কেন নিজের প্রস্রাব পান করেন বলিউডের এই অভিনেতা

কেন নিজের প্রস্রাব পান করেন বলিউডের এই অভিনেতা বলিউডের বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকপ্রদ এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। বেশ আগে একবার হাঁটুর চোট সারাতে তিনি টানা ১৫ দিন নিজের প্রস্রাব পান করেন বলে জানিয়েছেন এ অভিনেতা। ঘটনাটি ঘটেছিল রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘটক’ সিনেমার শুটিং চলাকালে। শুটিংয়ের সময় হাঁটুতে আঘাত পান পরেশ। পরে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে তাকে দেখতে আসেন বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা, খ্যাতনামা অ্যাকশন কোরিওগ্রাফার বীরু দেবগন। তিনি পরেশকে চোট দ্রুত সারানোর একটি অদ্ভুত উপায় বাতলে দেন। সেটি হলো সকালে খালি পেটে নিজের প্রস্রাব পান করার পরামর্শ। পরেশ রাওয়াল বলেন, ‘বীরুজি আমাকে বলেছিলেন, সব যোদ্ধারাই এই পদ্ধতি অনুসরণ করে। যদি এটি অভ্যাস করতে পারো তাহলে ভবিষ্যতে আর কখনো চোটের জন্য সমস্যায় পড়বে না।’ সেই সঙ্গে অ্যালকোহল, রেড মিট ও তামাক পরিহার করার পরামর্শও দেন বীরু দেবগন। অভিজ্ঞতার বর্ণনায় পরেশ জানান, ‘আমি নিজের প্রস্রাবকে বিয়ারের মতো করে পান করতাম। টানা ১৫ দিন এভাবে চলার পর চিকিৎসকেরা এক্স-রে রিপোর্ট দেখে রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন!’ চিকিৎসকদের হিসাব অনুযায়ী, পরেশের চোট সারতে সময় লাগার কথা ছিল আড়াই মাস। কিন্তু নিজের প্রস্রাব পানের পথ্য মেনে চলায় মাত্র ১৫ দিনেই তিনি সুস্থ হয়ে ওঠেন বলে দাবি করেছেন অভিনেতা।

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান

কাশ্মীর হামলায় বড় সিদ্ধান্ত নিলেন সালমান কাশ্মীর হামলার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারতের সাধারণ মানুষ। ভ্রমণে গিয়ে পর্যটকদের এমন পরিণতি দেখে সবাই স্তব্ধ। বলিউড ভাইজান সালমান খানেরও একই অবস্থা। তিনি জঙ্গি হামলার পর বড় সিদ্ধান্ত নিলেন। ভাইজানকে এমনিতে লরেন্স বিষ্ণোইয়ের হুমকিতে দিন পার করতে হচ্ছে। বিষ্ণোই শুধু তাকে হত্যার হুমকি দেয়নি, সালমানের পরিজনদের নিশানায় রেখেছেন। ফলে নিরাপত্তা জোরদার হয়েছে সালমানের বাসভবনে। জানলার কাচও বদলে ফেলা হয়েছে। কিন্তু এমন আতঙ্কের মধ্যেও ‘সিকান্দার’ সিনেমার শুটিংও করেন সালমান। এবার লরেন্স বিষ্ণোইয়ের হুমকির সঙ্গে যুক্ত হলো কাশ্মীরের পহেলগামের জঙ্গি হামলা। তাই বড় একটি অনুষ্ঠান পিছিয়ে দিলেন এ অভিনেতা। ইংল্যান্ডে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ নামে একটি অনুষ্ঠান করার কথা ছিল সালমানের। কিন্তু আনন্দ করার সময় এটা নয়, কারণ দেশের মানুষ ভীত হয়ে আছেন। সবাই এমন ঘটনায় শোকাচ্ছন্ন। তাই এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান। আজ (২৮ এপ্রিল) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি লেখেন, ‘কাশ্মীরের দুঃখজনক ঘটনার জেরে সবাই ভারাক্রান্ত। এ অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ ও ৫ মে। আমরা জানি, অনুরাগীরা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু আমরা বুঝতে পেরেছি, শোকের সময়ে এই অনুষ্ঠান বন্ধ রাখাই ভালো। এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কারণে কারও কোনো অসুবিধা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’ সালমান খান ছাড়াও এ অনুষ্ঠানে থাকার কথা ছিল সারা আলি খান, বরুণ ধওয়ান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, সুনীল গ্রোভারসহ আরও অনেকের।

অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশ বাবু!

অর্থ আত্মসাতের মামলায় ফাঁসলেন মহেশ বাবু! ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু। এবার অর্থ আত্মসাতের মামলায় তাকে তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। আগামী ২৭ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে তাকে। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের মামলায় ডাকা হয়েছে মহেশকে। এই দুই প্রতিষ্ঠান থেকে জমি কিনে নিঃস্ব হয়েছেন অনেকে। কোম্পানি দুটির বিজ্ঞাপনের মুখ হয়ে মামলায় নাম উঠেছে মহেশের।  তদন্তে যে তথ্য উঠে এসেছে, সেই অনুযায়ী, সাই সুরিয়া ডেভলোপারস মহেশবাবুকে প্রায় ৬ কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে সাড়ে ৩ কোটি টাকা দেওয়া হয়। বাকি আড়াই কোটি দেওয়া হয় নগদে। তদন্তকারীদের সন্দেহ, মহেশ বাবুকে যে নগদ টাকা দেওয়া হয়েছিল, তা রিয়েল এস্টেট জালিয়াতি সংক্রান্ত অপরাধের অংশ।  তদন্তে নেমে গেল ১৬ এপ্রিল হায়দরাবাদ, সেকেন্দ্রাবাদের চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। ২০০২ সালের আর্থিক তছরুপ আইনে এই মামলার তদন্ত চলছে। মহেশবাবুর বিরুদ্ধে অভিযোগ, তাকে দেখে বহু মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হয়ে পড়েন। আর তাতেই প্রতারণা, জালিয়াতির শিকার হতে হয় তাদের। অভিনেতা সরাসরি দুর্নীতি না করলেও, নগদে তিনি যে টাকা নিয়েছেন, সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে ইডির। যেখানে ১০০ কোটি টাকার লেনদেনে অনিয়ম চোখে পড়েছে।  ওই রিয়েল এস্টেট প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যেহেতু প্রচারের মুখ ছিলেন মহেশবাবু, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।

বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা

বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ‘টোয়াইলাইট’খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। তার স্ত্রীর নাম ডিলান মায়ার। রবিবার (২০ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ক্রিস্টেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র টিএমজেড-কে বলেন, “রবিবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদত্তা ডিলান মায়ারকে বিয়ে করেন ক্রিস্টেন স্টুয়ার্ট। তাদের দুজনের সঙ্গেই আমার কথা হয়েছে।” ক্রিস্টেনের বিয়েতে উপস্থিত ছিলেন মার্কিন অভিনেত্রী অ্যাশলে বেনসন ও তার স্বামী ব্র্যান্ডন ডেভিস। তাদের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। মার্কিন লেখক, চিত্রনাট্যকার, পরিচালক নিকোলাস মায়ারের কন্যা ডিলান মায়ার। তিনিও একজন চিত্রনাট্যকার ও প্রযোজক।  ২০১১ সালের ৩০ অক্টোবর মুক্তি পায় জনপ্রিয় হলিউড সিনেমা ‘টেয়াইলাইট’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন ক্রিস্টেন স্টুয়ার্ট ও রবার্ট প্যাটিনসন। এ সিনেমায় অভিনয় করার আগেই অর্থাৎ ২০০৯ সালে সম্পর্কে জড়ান তারা। পরবর্তীতে তা ভেঙে যায়। স্টুয়ার্ট অভিনীত ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ সিনেমার পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন। ২০১২ সালে এটি প্রকাশ্যে আসে। অসম এই প্রেম নিয়ে ক্ষমাও চান এই নির্মাতা। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০১৯ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন তারা। ক্রিস্টেন স্টুয়ার্টের প্রেমিক-প্রেমিকার তালিকা দীর্ঘ; কখনো পুরুষ, কখনো নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে ২০১৭ সালে ক্রিস্টেন স্টুয়ার্ট ঘোষণা দেন— তিনি সমকামী। ২০১৩ সালে সিনেমার শুটিং সেটে ডিলান মায়ারের সঙ্গে পরিচয় হয় ক্রিস্টেন স্টুয়ার্টের। অভিনেত্রী স্টেলা ম্যাক্সয়েলের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ডেট করা শুরু করেন ক্রিস্টেন-ডিলান। ২০২১ সালে বাগদান সারেন তারা। সর্বশেষ আইন মেনে বান্ধবীকে বিয়ে করলেন ৩৫ বছরের এই নায়িকা।

১৫ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনে সালমানের নায়িকা

১৫ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশনে সালমানের নায়িকা বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। এ তালিকায় রয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম দর্শকপ্রিয় অভিনেত্রী রাম্ভা। ‘জুড়ওয়া’, ‘বন্ধন’-এর মতো জনপ্রিয় সিনেমায় সালমান খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেই খ্যাতি, সাফল্য ফেলে একেবারে আড়ালে চলে যান এই অভিনেত্রী। ইন্দ্রকুমার প্রথমানাথন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করে সুদূর কানাডায় বসবাস শুরু করেন রাম্ভা। জাঁকজমকপূর্ণ রুপালি জগত থেকে বিদায় নিয়ে সংসারে মন দেন। বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী বর্তমানে তিন সন্তানের জননী। তার তিন সন্তানের নাম লানিয়া, সাশা এবং শিবিন। দীর্ঘ ১৫ বছর ধরে শোবিজ অঙ্গন থেকে দূরে রয়েছেন রাম্ভা। বিরতি ভেঙে ফের নিজ অঙ্গনে ফিরেছেন। তবে সিনেমা নয়, একটি টিভি শোয়ের মাধ্যমে। ড্যান্স শো ‘জোড়ি আর ইউ রেডি’-এর দ্বিতীয় সিজনে বিচারকের আসনে দেখা যাবে তাকে। এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এত বছর বিরতি নেওয়া এবং ফেরার কারণ ব্যাখ্যা করেছেন এই অভিনেত্রী। রাম্ভা বলেন, “মা হিসেবে মনে করি, বাচ্চাদের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বাবা-মায়ের মধ্যে অন্তত একজনকে তাদের পাশে থাকা প্রয়োজন। আমি সিনেমা থেকে দূরে। অভিনয়ের প্রতি আমার আগ্রহের ব্যাপারটি আমার স্বামী জানে। আমাদের ছেলের বয়স এখন ৬ বছর। মেয়েরা অনেকটা বড় হয়েছে। তাদের বয়স যথাক্রমে— ১৪ ও ১০ বছর। আমার স্বামী মনে করে, মেয়েরা যেহেতু বড়, তারা ছেলেকে সামলাতে পারবে। এরই মধ্যে টিভি চ্যানেল থেকে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি দ্বিধাগ্রস্ত ছিলাম কারণ আমার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করাতে হবে। কিন্তু আমার পরিবার আক্ষরিক অর্থেই আমাকে টিভি অনুষ্ঠানটি করতে অনেকটা বাধ্য করেছে।” দীর্ঘ দিন পর শুটিংয়ে ফেরার অভিজ্ঞতা জানিয়ে রাম্ভা বলেন, “শুটিংয়ের প্রথম দিন স্বপ্নের মতো মনে হয়েছিল। আমি সেদিন ভীষণ নার্ভাস ছিলাম। ভ্যান থেকে নামতে ভয় পাচ্ছিলাম। আমাকে প্রথম যে শটটি দিতে হয়েছিল তা হলো— ‘আজাগিয়া লায়লা’ গানটি। স্যান্ডি মাস্টার আমাকে ভরসা দিয়েছিলেন। আমি যখন প্রথম শট শেষ করি, তখন সবাই হাততালি দিয়ে বলেন, ‘আমি ৩০ বছর আগে যা করেছি তা পুনরায় তৈরি করেছি!’ তারপর থেকে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করি।” অভিনয়ে না ফেরার আরেকটি কারণ ব্যাখ্যা করেছেন রাম্ভা। তার ভাষায়, “আমার স্বামী ভারতে ব্যবসা শুরু করেছে। যদিও এটা পরিকল্পনা করে হয়নি। কালা মাস্টারের পীড়াপীড়ির জন্য ধন্যবাদ। কারণ আমিও উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম। মেকআপ করা, মঞ্চে ওঠা এবং মানুষের সাড়া আমাকে চলচ্চিত্রে ফিরে আসার জন্য আগ্রহী করে তুলেছিল। আমি যে অভ্যর্থনা পেয়েছিলাম, তা দেখে আমার বাচ্চারাও রোমাঞ্চিত হয়েছিল। আমি ১৫ বছর চলচ্চিত্রে কাজ করিনি। কিন্তু সিনেমা আমার রক্তে মিশে আছে। আমি আমার সময়ের অনেক সহকর্মীকে এখনো অভিনয় করতে দেখছি। তাই আমারও সেই ইচ্ছা ছিল। কিন্তু আমি আমার খ্যাতি ধরে রাখার ব্যাপারটি নিশ্চিত করতে চেয়েছিলাম। এজন্য ফিরে আসতে চাইনি।” কানাডায় বসবাস করার সময়ে ভারতীয় সিনেমা দেখতেন রাম্ভা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “বিয়ের পর আমরা কানাডায় বসবাস শুরু করি। সেখানে আমার স্বামী ইন্টেরিয়রের ব্যবসা করেন। রজনী স্যারের (রজনীকান্ত) সিনেমা ছাড়া কানাডায় আমরা খুবই কম সিনেমা দেখতে হলে যেতাম। বাইরে বের হলেও খুব কাছাকাছি জায়গায় যেতাম। বিশেষ করে যেখানে বাচ্চাদের জন্য কিছু থাকত। আমাদের একটা হোম থিয়েটার সেট-আপ ছিল। তাই আমরা ঘরে একসঙ্গে বসে সিনেমা দেখতাম। প্রতি শুক্রবার রাত ছিল তামিল সিনেমার রাত।” ২০১০ সালে ব্যবসায়ী ইন্দ্রকুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাম্ভা। ২০১৬ সালে তাদের মধ্যে বেশকিছু সমস্যা তৈরি হয়েছিল। দাম্পত্য কলহের কারণে কিছুদিন আলাদাও থেকেছেন তারা। পরে অবশ্য রাম্ভার কাছে ফিরে আসেন তার স্বামী। ১৯৯২ সালে মালায়ালাম ভাষার ‘সরগাম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রাম্ভা। একই বছর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তারপর তামিল, কন্নড়, ভোজপুরী, হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষার অনেক সিনেমায় কাজ করেন এই অভিনেত্রী। ‘দাদা’, ‘চিতা’, ‘রিফিউজি’ নামে ভারতীয় বাংলা সিনেমায়ও দেখা গেছে তাকে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের

দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের সম্প্রতি ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা। এবার কি তাহলে দ্বিতীয় সন্তানের চিন্তা করছেন আরাধ্যার বাবা-মা? বিষয়টি উঠতেই লজ্জায় লাল হয়ে যায় জুনিয়র বচ্চন। কী প্রতিক্রিয়া এই অভিনেতার? বেশ কিছুদিন ধরেই অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্যের সমীকরণ নিয়ে নানা আলোচনা চলছে বলিউড থেকে দর্শক মহলে। শোনা গিয়েছিল, বচ্চনদের সঙ্গে আপাতত থাকছেন না ঐশ্বরিয়া। এমনকী এ খবরও রটে, অভিষেক-ঐশ্বরিয়া নাকি বিবাহবিচ্ছেদও হতে যাচ্ছে। তবে সব জল্পনায় ইতিমধ্যেই ইতি টেনেছে বচ্চন পরিবার। শোনা যাচ্ছে, আরাধ্যার কথা মাথায় রেখেই নাকি এখনও একসঙ্গে রয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। কিন্তু বছর খানেক আগে অভিনেতা রীতেশ দেশমুখের শোয়ে গিয়ে অন্যকথা বলেছিলেন অভিষেক। রীতেশ তার শো ‘কেস বনতা হ্যায়’-তে দ্বিতীয় সন্তান নিয়ে প্রশ্ন করেন অভিষেককে। সেই প্রশ্ন শুনে লাজুক হেসে অভিষেক বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি! আমি বয়সে তোমার থেকে বড়। প্রসঙ্গত, রীতেশ অভিষেককে প্রাথমিকভাবে বচ্চন পরিবারের নামকরণের বিষয়টি নিয়ে কথা বলেন। জানান, ‘আপনাদের বাড়িতে অমিতাভজি, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা সব নামই ‘এ’ দিয়ে শুরু। জয়া আর শ্বেতার ক্ষেত্রে বিষয়টা আলাদা। ’ এর উত্তরে অভিষেক বলেন, ‘এটাই প্রথা হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম এলে তখন হয়তো এই প্রথার পরিবর্তন ঘটবে। ’এই কথার পরিপ্রেক্ষিতে রীতেশ অভিষেকের কাছে দ্বিতীয় সন্তানের ভাবনাচিন্তার বিষয়ে জানতে চান। আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হন অভিষেক। সম্প্রতি সেই পুরনো ভিডিও আবার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরাও আবার নতুন করে অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা শুরু করেছেন।

আজ টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন 

আজ টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ। শারাপোভা ১৯৮৭ সালের ১৯ এপ্রিল রাশিয়ার নায়াগানে জন্মগ্রহণ করেন। সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা তিনি। টেনিস কোর্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত-সমর্থক। রাশিয়ান লাস্যময়ী টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস খেলা শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। মূলত ২০০০ সালে এডি হার আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার শিরোপা জয়ের মধ্য দিয়ে তার টেনিস ক্যারিয়ার শুরু। পরের বছর পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নাম লেখান প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে। বর্তমানে নয় নাম্বার র‌্যাঙ্কিংয়ে থাকা এই টেনিস তারকা শুধু খেলা দিয়েই নয়, অত্যন্ত ফ্যাশন সচেতনতার জন্যও ব্যাপক পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানোর পর জিতেছেন অসংখ্য শিরোপা। এখন পর্যন্ত তিনি পাঁচটি গ্রান্ডস্ল্যামসহ জিতেছেন চৌত্রিশটি ডব্লুউটিএ এককের শিরোপা। রাশিয়ার এক নম্বর এই টেনিস তারকা জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেনে আর একটি করে উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। টেনিসে অসাধারণ প্রতিভার জন্য ২০১১ সালে তিনি বিশ্বের সেরা ৩০ জন প্রমীলা টেনিস খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। পরের বছরেই জায়গা করে নেন সর্বকালের সেরা একশ টেনিস তারকার তালিকায়। বেশ কয়েক বছর ধরে কোর্টের বাইরে এই টেনিস সেনসেশন বিশ্বের নামী ব্র্যন্ডের মডেল হিসেবেও কাজ করে আসছেন। ২০০৭ সালে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রম-এর শুভেচ্ছা দুত হিসেবেও নিযুক্ত হন শারাপোভা।

আবারও বাবা হচ্ছেন আরবাজ খান?

আবারও বাবা হচ্ছেন আরবাজ খান? বাবা হতে যাচ্ছেন সালমান খানের ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান! বলিউডে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বুধবার সকাল থেকে। কারণ, এদিন স্ত্রীর সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা গেছে তাকে। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জল্পনা- তবে কি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য? ২০২৩ সালের ডিসেম্বরে প্রেমিকা ও মেকআপ আর্টিস্ট শৌরা খানকে বিয়ে করেন আরবাজ। বিয়ের পর থেকে এই দম্পতি একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। তবে বুধবার তাদের হাসপাতাল যাত্রা ঘিরেই ফের আলোচনায় এসেছেন এই জুটি। প্রসূতিবিভাগে তাদের উপস্থিতি এবং শৌরার ঢিলেঢালা পোশাক দেখেই গুঞ্জন আরও জোরালো হয়। এদিন হাসপাতাল থেকে বেরনোর সময় ছবি তুলতে আসা ফটোগ্রাফারদের ক্যামেরা থেকে স্ত্রীর মুখ আড়াল করার চেষ্টা করেন আরবাজ। এমন পোশাক ও আচরণ বলিউডে অনেক সময় গর্ভাবস্থার ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। এর আগেও ঈদের পার্টিতে আরবাজকে স্ত্রী শৌরার প্রতি অতিরিক্ত যত্নবান ভূমিকায় দেখা গিয়েছিল। সেদিন থেকেই গুঞ্জনের শুরু। এবার হাসপাতালে তাদের একসঙ্গে দেখে সেই গুঞ্জন যেন আরও দৃঢ় হলো। তবে এখনো পর্যন্ত আরবাজ বা শৌরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সামাজিকমাধ্যমেও এই বিষয়ে একদম চুপ তারা। তবে তাদের ভক্তদের আশা- খুব শিগগিরই সুখবর শোনাবেন এই দম্পতি। অভিনেত্রী না হলেও, শৌরা সরাসরি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গে। পেশায় তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট। ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভাঙার পরই শৌরার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। নিজেই জর্জিয়া সংবাদমাধ্যমে তাদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। প্রসঙ্গত, নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার সময়েই অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে আরহান জন্ম নেয় ২০০২ সালে। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০১৬ সালে। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ আইনি স্বীকৃতি পায়।

বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি বোমা মেরে সালমান খানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এই হুমকিবার্তা পাঠানো হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান খানের গ্যালাক্সির বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হবে এবং বোমা দিয়ে তার গাড়ি উড়িয়ে দেওয়া হবে। এ ঘটনার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।  এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

মার্কিন চলচ্চিত্র আমদানি কমাবে চীন

মার্কিন চলচ্চিত্র আমদানি কমাবে চীন যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি ‘পরিমিতভাবে’ কমানোর ঘোষণা দিয়েছে চীন। আমদানি পণ্যে উচ্চমাত্রায় শুল্ক আরোপ নিয়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। চীনের চলচ্চিত্র প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের ওপর মার্কিন সরকারের নির্বিচারে শুল্ক আরোপের ভুল পদক্ষেপ আমেরিকান চলচ্চিত্রের ওপর আমাদের দর্শকদের অনুকূল আবেগ আরো হ্রাস করতে বাধ্য। আমরা বাজারে নীতি অনুসরণ করব। দর্শকদের পছন্দকে সম্মান করব এবং মার্কিন চলচ্চিত্র আমদানি পরিমিতভাবে কমানো হবে।’