গোমস্তাপুরে সাপে কাটা রোগীর ৬ দিন পর মৃত্যু

গোমস্তাপুরে সাপে কাটা রোগীর ৬ দিন পর মৃত্যু গোমস্তাপুরে সাপের কামড়ে আলমগীর হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। ৬ দিন পর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া আলমগীর ওই গ্রামের মৃত সাদির আলীর ছেলে। এর আগে গত ৩১ আগস্ট গোমস্তাপুর উপজেলার রাধনগর ইউনিয়নের বেগপুর গ্রামে বাড়ির পাশে দৈইলা বিলে তাকে সাপে কাটে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ৩১ আগস্ট বিকালে দৈইলা বিলে মাছ ধরতে যায় আলমগীর। বিলের ঘাটে বাঁধা নৌকাতে ওঠার সময় একটি সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ দিন পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন চাঁপাইনবাবগঞ্জের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে অটোরিক্সা র্যালী ও শিশুদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা আইনজীবী সমিতি ভবন চত্বর থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে বের হওয়া ‘মুবারাক’ র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্থানীয় ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উদযাপন কমিটি আয়োজিত র্যালী থেকে পরিবেশিত হয় সুমধুর কণ্ঠের হামদ ও নাত। র্যালী শেষে দেশ ও জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাবারক (মিষ্টান্ন) বিতরণ করা হয়। র্যালীতে অংশ নেন উদযাপন কমিটি সভাপতি এড.আফসার আলী, সহ-সভাপতি জহির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক শাহিন সরকার, সদস্য জাকির হোসেন, কামরুজ্জামান খাঁন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। এদিকে, দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন শিশু শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। আজ সকালে জেলা মডেল মসজিদে ইফা কার্যালয়ে শিশুরা কেরাত, নাত, হামদ, রসুল (স.)-এর শানে কবিতা, রচনা ও আযান প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুরে প্রতিযোগিতা ও আলোচনা শেষে ইফা উপ-পরিচালক গোলাম মোস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মহানবী হজরত মোহাম্মদ (স.) জীবনী নিয়ে রচিত বই উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে গতকাল বাদ জুম্মাহ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিছু মসজিদে শুক্রবার বাদ এশা এবং কিছু মসজিদে আজ বিভিন্ন ওয়াক্তের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। এ উপলক্ষে শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং-এ বিদ্যালয়ে ক্বিরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন। বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন জামিয়া সালাফিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। এরপর শিক্ষার্থীদের নিয়ে হামদ-নাত, ক্বিরাত ও নবীজীকে নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও পৃথকভাবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার ২০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। এসময় বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের বাণি নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তিনি ছিলেন একজন আদর্শবান মানবিক মানুষ। যে বিধর্মী নারী তাঁর পথে কাঁটা বিছিয়ে তাঁকে কষ্ট দিয়েছেন, সেই নারী অসুস্থ হলে সেবা করে তাকে সুস্থ করেছেন তিনি। তিনি মানুষকে শান্তির পথে নিয়ে এসেছেন। আমরা তার আদর্শকে অনুসরণ করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। শেষে দোয়া পরিচালনা করেন মো. আব্দুল কুদ্দুস।
২ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর

২ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর দুই দিনের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সাপ্তাহিক ও আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই স্থলবন্দর দুদিন ছুটি ঘোষণা করা হয়। এতথ্য নিশ্চিত করে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, সাধারণত সোনামসজিদ স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি হিসেবে অন্যসব প্রতিষ্ঠানের মতো শুক্রবার বন্ধ থাকে। এছাড়া শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী। এতে সোনামসজিদ স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে। আগামীকাল থেকে আবারও যথারীতি নিয়মে বন্দরের কার্যক্রম শুরু হবে।
ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২ অংশগ্রহণ করে। ১-০ গোলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ বিজয় ছিনিয়ে নেয়। পরে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও ৩০ হাজার টাকা, রানার্স আপ দলকে গোল্ডকাপ ও ২০ হাজার টাকা তুলে দেন খেলার সভাপতি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল রহমান, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়াসহ অন্যরা। গত ২৫ আগষ্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উপজেলার মোট চারটি ইউনিয়ন পরিষদ থেকে ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। আগামী ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যান্য উপজেলার ফুটবল দলের সাথে প্রতিযোগিতা করবে বিজয়ী ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১।
নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১ নাচোলে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তোফাজ্জল নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। আজ সকালে নাচোল মধ্যবাজার থেকে গাভীসহ তাকে আটক করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে মাক্তাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে গোলাম মোস্তফার বাড়ির বাইরে বকনা ও গাভীসহ ৪টি গরুকে খড় খেতে দিয়ে এশার নামাজ আদায় করতে যান। রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন ৩টি গরু থাকলেও মেটে সাদা রংয়ের ১ টি গাভী নেই। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। পরবর্তীতে গাভির মালিক নাচোল থানায় গরু চুরি সংক্রান্ত এজাহার দায়ের কররেন। এজাহারটি নাচোল থানা পুলিশ মামলা হিসেবে গ্রহণ করে। অনুসন্ধানের এক পর্যায়ে আজ সকালে নাচোল মধ্যবাজারের একজনের বাড়ির পিছন থেকে চুরি হওয়া গাভীসহ গোলাম মোস্তফা আটক করা হয়।
প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের

প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ স্মরণে শুক্রবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট। জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গোলাম রশিদের বোন পারভিন কবীর, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উপপরিচালক আব্দুর রশিদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম, বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাহবুবুর রহমান মিন্টু, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, কোষাধ্যক্ষ আসলাম কবীর, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের সহসভাপতি মারুফুল হক। বক্তারা বলেন, গোলাম রশিদ শুধু একজন স্কাউটার ছিলেন না। তিনি ছিলেন একজন দক্ষ নেতা। ছিলেন সমাজসেবীও। তাঁর একনিষ্ঠ পরিশ্রম ও দক্ষ নেতৃত্বে জেলায় স্কাউট কার্যক্রম গতি পেয়েছিল তাই স্কাউটস এগিয়ে গেছে অনেকদূর। তাঁকে আমাদের স্মরণে রাখতে হবে। স্কাউটসকে নিয়ে তাঁর দেখা স্বপ্নগুলো পূরণ করতে হবে। তারা আরো বলেন-সরাসরি সরকারি কোনো অনুদান ছাড়াই স্থানীয় মানুষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় যে সাততলা ফাউন্ডেশনের দোতলা স্কাউট ভবন নির্মিত হয়েছে, তার সিংহভাগ কৃতিত্ব গোলাম রশিদের। এমন নিবেদিতপ্রাণ স্কাউটারের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৭ জন ও বহির্বিভাগে ৩ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৬ জন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৪ জনকে। এছাড়া ১ জন পুরুষ রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ৭৯৪ জন। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ১ হাজার ২৪৯ জন।
যৌথ অভিযানে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

যৌথ অভিযানে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক মিজানুর রহমান ওরফে মিজান নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি ৯ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পলাতক ছিলেন। আটক মিজান শিবগঞ্জের বিনোদপুর আইরামারী গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গতকাল সন্ধ্যার পরে শিবগঞ্জের মনাকষা বাজার থেকে র্যাব-৪ মানিকগঞ্জ ক্যাম্প ও র্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে মিজানের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় একটি মাদক মামলার মামলা দায়েরের পর তিনি পলাতক হন। বিভিন্ন ছদ্মবেশে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন। তাঁর অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়। বিচারে তাঁকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। সাজাপ্রদানকালে পলাতক থাকায় তাঁর নামে সাজা পরোয়ানা জারি হয়। গতকাল গ্রেপ্তারের পর আজ তাঁকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআ্ই) স্বপন কুমার বলেন, গত ১ মাস পূর্বে শিবগঞ্জে ফিরে এসে মিজান একটি নার্সারিতে শ্রমিক হিসেবে যোগ দেন। এর আগে তিনি ঢাকায় রিক্সা চালাতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। আজ দুপুরে মিজানকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট ১৮ পেরিয়ে উনিশে পদার্পণ

প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট ১৮ পেরিয়ে উনিশে পদার্পণ শাহরিয়ার শিমুল চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি পরিচিত নাম ‘প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট’ (পিএফটিআই)। গুটি গুটি পায়ে এগিয়ে সংগঠনটি আজ ১ সেপ্টেম্বর সোমবার সফলতার ১৯ বছরে পদার্পণ করল। এই দীর্ঘ পথপরিক্রমায় আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লোকজ সংস্কৃতিকে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গোটা দেশবাসীর কাছে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। স্বীকৃতিস্বরূপ নিজেদের মেলে ধরার সুযোগ পেয়েছে প্রধানমন্ত্রী, বাংলাদেশ টেলিভিশন, চ্যানেল আই, আমেরিকান দ্রুতাবাস, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইউনেস্কোর সাংস্কৃতিক কর্মকাণ্ডে। দেশের অন্যান্য জেলা শহরেও পারফর্ম করে চলেছে পিএফটিআই। ২০০৭ সালের ১ সেপ্টেম্বর পথচলা শুরু প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের। এটি গঠনে উদ্যোগী হন চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে ওঠা সংগঠনটি আজ অত্যন্ত সফলতা এবং সুনামের সঙ্গে দেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে কাজ করে চলেছে। বিভিন্ন নৃগোষ্ঠীর সংমিশ্রণে গড়ে উঠেছে বলেই বাংলার জনমানুষের আকার, অবয়ব, চেহারায় এত বৈচিত্র্য। তেমনি নানা ভাষাজাতির আগমনে সংস্কৃতিতেও বৈচিত্র্য দেখা যায়। তবে পল্লী ও কৃষিপ্রধান এই বাংলাদেশে গ্রামীণ জীবনের সংস্কৃতির প্রভাবই বেশি। আবার নদীর খেয়ালি আচরণ আর প্রকৃতির ঋতুবৈচিত্র্য বাঙালিমানসকে বিচিত্রভাবে সমৃদ্ধ করেছে। আর তাই বাঙালির সংস্কৃতি বুঝতে এই বৈচিত্র্যময় পটভূমি খেয়ালে রাখতে হয়। লোকসংস্কৃতি লোকসম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস ও আচার-আচরণ, জীবনযাপন প্রণালী, চিত্তবিনোদনের উপায় প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠা সংস্কৃতি। এটা সম্পূর্ণই তাদের নিজস্ব সংস্কৃতি। দীর্ঘকাল ধরে গড়ে ওঠা এই সংস্কৃতি তাদের প্রকৃত পরিচয় বহন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির মাধ্যমে আনন্দময় পরিবেশে লোকশিক্ষা প্রদান করার লক্ষে চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে গড়ে ওঠে ‘প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট (পিএফটিআই)’। প্রতিষ্ঠাকাল থেকেই লোকজ সংস্কৃতির ঐতিহ্য ধারণ, সংরক্ষণ, উন্নয়ন, গবেষণা ও এর বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষে কাজ শুরু করে সংগঠনটি। চাঁপাইনবাবগঞ্জের লোকজ সংস্কৃতি দেশের সর্বত্র ছড়িয়ে দিতেও কাজ করেছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট। প্রত্যেক বাঙালির শিরা-উপশিরায় তার নিজস্ব সংস্কৃতির ধারা প্রবাহিত। কাজেই যে কোনো তথ্য জনগণের অন্তরে গেঁথে দিয়ে তার যথাযথ প্রতিফলন ঘটানোর জন্য এই আঙ্গিকগুলো অধিক কার্যকরী। প্রাচীন বাংলার উল্লেখযোগ্য জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলার নিজস্ব সম্পদ গম্ভীরা। গম্ভীরার মূল উদ্দেশ্যই থাকে সমাজের নানা অসঙ্গতি হাস্যরসাত্মকভাবে তুলে ধরা। এতে মুখ্য চরিত্রে থাকেন একজন নানা ও একজন নাতি। সঙ্গে কয়েকজন বাদ্যযন্ত্র বাদক ও দোহারী। গম্ভীরায় নানা-নাতি দুজনেই পাড়াগাঁয়ের অতি সহজ-সরল মানুষের ভূমিকায় বিভিন্ন তথ্য আঞ্চলিক ভাষায় অভিনয়, নৃত্য ও গানের সুরে সুরে দর্শকদের মাঝে উপস্থাপন করে থাকেন। যাতে করে সাধারণ মানুষ বিনোদনের মাধ্যমে নানা-নাতির পরিবেশিত তথ্যগুলো খুব সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন। তবে গম্ভীরার এই নানা-নাতির পোশাক, কথা বলার ঢং সবকিছুর মধ্যেই ফুটে ওঠে চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামের সহজ সরল কৃষকের ছবি। গম্ভীরার প্রধান চরিত্র নানার পরনে থাকে ছেঁড়া লুঙ্গি, স্যান্ডো গেঞ্জি, মুখে পাকা দাড়ি, মাথায় মাথল, হাতে লাঠি। নাতির পরনে থাকে হাফ প্যান্ট বা লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, কোমরে গামছা, কখনো গামছার আঁচলে বাঁধা থাকে ছাতু ও কালাইয়ের রুটি। গম্ভীরার আরেকটি বৈশিষ্ট্য উল্লেখযোগ্য। আর তাহলো তাৎক্ষণিক বিভিন্ন তথ্য এতে সন্নিবেশ করা। অর্থাৎ গম্ভীরা দল যে কর্মসূচিতে যোগ দিতে যায়, তখন সে কর্মসূচির উদ্দেশ্যের আলোকেই গম্ভীরা সাজিয়ে থাকেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি এই গম্ভীরায় প্রয়াস ফোক থিয়েটার ভিন্ন মাত্রা দিয়েছে। সাধারণত প্রচলিত ধারার গম্ভীরায় নানা ও নাতির মধ্যে শুধু গান ও আলাপচারিতা লক্ষ্য করা যায়। ফলে অনেক ক্ষেত্রে এর মূল বিষয়বস্তুর ওপর ভিত্তি করে ছোট-বড় অনেক তথ্যই দর্শক-শ্রোতার কাছে বোধগম্য হয় না। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে গম্ভীরার পূর্বনির্ধারিত বিষয়বস্তুর তথ্যগুলো আরো সহজতরভাবে দর্শক-শ্রোতাদের মাঝে উপস্থাপন করার জন্য কয়েকটি নাট্যাংশ তৈরি করে পিএফটিআই। যাকে তারা বলছে ‘গম্ভীরা নাট্য’। এক্ষেত্রে গম্ভীরার প্রতিটি কথাই হয় তথ্যনির্ভর। গম্ভীরা ও গম্ভীরা নাট্যের পাশাপাশি বাংলার প্রায় হারিয়ে যাওয়া দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি মাধ্যম পটগান নিয়ে কাজ করছে পিএফটিআই। দর্শকদের মাঝে তথ্য পৌঁছে দেবার জন্য সাংস্কৃতিক অঙ্গনে এটি একটি জনপ্রিয় মাধ্যম। পটগান এমনই এক মাধ্যম, যা দ্বারা সব ধরনের দর্শকদের কাছে তথ্য পৌঁছে দেয়া সম্ভব হয়। কারণ পটগানে ছবিও প্রদর্শিত হয় এবং সেই ছবির বর্ণনা নৃত্য ও গানের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে করে ছবি দেখেই কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যান কোনো কোনো দর্শক। আবার কিছু কিছু দর্শক আছে, যারা গান শুনেই নির্ধারিত বিষয়টি বুঝতে সক্ষম হন। আবার একইসাথে ছবি ও গান শুনে বিষয়টি বুঝতে সহজ হয় কোনো কোনো দর্শকের। এভাবে দর্শক গ্রহণযোগ্যতার দিক থেকে পটগানও বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবে দেশের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিতি লাভ করেছে। প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের গম্ভীরা, পটগান ছাড়াও অন্য আঙ্গিকগুলো হচ্ছে— আলকাপ গান, কবিগান, কিচ্ছা কাহিনী, লাঠিখেলা, সত্য পীরের গান, মনসার গান, মেয়েলী গীত এবং দেশের অন্যান্য অঞ্চলের ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি। এই আঙ্গিকগুলোর মধ্যে থেকে পিএফটিআই কয়েকটি নিয়ে পরীক্ষামূলক নাট্য নির্মাণ করেছে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের। যার ঐকান্তিক প্রচেষ্টায় গড়ে উঠেছে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট, তিনি হলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সংস্কৃতি অনুরাগী এই মানুষটি বলা যায়, ‘অক্সিজেন’ দিয়ে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটকে ১৮ বছর ধরে টেনে নিয়ে চলছেন। কেননা বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে নিয়মিত সাংস্কৃতিক চর্চা চালিয়ে যাওয়া একটা খরুচে বিষয়। সেটাকে মেনে নিয়েই ফোক থিয়েটারকে সামনে এগিয়ে নিয়ে চলেছেন তিনি।
শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুজনকে কারাদন্ড, উদ্ধার চোলাইমদ

শিবগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুজনকে কারাদন্ড, উদ্ধার চোলাইমদ শিবগঞ্জ উপজেলার মনাকষা ও কানসাটের মিলিক বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক দুজনকে যথাক্রমে ২ মাসের ও ৭ দিনের বিনাশ্রম কারাদ- ও অর্থদ- প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে দেশী চোলাইমদ তৈরির কাঁচামালসহ চোলাইমদ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেয়া হয়েছে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন বদ্ধপরিকর বলে তৌফিক আজিজ জানিয়েছেন।