থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল

থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল রক্ষণশীল বিরোধী দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে থাইল্যান্ডের পার্লামেন্ট। আজ ৫০০ আসনের পার্লামেন্টের সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। আগামী ৪ মাসের মধ্যে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতির ভিত্তিতে অনুতিন এই সমর্থন লাভ করেন। আল জাজিরার প্রতিবেদন অনুসারে, এমপিদের ভোটগ্রহণের পর গণনায় দেখা যায়, ভূমজাইথাই নেতা ২৪৭টিরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের ৪৯২ জন উপস্থিত সদস্যের মধ্যে এটিই সংখ্যাগরিষ্ঠ। এর আগে ক্ষমতাসীন ফিউ থাই পার্টির পেতংতার্ন সিনাওয়াত্রাকে গত মাসে ‘নীতিশাস্ত্র কেলেঙ্কারির’ কারণে বরখাস্ত করেছিল থাইল্যান্ডের সাংবিধানিক আদালত।  

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫

শ্রীলঙ্কায় বাস দুর্ঘটনায় নিহত ১৫ শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাস প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) গভীর খাদে পড়ে গেলে অন্তত ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। অপর একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। আজ এএফপি বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাহাড়ি এলাকা এল্লায়, যা রাজধানী কলম্বো থেকে ১৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত। শ্রীলঙ্কার গণমাধ্যম দ্য আইল্যান্ড জানিয়েছে, বাসটিতে মূলত টানগালের পৌরসভার কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা ছিলেন, যারা এল্লায় ছুটি কাটাতে এসেছিলেন।

বেইজিংয়ে কুচকাওয়াজে পুতিন-শির ১৫০ বছর বাঁচার আলাপ!

বেইজিংয়ে কুচকাওয়াজে পুতিন-শির ১৫০ বছর বাঁচার আলাপ! দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক সামরিক কুচকাওয়াজে ‘হট মাইকে’ ধরা পড়লো বিশ্বনেতাদের একটি ব্যতিক্রমী আলাপ। এই আলোচিত আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো এবং অঙ্গ প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে নিজেদের মত প্রকাশ করেন। ঘটনাটি ঘটে গতকাল সকালে, যখন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে সঙ্গে নিয়ে তিয়ানআনমেন স্কয়ারের দিকে হেঁটে যাচ্ছিলেন দুই প্রেসিডেন্ট। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের প্রতিনিধি দল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছিল, যা বিশ্বের প্রায় ১৯০ কোটিরও বেশি অনলাইন দর্শক এবং ৪০ কোটির বেশি টেলিভিশন দর্শক উপভোগ করেন বলে দাবি করা হয়েছে। এ সময় পুতিনের দোভাষীকে চীনা ভাষায় বলতে শোনা যায়, ‘জৈবপ্রযুক্তি ক্রমাগত উন্নত হচ্ছে। মানব অঙ্গ প্রতিস্থাপন করা যাচ্ছে। আপনি যত বেশি দিন বাঁচবেন, তত তরুণ থাকবেন-এমনকি অমরত্বও সম্ভব হতে পারে। ’ এর উত্তরে শি জিনপিং বলেন, ‘কেউ কেউ মনে করেন এই শতাব্দীতেই মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে সক্ষম হবে। ’ তবে শির এই মন্তব্যের সময় ক্যামেরা স্কয়ারের ওয়াইড শটে চলে যায় এবং অডিও স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিন নেতা আবার ক্যামেরায় ফিরে আসেন এবং কুচকাওয়াজ মঞ্চের দিকে সিঁড়ি বেয়ে ওপরে ওঠেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট পুতিন এই কথোপকথনের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমার মনে আছে, আমরা প্যারেডে যাওয়ার সময় এই প্রসঙ্গে শি জিনপিং কথা বলছিলেন। আধুনিক চিকিৎসাব্যবস্থা, সার্জিক্যাল পদ্ধতি এবং অঙ্গ প্রতিস্থাপন মানুষের সক্রিয় জীবন দীর্ঘায়িত করার নতুন আশা তৈরি করছে। ’প্রেসিডেন্ট পুতিনের এ সফরে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ২০টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হয়।

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নি*হ*ত ১৫

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নি*হ*ত ১৫ পর্তুগালের লিসবনে এলিভাদোর গ্লোরিয়া নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ১৮ জন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্স ও বিবিসির। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি ফানিকুলার দ্রুতগতিতে নিচে নামতে গিয়ে পাশের একটি ভবনে ধাক্কা লাগে। এরপর এটি কাঠের বাক্সের মতো ভেঙে চুরমার হয়ে যায়। দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশু সন্তানও রয়েছে। গর্ভবতী নারীকে মেটারনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং তার শিশুকে বিশেষায়িত হাসপাতাল দোনা এস্টেফানিয়াতে ভর্তি করা হয়েছে। হতাহতদের মধ্যে দেশি-বিদেশি নাগরিক রয়েছেন। বিদেশিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনে তিন দিনের শোক পালনের কথাও জানিয়েছেন শহরের মেয়র কার্লোস মোয়েদা। তিনি বলেন, আমাদের শহরে এমন একটি মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে শহর কর্তৃপক্ষ। এলিভাদোর গ্লোরিয়া নামের এই ফানিকুলার রেলটি রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে। এটি ১৮৮৫ সাল থেকে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে প্রায় ১৪০ বছর ধরে চালু আছে। সাত পাহাড়ের ওপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে-নিচে যাতায়াতের সুবিধার জন্য এই ধরনের একাধিক সেবা চালু রয়েছে। দুর্ঘটনার পর আপাতত সব ফানিকুলার সেবা বন্ধ রাখা হয়েছে।

ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য

ভিসার মেয়াদ শেষ হওয়া শিক্ষার্থীদের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিলো যুক্তরাজ্য ভিসার মেয়াদ শেষ হলেও যুক্তরাজ্যে অবস্থান করা এক লাখের বেশি শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ই-মেইলের মাধ্যমে সরাসরি সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়েছে, তারা যেন দ্রুত দেশ ত্যাগ করে, অন্যথায় জোরপূর্বক ফেরত পাঠানো হবে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে বৈধভাবে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসা অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আশ্রয় আবেদন করছেন, যা সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রথমবারের মতো ব্রিটিশ সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কাছে সরাসরি মোবাইল টেক্সট ও ই-মেইলের মাধ্যমে বার্তা পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে এই বার্তা পাঠানো হয়েছে, যাদের ভিসার মেয়াদ শিগগিরই শেষ হতে যাচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত এক বছরে আশ্রয় আবেদনকারীদের প্রায় ১৩ শতাংশই ছিলেন শিক্ষার্থী ভিসাধারী। এর মধ্যে পাকিস্তানের শিক্ষার্থীদের সংখ্যা ছিল সর্বোচ্চ (৫,৭০০ জন)। এরপর রয়েছেন ভারত, বাংলাদেশ ও নাইজেরিয়ার শিক্ষার্থীরা। যদিও গত বছরের তুলনায় শিক্ষার্থী ভিসাধারীদের আশ্রয় আবেদন কিছুটা কমেছে, তবে ২০২০ সালের তুলনায় এটি ছয় গুণ বেশি। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য এখনো স্পষ্ট করে জানায়নি— কতজন শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অতিরিক্ত সময় অবস্থান করে আশ্রয় চেয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েন বেআইনি ঘোষণা

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েন বেআইনি ঘোষণা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও নৌবাহিনীর মেরিন সদস্য মোতায়েন করে ফেডারেল আইন ভঙ্গ করেছেন বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক। সান ফ্রান্সিসকোর আদালতের এই রায়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ক্যালিফোর্নিয়ায় স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনা ব্যবহার করতে পারবে না। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেপ্তার, তল্লাশি, জেরা, ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণ বা তথ্যদাতার ভূমিকায় সেনারা কাজ করতে পারবে না। তবে ফেডারেল ভবন ও সম্পদ রক্ষায় সেনা ব্যবহার করা যাবে। রায়টি মূলত পোসি কোমিটাটাস অ্যাক্ট নামে শত বছরেরও পুরোনো এক আইনকে ভিত্তি করে দেওয়া হয়েছে। এ আইনে বলা আছে, বিদ্রোহ বা গৃহযুদ্ধ ছাড়া সেনাদের দিয়ে বেসামরিক আইন প্রয়োগ করা যাবে না। আদালত জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ হলেও তা বিদ্রোহে রূপ নেয়নি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে সক্ষম ছিল। বিচারক চার্লস ব্রেয়ার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসন সীমাহীনভাবে সেনা ব্যবহারের ব্যাখ্যা দিয়েছে, যা আইনটির উদ্দেশ্যকেই ব্যর্থ করে দিত। তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট চাইলে ইনসারেকশন অ্যাক্ট (Insurrection Act—বিদ্রোহ দমনের জন্য বিশেষ আইন) ব্যবহার করতে পারতেন, কিন্তু ট্রাম্প তা করেননি। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম আদালতে মামলা করেছিলেন। রায়ের পর তিনি বলেন, আদালত প্রমাণ করেছে, আমাদের রাস্তায় সেনা নামানো বেআইনি। তিনি আদালতে আবেদন করেছেন যেন লস অ্যাঞ্জেলেসে নির্বাচনের আগ পর্যন্ত অতিরিক্ত সেনা রাখার ট্রাম্পের আদেশও বাতিল করা হয়।

সীমান্ত পেরিয়ে চীনে কিম জং উন

সীমান্ত পেরিয়ে চীনে কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ‘ভিক্টরি ডে’ সামরিক কুচকাওয়াজে অংশ নিতে তিনি বিশেষ সাঁজোয়া ট্রেনে চীন সীমান্ত অতিক্রম করেছেন। এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা। কুচকাওয়াজে কিম জং উন ছাড়াও চীনের প্রেসিডেন্ট শি চিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য বিশ্বনেতারা উপস্থিত থাকবেন। এটি কিমের প্রথম কোনো বহুপাক্ষিক আন্তর্জাতিক সভায় অংশগ্রহণ। এটি ১৯৫৯ সালের পর প্রথমবারের মতো যে, কোনো উত্তর কোরীয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। কিম ছাড়াও মিয়ানমার, ইরান, কিউবাসহ ২৬টি দেশের রাষ্ট্রপ্রধান এই কুচকাওয়াজে অংশ নিচ্ছেন।  

শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প

শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প শুল্ক ছাড়া যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে’বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতাও তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুঁশিয়ার করেছেন ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত রায় দেন, ট্রাম্প প্রশাসনের আরোপ করা বেশিরভাগ শুল্ক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার কয়েকদিন পরে রবিবার তিনি এমন মন্তব্য করেন। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আদালতের রায়কে আক্রমণ করে বলেন, “একটি র‌্যাডিকাল লেফট বিচারক দলের ৭৪ ভোটে দেওয়া সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দুর্বল করবে।” তবে তিনি কৃতজ্ঞতা জানান একজন ডেমোক্রেট বিচারকের প্রতি। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় নিয়োগ পেয়েছিলেন। ট্রাম্প বলেছেন, ওই বিচারক দেশ বাঁচাতে ভোট দিয়েছেন। তিনি লিখেছেন, “শুল্ক ছাড়া এবং ইতোমধ্যে সংগৃহীত ট্রিলিয়ন ডলার ছাড়া, আমাদের দেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। আর আমাদের সামরিক শক্তি তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে যেত। ৭৪ ভোটের রায়ে একদল র‌্যাডিকাল লেফট বিচারক দেশকে বাঁচানোর কথা ভাবেনি। কিন্তু ওবামার সময়ে নিয়োগ দেওয়া একজন ডেমোক্রেট বিচারক আসলেই আমাদের দেশ বাঁচাতে ভোট দিয়েছেন। আমি তার সাহসের জন্য কৃতজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রকে ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন।” সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখে। আদালত জানান, ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছিলেন, তা আইন বহির্ভূত। আদালত আরও বলেন, ট্রাম্পের এই পদক্ষেপ ছিল প্রেসিডেন্টের ক্ষমতার নজিরবিহীন অপব্যবহার। সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের হাতে ন্যস্ত। এর আগেই ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে ‘অত্যন্ত পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সব শুল্ক এখনও বহাল আছে। এক অত্যন্ত পক্ষপাতদুষ্ট আপিল আদালত ভুলভাবে বলেছেন আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত। কিন্তু তারা জানে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জিতবে। যদি এই শুল্ক তুলে দেওয়া হয়, তা হবে দেশের জন্য সম্পূর্ণ বিপর্যয়। এতে আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ব, অথচ আমাদের শক্ত থাকতে হবে।

পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা

পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা হরিকে ও ফিরোজপুর হেডওয়ার্কস থেকে পানি ছেড়েছে ভারত। এরপর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শতদ্রু নদীর জন্য উচ্চ বন্যার সতর্কতা জারি করেছে পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। পিডিএমএ সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে নয়টি জেলায় উচ্চ মাত্রার বন্যা হতে পারে। সম্ভাব্য ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে- কাসুর, ওকারা, পাকপত্তন এবং বাহাওয়ালনগর। এছাড়া, ভেহরি, লোধরান, বাহাওয়ালপুর, মুলতান এবং মুজাফফরগড়ও এই তালিকায় আছে। পাকিস্তানের পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় হাই কমিশন শতদ্রু নদীতে উচ্চ মাত্রার বন্যার বিষয়ে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, আজ থেকে উচ্চ মাত্রার বন্যার ঝুঁকি রয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও প্রাদেশিক সরকারগুলোকে সতর্ক করা হয়েছে। এরই মধ্যে, চেনাব নদীতে পানির স্তর বেড়ে যাওয়ায় অন্তত ২৫১টি গ্রাম প্লাবিত হয়েছে। ডেপুটি কমিশনার আলী আকবর ভান্ডার জানিয়েছেন, ত্রিম্মু হেডওয়ার্কসে বন্যার পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ০.৫ কিউসেকের বেশি। তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় আটকা পড়া মানুষদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য খাদ্য ও পশুর খাবারও সরবরাহ করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ৮ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ ইন্দোনেশিয়ার দক্ষিণ বোর্নিও প্রদেশে দুই ক্রু ও ছয় যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় উদ্ধার সংস্থা (বাসারনাস)। নিখোঁজ হেলিকপ্টারটির নাম পিকে-আরজিএইচ, এটি ইস্টইন্ডো এয়ার নামের একটি বেসরকারি কোম্পানির মালিকানাধীন। ফ্লাইট নম্বর ছিল পিকে ১১৭-ডি৩। উদ্ধার সংস্থার প্রধান ই পুতু সুদায়ানা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হেলিকপ্টারটি দক্ষিণ বোর্নিওর মান্তেউয়ে এলাকার আকাশসীমায় নিখোঁজ হয়। দুপুরের দিকে হঠাৎ এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ অবস্থান হিসেবে ৩°৬’৫৪.৫৮” দক্ষিণ অক্ষাংশ ও ১১৫°৪১’২.৬২” পূর্ব দ্রাঘিমাংশ চিহ্নিত করা হয়েছে, যা মান্দিন দামার জলপ্রপাত এলাকার কাছাকাছি। ওই এলাকাতেই চলছে সক্রিয় উদ্ধার তৎপরতা। দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করতে সেখানে মোতায়েন করা হয়েছে ৪০ জন উদ্ধারকর্মী। নিখোঁজ হেলিকপ্টারের বিষয়ে এখনো বিস্তারিত জানা না গেলেও, দুর্গম পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বাসারনাস কর্মকর্তারা।