রানীহাটিতে খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ
রানীহাটিতে খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে রানীহাটি ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার ও জুনিয়র কনসালটেন্ট কৃষিবিদ জহুরুল ইসলাম। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়ক বকুল কুমার ঘোষ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সোহেল রানা। কর্মশালায় জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া। খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, চাষ পদ্ধতি, বসতবাড়ির আশপাশ বা আঙ্গিনায় বাগান করার কৌশল, মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। কর্মশালায় ২০ জন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন-সিসিএজি গ্রুপের সদস্য অংশ নেন।

চাঁপাইনবাবঞ্জ সীমান্তে র্যাবের হাতে আগ্নেয়াস্ত্র, গুলিসহ এক ব্যাক্তি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় র্যাবের অভিযানে ১টি ওয়ানশ্যুটারগান ও ১ রাউন্ড গুলিসহ মো জালাল নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছেন। তিনি সদর উপজেলার বাথানপাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। র্যাব জানায়, গতরাত সোয়া ১১টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখোরআলী গ্রামে বিজিবি ক্যাম্প সংলগ্ন গরুর বিট খাটাল এলাকায় অভিযান চালিয়ে জালালকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকা থেকে এক ব্যাক্তি অস্ত্রসহ চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশ করতে পারে মর্মে গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা দল ওই এলাকায় তৎপরতা বাড়ায়। এরপর প্রাপ্ত তথ্য অনুযায়ী সন্দেহজনক ব্যাক্তিদের উপর নজরদারি চালিয়ে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ

শিবগঞ্জে ৫৬ বছর বয়সী হান্নানকে সংবর্ধনা দিল ছাত্র অধিকার পরিষদ শিবগঞ্জে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নানকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখা। আজ বিকালে পৌর এলাকার কোর্ট বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি অহেদুর জামান শায়েমের সভাপতিত্বে ও জেলা গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অলিদ হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন, জেলা গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফাত ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোত্তাসিন বিশ্বাসসহ অন্যান্যরা। অনুষ্ঠানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ বছর বয়সী আবদুল হান্নান তার জীবনী আলোচনা করে শেষ বয়সে লেখাপাড়া করার উদ্যোগী হওয়ার কারণ তুলে ধরেন। শেষে আবদুল হান্নানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
টাস্কফোর্সের অভিযানে ডাবপট্টিতে ৩ দোকানকে জরিমানা

টাস্কফোর্সের অভিযানে ডাবপট্টিতে ৩ দোকানকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান আজও পরিচালিত হয়েছে। বেলা সাড়ে ১১টা থেকে জেলাশহরের পুরাতন বাজার ও চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন সংলগ্ন ডাবপট্টিতে এই অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা না থাকায় ৩ ডাব বিক্রেতাকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। টাস্কফোর্সের নেতৃত্বে ছিলেনÑ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। এসময় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়-চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহমেদ ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ উপস্থিত ছিলেন।
৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকালে আ আ ম মেসবাবাহুল হক বাচ্চু ডাক্তার স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম। সূচনা বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
পূজামণ্ডপ পরিদর্শন আনসার ব্যাটালিয়নের উপঅধিনায়কের

পূজামণ্ডপ পরিদর্শন আনসার ব্যাটালিয়নের উপঅধিনায়কের আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী রাজশাহী ১৯ ব্যাটালিয়নের উপঅধিনায়ক বিকাশ চন্দ্র চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার দুপুর থেকে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল সর্বজনীন দুর্গা মন্দির, শিবতলা শিবকালি মন্দির, স্কুল-কলেজ রোডস্থ চাঁপাইনবাবগঞ্জ সর্বজনীন দুর্গা মন্দির, হুজরাপুর গুড়িপাড়া দুর্গা মন্দির এবং শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর, পুকুরিয়া, জোহরপুর সর্বজনীন দুর্গা মন্দির ও ধোবড়া যুব সংঘ সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে পরিপূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। বিকাশ চন্দ্র বলেন, এবার দুই দিন আগে থেকেই সার্বিক নিরাপত্তায় আনসার বাহিনী কাজ করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের বড় ধমীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আনসার বাহিনী ৬ দিন নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করবে। যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে পূজামণ্ডপ দর্শন করার পাশাপাশি নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন। তিনি পূজামণ্ডপে নিয়োজিত আনসার ও ব্যাটালিয়ন সদস্যদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আইনশৃঙ্খলা রক্ষায় সঠিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি উপস্থিত সদস্যদের সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট হুমায়ূন কবীর, সার্কেল অ্যাডজুট্যান্ট সেলিম রেজা।
৬৪টি পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা

৬৪টি পূজামণ্ডপে জেলা পরিষদের আর্থিক সহায়তা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের পক্ষ হতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলার ৬৪টি মন্দির ও পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুকূলে ২ লাখ ৪ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন মন্ডল সম্মেলন কক্ষে এই চেক বিতরণের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের উপসচিব মো. আফাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা জানান জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল ওয়াহিদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জাগরণী সংঘ হুজরাপুর পশ্চিমাপাড়া মন্দির কমিটির সভাপতি অর্জুন বাবুসহ বিভিন্ন মন্দির ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : স্কাউটারদের জেলা প্রশাসক

তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে : স্কাউটারদের জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. আব্দুস সামাদ স্কাউটারদের বলেছেন, ভালো পড়াশোনার পাশাপাশি স্কাউটসের মতো সহশিক্ষাগুলো অর্জন করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমাদের মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হতে হবে। তোমরা দেশের ক্রান্তিকালে ট্রাফিকের দায়িত্ব পালন করেছ, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণসহ দেশের প্রতিটি দুর্যোগে তোমরা দায়িত্ব পালন করে আসছ। তোমরা একটি সুশৃঙ্খল সংগঠন বলেই এটা সম্ভব। আমি আশ করি, তোমাদের এই অগ্রযাত্রা তোমরা অব্যাহত রাখবে। বুধবার সকালে জেলা মুক্ত মহাদলের সম্মেলন কক্ষে প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ। এসময় অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফুল হক। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩৪ জনকে সনদ ও মেডেল প্রদান করা হয়। তাদের মধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছেন রহনপুর গাজী শিশু শিক্ষা নিকেতন কাব স্কাউট গ্রুপের কামরান আসিফ রক্তিম। প্রেসিন্ডেট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন- চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদল গার্ল-ইন-স্কাউট গ্রুপের গোলাম রাদিয়াহ তাসনিম, চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহাদল স্কাউট গ্রুপের মোহা. আতিকরাইহান, মোসাদ্দেক হোসেন, সাব্বির হোসেন, মো. নুর ইসলাম, কালেক্টরেট গ্রিনভিউ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের মো. আবিদুর রহমান ইশা ও মো. সেলিম রেজা, রহনপুর মুক্ত মহাদল স্কাউট গ্রুপের মো. আব্দুল অহাব ও মুনেম শাহরিয়ার ফেরদৌস, গোমস্তাপুর উপজেলার আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় গার্ল-ইন-স্কাউট গ্রুপের ইসরাত জাহান ও মোসা. তাসমিনা খাতুন। এছাড়া এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১২ জনকে এবং ২ জনকে উড ব্যাচ প্রদান করা হয়। এছাড়াও জেলা কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামকে জেলা কমিশনার সনদ; বাংলাদেশ স্কাউটস, ভোলাহাট উপজেলা কমিশনার মুহা. তৌফিকুল ইসলামকে ন্যাশনাল সার্টিফিকেট ও ফাউন্ডেশন সদস্য সনদ; চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী কমিশনার মো. নুরুল ইসলামকে মেডেল অব মেরিট; চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে ন্যাশনাল সার্টিফিকেট; নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবীরকে মেডেল অব মেরিট; আলীনগর উচ্চ বিদ্যালয়ের মো. খসরু পারভেজকে মেডেল অব মেরিট এবং মুশরীভুজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের মোহা. রাকিবুল ইসলামকে মেডেল অব মেরিট প্রদান করা হয়।
কানসাটে ৫৯ বিজিবির অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক

কানসাটে ৫৯ বিজিবির অভিযানে ৬৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে অভিযান চালিয়ে মালিকবিহীন ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করেছে বিজিবি। বুধবার সকাল সাড়ে ৯টায় ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এ সংখ্যক মোবাইল সেট উদ্ধার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের দেয়া তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করা হয়। চোরাই মোবাইল ফোনগুলো কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বারঘরিয়ায় খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ

বারঘরিয়ায় খরা সহিষ্ণু ফসলের চাষ বিষয়ক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে বারঘারিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে বুধবার খরা সহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বারঘরিয়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান ও মোসা. নুরজাহান খাতুন এবং উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মো. আব্দুল হাই। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের সমন্বয়ক বকুল কুমার ঘোষ, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার সোহেল রানা। কর্মশালাটি পরিচালনা করেন কমিউনিটি মবিলাইজেশন অফিসার মাহমুদুল হাসান। কর্মশালায় জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া। খরা সহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, চাষ পদ্ধতি, বসতবাড়ির আশপাশ বা আঙ্গিনায় বাগান করার কৌশল, মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। কর্মশালায় ২০ জন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন-সিসিএজি গ্রুপের সদস্য অংশ নেন। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় গত ৭ অক্টোবর সোমবার বারঘরিয়া ইউনিয়নের আরো ২০ জন সিসিএজি গ্রুপের সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।