শিবগঞ্জে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

শিবগঞ্জে অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১ শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ গভীর রাতে অভিযান দুটি পরিচালনা করে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন। বিজিবি’র সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর হঠাৎপাড়া গ্রামে সোনামসজিদ বিওপি’র টহল দল অভিযান চালালে, এসময় আলীম নামে এক ব্যক্তিকে ৩৭৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপসহ হাতেনাতে আটক করা হয়। আটক আলীম শিবগঞ্জ উপজেলার চকসিরামপুর গ্রামের বাসিন্দা। অন্যদিকে একই রাতে পৃথক আরেক অভিযানে শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৫০ বোতল এসকাফ ডিএক্স সিরাপ এবং ৩ হাজার ১৭০ পিস নেশাজাতীয় টেনসিওইন ট্যাবলেট জব্দ করে চকপাড়া বিওপি টহল দল। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে ওরিয়েন্টেশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় অংশীজনদের নিয়ে এক ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ইউনিসেফের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুস সামার কলেজের অধ্যক্ষ তোহুরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই রক্সি খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক উত্তম মণ্ডল এবং মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের সুপারভাইজার আবু সউদ মো. আব্দুল অদুদসহ অন্যরা। ওরিয়েন্টেশনে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য ও সমাজকর্মী, যুব প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় আরো বলা হয়, চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতামুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে হলে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, আইন প্রয়োগ এবং সামাজিক উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নে পৌর কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জে ভিজিএফ কর্মসূচি বাস্তবায়নে পৌর কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য সহায়তা বিতরণের লক্ষ্যে পৌর মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি নূরে আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য কর্মকর্তা জহুরুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলামসহ পৌর মানবিক সহায়তা কমিটির সদস্যবৃন্দ। সভায় জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভিজিএফ কর্মসূচির আওতায় এবার ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এই চাল কার্ডপ্রতি ১০ কেজি করে মোট ৪ হাজার ৬২৫টি কার্ডধারী উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে। আগামী ১৪ মার্চ থেকে শুরু করে ৩ দিনের মধ্যে পৌরসভার সকল উপকারভোগী সদস্যের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হবে বলেও সভায় জানানো হয়। সভায় আরও বলা হয়, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগী যাচাই- বাছাই করে তাদের মাঝে খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করতে হবে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত হতে নির্ধারিত কয়েকটি শর্তের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে—যেসব পরিবারের মালিকানায় ভিটাবাড়ি ছাড়া অন্য কোনো জমি নেই, দিনমজুরের আয়ের উপর নির্ভরশীল পরিবার, মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল পরিবার, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক কোনো পুরুষ সদস্য নেই এমন অসচ্ছল পরিবার, যেসব পরিবারে স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয়, যেসব পরিবারে উপার্জনশীল কোনো ব্যক্তি নেই, স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্তা নারীর নেতৃত্বাধীন অসচ্ছল পরিবার, অসচ্ছল মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী পরিবারের প্রধান, ক্ষুদ্রঋণ সুবিধা না পাওয়া পরিবার, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য বা অর্থসংকটে পড়া পরিবার এবং যেসব পরিবার বছরের অধিকাংশ সময় দুই বেলা খাবার জোগাড় করতে পারে না।
গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

গোমস্তাপুর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল আলিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মাহাতাব আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এমপির মতবিনিময়

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এমপির মতবিনিময় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমান। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হামিদ। এসময় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: রুস্তম আলী, আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ, নার্স ইনচার্জ লাইলি বেগম। সভায় সংসদ সদস্য মিজানুর রহমান হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) দ্রুত চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও একটি ডিজিটাল এক্সরে মেশিন প্রদানে আশ্বাস প্রদান করেন। এছাড়া, সভায় উপস্থিত চিকিৎসক ও নার্সদের এলাকার রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
শিবগঞ্জ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

শিবগঞ্জ ডিগ্রি কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শিবগঞ্জ ডিগ্রি কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে সমন্বিত দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কেরামত আলী বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতেই নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভার মধ্যে শিবগঞ্জ ডিগ্রি কলেজ একটি গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। ভবিষ্যতে এই কলেজে অনার্সসহ নতুন নতুন বিষয় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি জাফর আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউসুফ আলীসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয়দের আশা, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে কলেজে শিক্ষার্থীদের জন্য আধুনিক শ্রেণিকক্ষ ও উন্নত শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে এবং শিক্ষার মান আরও উন্নত হবে।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চালকের মরদেহ উদ্ধার শিবগঞ্জ উপজেলা থেকে মাসুদ রানা নামে এক ট্রাক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডিপুর ঘোষপাড়া গ্রামের রশিদুল হকের ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে তৌহিদুল ইসলাম স্বদেশ নামে এক বন্ধু মোবাইল ফোনে খবর পেয়ে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে শিবগঞ্জ পৌর এলাকার আমবাগান থেকে মাসুদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। পরে তাঁকে ওই স্থানে থাকা একটি মোটরসাইকেলে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাসুদের মুখমন্ডলসহ দেহে হালকা আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে, সকাল ১০টায় বাড়ি থেকে বের হবার পর তিনি আর বাড়ি ফেরেন নি। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবদেন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার ভূমি ইকরামুল হক নাহিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্ধনা সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল ওহাবসহ এসএসবিসি প্রকল্পের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন চেয়ামান, ইমাম ও স্থ’ানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। উক্ত পরিকল্পনার সভার মূল উদ্দেশ্য হলো সকল অংশীদারগণের সমন্বয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলাকে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা হিসাবে ঘোষনা করা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এসএসবিসি প্রকল্প এর উদ্যেগে শিশুর সার্বিক উন্নয়নের লক্ষে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে এই পরিকল্পনা সভার অনুষ্ঠিত হয়।
ঈদুল ফিতরসহ ২৫ ও ২৬ মার্চ পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

ঈদুল ফিতরসহ ২৫ ও ২৬ মার্চ পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় এবং ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঈদুল ফিতরের এবং পরে গণহত্যা দিবসের সভাসহ স্বাধীনতা দিবস উদ্যাপনে এই সভা অনুষ্ঠিত হয়। দুটি সভাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। ঈদুল ফিতর উদ্যাপনের সভায় সিদ্ধান্ত হয়, এবার পুরাতন স্টেডিয়ামে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৮টায় ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ কমিটি সুবিধামত সময় নির্ধারণ করে ঈদের নামাজ আদায়ে ব্যবস্থা গ্রহণ করবেন। ঈদগাহ মাঠগুলো এখন থেকেই পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। অন্যদিকে জাতীয় কর্মসূচির আলোকে ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ১০টায় এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট থাকবে বলে সিদ্ধান্ত হয়। এছাড়াও ২৬ মার্চ প্রত্যুষে পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনি, পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে। সভা দুটিতে আরো উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, ফকিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান, জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মুক্তার আলী, জেলা চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, ফকিরপাড়া ঈদগাহ কমিটির সহসম্পাদক তৌফিজুর রহমান পুতুলসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ। যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালনের আহ্বান জানান সভাপতি উজ্জ্বল কুমার ঘোষ।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত নেই

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত নেই চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর কেউ ডেঙ্গু রোগী শনাক্ত হননি। তবে এর আগে গত রবিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে একজন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শনাক্ত হন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে মোট শনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১৮ জন। অন্যদিকে একই সময়ে আক্রান্ত হয়ে জেলায় ভর্তি রোগী হচ্ছে ১২ জন। বর্তমানে জেলা হাসপাতালের আন্তঃবিভাগে কোনো রোগী ভর্তি নেই। সোমবার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে ডেঙ্গুসহ সকল প্রকার মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজ নিজ আঙিনা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর পৌরসভার পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়েছে।