নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫

নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫ নাচোলে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এজাহার নামীয় ৪ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী, মাড়কইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে রাকিব আলী, মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম, শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ি গ্রামের মামুনুর রশিদের ছেলে ইউসুফ আলী। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন-গতকাল রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪জনই এজাহারভুক্ত আসামি। আজ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল এসাহাপুর লাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে গত বুধবার রাতে মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন পুরুষ ও বহির্বিভাগে ২ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন, শিবগঞ্জে ৩ জন, গোমস্তাপুরে ২ জন এবং ভোলাহাটে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৫২০ জন।
৬৮তম জোটা ও ২৯তম জোটির উদ্বোধন

৬৮তম জোটা ও ২৯তম জোটির উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটের ৬৮তম জোটা (Jamboree on the Air, JOTA) ও ২৯তম জোটি (Jamboree on the Internet, JOTI) উদ্বোধন করা হয়েছে। জেলা স্কাউটস ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে ধারনা দেয়া হয়। আগামী ১৯ অক্টোবর পর্যন্ত পুরো বিশ্ব স্কাউটে এই ৬৮তম জোটা ও ২৯তম জোটি অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাবলিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, সদর উপজেলা সম্পাদক মাইনুল ইসলাম, স্কাউট লিডার শামিম আহমেদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে ধর্মীয় নেতাদের ৩ দিনের কর্মশালা সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলার জন্য ধর্মীয় নেতাদের মতামত গ্রহণের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালার শেষ দিনে আজ আলোচক ছিলেন, সদর থানার এএসআই রক্সি খাতুন ও মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। রামচন্দ্রপুরহাট জামে মসজিদের খতিব আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের সহয়তাকারী তোহরুল ইসলাম। ইউনিসেফ এর সহায়তায় স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেবিহার চেঞ্জ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস। কর্মশালায় অংশ নেন জেলার বিভিন্ন উপজেলার ইমাম, পুরোহিত, মাওলানা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। প্রশিক্ষণে “শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা এবং আইনগত সহায়তার কৌশল” বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস

চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু। সূচনা বক্তব্য দেন শিল্পকলা অ্যাকাডেমির জেলা কালচারাল অফিসার শাহাদাৎ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম। বক্তারা লালন শাহ’র মানবতার ধর্ম সবখানে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালনের বিভিন্ন গান পরিবেশ করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা অ্যাকাডেমি এই কর্মসূচির আয়োজন করে।
রানীহাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি প্রশিক্ষণ

রানীহাটিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষি প্রশিক্ষণ বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার রানীহাটিতে হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এসময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক (পি.পি.) কৃষিবিদ আমির আব্দুল্লা মোঃ ওয়াহিদুজ্জামান ও সহকারী উপ-পরিচালক (হর্টিকালচার) কৃষিবিদ বুলবুল আহম্মেদ এবং প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধওে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১৬ এর শাখা ব্যবস্থাপক মোসলেমা খাতুন। কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল মোঃ রোকনুজ্জামান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীণ ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট- ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
শিবগঞ্জে র্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক

শিবগঞ্জে র্যাবের অভিযানে ৩৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৫পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব-৫। আটক যুবক উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে জাহিদ। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে জাহিদের বাড়িতে অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জাহিদকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত নাচোলে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও কৃষক অধিকার আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে অবস্থিত ‘ইলা মিত্র মঠ ও সংগ্রহশালা’ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রানী ইলা মিত্র স্মৃতি সংসদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। সভায় সভাপতিত্ব করেন রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, রানী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে। ইলা মিত্র কেবল তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন তা কিন্তু নয়Í তিনি ইতিহাসের এক সাহসী নারী, যিনি নিপীড়নের মুখেও সত্যের পক্ষে ছিলেন। তাঁর জীবন থেকে শেখার আছে অনেক কিছু। আলোচনা সভা শেষে শতাধিক মানুষের জন্য আয়োজন করা হয় কাঙালিভোজের। উল্লেখ্য, ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ১৯৪৫ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের জমিদার পরিবারের সন্তান রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নাচোল অঞ্চলে চলা তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনে নেতৃত্বের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় এই বিপ্লবী নারী মৃত্যুবরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন পুরুষ ও ৫ জন নারীসহ ৭ জন, হাসপাতালটির বহির্বিভাগে ৩ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন মহিলা রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী। এছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জন এবং গোমস্তাপুরে ১ জন নারী ও ১ জন পুরুষ রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোামস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শণ করে। পরে ‘সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আলিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা মাহাতাব উদ্দিন, শিক্ষক মাহবুবুল হকসহ অন্যরা।