আকাশসীমা আংশিক খুুলে দিয়েছে ইরান

আকাশসীমা আংশিক খুুলে দিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দুইদিন পর, ইরান তাদের আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর। বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের সড়ক ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আখওয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে বলেন, “দেশের পূর্বাঞ্চলের আকাশসীমা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানের জন্য, পাশাপাশি ইরানের আকাশসীমা দিয়ে যাতায়াতকারী বিমানের জন্যও খুলে দেওয়া হয়েছে।” আখাওয়ান আরো জানান, তেহরানের মেহরাবাদ বিমানবন্দর এবং রাজধানী থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মার্কিন-মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর তেহরান তার আকাশসীমা আংশিকভাবে চালুর এই ঘোষণা দিলো। গত ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার পর, দুই চিরশত্রুর মধ্যে ১২ দিনের তীব্র সংঘাতের অবসান হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে।

যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার তীব্র নিন্দা জানালো ইরান

যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার তীব্র নিন্দা জানালো ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত ব্যাখার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি জেনারেল ও প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এই ব্যাখ্যাকে ‘আইনিভাবে ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। চিঠিতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘অবৈধ এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে ইরান। একইসঙ্গে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আওতায় আত্মরক্ষার অধিকার দেখিয়ে যুক্তরাষ্ট্রের এই হামলার যৌক্তিকতা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ‘আন্তর্জাতিক আইনের হত্যা’ বলেও অভিহিত করেছে। খবর বিবিসির। চিঠিতে ইরাভানি আরো উল্লেখ করেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনের প্রস্তাবনা অনুযায়ী, ‘শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে কোনো ধরনের হামলা কিংবা হামলার হুমকি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং সংস্থাটির বিশ্বাসযোগ্যতা ও যাচাই প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইয়া কালাসও যুক্তরাষ্ট্রের হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, “যে কেউ বলপ্রয়োগ করলে তাকে আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে ন্যায়সঙ্গতভাবে তা ব্যাখ্যা করতে হবে।”হামলাটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে কতটা বৈধ- এই প্রশ্নের জবাবে কায়া কাল্লাস বলেন, “শতভাগ বৈধ বলা যায় না।”

পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে ইরান

পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করেছে ইরান ইরানের পার্লামেন্ট জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল অনুমোদন করেছে। বুধবার বিলটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের সাথে সম্প্রতি যুদ্ধ শেষ হওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের দীর্ঘদিনের শত্রু দাবি করেছে, তারা তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে চায়। রাষ্ট্রীয় গণমাধ্যম পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইরান তার বেসামরিক পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করবে। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করেছে এবং জানিয়েছে, চলতি মাসে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নীতি লঙ্ঘন করেছে বলে ঘোষণা করা আইএইএ-এর একটি প্রস্তাব ইসরায়েলের আক্রমণের পথ প্রশস্ত করেছে। কালিবাফের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আইএইএ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার নিন্দা জানাতেও অস্বীকৃতি জানিয়েছে এবং সংস্থাটি তার আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা নিলামে তুলেছে। কালিবাফ বলেছেন, “এই কারণে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংস্থার সাথে তার সহযোগিতা স্থগিত করবে এবং দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে।”

অস্ত্রে টান পড়েছে ইসরায়েলের: রিপোর্ট

অস্ত্রে টান পড়েছে ইসরায়েলের: রিপোর্ট অস্ত্রভান্ডারে টান পড়েছে ইসরায়েলের। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। খবর আল জাজিরার।  বুধবার (২৫ জুন) তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্রের অভাব রয়েছে। সংবাদমাধ্যমটি নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, ইসরায়েলের কাছে বিশেষকরে যুদ্ধাস্ত্রের অভাব রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ‘দুর্বল যুদ্ধবিরতি’ চলমান থাকার মধ্যে এই খবর সামনে এলো।  প্রতিবেদনটির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্রদান করে। ১৩ জুন ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর, তেহরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন বাহিনী ইসরায়েলকে সহায়তা করেছে বলেও জানা গেছে।

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর নীরব নেতানিয়াহু

ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর নীরব নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরানের মধ্যে ‘যুদ্ধবিরতি’র ঘোষণা দিলেও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই নীরবতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই নেতানিয়াহু একটি জরুরি নিরাপত্তা কেবিনেট বৈঠক ডাকেন। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে ওই বৈঠক। সেখানে তিনি মন্ত্রীদের কোনো ধরনের সাংবাদিক বা জনসমক্ষে মন্তব্য না করার নির্দেশ দেন। খবর আলজাজিরার। এদিকে, ইরান জানিয়েছে, তারা আর প্রতিশোধমূলক হামলা চালাবে না— যদি ইসরায়েল তাদের ওপর হামলা বন্ধ করে। তবে ট্রাম্পের ঘোষণার পরও দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

‘নিখুঁত হামলার’ কারণে চুক্তি সম্ভব হয়েছে: ট্রাম্প

‘নিখুঁত হামলার’ কারণে চুক্তি সম্ভব হয়েছে: ট্রাম্প ইরানে ‘নিখুঁত হামলার’ কারণে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ইরান-ইসায়েলের সংঘাতের মধ্যেই ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। খবর আলজাজিরার। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে দাবি তিনি লেখেন, তার সহায়তাতেই এই ‘চুক্তি’ সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, “আজকের ‘চুক্তি’ সম্ভব হতো না আমাদের অসাধারণ বি টু পাইলটদের সাহস এবং দক্ষতা ছাড়া। তাদের অসাধারণ কাজ পুরো পরিস্থিতি বদলে দিয়েছে।” তিনি বলেন, “একটি নিখুঁত ‘হামলা’ সবাইকে একত্রিত করেছে এবং এরপরই চুক্তি হয়েছে!!!” ইরান কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর আগে গত শনিবার ইরানের তিনটি পারমানবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের তীব্রতার কারণে বিশ্বজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গতকাল স্থানীয় সময় এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তর পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন। এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে।

ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসবে আইএইএ

ইরান পরিস্থিতি নিয়ে সোমবার জরুরি বৈঠকে বসবে আইএইএ ইরানে জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার জরুরি বৈঠকে বসবেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নররা । আজ সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটির মহাপরিচালক জেনারেল রাফায়েল গ্রোসি এ তথ্য জানিয়েছেন। এর আগে আইএইএ বলেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনও তথ্য পাওয়া যায়নি। আজ ভোরে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে।

১২০ বছর পর বেনিন ভাস্কর্য ফেরত পেল নাইজেরিয়া

১২০ বছর পর বেনিন ভাস্কর্য ফেরত পেল নাইজেরিয়া নেদারল্যান্ডস ১২০ বছর আগে ঔপনিবেশিক শাসনামলে নাইজেরিয়ার বেনিন রাজ্য থেকে লুণ্ঠিত ১১৯টি ঐতিহাসিক ভাস্কর্য আনুষ্ঠানিকভাবে ফেরত দিয়েছে। গতকাল নাইজেরিয়ার লাগোসের জাতীয় জাদুঘরে এক বিশেষ অনুষ্ঠানে এসব মূল্যবান নিদর্শন হস্তান্তর করা হয়। নাইজেরিয়ার জাতীয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভ কমিশনের মহাপরিচালক ওলুগবিল হলোওয়ে এই প্রত্নবস্তুগুলোর তাৎপর্য তুলে ধরে বলেন, “এগুলো কেবল বস্তু নয়—এগুলো আমাদের আত্মপরিচয় ও অতীতের জীবন্ত প্রতীক। আমরা চাই, বিশ্ব আমাদের সঙ্গে ন্যায্যতা, মর্যাদা ও শ্রদ্ধার ভিত্তিতে আচরণ করুক।” তিনি আরও জানান, জার্মানিও ১,০০০-এর বেশি নিদর্শন ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা ঔপনিবেশিক আমলে সংগ্রহ করা হয়েছিল। এই ঐতিহাসিক নিদর্শনগুলোকে ‘বেনিন ব্রোঞ্জ’ নামে অভিহিত করা হয়। এগুলোর মধ্যে ১৬শ থেকে ১৮শ শতাব্দীর মধ্যে তৈরি সূক্ষ্ম ধাতু ও হাতির দাঁতের ভাস্কর্য রয়েছে। ১৮৯৭ সালে ব্রিটিশ সেনা অভিযানের সময় বেনিন লুণ্ঠনের মাধ্যমে এসব সম্পদ নিয়ে যাওয়া হয়েছিল। সে সময় বেনিনের রাজা ওভনরামওয়েন নোগবাইসিকে নির্বাসনে পাঠানো হয়। বর্তমানে ফেরত পাওয়া চারটি ভাস্কর্য লাগোসের জাতীয় জাদুঘরের প্রদর্শনীতে রাখা হয়েছে। পরবর্তীতে সেগুলো জাদুঘরের স্থায়ী সংগ্রহে যুক্ত হবে। বাকি নিদর্শনগুলো ফেরত পাঠানো হবে বেনিনের ঐতিহ্যবাহী শাসক ওবা ইওয়ারে দ্বিতীয়-এর কাছে।উল্লেখযোগ্য যে, ২০২২ সালে নাইজেরিয়া বিশ্বের বিভিন্ন জাদুঘর ও সংগ্রহশালার কাছে সাংস্কৃতিক ঐতিহ্য ফেরতের আনুষ্ঠানিক দাবি জানায়। ওই বছর যুক্তরাজ্যের একটি জাদুঘর থেকে ৭২টি এবং যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড থেকে ৩১টি প্রত্নবস্তু ফেরত পায় নাইজেরিয়া।বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ ঔপনিবেশিক ইতিহাসের পুনর্মূল্যায়ন এবং বিশ্বব্যাপী সাংস্কৃতিক সম্পদের ন্যায়বিচারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

ইসরায়েলে দুই দফায় ইরানের হা*মলায় ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি, আ*হত ৮৬

ইসরায়েলে দুই দফায় ইরানের হা*মলায় ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি, আ*হত ৮৬ মার্কিন হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে দুই দফায় বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে এখন পর্যন্ত অন্তত ৮৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি, ৭৭ জনের অবস্থা তেমন গুরুতর নয়, চারজন তীব্র মানসিক আতঙ্কে ভুগছেন এবং তিনজনের শারীরিক অবস্থা এখনো জানা যায়নি। আহতদের চিকিৎসা দিতে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা ইসরায়েলে ২০তম দফায় হামলা শুরু করেছে। এতে শক্তিশালী ও বিধ্বংসী ওয়ারহেডসহ তরল ও কঠিন জ্বালানিচালিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। ইরানি বাহিনী জানায়, হামলার লক্ষ্য ছিল বেন গুরিয়ন বিমানবন্দর, একটি জৈব গবেষণা কেন্দ্র, লজিস্টিক ঘাঁটি, এবং বিভিন্ন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র। এ ছাড়া তেল আবিব, নেস সিওনা ও হাইফার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে ,হামলার কয়েক ঘণ্টা পরও ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম চলছে। ইসরায়েলি জরুরি সেবা কর্মীরা এখনো বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। হামলায় একটি বৃদ্ধনিবাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তুলেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, একটা বিশাল বিস্ফোরণ হলো। সব কেঁপে উঠল। আমি কিছুই বুঝে উঠতে পারিনি।