চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায়

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় এক সেন্টিমিটার কমলেও মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সকাল ৯টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন চরাঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭৩ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১.৭২ মিটার। অন্যদিকে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৯ মিটার। এনদীর পানি বেড়েছে ২ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৯৪ মিটার; যা শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ২০.০১ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।
মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিয়া মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার টিয়া মিয়া সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মৃত বাবলুর রহমানের ছেলে। গতকাল রাতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি দল মহরাজপুর মেলার মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, ধৃত টিয়া মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর তিনি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদ- প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টিয়া মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব জানায়।
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৫ জনের ডেঙ্গু সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৫ জনের ডেঙ্গু সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১৬ জন ও বহির্বিভাগে ৮ জন এবং শিবগঞ্জে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন রোগী। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৪ জনকে। এই ১৪ জনের মধ্যে ৮জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬১৩ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০৭ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ

সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকা-, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারবে গৃহ নির্মাণের জন্য ১৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা দেয়া হয়েছে। সরকারের দুর্যোগ ববস্থাপনা অধিদপ্তর থেকে এই সহায়তা প্রদান করা হয়। আজ দুপুরে পরিবারগুলোর মধ্যে এই টিন ও টাকা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম। এসময় উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চর কুমার দাস, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সারোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৮৩ পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার পাঁকার বোগলাউড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এর মধ্যে পাঁকায় ১৫০ পরিবারকে ২০ কেজি করে জিআর চাল, দুর্লভপুরে ১২৯ পরিবারকে শুকনো খাবার ও ৩০ কেজি করে চাল, ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়।
শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার

শিবগঞ্জে মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের সদস্য গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে তার দেয়া তথ্যে উদ্ধার করা হয়েছে ৮টি চোরাই মোটরসাইকেল। রাহাত শিবগঞ্জের দাদনচক আরাজীচৌকা গ্রামের শামিম উদ্দিনের ছেলে। গতকাল সকালে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, গত ২৪ জুলাই সদর উপজেলার পুকুরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আব্দুস সাত্তার নামে এক ব্যাক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় তিনি ২৭ জুলাই সদর থানায় মামলা করেন। মামলার সূত্রে পুলিশ ওইদিন গোমস্তাপুর উপজেলার শুক্রবাড়ী এলাকায় মোটরসাইকেল চোর সন্দেহে জনতার হাতে আটক সোহেল রানা ও শিহাব আলী নামে ২ যুবককে গ্রেপ্তার করে। আদালতে ১৬৪ ধারায় দেয়া তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে দেয়া তথ্যে, পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। রাহাতের দেয়া তথ্যে পুলিশ শিবগঞ্জের তারাপুর মোন্নাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ি থেকে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক(এসআই) হরেন্দ্রনাথ দেবদাশ জানান, রাহাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক

শিবগঞ্জে হত্যা মামলার পলাতক আসামীকে মিরপুরে আটক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রফিকুল হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী পারুল হককে মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতার পারুল হক শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের আহসান আলীর ছেলে। আজ র্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১টার দিকে মিরপুর থানার কল্যাণ নতুন বাজার এলাকা হতে পারুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য পারুল হক গত ১২ জুন শিবগঞ্জ থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার এজাহারনামীয় ৩নং আসামী। তিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

গোমস্তাপুরে পানি সম্পদ বিষয়ক অবহিতকরণ কর্মশালা গোমস্তাপুরে পানি আইন-২০১৩ ও পানি বিধিমালা-২০১৮ বিষয়ক অবহিতকরণ এবং উপজেলার সমীক্ষা প্রকল্পের ফলাফলের উপর শুনানী ও মতামত সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) মহাপরিচালক লুতফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ারপো পরিচালক (পরিকল্পনা) নুর আলম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ

ভোলাহাটে উপকারভোগীদের মাঝে ভিডব্লিউবি কার্ড বিতরণ ভোলাহাট উপজেলায় ২০২৫-২০২৬ চক্রের ভিডব্লিউবি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে সদর ইউনিয়নের উপকারভোগী নারীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ভোলাহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। ভিডব্লিউবি কার্ডধারীরা প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল পাবেন। দারিদ্র্যসীমার নিচে থাকা নারীদের জন্য সরকার পরিচালিত এই কর্মসূচি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে ভোলাহাট উপজেলার অন্যান্য ইউনিয়নের উপকারভোগীদের মাঝেও এই কার্ড বিতরণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন

চাঁপাইনবাবগঞ্জে নতুন ডেঙ্গু রোগী ২৪ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১২ জন ও বহির্বিভাগে ১১ জন এবং নাচোলে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭ জনকে। এই ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৭৯ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮১ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।