জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময়

জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) এর সচিব জাহেদা পারভীন। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আব্দুল আজিম ও মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মুর্শিদা শারমিন। চাঁপাইনবাবগঞ্জে জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদা পারভীন বলেন, চলতি বছরের শুরুর দিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম ১০ জেলার মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মাসে সেটি অনেক পিছিয়ে গেছে। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারো চাঁপাইনবাবগঞ্জের আবারো ভালো দেখতে চান প্রধান অতিথি। এটি বাস্তবায়নে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।
সোনামসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা

সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনামসজিদ অনেক পুরোনো ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ২০০৬ সালে এই বন্দর প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যতে এই বন্দর আন্ত:দেশীয় বানিজ্যের সংযোগও হতে পারে। কাজেই এটি সম্প্রসারণ করা দরকার। পরিধী বাড়ানো দরকার। আমরা বিশ^ব্যাংককে দিয়ে কয়েকটি বন্দর করিয়েছে। যদি সম্ভব হয়, পরবর্তীতে যদি বিশ^ব্যাংকের নতুন প্রকল্প থাকে, তবে তারা নিলে সোানামসজিদের সম্প্রসারণ সহজ হবে। উপদেষ্টা আরও বলেন, বন্দরে কিছু সমস্যা রয়েছে। এসব দেখার জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে। একটি ৩ কিলোমিটার সড়ক করতে হবে। বন্দরের ইয়ার্ড তৈরির জন্য জায়গা জমি দেখা হচ্ছে। কিছু জমি রয়েছে খাস। আবার কিছু ব্যাক্তি মালিকানাধীণ। সেগুলো নিলে খরচ হবে। জেলা প্রশাসন সকল সমস্যা চিহ্নিত করে উন্নয়নের জন্য যতটুকু জমি দরকার সেটি সহ পরিকল্পনা পাঠালে ব্যয় বোঝা যাবে। তখন এ ব্যাপারে উদ্যোগ নেয়া যাবে। শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি। তিনি বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেণ। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শণে এসে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড সভাকক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এবং সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থালবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্তান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা চেয়ারম্যান আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা সহ প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে, বিকেলে উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চিকিৎসা এবং শিক্ষার জন্য ১৫ জনের মাঝে চেক বিতরণ করা হয়।
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় চাঁড়ালডাঙ্গা গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দারেশ আলী, মঞ্জুর হোসেন, বজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু গত ৯ জুলাই টাকার জন্য তাঁর বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়। এঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২ নং এজাহারনামীয় পলাতক আসামী নিহতের চাচাতো ভাই মাসুদকে ঢাকার সাভার থেকে আটক করেছে র্যাব। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে সাভারের আকরান বউ বাজার এলাকা হতে র্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ আটক হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।
নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নাচোলে ২৪জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা ম্যাধমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্টারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)এর আওতায় ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায়২৪জন শিক্ষার্থীকে সম্মানা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক আলমাছ উদ্দিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ১২জন শিক্ষার্থীকে ১০হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১২জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেয়া হয়। সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মানববন্ধনে বক্তারা বলেন, “আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। কিন্ডারগার্টেন স্কুলে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দিয়ে সরকার শিশুদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছে।” তারা বলেন, দেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুলে প্রায় ১ কোটি শিক্ষার্থী লেখাপড়া করছে এবং শহরাঞ্চলের ৬০-৭০ শতাংশ শিশুই এ ধরনের প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। বক্তারা আরো জানান, গত ১৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পুনরায় চালু হওয়া বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যা কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রতি স্পষ্ট বৈষম্যের বহিঃপ্রকাশ। অথচ ২০০৯ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষার্থীরাও সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তির জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্যের নজির রেখেছে। মানববন্ধনে বক্তারা দাবি করেন, শিক্ষা কোনো শ্রেণী বিভাজনের বিষয় নয়, এটি সকল শিশুর মৌলিক অধিকার। তারা বলেন, “বৈষম্যবিরোধী সরকার ক্ষমতায় থেকেও যদি শিশুদের এমন বৈষম্যের মধ্যে ফেলে, তবে তা সরকারের নীতির সঙ্গেও সাংঘর্ষিক।” বক্তারা চলতি বছর থেকেই বৃত্তি পরীক্ষাসহ প্রাথমিক শিক্ষার সকল কার্যক্রমে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের ইম্পেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীর অভিভাবক প্রকৌশলী শফিকুল ইসলাম, অভিভাবক উম্মে রায়হান, শিক্ষার্থী ফাতেমা জামান ও হাসিবা খাতুন, প্যারামাউন্ট স্টান্ডার্ড স্কুলের শিক্ষার্থী আব্দুর রহমান। প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে। মানববন্ধনে শহরের বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ গোমস্তাপুরে পিবিজিএসআই স্কিমের আওতায় ২০২২-২৩ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার এবং উচ্চ মাধ্যমিক সমাপণী পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানে রাজশাহী কলেজের অধ্যক্ষ যহুর আলী প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহীর মনিটরিং অফিসার শাহাদাত হোসেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, অভিভাবক রুহুল আমিন, রহনপুর ইউসুফ আলী কলেজের শিক্ষার্থী মনোয়ার হোসেন মুন্না ও চৌডালা দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিশাত আনজুম। উল্লেখ্য, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৩৯ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।
রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার ও রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সভাপতি নুরুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ বেতার রাজশাহীর সহকারী পরিচালক (অনুষ্ঠান) তনুশ্রী সান্যাল, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: শারমিন আক্তার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, আদিবাসীদের প্রতিনিধি কর্ণেলিউস মুরমুসহ অন্যান্যরা। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, রেডিও মহানন্দার উপদেষ্টা কমিটির সদস্য সচিব ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় মানব পাচার প্রতিরোধ, মাদকাসক্তির কুফল, চাঁপাইনবাবগঞ্জে ব্র্যান্ডিং আম নিয়ে কন্টেন্ট তৈরীসহ অন্যান্য বিষয়ে অনুষ্ঠান নির্মানের উপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদকসহ গ্রেপ্তার ২ শিবগঞ্জ ও সদর উপজেলায় র্যাবের দু’টি পৃথক অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল এবং ৩৮০ গ্রাম গাঁজাসহ দু’জন আটক হয়েছেন। আটকরা হলেন, শিবগঞ্জের বাররশিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সোহেল রানা এবং সদর উপজেলার লক্ষীপুর বানঝাপাড়া গ্রামের সিরাজুল আলীর ছেলে রাকিব আলী। গতকাল সন্ধ্যা ও বিকালে অভিযানগুলো চালানো হয়। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সন্ধ্যার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার নীচে অভিযান চালায়। অভিযানে বিক্রয়ের জন্য আমের ক্যারেটে রাখা ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন সোহেল রানা। এর আগে বিকেলে সদর উপজেলার লক্ষীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে ৩৮০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হয় রাকিব আলী। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলেও জানায় র্যাব।
চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্যমুক্ত দেশ গড়তে শপথ গ্রহণ

চাঁপাইনবাবগঞ্জেও বৈষম্যমুক্ত দেশ গড়তে শপথ গ্রহণ চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় কর্মসূচির শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সারাদেশের সকল জেলা-উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি একযাগে শপথবাক্য পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শপথে অংশগ্রহণকারীরা দেশ গঠনে অঙ্গীকার করেন। শপথে বলা হয়, দেশের সকলকে একসাথে নিয়ে দারিদ্র্যমুক্ত, সহিংসতা মুক্ত, মানবিক ও সাম্যের দেশ গড়ব। কারণ সরকার মানে আমি, আর রাষ্ট্র মানে আমরা। দেশের সকল নাগরিককে সামাজিক সুরক্ষার চাদরে ঢেকে দিতে আমরা বদ্ধপরিকর। সেবার অভিগম্যতা নিশ্চিত করা সবার দায়িত্ব। অঙ্গীকার করছি, নারী ও শিশু নির্যাতন দূর করে শহরে, গ্রামে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। ঘরে, রাস্তায়, কর্মস্থলে, বিদ্যাপীঠে, সাইবার স্পেসে গড়ে তুলব নারী ও শিশুর নিরাপদ বিচরণ। পিছিয়ে পড়া তরুণ সমাজকে চালিকা শক্তি করে সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করব। এদিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন— সরকার এককভাবে কোনো দায়িত্ব পালন করতে পারবে না। সবাই মিলে আমাদের দায়িত্ব পালন করতে হবে, জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন— জুলাই আন্দোলনে তরুণ ছাত্রসমাজ আমাদের পথ দেখিয়েছে, তাদের সঙ্গে ছিল আমাদের কন্যাগণ। সেই কন্যাযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে আজকের এই অনুষ্ঠান মালা। জেলা প্রশাসক বলেন— আমরা দেখেছি, ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হলেন— সেদিন আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ হয়। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীদের ওপর পেটুয়াবাহিনী ও টোকাইরা এবং নামধারী ছাত্র সংগঠন (নিষিদ্ধ ছাত্রলীগ) ন্যক্কারজনক হামলা চালায়, তখন জুলাই আন্দোলন আরো বেগবান হয়। জুলাই আন্দোলনে জুলাইকন্যাদের অনেক ভূমিকা রয়েছে। সেই কন্যাদের আমরা শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থাতা কামনা করি। মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। জেলা প্রশাসক আরো বলেন— সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে যেসব সেবা দেয়া হয় তা আপনাদের সামনে তুলে ধরতে এই আয়োজন করার আরেকটি কারণ। আপনারা সঠিক সময়ে সঠিক জায়গায় যোগাযোগ করে যারা প্রকৃতই সেবা পাওয়ার যোগ্য, তারা আবেদন করবেন। এখানে কোনো স্বজনপ্রীতি করা হবে না। যদি কেউ করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অতীতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। আমরা সেগুলোর তদন্ত করছি। উপকারভোগীদের যাচাই-বাছাই চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন এ কে এম শাহাব দ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক সাহিদা আখতার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনের চাঁপাইনবাবগঞ্জের নেতা আব্দুর রাহিম। সূচনা বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম। ভোলাহাট : ভোলাহাট উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জুলাই চেতনাধারী তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিনের সভাপতিত্বে শপথ গ্রহণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু। গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ (ভার্চুয়াল) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার সফিকুল ইসলামের সঞ্চালনায় ভার্চুয়াল শপথ গ্রহণ শেষে অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, প্রসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামাল, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠক শিক্ষক আবু মাসুদ, জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক রাশেল আলী, জুলাই যোদ্ধা মোত্তাকিম, জুলাইকন্যা উম্মে হাবিবা হিমা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।