চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের গণসমাবেশ ও মিছিল

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের গণসমাবেশ ও মিছিল সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্বাবধানে সাম্প্রদায়িক সহিসংতা তদন্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যড. রানা দাশগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। আজ বিকেলে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠন সমূহের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা শহরের হুজরাপুর মহল্লার শিবকালি মন্দির থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহনে প্রথমে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড়ে সমাবেশ করে। ঐক্য পরিষদ জেলা শাখার সম্পাদক দিলিপ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক পলাশ দাস,ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি অর্জুন চৌধুরী,সম্পাদক সঞ্জিব সাহা, সদস্য কৌশিক দাস প্রমুখ। বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হামলার শিকার হতে হয়েছে। কিন্তু এই দেশেই আমাদের জন্ম। তাহলে আমাদের ওপর এত অন্যায় কেন হবে ? সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়ন জরুরি। বক্তরা ঐক্য পরিষদ সভাপতি রানা দাসগুপ্তসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হূঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।

রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমির পেছনে অবস্থিত রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেফজুল উলুম হাফেজিয়া মাদরাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী এবং ২য় পর্বে সভাপতিত্ত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. মোফাজ্জল হক। এতে আরো উপস্থিত ছিলেন, চর-কাশিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুর, রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমি’র সেক্রেটারি আলহাজ্ব মো. হুসেন আলী, পরিচালক বাসেদ আলী, প্রধান শিক্ষক মো. জাকির হুসেন, একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৭জন শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ ও সাবক পাঠ করানো হয় এবং ১০জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্দ্ধনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শণী, অভিভাবকদের কুইজ প্রতিয়োগিতা’র আয়োজন করা হয়।

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে যৌথবাহিনী গতকাল রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয়রা রয়েছেন। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু সরকারকে আটক করতে যায়। এসময় হামলার শিকার হন তারা। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানায়। এঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় আজ একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।  

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৫ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮৭ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৫জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৮ জন রোগী। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত

খাল পরিষ্কারসহ নানা কর্মসূচিতে জেলায় জাতীয় যুব দিবস পালিত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে দক্ষ যুবকরা’ প্রতিপাদ্যে আজ  চাঁপাইনবাবগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন. জেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন, বৃক্ষরোপণ, ব্লাড গ্রুপিং, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ ভাতা প্রদান, সার্টিফিকেট ও ড্রাইভিং লাইসেন্স এবং ডাটাবেজ ব্যবস্থাপনা, সৌন্দর্যায়ন, মৎস্য ও পশুপালন বিষয়ে কোর্সের উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফকল্যান্ড মোড় এলাকা থেকে মহাডাঙ্গা পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার দীর্ঘ খাল পরিষ্কারের উদ্বোধনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সদর উপজেলার নয়াগোলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম. আহসান হাবীব ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মান্নান, নেজারত ডেপটি কালক্টর মীর আলমনসুর শোয়াইব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মাহবুবুল ইসলাম, প্রয়াস মানিক উন্নয়ন সোসাইটির ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প সমন্বয়ক বকুল কুমার ঘোষসহ অন্যরা। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, স্কাউটস, বিএনসিসি, ফায়ার সার্ভিস, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা খাল পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন যা ১৫ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়। অন্যান্য কর্মসূচি শহরের যুব ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  আবুল কালাম সহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকীব হাসান তরফদার এবং সূচনা বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক  আব্দুল মান্নান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপুটি কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম. প্রশিক্ষণার্থী তাসমিনা খাতুনসহ অন্যরা। শেষে ৩ যুবক ও যুব মহিলাকে ২ লাখ ৪০ হাজার টাকা ঋণের চেক ও ৬ জনকে ২ লাখ টাকার প্রশিক্ষণ ভাতার চেক এবং সনদপত্র ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ করেন অতিথিবৃন্দ।

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- প্রতিপাদ্যে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। আজ সকালে যুব র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবু শিল্পীর ছেলে ইয়াকুব আলী (২২) ও তার ভাই আলমগীর হোসেন (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বড়গাছি-নওরশিয়া পাকা সড়কের খাপানির বিল এলাকায় যাওয়ার সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নারীদের স্বর্ণালংকার এবং অন্যদের কাছ থেকে নগদ টাকা কেড়ে নেয় ডাকাতরা। এ সময় তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাতরা রাতের অন্ধকারে একটি পুকুরে ঝাঁপ দেয়। একপর্যায়ে পুকুরের পাশের একটি আমগাছে উঠে নিজেদের রক্ষার চেষ্টা করে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আমগাছ থেকে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। এ সময় অপর দুই ডাকাত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করলে ঘটনাস্থলে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার এসআই কবির হোসেন। এছাড়া মাদকদ্রব্য অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন পরিদর্শক ইলিয়াস হোসন তালুকদার। অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের কার্যক্রম তুলে ধরেন। সভায় বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পরে উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া, অভিভাবক মো. মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোত্তাসিন বিশ্বাস ও মাহিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল অদুদ। ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয় আয়োজিত প্রতিযোগিতার বিষয় ছিল ক্বিরাত, হামদ ও নাতে রসুল (সা.), কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা, ইসলামী জ্ঞান।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৮ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৮ জন চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুরে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন। অন্যদিকে একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় ৫ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।