কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে সম্পূর্ণ হলো ট্রাম্পের নতুন প্রশাসনের

কৃষিমন্ত্রী নিয়োগের মাধ্যমে সম্পূর্ণ হলো ট্রাম্পের নতুন প্রশাসনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্সকে পরবর্তী প্রশাসনে কৃষিমন্ত্রী পদে মনোনয়ন দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই নিয়োগের মধ্য দিয়ে মন্ত্রিসভা গঠনের কাজ সম্পূর্ণ করলেন ট্রাম্প। শনিবার সন্ধ্যায় কৃষিমন্ত্রী পদে রলিন্সের নাম ঘোষণা করেন ট্রাম্প। রলিন্স চিন্তক প্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের প্রধান। যদিও নতুন প্রশাসনে প্রায় ৪ হাজারের মতো নতুন জনশক্তি নিয়োগ করার কথা রয়েছে। তবে ১৫ জন ব্যক্তিকে নিয়ে শীর্ষ পর্যায়ের মন্ত্রিসভার গঠন এরইমধ্যে শেষ হয়েছে। শনিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমাদের পরবর্তী কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক মার্কিন কৃষকদের রক্ষা করার প্রচেষ্টার নেতৃত্ব দেবেন, যারা সত্যিই আমাদের দেশের মেরুদণ্ড। ট্রাম্প তাকে দেশের একজন সত্যিকার দক্ষ ব্যক্তি হিসেবে অভিহিত করেন। ৫২ বছর বয়সি রলিন্স রাইট উইং থিংক ট্যাঙ্ক প্রেসিডেন্ট অব দ্য আমেরিকা ফাস্ট পোলিসি ইনস্টিটিউটের সিইও। যেটা ট্রাম্পের এজেন্ডা প্রচারের জন্য নিবেদিত একটি অলাভজনক সংস্থা হিসেবে বিবেচিত। এতোদিন ট্রাম্পের পক্ষ হয়ে লড়ার পুরষ্কারই যেনো পেলেন তিনি। এর আগে রলিন্স হোয়াইট হাউসে কাজ করেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন তিনি। এ ছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীন নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনেটের অনুমোদনের পর কৃষিমন্ত্রী হিসেবে রলিন্স খামারের ভর্তুকি, কেন্দ্রীয় সরকারের পুষ্টি কর্মসূচি, মাংস খাতে পরিদর্শন এবং দেশের খামার, খাদ্য ও বনজ শিল্পের অন্যান্য দিক তত্ত্বাবধান করবেন।
ইউক্রেইনের বসতি দখল করেছে রুশ বাহিনী

ইউক্রেইনের বসতি দখল করেছে রুশ বাহিনী রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রায় নভোদমিত্রিভকা দখলকে সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ। পূর্ব ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলে নভোদমিত্রিভকা বসতি দখল করেছে রুশ বাহিনী। শুক্রবার এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বাহিনীর দ্রুত অগ্রযাত্রায় নভোদমিত্রিভকা দখলকে সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভ। তবে ইউক্রেইনের সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ শহর কুরাখোভের উত্তরে অবস্থিত এই গ্রামটি দখলের বিষয়ে কিছু নিশ্চিত করে জানায়নি। ইউক্রেইনের সামরিক বাহিনীর প্রতিবেদনে গ্রামটির অবস্থান এমন একটি এলাকায় উল্লেখ করা হয়েছে, যেখানে রুশ বাহিনী লড়াই করে গভীরে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। বার্তা সংস্থা রয়টার্স কোনও পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বেলুসোভকে বলতে শোনা গেছে, “আমরা এখানে যে কাজটি করেছি তাতে ইউক্রেনীয় ইউনিটগুলিকে ভেঙে ফেলা সক্ষম হয়েছে। এখন আমাদের অগ্রগতি তরান্বিত হয়েছে। আমরা তাদের ২০২৫ সালের গোটা অভিযান পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি। ইউক্রেইনের জেনারেল স্টাফ বলেছেন, এক হাজার কিলোমিটার (৬০০ মাইল) ফ্রন্টের কুরাখোভ সেক্টরে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। ওই সেক্টরে ৩৫টি সশস্ত্র সংঘর্ষের মধ্যে ১০টি এখনও চলছে বলে নিশ্চিত করেছে তারা। ওপেন সোর্সের তথ্য অনুসারে, রাশিয়ান বাহিনী ইউক্রেইনের ২০ শতাংশেরও কম অঞ্চল দখল করে রেখেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে খুব দ্রুত সময়ে দোনেৎস্ক অঞ্চলে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। তারা কুরাখোভ এবং উত্তরে পোকরোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রয়াটার্স। ইউক্রেইনের ইস্পাত শিল্পকে কোকিং কয়লা সরবরাহ করে এমন একমাত্র কোলিয়ারির অঞ্চল এটি। এমনকি রাশিয়ান সেনাবাহিনী খারকিভ অঞ্চলের উত্তর কুপিয়ানস্কের কাছে একটি রেল হাব এবং লজিস্টিক সেন্টারের দিকে অগ্রসর হচ্ছে।
খাদ্যসঙ্কটে মহাকাশে সুনীতা-বুচ

খাদ্যসঙ্কটে মহাকাশে সুনীতা-বুচ কয়েক দিন আগে নভোচারী সুনীতা উইলিয়ামসের সাম্প্রতিক ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকে। বলেছিলেন, তার স্বাস্থ্য ভালো নেই। ভেঙে যাওয়া গাল, শীর্ণকায় শরীরের সেই ছবি উদ্বেগ বাড়িয়েছিল অনুরাগীদের। তবে সুনীতা তা অস্বীকার করে জানান, তার ওজন একই আছে। মহাকাশে মাধ্যাকর্ষণহীনতার জন্য শরীরে তরলের পরিমাণের তারতম্য ঘটেছে। সেই কারণে শীর্ণকায় দেখাচ্ছে। তবু দুশ্চিন্তা কমেনি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশ করা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) আটকে থাকা সুনীতা এবং তার সফর-সঙ্গী বুচ উইলমোরের ছবি দেখে বিশেষজ্ঞদের অনেকে জানিয়েছেন, সুনীতাদের কাছে ফল, আনাজের মতো তাজা খাবার পর্যাপ্ত পরিমাণে নেই। গত জুন মাসে বোয়িং স্টারলাইনারের তৈরি প্রথম মহাকাশযানের পরীক্ষামূলক উড়ানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতা ও বুচ। ঠিক ছিল ৮ দিন মহাকাশে থেকে ফিরে আসবেন তারা। কিন্তু বোয়িংয়ের যানে একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, গ্যাস লিক হওয়া থেকে থার্স্টার অকেজো হয়ে পড়া। বহু চেষ্টাতেও সারানো যায়নি সেসব। ফলে অনির্দিষ্ট কালের জন্য মহাকাশে আটকে পড়েন সুনীতারা। বাধ্য হয়ে পরিকল্পনা বদলাতে হয় নাসাকে। বোয়িং ও নাসাকে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের দ্বারস্থ হতে হয়। কিছুদিন আগে বোয়িং স্টারলাইনারের মহাকাশযানটিকে যাত্রিবিহীন অবস্থায় পৃথিবীতে ফেরানো হয়েছে। সুনীতারা ফিরবেন স্পেসএক্সের মহাকাশযান ক্রু-৯ মিশনে। স্পেসএক্সের যানটি নিয়ে গিয়েছেন নাসার নিক হেগ ও রুশ কসমোনট আলেকজান্দের গর্বোনভ। সামনের বছর ফেব্রুয়ারি মাসে সুনীতাদের নিয়ে ফিরবেন তারা। আমেরিকার একটি প্রথম সারির দৈনিকে দাবি করা হয়েছে, মহাকাশে সুনীতাদের খাবার-দাবার ও রসদ ধীরে ধীরে ফুরিয়ে আসছে। যদিও নাসার আশ্বাস, কোনও খাদ্য সঙ্কট হয়নি। স্টারলাইনারের সঙ্গে যুক্ত এক বিশেষজ্ঞ সংবাদমাধ্যমে বলেছেন, মহাকাশচারীদের ভান্ডারে দুই ধরনের খাবার থাকে। শুকনো খাবার— যেমন গুঁড়ো দুধ, প্রাতরাশের শস্যজাতীয় খাবার, পিৎজা, চিকেন রোস্ট, টুনা ইত্যাদি। ওই বিশেষজ্ঞের মতে, সুনীতাদের কাছে এই ধরনের খাবার পর্যাপ্ত রয়েছে। তবে তাজা ফল, আনাজের ভান্ডার কমে আসছে। পৃথিবী থেকে তিন মাস অন্তর আইএসএস-এ খাবার পাঠানো হয়। তিনি বলেন, ‘‘প্রথমে ওদের কাছে টাটকা ফল, আনাজ অনেকটাই ছিল। কিন্তু গত তিন মাসে কমে এসেছে। নাসা জানিয়েছে, তিন মাস অন্তর যে খাবার পাঠানো হয়, সেগুলো মূলত রান্না করা খাবার, গরম করে খাওয়া যায়। মহাকাশচারীরা যাতে ঠিক মতো খেতে পারেন, তার জন্য চৌম্বকীয় প্লেট ও ধাতব চামচ-কাঁটা ব্যবহার করা হয়। নাসার আশ্বাস, সব ব্যবস্থা রয়েছে। পৃথিবী থেকে চিকিৎসকেরা সুনীতাদের স্বাস্থ্যের উপরে কড়া নজর রাখছেন।
কোনো দেশের নেই আমাদের মতো অস্ত্র পুতিন

কোনো দেশের নেই আমাদের মতো অস্ত্র পুতিন পশ্চিমাদের বেশ বড় হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ‘তৃতীয় বিশ্বযুদ্ধ যখন সম্ভাব্য’ তখন অস্ত্র নিয়ে দেওয়া তার হুমকি বেশ চিন্তার কারণ হয়ে উঠতে পারে। প্রেসিডেন্ট পুতিন বলেন, আমাদের কাছে যেসব অস্ত্র আছে, বিশ্বের আর কোনো দেশের কাছে সেসব নেই। তিনি ‘ওরেশনিক’ নামে মধ্যপাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবেন বলেও জানান। এর আগে বৃহস্পতিবার এ ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা করা হয়। এরপর রুশ প্রতিরক্ষা বিভাগের শীর্ষ প্রতিনিধি ও নিজের নিরাপত্তা পরিষদের সদস্যদের বৈঠকে বসেন পুতিন। সেখানে তিনি ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। যেহেতু রাশিয়া নতুন হুমকির সম্মুখীন, এ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন অত্যাবশ্যক বলে মন্তব্য করেন পুতিন। ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত আছে। যেকোনো সময় এসব কাজে লাগানো হবে’ বলেও ওই বৈঠকে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের এ অস্ত্রকে আটকে দেওয়া যাবে না। আমাদের কাছে এর মজুত রয়েছে, যা ব্যবহারের জন্য প্রস্তুত। এর পরপরই ‘ওরেশনিক’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন পুতিন।
২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া আদানির সঙ্গে

২৫০ কোটি ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া আদানির সঙ্গে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো (বাঁয়ে) ও আদানি গোষ্ঠীর চেয়ারপারসন গৌতম আদানি ভারতের আদানি শিল্পগ্রুপের সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থের চুক্তি বাতিল করেছে কেনিয়া। ঘুষ ও প্রতারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি অভিযুক্ত হওয়ার পর এ ঘোষণা দিল আফ্রিকার দেশটি। গত বুধবার যুক্তরাষ্ট্রের কৌঁসুলিরা বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। একই দিন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। যদিও আদানি গোষ্ঠী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। পাশাপাশি তারা সম্ভাব্য সব আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভাষণ দেন। এই ভাষণেই তিনি আদানি গোষ্ঠীর সঙ্গে হওয়া দুটি চুক্তি বাতিলের ঘোষণা দেন। জানা গেছে, একটি চুক্তির অর্থমূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। এই চুক্তির আওতায় দেশটির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে করার কথা ছিল আদানি গ্রুপের। এ ছাড়া ৩০ বছর মেয়াদি ইজারার আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনাল উন্নত করার কথা ছিল। প্রেসিডেন্ট রুটো আরও বলেন, তিনি আরেকটি ৩০ বছর মেয়াদি ৭৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের সরকারি-বেসরকারি খাতের অংশীদারত্ব (পিপিপি) চুক্তি বাতিল করছেন। আদানি গ্রুপের একটি ফার্ম গত মাসে কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সঙ্গে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য এই চুক্তি সই করেছিল। কেনিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি পরিবহন এবং জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অবিলম্বে চুক্তি বাতিলের জন্য নির্দেশ দিয়েছেন। তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া নতুন তথ্যের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে কেনিয়ার অনেক রাজনীতিবিদ ও সাধারণ মানুষ প্রশ্ন তুলছিলেন। চুক্তির অর্থমূল্য নিয়েও দেশটিতে তীব্র সমালোচনা হচ্ছিল। এখন চুক্তি দুটি বাতিলের ঘোষণা দিল কোনিয়া। আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি বাতিল করা নিয়ে প্রেসিডেন্ট রুটোর ঘোষণায় পার্লামেন্টে আইনপ্রণেতারা করতালি দেন এবং উল্লাস প্রকাশ করেন। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে আদানি গোষ্ঠীর প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
কড়া হুঁশিয়ারি পুতিনের

কড়া হুঁশিয়ারি পুতিনের কড়া হুঁশিয়ার বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে তিনি সেই সব দেশের বিরুদ্ধে আঘাত হানতে বাধ্য হবেন। বৃহস্পতিবার ২১ নভেম্বর রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর তাসের। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে পুতিন বলেন, এসব ক্ষেপণাস্ত্র রুশ সীমান্তে নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেছেন, এসব দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর মস্কোর অধিকার রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে কিয়েভ রুশ সীমান্তে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর রাশিয়া ইউক্রেনের দিনিপ্রো শহরে পাল্টা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর পুতিন এই মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের সতর্ক করে বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ ক্রমেই বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইউক্রেনকে তাদের অস্ত্র দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করার পর এই যুদ্ধ এখন বিশ্বকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। পুতিন অস্ত্র সরবরাহকারী দেশগুলোকে সতর্ক করে বলেছেন, ‘মস্কো এসব দেশের বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে বাধ্য হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনের সামরিক স্থাপনায় একটি নতুন ধরণের হাইপারসনিক মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন এবং ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিয়েছে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, ‘এই ধরনের আরও পাল্টা জবাব দেওয়া হবে। পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর ইউক্রেন ১৯ নভেম্বর মার্কিন-নির্মিত ছয়টি এটিএসিএমএস এবং গতকাল ২১ নভেম্বর ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার লন্ডনে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ‘ব্রিটেন ইউক্রেন যুদ্ধে এখনো সরাসরি জড়িত। রুশ দূত আন্দ্রেই কেলিন স্কাই নিউজকে আরও বলেছেন, ‘যুক্তরাজ্য ও ন্যাটোর সমর্থন ছাড়া রুশ সীমান্তে এই ধরণের হামলা হতেই পারে না।
৮৩ বিলিয়ন ডলারের স্বর্ণখনির সন্ধান চীনে

৮৩ বিলিয়ন ডলারের স্বর্ণখনির সন্ধান চীনে চীনে বিশাল এক স্বর্ণখনির সন্ধান মিলেছে। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংজিয়াং জেলার ওয়াঙ্গু গ্রামে পাওয়া এই খনিতে প্রায় ৮ হাজার ৩০০ কোটি ডলার মূল্যের স্বর্ণ রয়েছে। বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে জানায়, নতুন এই স্বর্ণখনির ২ হাজার মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমনী সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমনীর মতো। স্বর্ণের আকরিকসমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় স্বর্ণের আকরিক ধমনি। চীনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ খনিটির ৩ হাজার মিটার গভীরতার মধ্যে মজুদ রয়েছে উচ্চ মানের এক হাজার টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮ হাজার ৩০০ কোটি ডলার।
মাছ ধরা নৌকার ধাক্কা সাবমেরিনের সঙ্গে

মাছ ধরা নৌকার ধাক্কা সাবমেরিনের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাছ ধরা নৌকার সংঘর্ষ হয়েছে। এ সময় সাবমেরিনে ১৩ জন ক্রু ছিল। দেশটির গোয়া উপকূলে শুক্রবার ২২ নভেম্বর এ ঘটনা ঘটে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দুর্ঘটনার পরই ভারতীয় নৌবাহিনী ব্যাপক আকারে উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে ছয়টি জাহাজ এবং বিমান মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছে। অন্যদিকে সাবমেরিন থেকে ১১ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গোয়া উপকূল থেকে ৭০ নটিক্যার মাইল দূরে মাছ ধরা নৌকা মারথমার সঙ্গে সাবমেরিনের সংঘর্ষের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিখোঁজ দুই জেলের সন্ধানে মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার মুম্বাইয়ের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এছাড়া ওই এলাকায় কোস্টাগার্ডও মোতায়েন করা হয়েছে। কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ উদঘাটনে তদন্তের কথা জানিয়েছে মন্ত্রণালয়।
ইউক্রেনের প্রায় ৫ বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের প্রায় ৫ বিলিয়ন ডলারের ঋণ মওকুফ করবে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সমর্থন দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মার্কিন কংগ্রেস ইউক্রেনকে সহায়তা দিতে ১৭৪ বিলিয়ন ডলারের বেশি প্যাকেজ অনুমোদন করে।এপ্রিল মাসে সর্বশেষ যে প্যাকেজটি অনুমোদিত হয়েছিল, সেখানে কিয়েভের বাজেটের ঘাটতি পূরণ করতে ৯.৪ বিলিয়ন ডলার ‘ঋণ মওকুফযোগ্য’ সহায়তা অন্তর্ভুক্ত ছিল। বাইডেনের সিদ্ধান্তের বিষয়ে বুধবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, বাইডেন কিয়েভের প্রায় ৪.৭ বিলিয়ন ডলার ঋণ মওকুফ করতে চান, আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে ওই ঋণ মওকুফ করা যায়। এই ঋণ মওকুফ বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কংগ্রেসের অনুমোদন দিলে আমি ইউক্রেনকে ঋণ দিতে সম্মত, তবে করদাতাদের অর্থ শুধুমাত্র উপহার হিসেবে দিতে রাজি নই। সেনেটর রান্ড পল বাইডেনের ঋণ মওকুফের বিরোধিতা করেছেন এবং বলছেন এটি আমেরিকান করদাতাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। ইউক্রেনের অর্থমন্ত্রী ২০২৫ সালের বাজেটে ৭৫ শতাংশ ঘাটতির পূর্বাভাস দিয়েছেন। জেলনস্কি সরকারের ঋণ ১৫২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বছরে ঋণের কিস্তি বাবদ দেশটির খরচ বৃদ্ধি পেয়ে ৫.২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অক্টোবর মাসে, জি-৭ রাষ্ট্রগুলো ইউক্রেনের জন্য আলাদা করে ৫০ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে, যা পশ্চিমাদেশগুলোর হাতে জব্দ প্রায় ৩০০ বিলিয়ন ডলারের রুশ সম্পদ থেকে দেওয়া হবে। যদিও যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে যাতে সম্পত্তিগুলো সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এখনও এই পদক্ষেপের বিরোধিতা করছে। কারণ এমনটি করা হলে পশ্চিমা আর্থিক ব্যবস্থায় অন্যান্য দেশের আস্থা নষ্ট করতে পারে। এদিকে, রাশিয়া পশ্চিমাদেশগুলোতে থাকা তাদের সম্পদ জব্দ করাকে অবৈধ ও বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে মন্তব্য করেছে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ বলেছেন, যদি পশ্চিমা দেশগুলো আমাদের সম্পত্তি এবং আমাদের সম্পত্তি থেকে প্রাপ্ত আয় ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে রাশিয়া উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিল পুতিন

পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন পুতিন ভ্লাদিমির পুতিনের মুখপাত্র এবং রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়ার পরই পদক্ষেপ নিলো রাশিয়া। নতুন নীতিমালায় বলা হয়েছে, যে দেশ পারমাণবিক শক্তিধর নয়, কিন্তু সেই রাষ্ট্র যদি পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন পায় তাহলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার না করার পক্ষে। আমরা শুধু আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তিনি আর বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযান’ অব্যাহত থাকবে।