ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়। আজ সকালে ভোলাহাট কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। জেলা নির্বাচন অফিসার জানান, যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ১ হতে ৬নং ওয়ার্ডের ভোটারা আগামী ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর ভোলাহাট কলেজে হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। এছাড়াও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারা তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। উলে¬খিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু সদর উপজেলার আতাহার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল মেকানিক আব্দুল আলিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোঁয়াপুকুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। বালিয়াডাঙ্গা মোড়ে তাঁর মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহি ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকার মফিজের ছেলে আব্দুল আজিম। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোররাত পৌনে ৩টার দিকে হতাহত দু’জন একই মোটরসাইকেলযোগে প্রায় ফাঁকা সড়কে সদর উপজেলার আমনুরা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসছিল। মোটরসাইকেলের দ্রুতগতির কারণে তারা আতাহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মেকানিক আলিম নিহত হন। আহত আজিমকে পাঠানো হয় হাসপাতালে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে আবদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, খবর পাবার পর এ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে।
চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক

চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ী প্রতিরোধে মাদকবিরোধী সভা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নে যে ৫টা রিজিয়ন আছে, তার মধ্যে আমরা রংপুর রিজিয়নের অধীনস্থ। এই রিজিয়নে ১৫টি ব্যাটালিয়ন আছে, তার মধ্যে মহানন্দা ব্যাটালিয়ন একটি। মহানন্দা ব্যাটালিয়নের অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৭৫ কিলোমিটার বর্ডার রয়েছে। তিনি বলেন, এই জেলায় মাদকের বিস্তার এত বেশি যে, মাদকসহ আসামি ধরার জন্য আমি বারবার কথা বলছি। আমরা মাদকসহ আসামি ধরছি। গতবার সবচেয়ে বেশি মাদক ও আসামি ধরার জন্য আমি পদকও পেয়েছি। এটা আমার জন্য ক্রেডিট, কিন্তু আপনাদের জন্য ডিসক্রেডিট। এই বছর এখন পর্যন্ত আমরা ১১৩ জন আসামিকে আটক করেছি এবং প্রায় ৫২ কোটি টাকার মাদক আটক করেছি।” অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া বলেন, আপনারা জেনে অবাক হবেন, পাশর্^বর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে সরবরাহের জন্য ফেনসিডিলের কারখানা গড়ে উঠেছে। শুধু আমাদের দেশে পাচার করার জন্য। বিজিবির এই কর্মকর্তা বলেন, “প্রায় দুই বছর হলো আমার এই ব্যাটালিয়নের দায়িত্ব নেয়া। কিন্তু এই সময়ের মধ্যে ভারতের কোনো লোককে বাংলাদেশে মাদক নিয়ে আসতে দেখিনি। পক্ষান্তরে সমস্ত সীমান্ত অতিক্রম করেছে আমাদের বাংলাদেশের নাগরিক। মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণ। এই ভোলাহাটে কারা কাঁটাতারের বেড়া কাটে। রাজশাহী বা অন্য কোনো জেলার লোক এসে কি কাটে, নাকি ভোলাহাটের লোকেরাই কেটে মাদকের বস্তা নিয়ে আসে? সেটা আপনাদের দেখতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” মহানন্দা ব্যাটালিয়ন ও স্বপ্নের ভোলাহাট আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ স্বপ্নের ভোলাহাট স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পারিবারিক কলহের জের : নাচোলে ককটেল বিস্ফোরণ ৭টি বাইকে অগ্নিসংযোগ

পারিবারিক কলহের জের : নাচোলে ককটেল বিস্ফোরণ ৭টি বাইকে অগ্নিসংযোগ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পারিবারিক কলহের জের ধরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আটক করা হয়েছে ৬ জনকে। রবিবার দুপুরে উপজেলার গুঠইল গ্রামে এই ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এর আগে কেন্দুয়া ঘাসুড়া গ্রামের রজবের ছেলে সিফাতের সঙ্গে রজবের ভাগ্নে গুঠইল গ্রামের মো. জসিমের কথা কাটাকাটির একপর্যায়ে জসিমকে মারধর করে সিফাত। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রবিবার ভাগ্নে জসিমকে দেখতে যান রজব আলী। এরই মধ্যে কে বা কারা গুজব ছড়িয়ে দেয় এই বলে যে, রজবকে মারধর করে আটকে রাখা হয়েছে। এরপর সিফাত একটি মাইক্রো ও ২০-২৫টি মোটরসাইকেলে বহিরাগতদের নিয়ে জসিমের বাড়িতে হামলা চালায়। বাড়িঘরে ব্যাপক ক্ষতিসাধনের পর পালিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় উত্তেজিত জনতা হামলাকারীদের ৭টি মোটরসাইকেলে (বাইকে) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার সহযোগিতায় ৬ জন হামলাকারীকে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মনিরুল ইসলাম।
নাচোলে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত

নাচোলে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত নাচোলে আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল সরকারি কলেজে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও। কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল-আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় প্রধান অতিথি তার বক্তবে দেবেন্দ্রনাথ উঁরাও বলেন, আদিবাসীদের অনেকে ভাল গান গায়, কথা বলতে পারে কিন্তু স্টেজ পাইনা, ভাল খেলতে পারে কিন্তু মাঠ নেই। আপনাদের জানাতে চাই বর্তমান আন্তবর্তীকালীন সরকার আদিবাসীদের নিয়ে ভাবছে, আমরা আর পিছিয়ে থাকব না সামনে এগিয়ে যাব। রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, প্রযোজক নয়ন আলী ও সহকারি প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুসহ অন্যরা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় ও গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশন এর কারিগরি সহায়তায় কমিউনিটি সংলাপের আয়োজন করে কমিউনিটি রেডিও মহানন্দা ৯৮.৮এফএম।
নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ

নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ নাচোলে বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার। সংলাপে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের পরিচালক(মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু সহ অন্যরা। ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় নাচোল উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে। সংলাপে আদিবাসী নারী-পুরুষরা বাল্যবিয়েকে না বলেন। এসময় তারা তাদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন।
নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসী মিলনমেলা

নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসী মিলনমেলা নাচোলে নবান্ন উৎসব ও আদিবাসী মিলনমেলা উপলক্ষে আলোচনা সভা পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ নাচোল উপজেলার নাচোল সরকারি কলেজে দিনব্যাপী এসব কর্মসূচি অনুুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতামূলক সভা, পিঠা উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) দেবেন্দ্রনাথ উঁরাও। আদিবাসী প্রতিনিধি শ্যামল মাহাতোর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকার, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু, নাচোল সরকারি কলেজের সহকারি অধ্যাপক শফিকুল আলম, এসআইএল এর প্রোগ্রাম ডিরেক্টর পিন্টু এ্যালবার্ট পিরিচ, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু সহ অন্যরা। এরআগে, সকালে অনুষ্ঠিত প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে জনসচেতনতামূলক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো কামাল উদ্দিন। উইকলীফ সুইজারল্যান্ড এর অর্থায়নে ও এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তাবায়নে এসব কর্মসূচির আয়োজন করে নাচোল উপজেলা গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২৫ চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৫ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২৫ জন রোগী। তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। অন্যদিকে, সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ২ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আটজন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০৭ জন। আজ রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন ডেঙ্গুরোগী।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি দিবস ও নবান্ন উৎসব

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি দিবস ও নবান্ন উৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিবারের ন্যয় এবারও পহেলা অগ্রহায়ণ চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় বাংলাদেশ এ জাতীয় কৃষি দিবস-২০২৪ ও নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহরে অবস্থিত বিশ^বিদ্যালয়ের মুল ক্যাম্প্যাস থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পূণরায় ক্যাম্পাসে ফিরে আসে। এরপর ক্যাম্পাস সংলগ্ন চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার লোকজ গান,নৃত্য,নাটিকা ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা। সাংস্কৃতিক পরিবেশনা শেষে ক্যাম্পাস অডিটেরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাহেব আলী প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ইউসুফ হোসাইন খান। সভাপতিত্ব করেন কৃষি অনুষদের কো-অর্ভিনেটর মেহেদী হাসান সোহেল। বক্তরা বলেন, শীতের আগমনী বার্তা নিয়ে হেমন্তকাল। কৃষকের মুখে এখন নতুন ধানের হাসি। বাংলার মাঠে মাঠে সোনালী রং এর মেলা। বাতাসে নতুন ধানের সুবাস। ধান ঘরে তুলতে কৃষক-কৃষানীদের ব্যস্ততা। তাঁদের মাঝে নতুন উদ্দীপনা। বাংলার কৃষক ও কৃষিকে এগিয়ে নিতে প্রতিবছরই ১লা অগ্রহায়ণ জাতীয়ভাবে পালন হয় কৃষি দিবস। বক্তরা আরও বলেন, এ দেশ ধানের দেশ-গানের দেশ-পাখির দেশ। দেশের অর্তনীতি বহুলাংংশে নির্ভর করে কৃষি ও কৃষকের উপর। কৃষক জাতির মেরুদন্ড এবং সব সাধকের বড় সাধক। কিন্তু আমাদের কৃষকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাদের আধুনিকায়ন করা, গ্রামে গ্রামে কৃষি সমবায় সমিতি গড়ে তোলা ও কৃষি বীমা চালু এখন সময়ের দাবী। বক্তরা পহেলা বৈশাখের মত সারাদেশে কৃষি দিবসও উৎসবমূখর পরিবেশে পালনের দাবী জানান। তারা আশাপ্রকাশ করে বলেন, দিবসটি বাঙ্গালী জাতীয় জীবনে অনাবিল আনন্দ-সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এবং ‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ ¤েøাগাণ সফল হোক। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষাথী,কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০৮ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২২ জন রোগী। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, নাচোলে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ৩জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।