ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্রিটিশ আমলে নির্মিত মিরনজিল্লা হরিজন কলোনিতে থেকে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে, উচ্ছেদকৃতদের পূণর্বাসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে বিভিন্ন দপ্তরের চাকুরীতে হরিজন কোটা বাস্তবায়ন ও প্রবর্তনের দাবি তোলা হয়। পরে জেলা হরিজন ঐক্য পরিষদ এসকল দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস মহারাজজী, জেলা হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা রথিন রায়, সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, হরিজন নেত্রী মালতি রানীসহ অন্যরা। একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সমাজসেবী ইসরাইল সেন্টু, দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহাসহ অন্যান্যরা।

কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার রাজশাহীর পুঁঠিয়া থানার গোপালহাটি ফকিরপাড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে অভিনব কায়দায় কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ ট্রাক চালক ফাহাদ আলী জনি গ্রেপ্তার হয়েছে। সে শিবগঞ্জ থানার রাঘবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গতকাল রাত সোয়া ১০টার দিকে অভিযানটি চালানো হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জনি ট্রাক চালকের আড়ালে একজন চিহ্নিত মাদক কারবারি। সে ট্রাক চালানোর সুযোগে কুমিল্লা সীমান্ত হতে মাদক এনে চাঁপাইনবাবগঞ্জে বিক্রিতে জড়িত। এমন গোয়েন্দা তথ্য পাবার পর র‌্যাব ছায়া তদন্ত করে ও জনির উপর নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে জনির ট্রাক থামিয়ে তল্লাশী করে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় পুঁঠিয়া থানায় মামলা হয়েছে।

জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার

জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার   শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী এলাকায় গত বৃহস্পতিবার ২৭জুন রাতে প্রতিপক্ষের গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ১ জন এজাহারনামীয় ও ৩ জন তদন্তেপ্রাপ্ত আসামী। এনিয়ে এমামলায় ৫ জন এজাহারনামীয় ও ৬ জন তদন্তেপ্রাপ্তসহ ১১ আসামী গ্রেপ্তার হল। গত রবিবার সন্ধ্যায় চট্রগ্রামের কর্নফুলী থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সাহায্যেই ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তাররা হল শিবগঞ্জের ঢোড়বোনা গ্রামের জেন্টু আলীর ছেলে আজম আলী, একই গ্রামের ময়েজ আলীর ছেলে সাহেব আলী, রশিকনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ ও সদর উপজেলার বোলতলা চকবহরম গ্রামের জুবায়ের রহমানের ছেলে তাজ হাসান হৃদয়। আজ বিকালে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে দু’জনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে চট্রগ্রামে আটকদের দেয়া তথ্যে গ্রেপ্তার আজমকে সাথে নিয়ে নিয়ে গত গতকাল সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের একটি গোরস্থানে আলামত উদ্ধারে অভিযান চালায় পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে গোরস্থানের দুটি স্থানে মাটিতে গর্ত করে বালতিতে পুঁতে রাখা ৩৮টি ককটেল উদ্ধার হয়। ককটেলগুলো তাজা নিশ্চিত হবার পর সেগুলি ধ্বংস করে রাজশাহী মেটোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া অভিযানে হাসুয়া, কাতা, চাইনিজ কুড়াল ও রড সহ ১৪টি ধারাল ও দেশি অস্ত্র উদ্ধার হয়। অপরদিকে আসামী আজমের বাড়ি থেকে উদ্ধার হয় হত্যাকান্ডে ব্যবহৃত একটি টর্চলাইট। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চাঞ্চল্যকর এই জোড়াখুনের পরদিন গত শুক্রবার(২৮জুন) শিবগঞ্জ থানায় ৫২ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। আজকের অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

শিবগঞ্জে কামড় খেয়ে জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক শিবগঞ্জে এবার কামড় দেওয়া জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে এসেছেন কৃষক মিলন আলী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাপটি নিশ্চিত হয়ে চিকিৎসাসেবা দেন এবং বর্তমানে ওই কৃষক আশঙ্কামুক্ত বলে জানান। আজ সকালে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকার একটি ফসলের ক্ষেত্রে এ ঘটনা ঘটে। আক্রান্ত মিলন একই এলাকার তোবজুল হকের ছেলে। বর্তমানে ওই কৃষক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সাপের দংশনের শিকার মিলন আলি জানান, আজ তিনি পদ্মা নদীর ধারে জমিতে ফসল কাটার পর সেই ফসলের বোঝা মাথায় নেন। এসময় তার পরনের শার্টটি নিতে গেলে শার্টের নিচে থাকা একটি সাপ তার পায়ে কামড় দেয়। এ সময় চিৎকার করলে স্থানীয় কৃষকরা এগিয়ে আসেন এবং তার পায়ে শক্ত করে ৩ টি বাঁধন দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। এসময় তার পরামর্শে তার ছোট ভাই সাপটিকে ধরে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরো বলেন, সাপের ধরন চিহ্নিত করতে এবং সঠিক চিকিৎসা নিতেই তিনি সাপটি ধরার ব্যবস্থা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মামুন কবির জানান, আক্রান্ত ব্যক্তি একটি সাপের বাচ্চাসহ হাসপাতালে আসেন। এ সময় তার পায়ের বিভিন্ন স্থানে শক্ত বাঁধন দেয়া ছিল এবং তিনি স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে আসতে পারায় সাপের ধরন দেখে চিকিৎসা দেয়া সহজ হয়। বর্তমানে আক্রান্ত ব্যক্তি আশঙ্কামুক্ত হলেও তাকে আরো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। মিলনকে কামড় দেয়া সাপটি একটি বাচ্চা সাপ এবং রাসেল ভাইপার বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত ওই ডাক্তার।

চাঁপাইনবাবগঞ্জে  হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে  হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। শামীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ৩নং ওয়ার্ডের উপর নিমগাছি সরকারপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে আব্দুস সাকিব ওরফে শামীম। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং সরকার পক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ২ জানুয়ারী বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের নামোশংকরবাটি মিরের খৈলান এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় শামীম। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় শামীমকে একমাত্র আসামী করে মামলা করেন জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার। ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এবং জেলা গোয়েন্দা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) মশিউর রহমান আদালতে একমাত্র শামীমকে অভিযুক্ত করে মামলার চার্জশীট দাখিল করেন। ১০ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত সোমবার শামীমকে দোষি সাব্যস্ত করে দন্ডাদেশ ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট ইকবাল আজম হীরা।

অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ

  অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চাঁপাইনবাবগঞ্জে অসচ্ছল সংস্কৃতি সেবীগণের অনুকূলে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সলসহ অন্যরা। অনুষ্ঠানে জেলার মোট ২৫ জন অসচ্ছল সংস্কৃতি সেবীকে ১৫ হাজার ৬০০ টাকা করে মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৬০০ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য প্রতিমাসে তাদেরকে ১ হাজার ৩০০ টাকা করে প্রদান করা হয়। আজ বাৎসরিক হিসেবে তাদের এই সহায়তার চেক প্রদান করা হলো।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা: সংস্থার কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান

প্রয়াসের মাসিক সমন্বয় সভা: সংস্থার কার্যক্রম এগিয়ে নেয়ার আহ্বান   চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদসহ সকল জোনপ্রধান, আঞ্চলিক ও ইউনিট ব্যবস্থাপকরা। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এছাড়াও চলতি মাস থেকে নতুন যোগ দেওয়া প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে প্রয়াসের ইউনিট-৬২ মহিষবাথানে কর্মরত থাকা প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার জসিম উদ্দিন গত ৪ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে রিকশা চালকদের অবরোধ

বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে রিকশা চালকদের অবরোধ চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন রিকশা চালকরা। শনিবার দুপুর ১২টার থেকে মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকায় তারা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এসময় সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সদস্যরা এসে পূর্বে টোল আদায় করা হবে এমন আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন এবং যানচলাচল স্বাভাবিক হয়। সেতুটিতে রিকশা প্রতি টোল ৫ টাকা থেকে বৃদ্ধি করে ১০ টাকা নেয়ায় রিকশা চালকরা একজোট হয়ে প্রতিবাদ করে সড়কে অবস্থান নেন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, রিকশা চালকরা প্রায় ৫০ মিনিট সড়ক অবরোধ করে রাখে, খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায়ের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার ও চাঁপাইনাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওহেদ জানান, সড়ক ও জনপথ বিভাগের সিডিউল অনুযায়ী রিকশার টোল নির্ধারণ করা আছে ১০ টাকা, আমরা নির্ধারিত হারেই টোল আদায় করছিলাম। রিকশা চালকরা এর প্রতিবাদ করেছে, বিষয়টি নিয়ে আমরা রিকশা চালক সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসে একটা সমাধান করব।

অহরিজন পরিচ্ছন্নতাকর্মীর নিয়োগ বাতিলের দাবিতে বঞ্চিত হরিজনদের সংবাদ সম্মেলন

অহরিজন পরিচ্ছন্নতাকর্মীর নিয়োগ বাতিলের দাবিতে বঞ্চিত হরিজনদের সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে সরকারি পরিপত্র উপেক্ষা করে আউটসোসিংয়ের মাধ্যমে ৬ জন অহরিজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন হরিজন নেতারা। ওই ৬জনের নিয়োগ বাতিলের দাবি জানিয়ে তারা সাংবাদিক সম্মেলন করেছেন। শনিবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই দাবি জানায়। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে হরিজন সম্প্রদায়ের অনেক প্রার্থী থাকলেও তাদের কাউকেই নেয়া হয়নি। লিখিত বক্তব্যে জানানো হয়, সরকারি পরিপত্রে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ক্ষেত্রে ৮০ ভাগ হরিজন সম্প্রদায় থেকে নেয়ার যে বিধান আছে তা মানা হয়নি। গত ২৯ জুন হাসপাতালে আউটসোসিংয়ের মাধ্যমে ৬ জন পরিছন্নতা কর্মী নিয়োগ দেয়া হলেও হরিজন সম্প্রদায়ের একজনকেও নেয়া হয়নি। এর মাধ্যমে হরিজনদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির উপদেষ্টা শ্রী রথিন দাস রুবেল। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী রাজেন হরিজন, সাধারণ সম্পাদক শ্রী জেন্টু হরিজনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় হরিজনদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন. বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়, বাংলাদেশ ব্রাহ্মন সংসদের জেলা সভাপতি শ্রী বিধান ভট্টাচার্য। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানান, আউটসোসিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ দেয়া হয়েছে। আউটসোসিংয়ের লোকবল নিয়োগের ক্ষেত্রে আমরা ঠিকাদার নির্বাচন করি। এরপর ঠিকাদার লোকবল সরবরাহ করেন, নিয়োগের বিষয়টি পুরোপুরি ঠিকাদারের ওপর। হাসপাতালের চাহিদার বিপরীতে ঠিকাদারের কাছ থেকে লোকবল বুঝে নেয়ার বাইরে আমার কোনো দায়িত্ব নেই। হাসপাতালে বিভিন্ন পদে আউটসোসিংয়ের লোকবল সরবরাহ করা ঠিকাদার আশরাফুল ইসলাম জানান, সকল বিধি বিধান মেনেই টে-ারে অংশ নিয়ে লোকবল সরবরাহের কাজটি পেয়েছি। লোকবল সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম ও দুনীতি করা হয়নি। হরিজনদের না নেয়া প্রসঙ্গে তিনি বলেন, তারা (হরিজনরা) আগে যোগাযোগ করেনি, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন বলছে।

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ: পর্যটন সচিব মোকাম্মেল হোসেন

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতই শুরু হবে পর্যটন কেন্দ্রের অবকাঠামো নির্মাণ কাজ: পর্যটন সচিব মোকাম্মেল হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক গৃহীত শেখ হাসিনা সেতু সংগ্ন এলাকায় পর্যটন কেন্দ্র নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন। এসময় তিনি জানিয়েছেন এর অবকাঠামো নির্মাণ কাজ আগামী সেপ্টম্বর-অক্টোবর মাস থেকেই শুরু হবে এবং দ্রুত সময়ের মধ্যে সকল কাজ শেষ করে পর্যটন কেন্দ্রটি চালু করা হবে। আজ সকালে পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের মুহাম্মদ জাবের, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, ‘শেখ হাসিনা’ সেতু পর্যটন কেন্দ্রের প্রকল্প পরিচালক মো. জিয়াউল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যরা। পরিদর্শনকালে সচিব মো. মোকাম্মেল হোসেন চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এসময় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ পর্য়টন কেন্দ্রটি সম্পর্কে সচিবকে অবহিত করেন। সচিব মোকাম্মেল হোসেন পরে জেলা প্রশাসনের কালেক্টরেট শিশু পার্ক ও নাচোলে ইলা মিত্র সংগ্রহশালা পরিদর্শন করেন। প্রথমে তিনি কালেক্টরেট শিশু পার্কটি ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করে বলেন এই শিশু পার্কে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। এটি শিশুদের চিত্তবিনোদনের পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে ইতিবাচক ভূমিকার রাখবে। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। পরে তিনি জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে রাওতাড়া গ্রামে নির্মিত “ইলা মিত্র সংগ্রহশালা” পরিদর্শন করেন।