সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী

সীমান্তে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র,গুলি বা বিস্ফোরকের প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিবিজি, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব এবং পুলিশের বিভিন্ন  ইউনিট সহ বাহিনীগুলো। সামনে নির্বাচনকে ঘিরে এই অবস্থান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীগুলোর কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার মধ্যে সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর  এবং ভোলাহাট উপজেলা ভারত সীমান্ত ঘেরা। এর মধ্যে রয়েছে নদী সীমান্ত। রয়েছে কাঁটাতারের বেড়াবিহীনও কিছু সীমান্ত।  সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোতায়েন রয়েছে বিজিবি’র ৩টি পৃথক ব্যাটালিয়ন। বাহিনীগুলো সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে মাদক,অস্ত্রসহ বিভিন্ন পণ্য চোরাচালানের  অন্যতম রুট হিসেবে চিহ্নিত করা হলেও সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের তেমন কোন ঘটনা ঘটে নি। অতীতের বহু ইতিহাস থাকলেও স্পর্শকাতর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র আসছে এমন তথ্য কোন বাহিনীর তরফে বা স্থানীয় কোন সূত্রে  সম্প্রতি জানা যায় নি। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেয় নি কেউ। বিগত ৬ সপ্তাহে দুটি ঘটনার কথা জানা গেছে। গত ২৩ সেপ্টেম্বর শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়। এর আগে গত ২৪ আগষ্ট সদর উপজেলা সীমান্তে ৭ কেজি বিস্ফোরক তৈরীর উপাদান উপাদান জব্দ করে বিজিবি। ঘটনাগুলোই কেউ আটক না হলেও ৫ জনকে পলাতক আসামী করে মামলা করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের ২টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, কাজী মুস্তাফিুজুর রহমান ও পাশ্ববর্তী ১৬ বিজিবি নওগাঁ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, জেলার কোনো সীমান্ত দিয়ে কোনক্রমেই অস্ত্র পাচার হতে দেয়া হবে না। তবে এ সংক্রান্ত নজরদারি কঠোর করা হবে। অন্যদিকে, র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) সাঈদ মাহমুদ সাদান বলেন, বিজিবির পাশাপাশি র‌্যাবও সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে কিনা তা নজরদারি করছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হবে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, সীমান্তে অস্ত্র ঢোকার সাম্প্রতিক তেমন কোন তথ্য বা ইঙ্গিত নেই। তবে জোর গোয়েন্দা নজরদারি চলছে।

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৯-১ গোলে বড় জয় শিবগঞ্জের

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট : ৯-১ গোলে বড় জয় শিবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জে চলমান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবার ছিল শিবগঞ্জ বনাম নাচোল উপজেলা দলের খেলা। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। কিন্তু খেলা শুরুর ১৮ মিনিটের মাথায় মোমিনুলের গোলের সুবাদে ১-০ গোলে এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এর পর ৩৩ মিনিটের মাথায় মাশরাফির গোলে আরো এগিয়ে যায় শিবগঞ্জ উপজেলা দল। এরপর আফিরে তাকাতে হয়নি শিবগঞ্জ উপজেলা দলকে। পুরো খেলায় মোমিনুল একাই করেন ৫ গোল এবং মাশরাফি করেন ৩ গোল আর আলমগীর করেন ১টি গোল। তবে ডিবক্সের মধ্যে ফাউল হলে নাচোল উপজেলা দল পেনাল্টি পেয়ে যায়। পেনাল্টি শট থেকে ১টি গোল করেন নাচোল উপজেলা দলের আল দিলুস। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া খেলায় ৯-১ গোলের বিরাট ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে শিবগঞ্জ উপজেলা দল। তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করে। নতুন স্টেডিয়ামে এই খেলা চলছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ১ জন, বিহর্ভিভাগে ২ জন শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ জন রোগী এবং ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন পুরুষ ও ৪ জন নারীসহ ৫ জন রোগী রয়েছেন। অন্যদিকে, জেলা হাসপাতাল থেকে ৬ জনকে ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জনকে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ জনকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৯০ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৮৪ জন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক ও ১জন অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা অবসরে যাওয়ায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরে যাওয়া শিক্ষক দ্বয় হলেন—আসাদুল্লাহ (গণিত), রফিকুল ইসলাম (বাংলা) এবং অফিস সহায়ক আব্দুল গণি। সোমবার বিদ্যালয় চত্বরে বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা মার্কেল টাইল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের মো. নূরুল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা, কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম, নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের সূচনা বক্তব্য শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীর উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতি তুলে ধরেন অতিথিগণ। শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীর মাঝে সম্মানোনা ক্রেস্ট তুলে দেয়া হয়। বক্তারা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেণী-পেশাজীবী মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নর বাররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রোজবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে বাররশিয়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্য়াদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বজলার রশিদ সনু, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অন্যরা।

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন   শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী আশরাফুল আলম রশিদের বাড়িতে এই সেড উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি থেকে সেডের উদ্বোধন ও হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, কৃষি অফিসার নয়ন মিয়া এবং ভেটেনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসসহ অন্যরা। এসময় প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, মাংস দুধ উৎপাদনের লক্ষ্যে ১০টি গাভী পালনের জন্য সেড নির্মাণ করে দেয়া হয়। এতে করে খামারিরা গাভী পালনে উদ্বুদ্ধ হবে।

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত শিবগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর খড়কপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাড়ির নিকটেই সোনামসজিদ মহাসড়ক পার হবার সময় একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন হামিদ। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকাল পৌনে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য সবুজ আলী সুজন বলেন, গতকাল সন্ধ্যায় সড়ক পারারপারের সময় দৌড় দিলে অটোরিক্সার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রক্তাত্ব হন বৃদ্ধ হামিদ। ঘটনার পর অটোরিক্সাটি পালিয়ে যায়। আজ সকালে আব্দুল হামিদ মারা যান।

গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসকিন ওরফে সজীব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোমস্তাপুর বাজারপাড়া এলাকার মিঠুন ওরফে মিথুনের ছেলে এবং বাড়ির নিকটের গোমস্তাপুর তালেমুন কুরআন নুরানী মাদ্রাসা আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাদ্রাসার আরও ৮/১০জন ছাত্রের সাথে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে তাসকিন। গোসলের এক পর্যায়ে সাঁতার না জানা তাসকিন পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা অন্য ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনা টের পেয়ে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজেনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনাায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি আব্দুস সামাদ। শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, যুগ্ম সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইউনিট লিডার স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা স্কাউটস ভবনে দিবসটির উপর তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক

গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক গোমস্তাপুরে মাঠে গরু চড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হয়ে তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব রাইহোগ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোহিদুল ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে। পার্বতীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও ওই গ্রামের বাসিন্দা জুলেখা বেগম বলেন, বিকেলে তোহিদুল বাড়ি থাকা গরু নিয়ে মাঠে চড়াতে যান। গরুর চড়ার এক পর্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গভীর নলকূপের সংযোগ তার স্পর্শ করলে এই ঘটনা ঘটে। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।