কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের

কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগারটি পুনর্নির্মাণ ও পুনরায় চালু করার জন্য ফেডারেল ব্যুরো অব প্রিজনসকে নির্দেশ দিয়েছেন।  সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের কুখ্যাত কারাগারটিতে আটক রাখতে চান ট্রাম্প। স্থানীয় সময় রবিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করে বলেন, “আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলুন!” ট্রাম্প আরো বলেন, “আমরা যখন আরো সিরিয়াস জাতি ছিলাম, তখন আমরা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের আটকে রাখতে এবং ক্ষতি করতে পারে এমন কারো থেকে তাদের দূরে রাখতে দ্বিধা করতাম না।” ১৯৬৩ সালে বন্ধ হওয়ার আগে আলকাট্রাজের ফেডারেল কারাগারটিতে আল ক্যাপোনের মতো কুখ্যাত মার্কিন অপরাধীদের রাখা হতো। এটি এখন সান ফ্রান্সিসকোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর মধ্যে একটি। ট্রুথ সোশ্যল পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ আমি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগার ব্যুরোকে একটি উল্লেখযোগ্যভাবে বর্ধিত এবং পুনর্নির্মিত আলকাট্রাজ পুনরায় খোলার নির্দেশ দিচ্ছি।”  ফ্লোরিডা থেকে হোয়াইট হাউজে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “কারাগারটি পুনরায় চালু করা ‘আমার মনে আসা একটি ধারণা’ এবং আমি তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।” ট্রাম্প আরো বলেন, “এটি আইন-শৃঙ্খলার প্রতীক।” দ্বীপের অবস্থান, হিমশীতল পানি এবং তীব্র স্রোতের কারণে আলকাট্রাজকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হয়। আলকাট্রাজ থেকে কোনো বন্দী সফলভাবে পালানোর রেকর্ড নেই, যদিও পাঁচজন বন্দী ‘নিখোঁজ এবং ডুবে মারা গেছে’ হিসেবে নথিভুক্ত করা আছে। ফেডারেল ব্যুরো অব প্রিজনস (বিওপি) ওয়েবসাইট অনুসারে, আলকাট্রাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এর পরিচালনা চালিয়ে যাওয়া খুব ব্যয়বহুল ছিল, মূলত এর দ্বীপের অবস্থানের কারণে। বিওপি ওয়েবসাইটের তথ্যানুসারে, এটি পরিচালনা করা অন্য যেকোনো ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ বেশি ব্যয়বহুল ছিল। ট্রাম্পের নতুন এই পরিকল্পনার সমালোচনা করেছেন সাবেক হাউজ স্পিকার এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ন্যান্সি পেলোসি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ একটি পোস্টে তিনি বলেন, “৬০ বছরেরও বেশি সময় আগে আলকাট্রাজ একটি ফেডারেল কারাগার হিসেবে বন্ধ হয়ে যায়। এটি এখন একটি অত্যন্ত জনপ্রিয় জাতীয় উদ্যান এবং প্রধান পর্যটন আকর্ষণ। প্রেসিডেন্টের প্রস্তাবটি গুরুত্বপূর্ণ নয়।”

দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের

দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রেকর্ড ভেঙে দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছেন তিনি। এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন মোহাম্মদ মুইজ্জু। এএফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু সেই সংবাদ সম্মেলন শুরু করেন এবং মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া ছাড়া যেটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে অব্যাহত ছিল। এএফপি জানায়, মুইজ্জুর এই বর্ধিত সংবাদ সম্মেলনটি এমন এক দিনে অনুষ্ঠিত হয়েছে, যেদিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন বিশ্ব রেকর্ড গড়া সংবাদ সম্মেলনটি শেষ হতে মধ্যরাত পার হয়ে যায়। সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইজ্জু। এসময় তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ এ সেশনে সাংবাদিকদের কাছে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, আরএসএফ পরিচালিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪ তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ।

চিলি ও আর্জেন্টিনায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

চিলি ও আর্জেন্টিনায় ৭.৪ মাত্রার ভূমিকম্প চিলি ও আর্জেন্টিনা দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার এ ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ম্যাগালানেস অঞ্চলজুড়ে চিলির উপকূলরেখায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশে পানি কার্যক্রম এবং নৌ চলাচল স্থগিত করা হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার (১৭৩ মাইল) দক্ষিণে সমুদ্রের তলদেশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। চিলির কর্তৃপক্ষ দেশের দক্ষিণে অবস্থিত ম্যাগেলান প্রণালীর সমগ্র উপকূলীয় অংশ থেকে স্থানীয়দের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা জনসাধারণের কাছে পাঠানো এক বার্তায় বলেছে, “সুনামির সতর্কতার কারণে, ম্যাগালানেস অঞ্চলের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”

পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। পহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিলো দিল্লি। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে। এনডিটিভি জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শুক্রবার এক আদেশে বলেছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রপ্তানিকৃত সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ব্যতিক্রমের ক্ষেত্রে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।” ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। হামলার পরপর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। এগুলোর মধ্যে অন্যতম ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার একমাত্র স্থল বাণিজ্য পথ ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া। এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে মূলত ওষুধজাত পণ্য, ফল ও তেলবীজ আমদানি করে থাকে ভারত। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ভারত। তাতে ভারতের আমদানির পরিমাণ ক্রমাগত হ্রাস পায়। সর্বশেষ ২০২৪-২৫ সালে পাকিস্তান থেকে ভারতের মোট আমদানি পরিমাণ মাত্র শূন্য দশমিক ০০০১ শতাংশে নেমে আসে।

২৬ বাংলাদেশি কর্মীর দুর্দশা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর

২৬ বাংলাদেশি কর্মীর দুর্দশা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ফিজির কেন্দ্রীয় বিভাগের একটি স্থানীয় সুপারমার্কেটে কর্মরত ২৬ বাংলাদেশি শ্রমিকের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা। কর্মসংস্থানমন্ত্রী ও অভিবাসনমন্ত্রীকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন তিনি। গত সপ্তাহে সরাসরি এসব বাংলাদেশি শ্রমিকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী রাবুকা। তিনি অভিযোগ পান, তাদের বসবাসের পরিবেশ অত্যন্ত করুণ, পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা নেই ও নিয়োগ চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে। সব শুনে ফিজির প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে দ্রুত এসব কর্মীদের আবাসন ও মৌলিক সুযোগ-সুবিধা উন্নত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী রাবুকা বলেন, আইন মানা এক বিষয়, কিন্তু কর্মীদের প্রতি ন্যায্য আচরণ করা আরেকটি বড় দায়িত্ব।

দিল্লিতে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত

দিল্লিতে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত ভারতের দিল্লিতে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী এক গৃহিণী ও তার ৩ শিশুসন্তান। আহত হয়েছেন তার স্বামী অজয়। আজ ভোরে গুজরাটের দ্বারকায় খারখারি গ্রামে ঝড়ের সময় কৃষিজমির ওপর একটি টিউবওয়েল ঘরের ওপর গাছ ভেঙে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। পাশাপাশি ভারি বৃষ্টির প্রভাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। এ পর্যন্ত ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং তিনটি ফ্লাইট গতিপথ পাল্টাতে বাধ্য হয়েছে।

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ওয়াশিংটন উভয় পক্ষকে উত্তেজনা কমাতে আহ্বান ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, “আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরো ঘোলাটে না করে।” তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বাস করেন কূটনীতির নেতৃত্ব নেওয়া উচিত। ব্রুস বলেন, “পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য জাতীয় নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীদেরও ‘এই বিষয়ে দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করেছেন’।” ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর দুই পারমাণবিক-সশস্ত্র প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়েছে। ২২ এপ্রিল সংঘটিত ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ফলে ২০০০ সালের পর থেকে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি। ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি, যা দুই দেশের মধ্যে অসংখ্য সংঘাতের পরেও টিকে আছে। পরের দিন, পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত রাখার এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করার হুমকি দিয়ে প্রতিশোধ নেয়। ভারতের দাবি, এই হামলায় আন্তঃসীমান্ত সংযোগ জড়িত থাকতে পারে, যদিও তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করেনি। বিপরীতে, পাকিস্তান দৃঢ়ভাবে এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সত্য উদঘাটনের জন্য ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ বুধবার ভোরে সতর্ক করে বলেছিলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে। মন্ত্রী ভারতের এমন পদক্ষেপের সমালোচনা করে বলেন, ভারত এই অঞ্চলে ‘বিচারক, জুরি এবং জল্লাদের স্ব-নির্ধারিত ভূমিকা’ গ্রহণ করছে। নয়াদিল্লির এমন ভূমিকাকে ‘বেপরোয়া ও অস্থিতিশীলকারী’ হিসেবে চিহ্নিত করেছে ইসলামাবাদ। তিনি সংযম ও আঞ্চলিক শান্তির আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের কারণে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ধরনের সহিংসতার যন্ত্রণা ও পরিণতি বোঝে।

পাকিস্তানের পদক্ষেপে পিছু হটলো ভারতের যুদ্ধবিমান

পাকিস্তানের পদক্ষেপে পিছু হটলো ভারতের যুদ্ধবিমান জুম্ম ও কাশ্মীর সীমান্তে ভারতের রাফায়েল যুদ্ধবিমান টহল দিতে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। পাকিস্তানের বিমান বাহিনীর দ্রুত পদক্ষেপে এ ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে ভারতের যুদ্ধবিমান জাম্মু ও কাশ্মীর সীমান্তে টহল দিচ্ছিলো। এ সময় পাকিস্তানের বিমানবাহিনী তাদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেয়। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানবিরোধী মনোভাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও পাবলিক অ্যাফেয়ার্সবিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ খান। পুলওয়ামা থেকে বর্তমান পর্ব পর্যন্ত তিনি (মোদী) জনগণকে বিভ্রান্ত করতে এবং নির্বাচনী সুবিধা অর্জনের জন্য বারবার নাটক মঞ্চস্থ করেছেন বলেও অভিযোগ করেন রানা সানাউল্লাহ খান। কোন সন্দেহ নেই যে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর, চূড়ান্ত ও উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে ভারত ৩৬ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ বিষয়ে বুধবার (৩০ এপ্রিল) সকালে তিনি বলেন, বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। গত সপ্তাহে ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই এমন তথ্য সামনে এলো। গত ২২ এপ্রিল পহেলগামের বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়।

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ঘটনাটি ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার (২৮ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে টানা পাঁচ দিন কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গুলিতে ২৬ পর্যটক নিহতের ঘটনায় পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। পাল্টাপাল্টি পদক্ষেপে ‍উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রতিদিনই সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনারা নিয়মিতভাবেই নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকাল সোমবার রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ‘ছোট অস্ত্রের উসকানিমূলক গুলিবর্ষণের’ ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “২৮-২৯ এপ্রিল রাতে, পাকিস্তান সেনাবাহিনীর পোস্টগুলো বিনা উসকানিতে এলওসি বরাবর কুপওয়ারা, বারামুল্লা ও আখনূর সেক্টরের বিপরীতে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় সেনারা পরিস্থিতির যথাযথ মূল্যায়ন করে সংযত ও কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে।” গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। এই ঘটনায় পাকিস্তানকে পরোক্ষভাবে দায়ী করে ভারত। নয়াদিল্লির অভিযোগ সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন করছে ইসলামাবাদ। এর জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ এবং ভারতীয় বিমানকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে জাতিসংঘ দুই প্রতিদ্বন্দ্বী দেশকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যেন গঠনমূলক পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে সংকটের শান্তিপূর্ণ সমাধান করা সম্ভব হয়। সাত দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে, দুই দেশই এই অঞ্চল সম্পূর্ণ নিজেদের দাবি করে, তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে।

কানাডায় নির্বাচন: জয়ের পথে মার্ক কার্নির লিবারেল পার্টি

কানাডায় নির্বাচন: জয়ের পথে মার্ক কার্নির লিবারেল পার্টি কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি দেশটির ফেডারেল নির্বাচনে জয় পেতে যাচ্ছে।দেশটির পাবলিক ব্রডকাস্টার সিবিসি নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।  সিবিসি নিউজ বলছে, গতকাল ভোটগ্রহণ শেষে এখনও ভোট গণনা চলছে। তাই এখনো পুরোপুরি বলা যাচ্ছে না লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে কিনা। ৩৪৩টি আসলের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যেকোনো দলকে ১৭২টি আসন নিশ্চিত করতে হবে। লিবারেলরা এখন পর্যন্ত ১৫৬টি আসন জিতেছে বলে ধারণা করা হচ্ছে। সিবিসি জানিয়েছে, হাউজ অব কমন্সে লিবারেলরা সবচেয়ে বড় দল হতে পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭২টি আসন থেকেও পিছিয়ে থাকতে পারে। যদি এটি ঘটে তাহলে সম্ভাব্য পরিস্থিতি হলো তারা মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠন করবে, যেখানে তারা অনাস্থা ভোটে টিকে থাকতে এবং সংসদে আইন পাস করার জন্য অন্যান্য দলের সঙ্গে চুক্তি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে কানাডার নাগরিকদের ভোটে দেশটির পার্লামেন্টের ৩৪৩ জন সদস্য নির্বাচিত হবেন। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭২টি আসনের প্রয়োজন পড়বে। কানাডার আনুমানিক ৪ কোটি ১০ লাখ নাগরিকের মধ্যে ভোটার রয়েছেন ২ কোটি ৯০ লাখ। এরই মধ্যে অগ্রিম ভোট প্রক্রিয়ায় ভোট দিয়েছেন ৭৩ লাখ কানাডীয়। নির্বাচনের হেভিওয়েট দুই প্রার্থী হলেন লিবারেল পার্টির মার্ক কার্নি এবং কনজারভেটিভ পার্টির পিয়েরে পইলিয়েভ্রে। মার্ক কার্নে গত মাসে জাস্টিন ট্রুডো সরে দাঁড়ানোর পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত শুল্কের মোকাবিলা করার জন্য তিনিই সবচেয়ে ভালো বিকল্প। কারণ অর্থনৈতিক টানাপোড়েনের সময় কেন্দ্রীয় ব্যাংকের হয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পইলিয়েভ্রেও ট্রাম্পের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, ট্রুডো নেতৃত্বাধীন লিবারেলদের অধীনে এক দশক ধরে দুর্বল হয়ে পড়েছে অর্থনীতি। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক বাণিজ্যনীতির সামনে তা আরও নাজুক হয়ে পড়েছে। তবে, আমেরিকার উত্তরাঞ্চলীয় প্রতিবেশীর প্রতি মার্কিন প্রেসিডেন্টের ক্রমাগত সমালোচনা ক্ষমতাসীন লিবারেল সরকারের প্রতি ভোটারদের জনসমর্থন বাড়িয়েছে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের অনুমান সত্যি হলে, কানাডা ট্রাম্পবিরোধী একটি সরকার পেতে যাচ্ছে।  ইতিমধ্যেই এমন ইঙ্গিত পাওয়া গেছে যে, কানাডা ট্রাম্পের আমেরিকার চেয়ে ইউরোপকে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে বেশি দেখছে। আর এমন পদক্ষেপ নিশ্চিতভাবেই মার্কিন প্রেসিডেন্টকে অস্বস্তিতে ফেলবে।