নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৬৩

নাইজেরিয়ায় জিহাদিদের হামলায় নিহত ৬৩ জিহাদিরা নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে হামলা চালিয়ে কমপক্ষে ৬৩ জনকে হত্যা করেছে। শহরের বাসিন্দাদেরকে একটি বাস্তুচ্যুত শিবির থেকে শহরটিতে পুনর্বাসিত করা হয়েছে। শুক্রবার রাতের হামলায় দারুল জামাল শহরে আঘাত হানা হয়, যেখানে জিহাদি হামলায় বিধ্বস্ত নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তের একটি সামরিক ঘাঁটি থেকে বাসিন্দারা বাসিন্দারা এসেছে। যুদ্ধবিধ্বস্ত বোর্নো রাজ্যের গভর্নর বাবাগানা জুলুমের বরাত দিয়ে একটি নিরাপত্তা সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে পাঁচ জন সৈন্য রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য শিবির বন্ধ করে তাদের বাসিন্দাদের গ্রামাঞ্চলে ফিরিয়ে আনার জন্য নাইজেরিয়ার চাপ বেড়েছে। হামলার ঘটনাস্থলে উপস্থিত জুলুম সাংবাদিকদের বলেন, ‘এটা খুবই দুঃখজনক। এই সম্প্রদায়কে কয়েক মাস আগে পুনর্বাসিত করা হয়েছিল এবং তারা তাদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।’ ‘এখন পর্যন্ত, আমরা নিশ্চিত করছি যে বেসামরিক ও সেনাবাহিনী উভয় মিলে মোট ৬৩ জন প্রাণ হারিয়েছে।’ ২০১৩-২০১৫ সাল পর্যন্ত বোকো হারামের বিদ্রোহের শীর্ষে পৌঁছানোর পর থেকে জিহাদি সহিংসতা হ্রাস পেয়েছে। প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট জঙ্গিরা ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সসহ উত্তর-পূর্বের গ্রামীণ এলাকায় আক্রমণ চালিয়ে যাচ্ছে। জুলুম বলেন, ‘নাইজেরিয়ান সেনাবাহিনীর সংখ্যাগত শক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য যথেষ্ট নয়। তিনি আরও বলেন, ফরেস্ট গার্ডস নামে একটি নতুন প্রতিষ্ঠিত বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা কর্মী বৃদ্ধি করার জন্য প্রস্তুত ছিল। বাসিন্দারা জানান, রাত ৮টা ৩০ মিনিট নাগাদ আক্রমণ শুরু হয়। ওই সময়ে কয়েক ডজন যোদ্ধা মোটরবাইকে করে এসে অ্যাসল্ট রাইফেল গুলি চালায় ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে গ্রামাঞ্চলে পালিয়ে যাওয়া মালাম বুকার এএফপিকে বলেন, ‘তারা চিৎকার করতে করতে এসেছিল। ওরা এসেই দেখামাত্রই এখানকার মানুষের ওপর গুলি করে।’ তিনি আরো বলেন, ‘আমরা যখন ভোরে ফিরে আসি, তখন সর্বত্র লাশ পড়ে ছিল।’ এদিকে দেশটির বিমান বাহিনী জানিয়েছে, তারা ‘সন্ত্রাসীদের’ হত্যা করেছে। এর আগে, বেসামরিক মিলিশিয়া কমান্ডার বাবাগানা ইব্রাহিম বলেন, এই ঘটনায় কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনজিও কর্মী এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৬৪।
পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

পদত্যাগ করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা উচ্চকক্ষের নির্বাচনে বিপর্যয়কর ফলাফলের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি রোববার জানিয়েছে, এই বিপর্যয়ের তার ক্ষমতাসীন দলের সদস্যরা নতুন নেতৃত্বের নির্বাচনের আয়োজনের চেষ্টা করায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। ৬৮ বছর বয়সী ইশিবা প্রায় এক বছর আগে দীর্ঘদিন প্রভাবশালী লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব গ্রহণ করেন। তারপর থেকে তিনি পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারান। জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিভাজন এড়াতে ইশিবা এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে আসাহী শিমবুন দৈনিক সংবাদপত্র বলেছে, পদত্যাগের আহ্বান বৃদ্ধির কারণে তিনি টিকে থাকতে পারেননি। কৃষি মন্ত্রী ও সাবেক একজন প্রধানমন্ত্রী শনিবার রাতে ইশিবার সঙ্গে দেখা করে স্বেচ্ছায় পদত্যাগ করার পরামর্শ দিয়েছিলেন। এনএইচকে জানিয়েছে, ইশিবা দিনের শেষের দিকে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে। গত সপ্তাহে, দলের দুই নম্বর নেতা হিরোশি মোরিয়ামাসহ চার জন সিনিয়র এলডিপি কর্মকর্তা পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। জুলাই মাসে উচ্চকক্ষের ভোটের পর ইশিবার বিরোধীরা তাকে নির্বাচনের ফলাফলের দায়িত্ব নিয়ে পদত্যাগ করার আহ্বান জানিয়ে আসছিলেন। স্থানীয় গণমাধ্যমের মতে, এই পদক্ষেপকে সমর্থনকারীদের মধ্যে ৮৪ বছর বয়সী প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী তারো আসোও ছিলেন। তবে আরও কিছু প্রবীণ সদস্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছেন, এলডিপির পুরনো ধাঁচের রাজনীতি তাদের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করছে। নতুন নেতৃত্ব নির্বাচন চান এমন জাপান জুড়ে এলডিপি আইন প্রণেতা এবং আঞ্চলিক কর্মকর্তারা সোমবার একটি অনুরোধ জমা দেবেন। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে নেতৃত্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দলীয় নেতা হিসেবে ইশিবার মেয়াদ ২০২৭ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তার প্রতিদ্বন্দ্বী সানা তাকাইচি মঙ্গলবার বলেছিলেন যে, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সানাকে একজন কট্টর জাতীয়তাবাদী হিসেবে দেখা হয়। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি ও উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান চাল নীতি পরিবর্তনের সরকারের সিদ্ধান্তের পর ইশিবার মন্ত্রিসভার প্রতি সমর্থন ফিরে আসছে। ভোটাররা ২০২৪ সালের শেষ নেতৃত্ব নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী তাকাইচির প্রতি খুব একটা আগ্রহী নন। পরিশ্রমী রাজনীতিবিদ ইশিবা গত বছর তার পঞ্চমবারের প্রচেষ্টায় ‘নতুন জাপান’-এর প্রতিশ্রুতি দিয়ে এলডিপির নেতা নির্বাচিত হন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক’: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘ইতিবাচক’: নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক এখনো ‘অনেক ইতিবাচক’ রয়ে গেছে। মোদির সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্বের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্ব্যক্ত করার পরে শনিবার এ মন্তব্য করলেন ভারতীয় প্রধানমন্ত্রী। এক্স- এ মোদি লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের অনুভূতি এবং আমাদের সম্পর্ক নিয়ে তার ইতিবাচক বক্তব্যের প্রশংসা করছি। আমরা এর সম্পূর্ণ প্রতিদান দেব। ভারত ও আমেরিকার মধ্যে অত্যন্ত ইতিবাচক, ভবিষ্যৎমুখী এবং কৌশলগত অংশীদারি রয়েছে।” ট্রাম্প প্রশাসন ভারতীয় আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পর থেকে দীর্ঘস্থায়ী দুই মিত্রের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছ। রাশিয়ার তেল কিনে ইউক্রেনের উপর মস্কোর মারাত্মক আক্রমণে ইন্ধন জোগানোর অভিযোগ তোলা হয়েছে নয়াদিল্লির বিরুদ্ধে। চীনে প্রধানমন্ত্রী শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী মোদির বৈঠকের পরে শুক্রবার ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার পাশাপাশি ভারতও চীনের কাছে ‘পরাজিত হলো’ বলে মনে হচ্ছে। তার এই মন্তব্যের পরে দুই দেশের মধ্যে দ্বন্দ্বের জল্পনা আরো তীব্র হয়ে ওঠে। তবে শুক্রবার রাতে ট্রাম্প তার মন্তব্য থেকে সরে এসে সাংবাদিকদের বলেন, “আমি খুবই হতাশ হয়েছি যে ভারত রাশিয়া থেকে এত তেল কিনছে, যেমনটা আপনারা জানেন। এবং আমি তাদের এটা জানিয়েছি।”
গাজার বাসিন্দাদের দক্ষিণে যাবার নির্দেশ ইসরায়েলি বাহিনী

গাজার বাসিন্দাদের দক্ষিণে যাবার নির্দেশ ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের গাজার উত্তরাংশ থেকে সরে দক্ষিণে চলে যেতে বলেছে ইসরায়েলি বাহিনী। কারণ তাদের বাহিনী ছিটমহলের বৃহত্তম নগর এলাকার আরো গভীরে অগ্রসর হচ্ছে। আজ ইসরায়েলি বাহিনী এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজার উত্তরাঞ্চল দখলের নির্দেশ দেওয়ার পর কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলীয় শহরতলিতে আক্রমণ চালিয়ে আসছে। নেতানিয়াহু দাবি করেছেন, গাজা শহর হামাসের একটি শক্ত ঘাঁটি এবং ফিলিস্তিনি এই গোষ্ঠীটিকে পরাজিত করার জন্য গাজা দখল করা প্রয়োজন। ইসরায়েলি সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই এক্স-এ লিখেছেন, বাসিন্দাদের শহর ছেড়ে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি নির্ধারিত অঞ্চলে চলে যাওয়া উচিত। তারা সেখানে খাবার, চিকিৎসা সেবা এবং আশ্রয় পাবে।
৩৪টি মানব বোমা, হামলার হুমকিতে সর্বোচ্চ সতর্ক মুম্বাই

৩৪টি মানব বোমা, হামলার হুমকিতে সর্বোচ্চ সতর্ক মুম্বাই ৪০ কেজি বিস্ফোরক নিয়ে ৩৪টি ‘মানব বোমা’ ৩৪টি গাড়িতে রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপে এমন আত্মঘাতী হামলার হুমকি পেয়ে শুক্রবার উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের পুলিশ। খবর এনডিটিভি অনলাইনের। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে বার্তা পাঠিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বার্তা পাঠক নিকেজে ‘লস্কর-ই-জিহাদি’ নামে এক সংগঠনের সদস্য বলে পরিচয় দিয়েছে। তার দাবি, ৩৪টি মানব বোমা বহনকারী গাড়ি মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। তাতে মোট ৪০০ কেজি আরডিএক্স রয়েছে। তার বিস্ফোরণে কাঁপবে মুম্বাই। শুধু তা-ই নয়, ১৪ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বাইয়ে প্রবেশ করেছে বলেও দাবি করা হয়েছে। এই হুমকিবার্তা পাওয়ার পরই পুলিশ তৎপরতা বাড়িয়েছে। দিকে দিকে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কোথাও সন্দেহজনক কিছু মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, ভুয়া হুমকি বার্তা দেওয়া হয়েছে। তবে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ মুম্বাই পুলিশ। বোমা স্কোয়াড এবং বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্পর্শকাতর জায়গায় খোঁজ চালানো হচ্ছে। ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিমানবন্দরে বোমা হামলার হুমকি ইমেল, ফোন নতুন নয়। এর আগেও বেশ কয়েকবার এমন হুমকি ইমেল পাঠানো হয় দিল্লি, মুম্বাই, জয়পুরের বিভিন্ন স্কুলে। গত বছরের মে মাসে প্রায় ৩০০টি স্কুল বোমা-হুমকির ইমেল পাওয়া গিয়েছিল। জুলাই মাসে রাজধানী দিল্লিতে টানা তিন দিন ধরে আটটি বোমা হামলার হুমকির খবর মিলেছিল। দিন কয়েক আগেই দিল্লির ৫০টির বেশি স্কুলে বোমা হামলার হুমকি-ইমেল পাঠানো হয়েছে। তবে প্রায় প্রতিটি ক্ষেত্রেই এসব ভুয়া হুমকি বলে জানা যায়।
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। আজ ৫০০ আসনের পার্লামেন্টের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। আগামী ৪ মাসের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে অনুতিন এই সমর্থন লাভ করেন। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এমপিদের ভোটগ্রহণের পর গণনায় দেখা যায়, ভূমজাইথাই নেতা ২৪৭টিরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের ৪৯২ জন উপস্থিত সদস্যের মধ্যে এটিই সংখ্যাগরিষ্ঠ। এর আগে ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত মাসে ‘নীতিশাস্ত্র কেলেঙ্কারির’ কারণে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।
শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫ শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। আজ এএফপি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি এলাকা এল্লায়, যা রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগালের পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন।
বেইজিংয়ে কুচকাওয়াজে পুতিন-শির ১৫০ বছর বাঁচার আলাপ!

বেইজিংয়ে কুচকাওয়াজে পুতিন-শির ১৫০ বছর বাঁচার আলাপ! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে ‘হট মাইকে’ ধরা পড়লো বিশ্বনেতাদের একটি ব্যতিক্রমী আলাপ। এই আলোচিত আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো এবং অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে নিজেদের মত প্রকাশ করেন। ঘটনাটি ঘটে গতকাল সকালে, যখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সঙ্গে নিয়ে তিয়ানআনমেন স্কয়ারের দিকে হেঁটে যাচ্ছিলেন দুই প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধি দল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল, যা বিশ্বের প্রায় ১৯০ কোটিরও বেশি অনলাইন দর্শক এবং ৪০ কোটির বেশি টেলিভিশন দর্শক উপভোগ করেন বলে দাবি করা হয়েছে। এ সময় পুতিনের দোভাষীকে চীনা ভাষায় বলতে শোনা যায়, ‘জৈবপ্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। মানব অঙ্গ প্রতিস্থাপন করা যাচ্ছে। আপনি যত বেশি দিন বাঁচবেন, তত তরুণ থাকবেন-এমনকি অমরত্বও সম্ভব হতে পারে। ’ এর উত্তরে শি জিনপিং বলেন, ‘কেউ কেউ মনে করেন এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম হবে। ’ তবে শির এই মন্তব্যের সময় ক্যামেরা স্কয়ারের ওয়াইড শটে চলে যায় এবং অডিও স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিন নেতা আবার ক্যামেরায় ফিরে আসেন এবং কুচকাওয়াজ মঞ্চের দিকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট পুতিন এই কথোপকথনের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার মনে আছে, আমরা প্যারেডে যাওয়ার সময় এই প্রসঙ্গে শি জিনপিং কথা বলছিলেন। আধুনিক চিকিৎসাব্যবস্থা, সার্জিক্যাল পদ্ধতি এবং অঙ্গ প্রতিস্থাপন মানুষের সক্রিয় জীবন দীর্ঘায়িত করার নতুন আশা তৈরি করছে। ’প্রেসিডেন্ট পুতিনের এ সফরে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়।
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নি*হ*ত ১৫

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নি*হ*ত ১৫ পর্তুগালের লিসবনে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৮ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্স ও বিবিসির। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি ফানিকুলার দ্রুতগতিতে নিচে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা লাগে। এরপর এটি কাঠের বাক্সের মতো ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও রয়েছে। গর্ভবতী নারীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার শিশুকে বিশেষায়িত হাসপাতাল দোনা এস্টেফানিয়াতে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে দেশি-বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনে তিন দিনের শোক পালনের কথাও জানিয়েছেন শহরের মেয়র কার্লোস মোয়েদা। তিনি বলেন, আমাদের শহরে এমন একটি মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে শহর কর্তৃপক্ষ। এলিভাদোর গ্লোরিয়া নামের এই ফানিকুলার রেলটি রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে। এটি ১৮৮৫ সাল থেকে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে প্রায় ১৪০ বছর ধরে চালু আছে। সাত পাহাড়ের ওপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে-নিচে যাতায়াতের সুবিধার জন্য এই ধরনের একাধিক সেবা চালু রয়েছে। দুর্ঘটনার পর আপাতত সব ফানিকুলার সেবা বন্ধ রাখা হয়েছে।
ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য

ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাজ্যে অবস্থান করা এক লাখের বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে সরাসরি সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়েছে, তারা যেন দ্রুত দেশ ত্যাগ করে, অন্যথায় জোরপূর্বক ফেরত পাঠানো হবে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বৈধভাবে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসা অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আশ্রয় আবেদন করছেন, যা সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথমবারের মতো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে সরাসরি মোবাইল টেক্সট ও ই-মেইলের মাধ্যমে বার্তা পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে এই বার্তা পাঠানো হয়েছে, যাদের ভিসার মেয়াদ শিগগিরই শেষ হতে যাচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদনকারীদের প্রায় ১৩ শতাংশই ছিলেন শিক্ষার্থী ভিসাধারী। এর মধ্যে পাকিস্তানের শিক্ষার্থীদের সংখ্যা ছিল সর্বোচ্চ (৫,৭০০ জন)। এরপর রয়েছেন ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা। যদিও গত বছরের তুলনায় শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন কিছুটা কমেছে, তবে ২০২০ সালের তুলনায় এটি ছয় গুণ বেশি। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এখনো স্পষ্ট করে জানায়নি— কতজন শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করে আশ্রয় চেয়েছেন।