প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে

প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে তরুণ বৈজ্ঞানিক ও প্রতিভাবান প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু করতে যাচ্ছে চীন। স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের পর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থানের বিষয়ে তার দেশের নিয়ন্ত্রণ সংশোধনের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীন তার সাধারণ ভিসা বিভাগগুলোতে ‘কে ভিসা’ যোগ করবে। বিশেষ করে, যোগ্য তরুণ বিজ্ঞানী এবং প্রযুক্তি পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে এ ভিসা। এর জন্য আবেদনকারীদের অবশ্যই চীনা কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত, যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নতুন এ নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে চীন বিদেশি প্রতিভাদের আকৃষ্ট করে নিজেদের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতি আরো দ্রুত করতে চাচ্ছে।
ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১০

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১০ ভারতের পশ্চিমবঙ্গে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এনএইচ-১৯ সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন নারীসহ ১০ জনই বিহারের বাসিন্দা। তারা গঙ্গাসাগর ও আরো কয়েকটি তীর্থস্থানে ঘুরতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার ধারে ট্রাক থামিয়েছিলেন। ঠিক সেই সময় তীর্থযাত্রীবাহী বাসটি পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রাকটিকে ধাক্কা মারে।
ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় প্রাণহানি ১২

ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় প্রাণহানি ১২ ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যায় অন্তত ১২ জনের প্রাণ গেছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আজ দুপুরের পর পরই কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে এই বিপর্যয় নেমে আসে। সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে জানান, এ পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাণহানি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’র মন্দিরের উদ্দেশে প্রতি বছর পুণ্যার্থীরা যে তীর্থযাত্রা করে থাকেন, তা শুরু হয় কিশতওয়ারের এই চাশোতি গ্রাম থেকেই। চাশোতি পর্যন্তই গাড়ি চলাচলের রাস্তা আছে, এরপর বাকি পথ হেঁটে যেতে হয়। আকস্মিক বন্যার পর এই বার্ষিক তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। ভারতের এনডিআরএফ বাহিনীর অন্তত ১৮০ জন সদস্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে দিকে রওনা হয়ে গেছেন। জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, প্রশাসন ত্রাণ ও উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের চিকিৎসায় হেলিকপ্টার রাখা আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিশতওয়ারে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, কেন্দ্র সরকার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মানুষের পাশে দৃঢ়ভাবে রয়েছে, পাশাপাশি প্রয়োজনে জনগণকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
রাশিয়ার তেল শোধনাগারসহ দুটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হা*ম*লা

রাশিয়ার তেল শোধনাগারসহ দুটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হা*ম*লা রাশিয়ায় গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে কয়েক ডজন ড্রোন ছুঁড়েছে ইউক্রেন। এসব হামলায় তিন জন আহত হয়েছে এবং একটি তেল শোধনাগারসহ দক্ষিণাঞ্চলের দুটি অঞ্চলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় নগরী ভলগোগ্রাদে একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের দৃশ্য দেখানো হয়েছে। ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, আক্রমণের ফলে ভলগোগ্রাদ তেল শোধনাগারে তেল ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, এই অঞ্চলের রাজধানীর কেন্দ্রস্থলে ইউক্রেনের একটি ড্রোন একটি গাড়িতে আঘাত করলে এতে আগুন লেগে তিন জন আহত হয়েছে। তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটিতে আগুন ধরেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ শুরু করার পর থেকে, কিয়েভ তার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে রাশিয়ার অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আসছে। কিয়েভ এই হামলাকে তার বেসামরিক নাগরিকদের ওপর মস্কোর প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ন্যায্য প্রতিশোধ বলে অভিহিত করেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবারের শেষ থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ইউক্রেনের ৪৪টি ড্রোন আটক করেছে। এগুলোর মধ্যে সাতটি ক্রিমিয়ার থেকে আটক করা হয়েছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেন থেকে দখল করে নেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে এই হামলা চালানো হলো।
ইউরোপ জুড়ে দাবদাহ, গ্রিসে দাবানল; মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী

ইউরোপ জুড়ে দাবদাহ, গ্রিসে দাবানল; মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী গতকাল গ্রিসে এক ডজনেরও বেশি বড় ধরণের দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে একটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসের জন্য হুমকি হয়ে উঠেছে। তীব্র দাবদাহে দক্ষিণ ইউরোপের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গ্রিসের পাত্রাস থেকে এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, বলকান এবং যুক্তরাজ্যও তীব্র দাবদাহের কবলে পড়েছে। বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই দাবদাহ তীব্রতর হচ্ছে। গ্রিস: সেনাবাহিনীর সহায়তায় গ্রিস জুড়ে হাজার হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস বলেন, ‘যেসব কর্মী আগুন নেভাতে কঠিন লড়াই করছে, তাদের জন্য পরিস্থিতি এখনো কঠিন।’ পশ্চিম গ্রিসের বেসামরিক সুরক্ষা প্রধান নিকোস গিফতাকিস রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি-কে বলেন, ‘তীব্র তাপমাত্রা, দমকা বাতাস এবং কম আর্দ্রতার কারণে এমনটা হচ্ছে।’ এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা পাত্রাসের বাইরে ঝোপঝাড় এবং বনাঞ্চলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন। ঘন ধোঁয়ার কারণে সেখানে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। ভাথ্রাকোগিয়ানিস জানান, পাত্রাসের একটি হাসপাতাল থেকে ১২ জন শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি অবসর নিবাস থেকে ৮০ জন বয়স্ক মানুষকে সরানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ১৭শ’ শতকের একটি মঠের ছাদে আগুন জ্বলছে। এদিকে জনপ্রিয় আইওনিয়ান পর্যটন দ্বীপ জান্তে ও সেফালোনিয়া এবং চিওসের এজিয়ান দ্বীপে আগুন ছড়িয়ে পড়েছে। জুনে চিওসে একটি বিশাল দাবানলে ৪ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়। মঙ্গলবার পশ্চিমা আচাইয়া অঞ্চলের প্রায় ২০টি গ্রাম খালি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, চিওস এবং পাত্রাসের কাছাকাছি এলাকা থেকে প্রায় ৮০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ভাথ্রাকোগিয়ানিস আরো বলেন, ৭১ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই পশ্চিমা শহর প্রেভেজা এবং পাত্রাস এলাকার। গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম থেকে চারটি জল-বোমা প্লেন চেয়েছে। প্রধান বিরোধী দল পাসোক সোশ্যালিস্ট পার্টি প্রতি বছর লাগা এই আগুন মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। পাসোক বলেছে, ‘আগুন প্রতিরোধে জোর দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সংস্কার করা প্রয়োজন।’ তারা আরো বলেছেন, বাহিনীগুলোর দুর্বল সমন্বয় এবং স্থানীয় জরুরি পরিকল্পনার অভাবে আগুন নিয়ন্ত্রণ করা ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ হয়ে পড়েছে। স্পেন: স্পেনে দাবানল এখন প্রধান খবর। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলের একটি বিশ্ব ঐতিহ্যবাহী রোমান খনি আগুনের ঝুঁকিতে পড়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬টি এলাকার প্রায় ৬ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা বলেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের কাছে দু’টি জল-বোমা প্লেনসহ সাহায্যের জন্য অনুরোধ করেছে। ক্যাডেনা সের রেডিওকে তিনি বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস’ বিবেচনা করে প্লেনগুলো দ্রুত পাঠানোর জন্য তিনি ইউরোপীয় অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে স্পেন দমকলকর্মীও চেয়ে পাঠাবে। কাস্তিল ও লিওনের বেসামরিক সুরক্ষা প্রধান আইরিন কোর্তেস বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে স্পেনের প্রচণ্ড গরমে ঘন ঝোপঝাড় তৈরি হয়েছে যা ‘এই পরিস্থিতির জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করেছে।’ এই বছর স্পেনে মোট ১৯৯টি দাবানলে প্রায় ৯৮ হাজার ৭৮৪ হেক্টর (২ লাখ ৪৪ হাজার ১০০ একর) এলাকা পুড়ে গেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। পর্তুগাল: পাশের দেশ পর্তুগালে পাঁচটি বড় দাবানল নিয়ন্ত্রণে ২ হাজার ১০০ জনেরও বেশি দমকলকর্মী ও ২০টি বিমান কাজ করছে। সবচেয়ে ভয়াবহ আগুনটি মধ্যাঞ্চল ত্রানকোসো পৌরসভায় শনিবার থেকে জ্বলছে। প্রবল বাতাসে রাতে আগুন আবার ছড়িয়ে পড়েছে, হুমকির মুখে পড়েছে কাছের গ্রামগুলো। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয়রা দমকল কর্মীদের সাহায্য করার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছে। মুখে মাস্ক পরা একজন কৃষক তার হাতে বেলচা নিয়ে সিক নোটিশিয়াস টেলিভিশনকে বলেন, ‘এটা ভীতিকর, কিন্তু আমরা সবসময় একে অপরকে সাহায্য করতে প্রস্তুত।’ পর্তুগালের মধ্যাঞ্চলীয় আরগানিল-এর একটি পাহাড়ি অঞ্চলে আরেকটি আগুন লাগার কারণে বেশ কয়েকটি গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, যার ফলে বয়স্ক বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বলকান: বলকান অঞ্চলের জরুরি পরিষেবাগুলো ডজনখানেক আগুন নেভানোর চেষ্টা করছে। এখানে তীব্র খরা এবং দীর্ঘস্থায়ী দাবদাহ ঐ অঞ্চলের সাধারণ আগুনের মৌসুমকে আরও ভয়াবহ করে তুলেছে। মঙ্গলবার রাতে আলবেনিয়ায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তার বাগানে আগুন ধরেছিল, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে এবং আটজন আহত হয়। কর্তৃপক্ষ আলবেনিয়ার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। তবে প্রতিবেশী মন্টিনিগ্রোতে আবহাওয়ার উন্নতি হওয়ায় ফায়ার সার্বিসের কর্মীরা বাড়িঘর রক্ষা করতে সক্ষম হন। দেশটিতে এক সৈন্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী পডগরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে “ভয়াল ক্ষতি” হিসেবে উল্লেখ করেছে। দেশটি এক সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মঙ্গলবার রাজধানী পডগোরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে ‘একটি বড় ক্ষতি’ বলে উল্লেখ করেছে। যুক্তরাজ্য: ঐতিহাসিকভাবে শীতল আবহাওয়ার দেশ বৃটেন, এই গ্রীষ্মে চতুর্থ দফা তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। আগে অসম্ভব মনে হওয়া দাবানল এখন বাস্তব হুমকি হিসেবে দেখা দিয়েছে। এদিকে উত্তর ইংল্যান্ডের নর্থ ইয়র্ক মুরস জাতীয় উদ্যানের এক দাবানলকে বুধবার ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনে প্রায় পাঁচ বর্গকিলোমিটার (প্রায় দুই বর্গমাইল) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে পালিয়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণ চীন সাগরের ব্যস্ত জলপথ স্কারবোরো শোলের কাছে ঢুকে পড়ে একটি মার্কিন ডেস্ট্রয়ার। পরে চীনা নৌবাহিনীর তাড়া খেয়ে সেটি পালিয়ে যায়। আজ চীনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। অন্যদিকে মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ। কয়েকদিন আগে একই জলসীমায় ফিলিপাইনের জাহাজ তাড়া করার পর এই ঘটনা ঘটল। গত কয়েক বছর পর দক্ষিণ চীন সাগরে এটিই প্রথমবারের মতো প্রবেশ মার্কিন সামরিক যানের। বেইজিং সবসময়ই সমগ্র দক্ষিণ চীন সাগর নিজেদের সীমানার মধ্যে দাবি করে থাকে। এছাড়া বিভিন্ন দ্বীপ এবং আশেপাশের অঞ্চল মালিকানা নিয়ে বছরের পর বছর ধরে চীনের অমীমাংসিত বিরোধ চলছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। বার্ষিক ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি জাহাজ বাণিজ্যের জন্য স্কারবোরো শোল কৌশলগতভাবে উত্তেজনার একটি প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। এর আগে সোমবার চীনের উপকূলরক্ষী জানায়, তারা জলসীমা থেকে ফিলিপাইনের জাহাজগুলোকে বিতাড়িত করার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়েছে। অন্যদিকে ম্যানিলা জানিয়েছে, এই সপ্তাহে সমুদ্র উপকূলে চীনা জাহাজের কর্মকাণ্ডের ফলে দুটি জাহাজের সংঘর্ষও ঘটেছে। তাদের দাবি, দুটি চীনা জাহাজের উদ্দেশ্য ছিল স্কারবোরো শোলের কাছে ফিলিপাইনের জাহাজগুলোকে পৌঁছানো থেকে ‘সম্পূর্ণরূপে অবরুদ্ধ’ করা। এর আগে অঞ্চলটির বিরোধ নিয়ে ২০১৬ সালে একটি আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনাল রায় দেন- চীনের ঐতিহাসিক মানচিত্রের ভিত্তিতে বেইজিংয়ের দাবির আন্তর্জাতিক আইনে কোনও ভিত্তি নেই। তবে, চীন এই সিদ্ধান্তকে গ্রহণ করেনি।
নেতানিয়াহুর পরিকল্পনায় ‘গ্রেটার ই*সরা*য়েল’

নেতানিয়াহুর পরিকল্পনায় ‘গ্রেটার ই*সরা*য়েল’ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনায় তিনি ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক’ এক মিশনে রয়েছেন। এই পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য নির্ধারিত অঞ্চল ছাড়াও বর্তমান জর্দান ও মিসরের কিছু অংশ অন্তর্ভুক্ত থাকতে পারে। গতকাল ইসরায়েলি সম্প্রচারমাধ্যম আই২৪ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু তার মিশনকে ‘প্রজন্মের মিশন’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ‘যুগের পর যুগ ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে, আর আমাদের পরও বহু প্রজন্ম আসবে। ’ ‘গ্রেটার ইসরায়েল’ ধারণাটি ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর প্রচলিত হয়, যেখানে দখলকৃত পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা, মিসরের সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার গোলান মালভূমি অন্তর্ভুক্ত। প্রথমদিকের জায়নিস্ট নেতা এবং লিকুদ পার্টির আদর্শিক গুরু জেভ জাবোটিনস্কি বর্তমান জর্দানকেও এই মানচিত্রে যুক্ত করেছিলেন। সাক্ষাৎকারে সাবেক নেসেট সদস্য শ্যারন গাল তাকে ‘গ্রেটার ইসরায়েল’-এর মানচিত্র খোদাই করা একটি তাবিজ দেন। এ বিষয়ে তিনি কতটা সংযুক্ত—এমন প্রশ্নে নেতানিয়াহুর উত্তর, ‘খুবই’। লিকুদ পার্টির রিভিশনিস্ট জায়নিজম ভাবধারার কেন্দ্রে রয়েছে এই ‘গ্রেটার ইসরায়েল’ ধারণা। নেতানিয়াহু বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিরোধিতা করেছেন। সমালোচকদের অভিযোগ, অবৈধ বসতি সম্প্রসারণের মধ্য দিয়ে তিনি এমন বাস্তবতা তৈরি করছেন, যা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে অসম্ভব করে তুলবে। অনেক বিশ্লেষকের মতে, গাজায় চলমান হত্যাযজ্ঞ এই পরিকল্পনা বাস্তবায়নের গতি বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার নেতানিয়াহু আরও বলেন, সামরিক বাহিনী গাজায় আরও বিস্তৃত হামলার প্রস্তুতি নিচ্ছে, এর মধ্যেই ইসরায়েল ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা থেকে চলে যেতে দেবে। তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, প্রথমে যুদ্ধক্ষেত্র থেকে, পরে চাইলে পুরো এলাকা থেকেও—আমরা তাদের যেতে দেব। ‘যুদ্ধ চলাকালীন গাজার ভেতরেই এই সুযোগ থাকবে, আর আমরা চাইলে গাজা থেকেও তাদের যেতে দিতে প্রস্তুত। ’ ইসরায়েলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে ২০২৩ সালের অক্টোবরে। সেই থেকে এ পর্যন্ত উপত্যকাটিতে ৬১ হাজার ৬১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল আন্তর্জাতিকভাবে চলমান নিন্দার মুখে রয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা এবং গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা রয়েছে।
আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন জেলেনস্কি-ট্রাম্প

আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসছেন জেলেনস্কি-ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করবেন। আজ এই বৈঠক অনুষ্ঠিত হবে। জেলেনস্কি ইউরোপীয় নেতাদের সঙ্গেও বৈঠকে বসছেন। এই বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় শুক্রবার নির্ধারিত শীর্ষ বৈঠকের আগে অনুষ্ঠিত হচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক হবে ওয়ান-অন-ওয়ান। এদিকে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কোনোভাবেই দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি নয়। তার সতর্কবার্তা—এ ধরনের সমঝোতা ভবিষ্যতে নতুন হামলার জন্য মঞ্চ তৈরি করতে পারে। ট্রাম্প বলেছেন, যেকোনো শান্তি চুক্তিতে কিছু অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। ধারণা করা হচ্ছে, পুতিনের একটি দাবি হবে—কিয়েভ যেন দনবাসের বাকি অংশ রাশিয়ার হাতে তুলে দেয়। বর্তমানে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। তবে পুতিন ট্রাম্পের সঙ্গে বৈঠকে কী কী দাবি তুলতে পারেন, তার কোনো আনুষ্ঠানিক বিবরণ এখনও প্রকাশিত হয়নি। কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও যুদ্ধ থামেনি। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়া রাতে ৪৯টি ড্রোন ইউক্রেনের দিকে নিক্ষেপ করেছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, খেরসন অঞ্চলে আবাসিক ভবনে হামলায় একজন নিহত হয়েছেন। দোনেৎস্ক শহরের কোস্তিয়ান্তিনিভকায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন এবং ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দোনেৎস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের বিভিন্ন বসতিতে ৩০ বার গোলাবর্ষণ করেছে। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তারা রাশিয়ার ভেতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে উনেচা তেল পাম্পিং স্টেশন। রাশিয়ার বিমান বাহিনী বলেছে, আজ সকালে বেলগোরদ এলাকার দিকে ছোড়া ইউক্রেনের ১৭টি ড্রোন গুলি করে নামানো হয়েছে এবং রাতে ৪৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
৯৭ হিমালয় পর্বতে বিনামূল্যে আরোহণের সুযোগ নেপালে

৯৭ হিমালয় পর্বতে বিনামূল্যে আরোহণের সুযোগ নেপালে পর্যটন শিল্প বাড়াতে এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারে নেপাল সরকার আগামী দুই বছর ৯৭টি হিমালয় পর্বতে আরোহণের জন্য পারমিট ফি মওকুফ করছে। মঙ্গলবার (১২ আগস্ট) নেপালের দ্য কাঠমান্ডু পোস্ট-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। নেপালের সরকার এর আগে জানিয়েছিল যে, আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের খরচ বৃদ্ধি পাবে। এভারেস্ট আরোহণের পারমিট ফি ১১ হাজার ডলার থেকে বেড়ে ১৫ হাজার ডলার হচ্ছে-প্রায় এক দশকের মধ্যে যা প্রথম বৃদ্ধি। তবে এবার নতুন সুখবর দিয়ে জানিয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলের ৯৭টি পর্বতে বিনামূল্যে আরোহণ করা যাবে। নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, দেশের ‘অজানা পর্যটন সম্ভাবনা ও গন্তব্যগুলোকে’ তুলে ধরা এই পদক্ষেপের লক্ষ্য। পর্বতারোহণ নেপালের বড় আয়ের উৎস, যেখানে বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বত অবস্থিত। শুধু গত বছরেই দেশটি এ খাত থেকে আয় করেছে ৫৯ লাখ মার্কিন ডলার, যার তিন-চতুর্থাংশের বেশি এসেছে এভারেস্ট থেকে। যে ৯৭টি শৃঙ্গের ফি মওকুফ করা হবে, সেগুলো নেপালের কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত। উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার থেকে ৭ হাজার ১৩২ মিটার পর্যন্ত। নেপালের এই দুই প্রদেশই সবচেয়ে দরিদ্র ও অনুন্নত এলাকা হিসেবে পরিচিত। নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক হিমাল গৌতম বলেন, “এসব পাহাড়ের অপরূপ সৌন্দর্য থাকা সত্ত্বেও এখানে পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুব কম। যাতায়াত অত্যন্ত কষ্টসাধ্য বলেই এমন হয়। আমরা আশা করি, নতুন বিধান এ পরিস্থিতি বদলাবে। এটি কর্মসংস্থান সৃষ্টি, আয় বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করতে সহায়তা করবে।” গত দুই বছরে এই ৯৭টি শৃঙ্গে মাত্র ৬৮ জন পর্বতারোহী গেছেন। বিপরীতে, ২০২৪ সালে কেবল এভারেস্টের জন্য ৪২১টি আরোহণ পারমিট দেয়া হয়েছিল। ২০২৪ সালের এপ্রিল মাসে নেপালের সুপ্রিম কোর্ট পাহাড়ের ধারণক্ষমতা বিবেচনায় নিয়ে এভারেস্টসহ কয়েকটি শৃঙ্গে সীমিতসংখ্যক পারমিট দেওয়ার নির্দেশ দেয়। চলতি বছরের জানুয়ারিতে, নেপাল সরকার পারমিট ফিতে ৩৬ শতাংশ মার্ক-আপ ঘোষণা করে। মৌসুমের বাইরে, সেপ্টেম্বর-নভেম্বর সময়ে এভারেস্ট আরোহণের খরচ হবে ৭ হাজার ৫০০ ডলার এবং ডিসেম্বর-ফেব্রুয়ারি সময়ে ৩ হাজার ৭৫০ ডলার।
শুল্ক বৃদ্ধি আরো ৯০ দিন স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র-চীন

শুল্ক বৃদ্ধি আরো ৯০ দিন স্থগিত রাখবে যুক্তরাষ্ট্র-চীন চলতি বছরের শুরুর দিকে ঘোষিত ৩ অঙ্কের শুল্ক আরোপ আরো ৯০ দিনের জন্য স্থগিত রাখতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ফলে আগামী ১০ নভেম্বর পর্যন্ত শুল্ক স্থগিতের মেয়াদ বাড়ল। শুল্ক কার্যকরের কয়েক ঘণ্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেওয়া হয়। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি গতকাল এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরো ৩ মাসের জন্য স্থগিত থাকবে। এর আগে গত মাসে অনুষ্ঠিত আলোচনায় উভয়পক্ষই বৈঠককে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছিল।