ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস

ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ফেসবুক ও জিমেইলসহ বিভিন্ন জনপ্রিয় অনলাইন সেবার ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এতে কোটি কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়েছে। তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি কোনো বড় হ্যাক নয়। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে পড়া ‘ইনফোস্টিলার’ ধরনের ম্যালওয়্যারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। যেভাবে ফাঁস হয় তথ্য সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার একটি প্রায় ৯৬ গিগাবাইট আকারের ডাটাবেজ শনাক্ত করেন, যা কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছাড়াই উন্মুক্ত অবস্থায় ছিল। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এই ডাটাবেজে প্রবেশ করতে পারত। ডাটাবেজটিতে ইমেইল ঠিকানা, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন লিংক সংরক্ষিত ছিল—যা সাইবার অপরাধীদের জন্য কার্যত প্রস্তুত তালিকার মতো। কোন কোন সেবার তথ্য বেশি গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ইমেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে, জিমেইল: ৪৮ মিলিয়ন, ফেসবুক: ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম: ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল: ৪ মিলিয়ন, নেটফ্লিক্স: ৩.৪ মিলিয়ন, আউটলুক: ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল: ৯ লাখ ও টিকটক: ৭.৮ লাখ। কেন ইমেইল অ্যাকাউন্ট সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিশেষজ্ঞরা বলছেন, একটি ইমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পেলে হ্যাকাররা সহজেই অন্যান্য অ্যাকাউন্টও দখল করতে পারে। কারণ ব্যাংকিং, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা স্বাস্থ্যসেবার মতো অধিকাংশ সেবার পাসওয়ার্ড রিসেট লিংক ইমেইলে পাঠানো হয়। ফলে ব্যক্তিগত নথি, বিল, ভ্রমণের তথ্যসহ সংবেদনশীল ডেটা ঝুঁকিতে পড়ে। কীভাবে ছড়ায় ম্যালওয়্যার এই তথ্য একদিনে চুরি হয়নি। ভুয়া সফটওয়্যার আপডেট, সন্দেহজনক ইমেইল অ্যাটাচমেন্ট, ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন কিংবা বিভ্রান্তিকর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যার ডিভাইসে ঢুকে পড়ে। ব্যবহারকারী যখন পাসওয়ার্ড টাইপ করেন বা ব্রাউজারে সেভ করেন, তখনই তা চুরি হয়ে যায়। গবেষক ডাটাবেজটির বিষয়ে হোস্টিং কোম্পানিকে জানালেও প্রায় এক মাস এটি উন্মুক্ত অবস্থায় ছিল। বিশেষজ্ঞদের সতর্কতা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বড় প্রযুক্তি কোম্পানির সার্ভার তুলনামূলকভাবে সুরক্ষিত হলেও ব্যবহারকারীর নিজস্ব ডিভাইস দুর্বল হলে ঝুঁকি থেকেই যায়। তাই ব্যক্তিগত সাইবার সচেতনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত

বেলুচিস্তানে তিন দিনের অভিযানে ২১৯ জন নিহত পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর তিন দিনের অভিযানে ভারত সমর্থিত বলে অভিযুক্ত ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযানের সময় প্রাণ হারিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর ২২ সদস্য। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২১৯ জনে। নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানায়, সম্প্রতি প্রদেশজুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর এই অভিযান শুরু করা হয়। বেলুচিস্তানের অন্তত ১২টি শহরে একযোগে হামলা চালানো হলে পরিস্থিতি কার্যত অচল হয়ে পড়ে। দেশ রক্ষা ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে গত তিন দিনে ২২ জন সেনা শহীদ হন। এর আগে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) প্রদেশটির বিভিন্ন স্থানে প্রায় এক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এসব হামলায় ১৭ জন নিরাপত্তা সদস্য এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হন। সাম্প্রতিক বছরগুলোতে বিএলএ তাদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে বেলুচিস্তানে কাজ করতে আসা অন্য প্রদেশের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির স্থাপনাগুলো তাদের হামলার প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এর আগেও বড় ধরনের সহিংসতার নজির রয়েছে। গত বছর বিচ্ছিন্নতাবাদীরা প্রায় ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়, যা টানা দুই দিনের রক্তক্ষয়ী অবরোধে পরিণত হয়।
মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প

মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প মিয়ানমারে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাতে এই ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটি প্রায় ১০ কিলোমিটার গভীরে রেকর্ড করা হয়েছিল, যার ফলে বিস্তৃত অঞ্চলে কম্পনগুলো আরো স্পষ্ট হয়ে উঠেছে। ভূতাত্ত্বিক তথ্য অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য মিয়ানমারের ইয়েনাংইয়াং থেকে প্রায় ৯৫ কিলোমিটার পশ্চিমে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পের পর কলকাতা এবং পূর্ব ভারতের কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও বাসিন্দারা। শহরের বাসিন্দারা রাত ৯টা ৫ মিনিটে প্রায় ১০-১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে, যার ফলে অনেকেই তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। কলকাতায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মিয়ানমার ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ২০২৫ সালের মার্চ মাসে দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়।
গ্রিস কোস্টগার্ডের নৌকার সঙ্গে সংঘর্ষে ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত

গ্রিস কোস্টগার্ডের নৌকার সঙ্গে সংঘর্ষে ১৪ অভিবাসনপ্রত্যাশী নিহত সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে গ্রিস কোস্টগার্ডের একটি টহল বোটের সঙ্গে অভিবাসীবোঝাই একটি নৌকার ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। খবর বিবিসির। গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে পূর্ব এজিয়ান সাগরে এই দুর্ঘটনাটি ঘটে। অভিবাসীদের বহনকারী নৌকাটি অত্যন্ত ছোট এবং অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। গ্রিস কোস্টগার্ডের একটি দ্রুতগামী টহল বোটের সঙ্গে সেটির সংঘর্ষ হলে অভিবাসীদের নৌকাটি মুহূর্তের মধ্যেই ডুবে যায়। কোস্টগার্ড নৌকাটিকে তাড়া করছিল। দুর্ঘটনার পরপরই গ্রিস কোস্টগার্ড বড় আকারের উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা সমুদ্র থেকে এ পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটি জানায়, যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। আহতদের মধ্যে সাতজন শিশু, একজন অন্তঃসত্ত্বা নারী এবং কোস্টগার্ডের দুজন কর্মকর্তা রয়েছেন। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে সেখানে একটি বড় ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। এই অভিযানে কোস্টগার্ডের চারটি জাহাজ, বেসামরিক ডুবুরি বহনকারী একটি ব্যক্তিগত নৌকা এবং একটি হেলিকপ্টার অংশ নিয়েছে। তবে ঠিক কী কারণে বা কীভাবে এই সংঘর্ষটি ঘটল, তা কোস্টগার্ড এখনও স্পষ্ট করেনি।
শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

শবে বরাতের রাতে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত মুসলিমদের পবিত্র শবে বরাতের রাতে গাজা উপত্যকায় রাতভর চালানো ইসরায়েলি হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুকন্যাও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জেরুজালেমে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলমান যুদ্ধ ও কূটনৈতিক তৎপরতা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে এক তরুণ ফিলিস্তিনি নিহত হন। গাজার দক্ষিণ সীমান্তে রাফাহ ক্রসিং আংশিকভাবে পুনরায় চালু হওয়ার দ্বিতীয় দিনে ইসরায়েল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের স্বজনদের গাজা ছাড়ার অনুমতি দিয়েছে। এতে চিকিৎসা সহায়তার জন্য গাজা ছাড়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকার চিত্র উঠে এসেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত অন্তত ৭১ হাজার ৮০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আরও ১ লাখ ৭১ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন।
এপস্টিন তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ক্লিনটন দম্পতি

এপস্টিন তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ক্লিনটন দম্পতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে নিয়ে কংগ্রেসের তদন্ত কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মার্কিন কংগ্রেসকে অবমাননার অভিযোগে ক্লিনটন দম্পতিকে অভিযুক্ত করা হবে কি না, তা নিয়ে ভোটাভুটির কয়েক দিন আগে এ ঘোষণা এল। কংগ্রেসের হাউজ নজরদারি কমিটির তলব সত্ত্বেও এর আগে ক্লিনটন দম্পতি সাড়া দেননি। এ নিয়ে কয়েকমাস ধরে অচলাবস্থা চলার পর অবশেষ কমিটির সামনে সাক্ষ্য দিতে রাজি হলেন তারা। বিল ক্লিনটন ২০১৯ সালে কারাগারে মারা যাওয়া এপস্টিনের সাথে পরিচিত ছিলেন। কিন্তু তিনি এপস্টিনের যৌন অপরাধের বিষয়ে জ্ঞাত হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, তিনি দুই দশক আগে এপস্টিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। সাক্ষ্য গ্রহণ কখন অনুষ্ঠিত হবে তা স্পষ্ট নয়। তবে ১৯৮৩ সালে জেরাল্ড ফোর্ডের পর এটিই হবে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের কংগ্রেসের প্যানেলে সাক্ষ্য প্রদান। সোমবার রাতে বিল ক্লিনটনের ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছেন, ক্লিনটন দম্পতি প্যানেলের সামনে উপস্থিত হবেন।
আইন লঙ্ঘন করায় সাড়ে ৩ হাজার প্রবাসী ফেরত পাঠিয়েছে কুয়েত

আইন লঙ্ঘন করায় সাড়ে ৩ হাজার প্রবাসী ফেরত পাঠিয়েছে কুয়েত আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশব্যাপী অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার প্রবাসীকে গ্রেপ্তারের পর নিজ নিজ দেশে প্রত্যাবাসন করেছে কুয়েত। গত মাসে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তারের পর ওই অভিবাসীদের প্রত্যাবাসন করা হয় বলে সরকার জানিয়েছে। আজ কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে গত জানুয়ারিতে কুয়েতের সব গভর্নরেটে অভিযান পরিচালনা করেছে কুয়েতের নিরাপত্তা বাহিনী। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে দেশের সব গভর্নরেটে সমন্বিত অভিযানের মাধ্যমে ওই প্রবাসীদের গ্রেফতার ও বহিষ্কার করা হয়।
ভারতকে শুল্ক ১৮ শতাংশ- বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভারতকে শুল্ক ১৮ শতাংশ- বাণিজ্য চুক্তির ঘোষণা ট্রাম্পের ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রাতে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলার পর ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ঘোষণা করেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বন্ধুত্ব ও শ্রদ্ধার ফলে তার অনুরোধে ভারত ও অ্যামেরিকার মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছি, যে চুক্তি অবিলম্বে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র ভারতের উপর শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করছে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের উপরই সবচেয়ে কম শুল্ক ধার্য করলেন ট্রাম্প। পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ডের উপর উপর ১৯ শতাংশ, বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্যের উপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। চীনের পণ্যের উপর ৩৭ শতাংশ শুল্ক রয়েছে। তবে জাপান, ইইউ, দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডের উপর ১৫ শতাংশ ও যুক্তরাজ্যের উপর ১০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প।
ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প

ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে ভারত: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ইরানের পরিবর্তে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনবে। শনিবার ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, “আমরা ইতিমধ্যেই সেই খসড়া চুক্তি করেছি।” তিনি জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল কেনার জন্য আমেরিকার সাথে চুক্তি করতে চীনও স্বাগত। বিষয়টির সাথে পরিচিত তিনজন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, একদিন আগেই ভারতকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলার কাছ থেকে তেল কিনতে পারে। ওয়াশিংটন সম্প্রতি দিল্লির ওপর বাণিজ্য শুল্ক বৃদ্ধি করার পর ভারত রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভারত আগামী মাসগুলোতে রাশিয়ার তেল আমদানি প্রতিদিন কয়েক লাখ ব্যারেল কমানোর পথে রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে। ট্রাম্প ২০২৫ সালের মার্চ মাসে ভেনেজুয়েলার তেল ক্রয়কারী দেশগুলোর উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে জানুয়ারিতে ট্রাম্পের প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে যায়। এরপরই ট্রাম্প ভেনেজুয়েলার তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেন।
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ১২ ইউক্রেনে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ইউক্রেনের বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ডিটিইকে’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ডিটিইকে জানায়, রবিবার (১ ফেব্রুয়ারি) পূর্ব ইউক্রেনের দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে শ্রমিকবাহী একটি বাসকে লক্ষ্য করে এই হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের তথ্যানুসারে, এই ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। এর আগে, শনিবার রাত এবং রবিবার দিনের অন্যান্য রুশ হামলায় অন্তত আরো দুজন জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে জাপোরিঝিয়া শহরে একটি প্রসূতি হাসপাতালে ড্রোন হামলায় ছয়জন আহত হন। আহতদের মধ্যে দুজন নারী ছিলেন যারা হামলার সময় সন্তান জন্ম দিচ্ছিলেন। জাপোরিঝিয়া অঞ্চলের প্রধান ইভান ফেদোরভ টেলিগ্রামে এক পোস্টে এই ঘটনাকে ‘জীবনের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের আরো একটি প্রমাণ’ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, হাসপাতালের অফিস কক্ষ, রোগীদের বিছানা এবং শিশুদের কক্ষের জানালা ভেঙে চুরমার হয়ে ধ্বংসস্তূপে ঢেকে গেছে। কোনো কোনো ভিডিওতে হাসপাতালের প্রথম তলায় আগুন জ্বলতে এবং দমকল কর্মীদের রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার মতে, হাসপাতালের ওপর এই হামলা প্রমাণ করে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি প্রচেষ্টার বিপরীতে ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ’ চালিয়ে যাচ্ছেন। জানুয়ারি মাস থেকে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড লক্ষ্য করে দফায় দফায় হামলা চালাচ্ছে। এতে করে তীব্র শীতের মধ্যে (যেখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার পূর্বাভাস রয়েছে) অসংখ্য মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছিলেন, পুতিন তীব্র শীতের এই সময়ে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছেন। তবে ক্রেমলিন পরবর্তীতে জানায় যে, এই বিরতির মেয়াদ রবিবার শেষ হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার ত্রিপক্ষীয় আলোচনার দ্বিতীয় ধাপ আগামী বুধবার আবুধাবিতে শুরু হবে। এই আলোচনা রবিবার শুরু হওয়ার কথা থাকলেও কেন পিছিয়ে গেছে তার কোনো কারণ জানানো হয়নি। শান্তি আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে অধিকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণ। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে আছে। মস্কো চায় দনবাস অঞ্চলের বাকি অংশও তাদের হাতে ছেড়ে দেওয়া হোক, অন্যদিকে ইউক্রেন চায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ ফিরে পেতে।