চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

চতুর্থবার রহনপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত গোমস্তাপুরে চতুর্থবার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো সংগঠনের আয়োজনে গতকাল দিনব্যাপী রহনপুর জনতা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। রহনপুর কুরআনের আলোর সংগঠনের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দন্ত চিকিৎসক রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নেস মোহাম্মদ মন্টু, সাবেক কাউন্সিলর ইউসুফ আলিসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান, ব্যবসায়ী, হাফেজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। হিফজল কোরআন প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৫ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে গতকাল রাতে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।

ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক

ভোলাহাটে হেরোইনসহ স্বামী ও স্ত্রী আটক ভোলাহাটে বসত বাড়িতে খুচরা ও পাইকারি ভিত্তিতে হেরোইন বিক্রয়কালে ১৬৫ গ্রাম মাদক বিক্রেতা স্বামী ও স্ত্রীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতরা হলো গোয়ালবাড়ী ইউপি’র সুরানপুর গ্রামের রবিউল ইসলাম ও তার স্ত্রী ময়না। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয় গতকাল সন্ধ্যায় র‌্যাবের একটি আভিযানিক দল রবিউল এর বাড়িতে অভিযান চালালে ঘরের ভিতর থেকে ১৬৫ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। আটককৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‌্যাব।

পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

পর্দা নামলো আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের : আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত এ খেলায় ২-০ গোলে নবাবগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড় মো. আইয়ুব ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আলীনগর স্কুল অ্যান্ড কলেজের খেলোয়াড় মো. রাকিবুল হাসান। খেলা শেষে উভয়দলের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এই পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সদস্যসহ ক্রীড়াসংগঠকগণ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি ফুটবল দল অংশগ্রহণ করে।

নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক

নাচোল উপজেলা স্কুলকে বিয়ামের অন্তর্ভুক্তির আশ্বাস -মহাপরিচালক বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) সরকারের অতিরিক্ত সচিব আব্দুল মালেক আজ বেলা সাড়ে ১১টায় নাচোল উপজেলা স্কুল পরিদর্শন করেছেন। স্কুলে পৌঁছালে মহাপরিচালক আব্দুল মালেককে স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ফুলেল অভ্যর্থনা জানান। এসময় উপস্থিত ছিলেন, বিয়াম ফাউন্ডেশনের প্রটোকল ও জনসংযোগ কর্মকর্তা আলী আকবর, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, শিক্ষক মোজাম্মেল হক মন্টু, প্রভাষক নুর কামাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম, ডা রফিকুল ইসলাম। উপজেলা স্কুলের অধ্যক্ষ আব্দুল খালেক তার সূচনা বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটি ২০০৮ সালে স্থাপিত হয়। তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মুহাম্মদ জাবের স্যারের উদ্যোগে নাচোলের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানের পথচলা শুরু হয় এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। মহাপরিচালক আব্দুল মালেক স্কুলের শিক্ষণ পরিবেশ, অবকাঠামো এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটিকে বিয়াম ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এই অন্তর্ভুক্তি প্রক্রিয়ার অংশ হিসেবে, মহাপরিচালক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিয়ামের সকল নিয়ম-কানুন, পরিচালনার কাঠামো এবং আর্থিক বিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি স্পষ্ট করে দেন যে বিয়ামের আওতাভুক্ত হলে প্রতিষ্ঠানকে অবশ্যই উচ্চমানের শিক্ষা নিশ্চিতকরণে ফাউন্ডেশনের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে। মহাপরিচালকের এই আশ্বাসের ফলে নাচোল উপজেলা স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তারা মনে করছেন, বিয়াম ফাউন্ডেশনের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তির মাধ্যমে স্কুলটির শিক্ষা ও প্রশাসনিক কাঠামো আরো শক্তিশালী ও উন্নত হবে। স্থানীয় শিক্ষা কর্মকর্তারা এই পদক্ষেপকে শিক্ষার গুণগত পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। মহাপরিচালক আব্দুল মালেক বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মানুবর্তিতা দেখে আমি সন্তুষ্ট। আমরা চাই, এই অঞ্চলের শিক্ষার্থীরাও যেন উন্নতমানের শিক্ষার সুযোগ পায়। বিয়ামের অন্তর্ভুক্তির মাধ্যমে সেই লক্ষ্য অর্জিত হবে বলে আমার বিশ্বাস।                      

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত   চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন   চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ। আজ দিবসটি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরে জাতীয় সংগিত ও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব মো. সায়েদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সবুর,সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সার্জেন্ট তোসলিম উদ্দীন ও অন্যান্য পদবীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এইসব সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৪০ জন গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে সদর থেকে ১২, গোমস্তাপুর থেকে ১২ এবং নাচোল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাজাপ্রাপ্ত, সাজা ও মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী, মাদক সংশ্লিষ্ট, সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তি রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আজ বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।  বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক ও নগদ টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক ও নগদ টাকাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয়ের অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লগ্ধ নগদ প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকব্যক্তি জোড়গাছি বটতলাহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ইয়ানুর হোসেন শুভ। তাঁর বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলাসহ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ  রয়েছে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয় সূত্র জানায়, আজ সকালে নিজ বাড়ি থেকে ওইসব মাদক ও টাকাসহ হাতেনাতে আটক হন শুভ। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, শুভ চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছেন। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্য উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ৩টি মুক্তি সেলুন উদ্বোধন ও উপকরণ বিতররণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসেডো’র মুক্তি-২ প্রকল্পের আয়োজনে ও ট্রেডক্র্যাফ্ট এক্সচেঞ্জ’র আর্থিক সহযোগিতায় নাচোল ইউনিয়নের বাঘরাইল বাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দকৃত মুক্তি সেলুনের উদ্বোধন ও পাঁচটি পেশাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ১২৬ জন উদ্যোক্তার মধ্যে স্বাবলম্বী উপকরণ বিতরণ করেন নাচোল ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম। সংস্থার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপক আজাহার আলীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ ও সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্পের সভাপতি যতীন হেমরম। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন— টুম্পা মুখার্জী ও স্মৃতি রাণী। মুক্তি ও স্বাবলম্বী করার লক্ষে সংস্থার মুক্তি-২ প্রকল্পের আওতায় ২৫ জনকে ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়ারিং, ১৬ জনকে হেয়ার কাটিং (সেলুন), ২৫ জনকে দর্জি, ৩০ জনকে ব্লক বাটিং ও ৩০ জনকে নকশিকাঁথা ছাপানো এবং সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো। বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত প্রথম সেমিফাইনাল আলিনগর স্কুল অ্যান্ড কলেজ ও নাচোল সরকারি কলেজ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে আলিনগর স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করে। দিনের অপর সেমিফাইনাল খেলা নবাবগঞ্জ সরকারি কলেজ বনাম প্রসাদপুর কামিল মাদ্রাসা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় নবাবগঞ্জ সরকারি কলেজ ১-০ গোলে জয়লাভ করে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনলে নবাবগঞ্জ সরকারি কলেজ ও আলিনগর স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হবে। এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এই টুর্নামেন্টে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।