ওড়িশায় আঘাতের পর ছত্তিশগড়-মধ্যপ্রদেশের দিকে ‘দানা’
ওড়িশায় আঘাতের পর ছত্তিশগড়-মধ্যপ্রদেশের দিকে ‘দানা’ ওড়িশায় তা-ব চালানোর পর ভারতের ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। তবে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে প্রবেশের সময় এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল রাত ১১টা ১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে শুরু করে। সময় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধামারায় দানার শক্তি বাড়তে থাকে। ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়টি। দানার তা-বে ওড়িশার ভদ্রকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। নিচু এলাকা পানিতে ভেসে গেছে।
ঘূর্ণিঝড় দানা: কলকাতায় বন্ধ রেল-বিমান চলাচল

ঘূর্ণিঝড় দানা: কলকাতায় বন্ধ রেল-বিমান চলাচল পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলের উপর দিয়েই যাবে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার রাতে ১১০-১২০ কিমি বেগে স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। উড়িষ্যার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝামাঝি আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। যার জেরে বড় প্রভাব পড়বে উড়িষ্যার লাগোয়া রাজ্য পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও। এখনও বৃষ্টি শুরু না হলেও সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা রয়েছে। বিকেলের পর ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হবে জানিয়েছে কলকাতার আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুর্যোগের আশঙ্কায় বন্ধ করা হয়েছে বিমান পরিষেবা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখা হবে কলকাতা বিমানবন্দর। ওই সময়ের মধ্যে বিমানবন্দরে কোনো উড়োজাহাজ ওঠানামা করবে না। নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে উড়োজাহাজগুলোকে। ঘূর্ণিঝড়ের কারণে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় রেলের তরফে আগেই ১৬০টি ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে। এর সঙ্গে এদিন যুক্ত হলো ৩০টি দূরপাল্লার ট্রেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সব মিলিয়ে ১৪ ঘণ্টা শিয়ালদহ থেকে মোট ১৯০টি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্তা কৌশিক মিত্র বলেছেন, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। এজন্য কিছু ট্রেন আমরা বাতিল করছি এবং কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করছি। ঘূর্ণিঝড় আঘাত হানার সময় কলকাতায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতা পুলিশের তরফে একাধিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে বিদ্যুৎ বিভাগের তরফেও। ২৪ ঘণ্টার জন্য ‘ফ্লাড এলার্ট’ খোলা হয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে। কোনো রকম অঘটন এড়াতে তৎপর রয়েছে কলকাতা করপোরেশন। যেহেতু কলকাতার বুকে রয়েছে বহু গাছ এবং শতাব্দী প্রাচীন বাড়ি, সে কারণে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে পুরসভার শীর্ষ কর্তারা যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছেন। করপোরেশনের তরফে বলা হয়েছে, তৈরি রয়েছে তাদের বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহরের সড়কে অতিরিক্ত নিকাশির জন্য রাখা হয়েছে কৃত্রিম পাম্পের ব্যবস্থা। নজর রাখা হয়েছে পুরোনো বাড়িগুলোর দিকে। সমুদ্রেরর উপর দিয়ে আসার কারণে জলীয় বাষ্প সংগ্রহ করে অতি শক্তি বৃদ্ধি করেছে ঘূর্ণিঝড় দানা। আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে দানা। উড়িষ্যার পারাদ্বীপ থেকে রয়েছে ২৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ধামারা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়টি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আড়াই কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: আড়াই কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি নেই দুসপ্তাহও। এরই মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৫ নভেম্বর সশরীরে গিয়ে ভোট দেবেন অনেক মার্কিনি, তবে আগাম ভোট দেওয়া শুরু হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রয়টার্সের খবরে বলা হয়েছে, ডাকযোগে, সশরীরে গিয়ে আগাম ভোট এবং নির্বাচনের দিন ভোট দেওয়ার পদ্ধতি রয়েছে যুক্তরাষ্ট্রে। ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে রয়েছে এ সুযোগ। গত সেপ্টেম্বরের শেষের দিকে আগাম ভোট শুরু হয়। সর্বশেষ বুধবারের হিসাবে এ পর্যন্ত আগাম ভোট দিয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ। ফ্লোরিডা ইউনিভার্সিটির ইলেকশন ল্যাবের ট্র্যাকিং ডেটা অনুসারে, প্রায় আড়াই কোটি ভোটার ইতোমধ্যেই সরাসরি বা ই-ব্যালট পদ্ধতিতে ভোট দিয়েছেন। উত্তর ক্যারোলিনা এবং জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য গত সপ্তাহে আগাম ভোট শুরুর পর প্রথম দিনেই রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগাম ভোটদান চলছে গুরুত্বপূর্ণ সুইং স্টেট অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, নেভাডা ও মিশিগানেও। এরই মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে তথ্য মিলেছে। অতীত অভিজ্ঞতা অনুযায়ী আগাম ভোটের শুরুতে রেকর্ড সংখ্যক উপস্থিতি ডেমোক্রেটদের জন্য সুখবর বয়ে আনে। যদিও জয়ের প্রত্যাশা করছে দুদলই। সর্বশেষ এক জরিপের ফল বলছে, ডেমোক্রেট পার্টির প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে আছেন।
আক্রমণ হওয়ার পর ইউক্রেনের জনসংখ্যা কমেছে ১ কোটি

আক্রমণ হওয়ার পর ইউক্রেনের জনসংখ্যা কমেছে ১ কোটি ইউক্রেনের জনসংখ্যা এক কোটি বা প্রায় এক চতুর্থাংশ কমেছে। রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশ ছেড়ে চলে যাওয়া, জন্মহার কমে যাওয়া এবং যুদ্ধে মৃত্যুর ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ জাতিসংঘ এ তথ্য জানিয়েছে। জেনেভা নিউজ কনফারেন্সে বক্তৃতাকালে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের পূর্ব ইউরোপের প্রধান ফ্লোরেন্স বাউয়ার জানিয়েছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণটি ইতিমধ্যেই একটি কঠিন জনসংখ্যাগত পরিস্থিতিকে আরও গুরুতর কিছুতে পরিণত করেছে। তিনি বলেন, ‘জন্মহার কমেছে এবং বর্তমানে প্রতি নারীর গড়ে একটি সন্তান রয়েছে, যা বিশ্বের সর্বনিম্নগুলোর মধ্যে একটি।’ একটি স্থিতিশীল জনসংখ্যা বজায় রাখার জন্য প্রতি নারীর জন্য সন্তানের উর্বরতা হার লাগে ২ দশমিক ১। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ইউক্রেনর জনসংখ্যা ছিল পাঁচ কোটিরও বেশি। ২০২১ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের আগের বছর এর জনসংখ্যা ছিল চার কোটি ১০ লাখ। ইনস্টিটিউট অফ ডেমোগ্রাফি অ্যান্ড সোশ্যাল রিসার্চ অনুসারে, ২০২৩ সালের পহেলা জানুয়ারিতে ইউক্রেনের জনসংখ্যা ছিল দুই কোটি ৮০ লাখ থেকে তিন কোটি ৮০ লাখের মধ্যে।
ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আগাম প্রস্তুতি

ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আগাম প্রস্তুতি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। ঝড়টির গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। এর ফলে উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিপর্যয় মোকাবিলা করতে আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য দুটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, শুক্রবার পর্যন্ত এ দুটি রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য ওই দিন উড়িষ্যার পুরি, খুরদাসহ ৪ জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উড়িষ্যার রাজ্যের সব স্কুল–কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সমস্ত সরকারি কর্মচারীর ছুটি বাতিল করেছে উড়িষ্যা সরকার। যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকে ১০০ শতাংশ মানুষকে নিরাপদে সরানোর টার্গেট নিয়েছে উড়িষ্যা সরকার। সেই সঙ্গে পুণ্যার্থী ও পর্যটকদেরও নির্দেশ দেওয়া হয়েছে বুধবার সকালের মধ্যে পুরী ছেড়ে চলে যাওয়ার জন্য। রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারী বৃহস্পতিবার ও শুক্রবার পুরী ভ্রমণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ঘূর্ণিঝড় ডানা মোকাবিলার পরিকল্পনা করতে সোমবারই উপকূলবর্তী জেলারগুলোর প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ইতিমধ্যেই ওই রাজ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১১টি টিম মোতায়েন করা হয়েছে। তৈরি আছে সেনা, নৌসেনা এবং উপকূলরক্ষা বাহিনীও। ডানার আঘাতে যে সব পরিষেবা ব্যাহত হতে পারে, তা দ্রুত স্বাভাবিক করতে নির্দেশ দিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী। এ দিকে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় আগাম সতর্কতা নিয়েছে প্রশাসন। প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্রগুলোকেও।
উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’ ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’। এই সপ্তাহের শেষের দিকে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আজ থেকেই উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে আঘাত হানতে পারে ডানা। এর প্রভাবে বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামীকাল নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি বুধবার ঘুর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর শক্তি বৃদ্ধি করে বৃহস্পতিবার পশ্চিম ও উত্তর-পশ্চিমে অগ্রসর হবে। শুক্রবার উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করবে। এরপর উড়িষ্যার পুরি ও উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর উপকূলেও এর সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে।
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত করা হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় তিনি এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের। সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য।’ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একই সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি আরও জানান, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২২৯০ রিঙ্গিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩৩৮০ রিঙ্গিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২৯৮৫ রিঙ্গিত প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করা হবে। আনোয়ার ইব্রাহিম বলেন, চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে।
নেতানিয়াহুর বাসভবনের কাছে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন

নেতানিয়াহুর বাসভবনের কাছে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন লেবানন থেকে উৎক্ষেপণ করা হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রীয় শহর সিজারিয়াতে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন এই শহরেই রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। আল জাজিরার। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, লেবানন থেকে ইসরায়েলের কেন্দ্রীয় শহর লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোন সিজারিয়ার একটি ভবনে আঘাত হেনেছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইডিএফ। বিশদ কোনো বিবরণও তারা প্রকাশ করেনি। আইডিএফ বলছে, তারা ঘটনাটি তদন্ত করছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো তেল আবিবের দক্ষিণে অবস্থিত সিজারিয়ায় যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করার খবর জানিয়েছে।
বাংলাদেশসহ কয়েকটি দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করেছে ইতালি

বাংলাদেশসহ কয়েকটি দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করেছে ইতালি চলতি বছরের ১১ অক্টোবর জারি করা নতুন আইন অনুসারে, বাংলাদেশসহ কয়েকটি দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করেছে ইতালি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকায় ইতালি দূতাবাস। ঢাকায় আগামী ২০ অক্টোবর রবিবার থেকে পর্যায়ক্রমে পাসপোর্ট দেয়ার কার্যক্রম শুরু হবে বলে দূতাবাস জানায়, ভুয়া ও জাল কাগজপত্রের সংখ্যা বেশি হওয়ায় যথাযথ যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য ইস্যু করা সব ধরনের ‘নুলা ওস্তা’ (ওয়ার্ক পারমিট)-এর বৈধতা স্থগিত করেছে ইতালি সরকার। চলতি বছরের ১১ অক্টোবর জারি করা নতুন আইন অনুসারে, দূতাবাস ইতালির প্রাদেশিক অভিবাসন অফিস থেকে স্থগিত ‘নুলা ওস্তা’র যাচাইকরণ সম্পন্ন হওয়ার নিশ্চয়তা পাওয়ার পরেই ওয়ার্ক ভিসা ইস্যু করবে।
নির্বাচনের আগে জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন

নির্বাচনের আগে জার্মানির সর্বোচ্চ সম্মান পাচ্ছেন বাইডেন যুক্তরাষ্ট্রে নভেম্বরে নির্বাচনের আগে সম্ভবত শেষ জার্মানি সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই সফরে তাকে সর্বোচ্চ জার্মান সম্মানে ভূষিত করা হবে। ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন প্রেসিডেন্টকে গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব মেরিট সম্মান প্রদান করবেন। সাধারণত, রাষ্ট্রপ্রধানদের এই সম্মানে ভূষিত করে জার্মানি। বাইডেনের আগে সিনিয়র বুশ অর্থাৎ, জর্জ এইচ ডাব্লিউ বুশ এই সম্মান পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে। জার্মান প্রেসিডেন্টের অফিস সংবাদমাধ্যমকে জানিয়েছে, বাইডেনের আমলে জার্মানি-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবং ট্রান্স অ্যাটলান্টিক জোটকে স্বীকৃতি দিতে চায় বার্লিন। খেয়াল রাখতে হবে, এই সময়েই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনা ঘটেছে।