগি রহিমকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাল অধিকারী বলেন, গত ১৭ মার্চ গ্রীল ও দরজা ভেঙ্গে চুরি করে আবদুল্লাহ। সে স্কুলের ৩টি টিভি ও ১টি আইপিএস সিষ্টেম নিয়ে যায় যার মূল্য ৩ লক্ষাধিক টাকা। এছাড়া সে  চুরির জন্য একাধিক গ্রীল ও দরজা ভেঙ্গে ৬০ হাজার টাকার ক্ষতিও করে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও স্কুলের প্রধান শিক্ষক হাফিজ উদ্দিন।

সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল

সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে হাম, শ্বসকষ্টের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের ভিড়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সবমিলিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ৬৫০ জন রোগী ভর্তি আছেন বলে খোদ তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন শিশু। তাদের মধ্যে ছেলে ১৩ জন ও মেয়ে ৩ জন। এর আগের দিন ভর্তি ছিল ৭১ জন। তাদের মধ্যে ৪১ জন ছেলে ৩০ জন মেয়ে। তাদের মধ্যে সুস্থ হওয়ায় ৭ জন ছেলে ও ৪ জন মেয়েসহ ১১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে এই হাসপাতালে ৭৪ জন রোগী ভর্তি আছে। তাদের মধ্যে ৪৫ জন ছেলে ও ২৯ জন মেয়ে রয়েছে। হামে আক্রান্তদের সিংহভাগই শিশু। সূত্রটি আরো জানায়, চলতি বছর এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২৬৬ জন রোগী জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে সিভিল সার্জন অফিসের ডায়রিয়া বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জেলা হাসপাতালে ৬৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে জেলা হাসপাতালেই ভর্তি আছেন ৬৯ জন রোগী। অপরদিকে শ্বাসকষ্টজনিত রোগেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন রোগী। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১৬ জন নারী রয়েছেন। এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশের জেলা বা উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আইসিইউ ব্যবস্থা চালু না থাকায় কোনো রোগীর অবস্থা খারাপ হলেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হামে আক্রান্তদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন— হামের পরীক্ষা একমাত্র ঢাকার মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে হয়। আমরা এখানকার রোগীদের স্যাম্পল সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিদের কাছে দিচ্ছি। তারা মহাখালী নিয়ে যাচ্ছেন। পরীক্ষা রিপোর্ট তিন মাস পর পাওয়া যায়। কিন্তু ততদিন তো রোগীদের চিকিৎসা না দিয়ে থাকা যায় না। তাই আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় ওষুধপত্র রয়েছে। তিনি আরো জানান, অন্যবার রোজার মাসে রোগীর সংখ্যা কমে যায়। কিন্তু এবার বাড়ছে। হাম ছাড়াও ডায়রিয়া ও শ্বসকষ্টজনিত রোগীও প্রচুর। বর্তমানে হামের রোগীদের জন্য ৮ জন নার্স নিযুক্ত করা হয়েছে এবং শিশু ওয়ার্ডে ২ জন বিশেষজ্ঞ ও ১ জন মেডিকেল অফিসারসহ তিনজন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। সকাল ৮টা থেকে দুপুর আড়াটা পর্যন্ত রোগী দেখার সময় হলেও বিশেষ করে শিশু ওয়ার্ডের চিকিৎসকরা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রোগী দেখছেন। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৫০ জন। এদিকে শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান তার ফেসবুক আইডিতে রোগীদের অভিভাবকদের নিয়ে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি বলেন, “আমরা আসলেই অদ্ভুত এক জাতি। ২ মাস আগে যখন ৫-৭টা ঝঁংঢ়বপঃবফ গবধংষবং (হাম) সাসপেকটেড হাম আক্রান্ত বাচ্চা ভর্তি থাকতো, তখন মাত্র এ কয়টা রোগী সামলাতে হিমশিম খেতে হতো। এই রোগের লক্ষণ কমতে বেশ সময় লাগে, এজন্য অভিভাবকরা অভিযোগ, ঝগড়া, অশালীন আচরণ করতেই থাকতেন। ডাক্তার, নার্সের সাথে ঝগড়া, বেড পাওয়া-না পাওয়া নিয়ে অভিভাবকরা একে অপরের সাথে একরকম যুদ্ধে লিপ্ত হতেন। কিন্তু গত ৩ সপ্তাহে চিত্র বদলে গেছে। অভিভাবকরা রোগটা সম্পর্কে বুঝতে শিখেছেন, ধৈর্য ধরতে শিখে গেছেন। মনের ভিতর তীব্র ভয়, শঙ্কা থাকলেও ধৈর্য সহকারে চিকিৎসা গ্রহণ করছেন এবং হাসপাতালের নিয়ম মানছেন। অভিভাবক রা একে অপরকে সহযোগিতা করছেন, খাবার ভাগ করে খাচ্ছেন, বিছানা শেয়ার করছেন, একে অপরকে কাউন্সেলিং করছেন। অভূতপূর্ব চিত্র। মহান আল্লাহ এই অসুখ থেকে আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ।” প্রসঙ্গত, হামের লক্ষণের মধ্যে রয়েছে— প্রথমে জ্বর হয় ও শরীর ম্যাজ ম্যাজ করে বা হালকা ব্যথা লাগে। প্রথম এক-দুই দিন তীব্র জ্বরও হতে পারে। চোখ-মুখ ফুলে উঠতে পারে। চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে। নাক দিয়ে পানি পড়তে পারে এবং হাঁচিও হতে পারে। শরীরে ছোট ছোট লালচে গুটি/ফুসকুড়ি দেখা দেয় এবং দ্রুতই তা সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে। এ সময় বিশেষত শিশুরা কিছুই খেতে চায় না এবং ভীষণ দুর্বল হয়ে পড়ে।

হরিনগর তাঁতপল্লী থেকে জাপানের বিশ্ববিদ্যালয়ে নিহারিকা দাস

হরিনগর তাঁতপল্লী থেকে জাপানের বিশ্ববিদ্যালয়ে নিহারিকা দাস এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর কৃষি অনুষদের ১৬তম ব্যাচের শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জের নিহারিকা দাস জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য MONBUKAGAKUSHO স্কলারশিপে মনোনীত হয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী। সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন ড. মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষণা বিভাগের পরিচালক ড. মো. মেহেদী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাহেব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি অনুষদের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য বলেন, “আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে দেশের সুনাম বৃদ্ধি করছে। শিক্ষার্থীরা আজ দেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক পরিসরে নিজেদের মেধার পরিচয় দিচ্ছে।” তিনি আরো বলেন, “নিহারিকার এই সাফল্য শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, সমগ্র জাতির জন্য গৌরবের। আমার দৃঢ় বিশ্বাস, আমাদের মেধাবী এই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণা সম্পন্ন করে দেশে ফিরে আসবে এবং জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম হরিনগর তাঁতিপাড়া। সেখানকার এক সাধারণ পরিবারে জন্ম নেয়া নিহারিকা দাস। একসময় যার কাছে নিজের শহরের গণ্ডি পেরোনোটাই ছিল কঠিন, আজ সেই মেয়েই পাড়ি জমাচ্ছেন হাজার মাইল দূরের দেশ জাপানে, উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে। জাপান সরকারের সম্মানজনক স্কলারশিপে তিনি সুযোগ পেয়েছেন দেশটির কাগোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি অনুষদের ১৬তম ব্যাচের এই শিক্ষার্থী নিহারিকার পথচলা কিন্তু এতটা সহজ ছিল না। একটা সময় নানা চাপে তার পড়াশোনা প্রায় থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। স্বপ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছিল। ঠিক সেই সময় তার পাশে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বুঝতে পেরে সাহস জোগান পরিবারের সদস্যরা। আর নিজের অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ঘুরে দাঁড়ান নিহারিকা। সেই পথ ধরেই তার আজকের এই সাফল্য। দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠানে অনেকটায় আবেগঘন কণ্ঠে নিহারিকা বলেন, “একটা সময় মনে হয়েছিল, হয়তো আর পড়াশোনা চালিয়ে যেতে পারব না। কিন্তু স্যারদের সহযোগিতা আর পরিবারের সমর্থন আমাকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। আজ জাপানে পড়তে যাওয়ার সুযোগ পেয়েছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।” নিজ গ্রাম, নিজ শহর ও দেশ ছেড়ে সেই স্বপ্ন যাত্রার প্রাক্কালে নিহারিকা তাই বলেই গেলেন, “আগামীতে দেশের জন্য অবশ্যই কিছু করতে চাই।” নিহারিকার বাবার নাম সুবোধ চন্দ্র দাস ও মাতার নাম লিলি রানী দাস। তারা দুই বোন। ছোট বোন শ্রেয়া এবার এইচএসসিতে অধ্যয়নরত। নিহারিকা তার স্বপ্ন পূরণে সকলের আশীর্বাদ কামনা করেন।

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিনের ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারিয়াডাঙ্গা ইউনিয়নের বোর্ডঘর এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিন(৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। তিনি ওই এলাকার মৃত সিরাজ উদ্দীনের ছেলে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাদীণ অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যা সোয়া ৬টায় বোর্ডঘর প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর সন্ধ্যা সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গা ঈদগাহ ময়দানে জানাজার নামাজের পর বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ,সদর থানার পরিদর্শক (তদন্ত) সূকোমল চন্দ্র দেবনাথ সহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

গোমস্তাপুরে পেট্রোল পাম্প মালিকদের নিয়ে ইউএনওর মতবিনিময়

গোমস্তাপুরে পেট্রোল পাম্প মালিকদের নিয়ে ইউএনওর মতবিনিময় গোমস্তাপুরে পেট্রোল পাম মালিক ও ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার পেট্রোল পামের মালিক ও ৭ টি পাম্পে নিযুক্ত ট্যাগ অফিসাররা উপস্থিত ছিলেন। জ্বালানি তেলের চলমান সংকট পরিস্থিতি পেট্রোল পাম্পগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও ভোক্তার স্বার্থ সুরক্ষায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এদিকে চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়ামজাত দ্রব্যাদি বিতরণ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ে লক্ষ্যে উপজেলা প্রশাসন ৭টি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন। তিনি আরোও বলেন,অনিয়ম ও কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মতবিনিময় সভায় কঠোর নির্দেশ দেওয়া হয়।

শিবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

শিবগঞ্জে ৯ কেজি গান পাউডার ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে ৯ কেজি ১৫০ গ্রাম গানপাউডার সদৃশ গুড়া পদার্থ ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ১১টার দিকে ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানীপাড়া গ্রামে ৪ নং বেড়িবাঁধ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগে ২ কেজি ৭০০ গ্রাম ও ৩ কেজি কালো রং এর, পৌনে ৩ কেজি সাদা রং এর এবং ৭০০ গ্রাম ধুসর রং এর গান পাউডার সদৃশ গুড়া পদার্থ, একটি প্লাষ্টিকের বাজার করা ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি ২০০ গ্রাম কাচের টুকরা, ৪০০ গ্রাম লোহার পেরেক, একটি পলিথিন ব্যাগে রাখা ৩০টি জর্দার কৌটা, ১০টি লাল রং এর স্কচটেপ এবং ১৫টি গ্যাস লাইটার জব্দ হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

গোমস্তাপুরে ভারতীয় স্কাপ সিরাপসহ আটক ১

গোমস্তাপুরে ভারতীয় স্কাপ সিরাপসহ আটক ১ গোমস্তাপুরে ২১৭ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কাপ সিরাপ ও একটি ইজিবাইকসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। আজ সকাল ৭টার দিকে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের নিসকালিপুর গ্রামের মাফির আলী ছেলে আরিফ। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম আটকের সত্যতা নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, বাঙ্গাবাড়ি বিওপির একটি টহলদল ওই সীমান্তের বিভিন্নস্থানে টহল দিচ্ছিলেন। গোপন সংবাদ পেয়ে ওই বিওপির টহল কমান্ডার হাবিলদার বিপুল চন্দ্র দেবনাথের নেতৃত্বে বিজিবির অন্য সদস্যরা আজ সকাল ৭টার দিকে বেগুনবাড়ি এলাকায় অভিযান চালান। পরে অভিযান চালিযে আরিফকে আটক করা হয়।

চরবাগডাঙ্গায় সিএসডব্লিউএফের নেতৃত্বে সানোয়ার ও আল আমিন

চরবাগডাঙ্গায় সিএসডব্লিউএফের নেতৃত্বে সানোয়ার ও আল আমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)-এর ২০২৬-২০২৭ কার্যবছরের জন্য নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সাবেক শিক্ষার্থী ও আরটিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সানোয়ার হোসেনকে সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর শিক্ষার্থী আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আরো জানানো হয়েছে, সংগঠনের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য মো. ফারুক মিয়া, মাহবুবুল আলম, ইউসুফ আলী মন্ডল ও সোহাইল রানা সুমনসহ অন্য উপদেষ্টাদের সম্মতি এবং কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি মো. নাহিদ হাসান (এমএআরএমসি), যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা (রাবি), অর্থ সম্পাদক মো. সারাফাত হোসাইন (রাবি), সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান (এনইউ), সাংগঠনিক সম্পাদক মো. মোমিনুল হক (জবি), শিক্ষা সম্পাদক মোহাম্মদ আলী (ঢাবি), প্রচার ও আইটি সম্পাদক সারোয়ার হোসাইন (এনইউ), দপ্তর সম্পাদক মো. মাসুম (এনইউ), স্বাস্থ্য সম্পাদক মাশরুফা তাহসিন (রামেক), ছাত্রকল্যাণ সম্পাদক মো. খাইরুল ইসলাম (বেরোবি), সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম (এনইউ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আহাদুজ্জামান আহাদ (ডুয়েট), ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. মাকসুদা খাতুন রিনা (ইবি), সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান (ইবি), ক্রীড়া সম্পাদক আবু বকর বাদশা (এনইউ), সহ-ক্রীড়া সম্পাদক মো. শহীদ রানা (মাভাবিপ্রবি), সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল্লাহ (এনইউ), সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. তারেক আহমেদ (এনইউ) এবং আপ্যায়ন সম্পাদক তুহিন রেজা (ডিআইইউ)। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সানোয়ার হোসেন ও আল আমিন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরবাগডাঙ্গা ইউনিয়ন একসময় শিক্ষার দিক থেকে বেশ পিছিয়ে ছিল। ২০১৫ সালের আগে শিক্ষার সুযোগ ছিল সীমিত, আর উচ্চশিক্ষা ছিল অনেকটাই স্বপ্নের মতো। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষেই তৎকালীন সাতজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণের উদ্যোগে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় চরবাগডাঙ্গা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম (সিএসডব্লিউএফ)। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ধারাবাহিকভাবে শিক্ষামূলক ও সামাজিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতা, ক্যারিয়ার আড্ডা, গণিত অলিম্পিয়াড, রক্তদান কর্মসূচি ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ফলে তাদের আত্মবিশ্বাস, লক্ষ্য নির্ধারণ ও স্বপ্ন দেখার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জেলায়  জ্বালানি তেল নিয়ে সমস্যার সমাধানে একগুচ্ছ সিদ্ধান্ত

জেলায়  জ্বালানি তেল নিয়ে সমস্যার সমাধানে একগুচ্ছ সিদ্ধান্ত   বৈশ্ব্যিক পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল নিয়ে সৃষ্ট সমস্যার সমাধানের পথ বের করতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফিলিং স্টেশন মালিক, পরিবহন নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের নিয়ে এক সভা করেছে জেলা প্রশাসন। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। ‘চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয় সংক্রান্ত’ এ সভায় জানানো হয়, প্রকৃত কৃষকদের চিহ্নিত করতে এখন থেকে কৃষকরা প্রথমে উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং পরে উপজেলা কৃষি কর্মকর্তার কাছ থেকে প্রত্যয়ন নিয়ে ফিলিং স্টেশনগুলোতে গেলে তারা জ্বালানি তেল নিতে পারবেন। এতে পাম্পগুলোয় ভিড় কমবে এবং প্রকৃত কৃষকরা হয়রানি থেকে রক্ষা পাবেন। তাছাড়া ভুয়া কৃষক সেজে কেউ আর তেল নিয়ে খোলাবাজারে বিক্রি করতেও পারবে না। জেলা প্রশাসক জ্বালানি তেল নিয়ে জাতীয়ভাবে গৃহীত সিদ্ধান্তগুলো সবাইকে স্মরণ করিয়ে দেন। এসময় তিনি আজকের রবিবার মধ্যেই সরকারি কর্মকর্তাদের পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ প্রদান করেন। সভায় আরো জানানো হয়, যারা মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারবেন এবং হেলমেট পরিহিত থাকবেন তারাই তেল পাবেন। এর ব্যতিক্রম হলেই মোবাইল কোর্টের আওতায় আনা হবে। এছাড়া যারা খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফিলিং স্টেশনসহ মহসড়কে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য মাইকিংয়ের ব্যবস্থাও করা হবে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জ্বালানি তেল সম্পর্কিত মূল বিষয়বস্তু তুলে ধরেন। ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তার দাবি জানান জেলা ফিলিং স্টেশন মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন। জবাবে নিরাত্তা নিশ্চয়তার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) একরামুল হক। সভায় জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি রাশিদুল ইসলাম ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাবেক সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ পাঁচ উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, গোয়েন্দা বিভাগের প্রতিনিধিসহ ফিলিং স্টেশন মালিকরা উপস্থিত ছিলেন।