ঝড়ের তাণ্ডবে পর্তুগালে ৩ মৃত্যু, ইংল্যান্ডে বন্যা

ঝড়ের তাণ্ডবে পর্তুগালে ৩ মৃত্যু, ইংল্যান্ডে বন্যা বিধ্বংসী ঝড় ক্লাদিয়া কয়েক দিন ধরে পর্তুগাল, স্পেন ও ব্রিটেনে তাণ্ডব চালাচ্ছে। তীব্র ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই ঝড় শনিবারের মধ্যে ব্রিটেন ও আয়ারল্যান্ডের কিছু অংশে পৌঁছে গেছে। যার প্রভাবে পর্তুগালে ৩ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলসের অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। উদ্ধারকারীরা বৃহস্পতিবার পর্তুগালের লিসবনের ফেরনাও ফেরো এলাকায় পানিতে ডুবে যাওয়া একটি বাড়ি থেকে বয়স্ক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা রাতে পানি বাড়তে থাকায় বাড়ি থেকে বের হতে পারেননি। আঞ্চলিক সিভিল প্রোটেকশন কমান্ডার ভিতর ভাজ পিন্টো জানান, পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় শহর আলবুফেইরায় ঝড়টির আঘাতে একটি ক্যাম্পিং এলাকায় বেশকিছু ক্যারাভান ক্ষতিগ্রস্ত হয়। সেখানে ৮৫ বছর বয়সী এক ব্রিটিশ নারী নিহত হয়েছেন। শহরটির একটি হোটেলে অবস্থান করা ২৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদিকে, শনিবার ব্রিটেনে তীব্র বন্যা দক্ষিণ-পূর্ব ওয়েলসের মোনমাউথ শহর ও আশপাশের এলাকাগুলোকে বিপর্যস্ত করে দিয়েছে। সাউথ ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, তারা উদ্ধার অভিযান, বাসিন্দা সরিয়ে নেওয়া ও বিভিন্ন এলাকায় পরিদর্শন কাজ চালিয়ে যাচ্ছেন। ওয়েলশ সরকারের একজন মুখপাত্র বলেন, টানা বৃষ্টি ও নদীর পানি ওয়েলসের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা সৃষ্টি করেছে। এতে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউরোপে ক্লাদিয়ার মতো ঝড়গুলো পশ্চিম থেকে পূর্বে বয়ে গিয়ে ভারী বৃষ্টি, দমকা বাতাস ও প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে। এটি ঠাণ্ডা ও মৃদু বায়ুর সংঘর্ষ থেকে শক্তি সংগ্রহ করে।
২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট। আজ রেড ক্রিসেন্টের এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খোমসের কাছে এ নৌ দুর্ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে যাওয়া ২৬ জন ছিলেন, যাদের মধ্যে চার জন মারা গেছেন। দ্বিতীয় নৌকাটিতে ছিলেন ৬৯ জন, তাদের মধ্যে দুজন মিশরের নাগরিক এবং বেশ কয়েকজন সুদানি নাগরিক ছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে, তা স্পষ্ট নয়। ওই নৌকায় আট জন শিশু ছিল বলে তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। ত্রিপোলির পূর্বদিকে প্রায় ১১৮ কিলোমিটার দূরের উপকূলীয় শহর আল-খোমস ইউরোপগামী অবৈধ অভিবাসীদের অন্যতম কেন্দ্র। ২০১১ সালে নেটো-সমর্থিত গণবিক্ষোভে মোয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া পরিণত হয়েছে সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপমুখী মানুষের প্রধান ট্রানজিট রুটে। নৌকাডুবিতে নিহতদের মরদেহ মোড়ানো সারিবদ্ধ কালো ব্যাগের একটি ছবি প্রকাশ করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক মৈথিলী ঠাকুর

বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক মৈথিলী ঠাকুর বিহারের বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছেন ২৫ বছর বয়সী মৈথিলী ঠাকুর। এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সি বিধায়ক হিসেবে ভূমিধস জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী। আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগরের উন্নয়নের দিকে। সংগীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। তিনি ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মাত্র ২৫ বছর বয়সী মৈথিলীর বড় অংকের সম্পত্তি রয়েছে। নির্বাচনি হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির ওপরে, অলংকারের মূল্য প্রায় ৫০ লাখ, ৩ কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে।
গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পাকিস্তানের সেনাপ্রধান

গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের সংসদ সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন অব্যাহতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরো প্রশস্ত হয়েছে। আজ এ তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সংবিধানের ২৭তম সংশোধনী দেশটির সংসদে গত বৃহস্পতিবার পাস হয়েছে। এতে সেনাপ্রধান আসিম মুনিরের ক্ষমতা আরো বাড়ানো হয়েছে। এটি দেশের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনবে। যারা এই পরিবর্তনের পক্ষে কথা বলছেন তাদের মতে, এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে, একই সাথে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে।
বেতন ও প্রশিক্ষণ পদের দাবিতে ধর্মঘটে ব্রিটিশ চিকিৎসকরা

বেতন ও প্রশিক্ষণ পদের দাবিতে ধর্মঘটে ব্রিটিশ চিকিৎসকরা ইংল্যান্ডে হাজারো ব্রিটিশ চিকিৎসক আজ বেতন ও প্রশিক্ষণ পদের দাবিতে পাঁচ দিনের ধর্মঘট শুরু করেছেন। ২০২৩ সালের মার্চ থেকে এ পর্যন্ত এটি তাদের ১৩তম ধর্মঘট। গ্রিনিচ মান সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে অংশ নিচ্ছেন রেসিডেন্ট ডাক্তাররা—পরামর্শদাতা পর্যায়ের নিচের চিকিৎসকরা, যারা হাসপাতালের মোট চিকিৎসাকর্মীর অর্ধেক। লেবার সরকারের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ধর্মঘটের নিন্দা জানিয়ে বলেন, চিকিৎসকদের ইউনিয়ন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতৃত্ব ‘সেবার চেয়ে সংঘাতকে বেছে নিয়েছে।
১২ ঘণ্টা পর জোহানেসবার্গে অবশেষে অবতরণ ১৫৩ ফিলিস্তিনির

১২ ঘণ্টা পর জোহানেসবার্গে অবশেষে অবতরণ ১৫৩ ফিলিস্তিনির দক্ষিণ আফ্রিকার সীমান্ত পুলিশ জানিয়েছে, ১২ ঘণ্টা ধরে একটি বিমানেই আটকে থাকা ১৫৩ ফিলিস্তিনিকে গতকাল সন্ধ্যায় অবশেষে বিমান থেকে নামার অনুমতি দেওয়া হয়েছে। সীমান্ত পুলিশ জানায়, বিমানটি ও. আর. তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় গতকাল সকাল ৮টার কিছুক্ষণ পরে অবতরণ করে। দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় একটি মানবিক সংস্থা যাত্রীদের থাকার ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবতরণের অনুমতি দিয়েছে। দক্ষিণ আফ্রিকার সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ) জানিয়েছে, যাত্রীদের বিমান থেকে নামতে দেওয়া হয়নি কারণ তাদের পাসপোর্টে প্রচলিত প্রস্থানের ছাপ ছিল না। এছাড়া তারা দক্ষিণ আফ্রিকায় কত দিন থাকবেন বা কোথায় অবস্থান করবেন, তা জানাতে পারেননি।
কলম্বিয়ায় সেনা অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত

কলম্বিয়ায় সেনা অভিযানে ১৯ সন্ত্রাসী নিহত কলম্বিয়ায় মাদক কারবারি এক গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির সেনাবাহিনী। এতে সন্ত্রাসী দলটির ১৯ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, গত কাল এই হামলা ছিল সুনিয়ন্ত্রিত ও লক্ষ্যভিত্তিক। অভিযানে একজনকে আটক ও সশস্ত্র গোষ্ঠীটির ব্যাপক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহনীর অ্যাডমিরাল ফ্রান্সিসকো কিউবিডস বলেছেন, নিহতরা কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের (এফএআরসি) একটি শাখার সদস্য। তারা দীর্ঘদিন থেকে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। সেনাবাহিনী দাবি করছে, বিমান হামলাটি গেরিলাদের কমান্ড ও লজিস্টিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়। এই ধরনের অভিযান জননিরাপত্তা ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত গোষ্ঠীর প্রভাব কমানোর জন্য অপরিহার্য। প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই গোষ্ঠীর বিরুদ্ধে হামলা ও সামরিক অস্ত্র বিলুপ্তিকরণের নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, কলম্বিয়ায় দীর্ঘদিন থেকে সরকারি বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ চলছে। ফার্কের মূলশাখা ২০১৬ সালে শান্তিচুক্তিতে স্বাক্ষর করলেও, কিছু শাখা তা প্রত্যাখ্যান করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট পেট্রোর সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক চাপ ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। গত অক্টোবরে ওয়াশিংটন মাদক সংশ্লিষ্টতার অভিযোগে কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট পেট্রো ও তার পরিবারের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও মাদক পাচারের সঙ্গে পেট্রোর সরাসরি যোগসূত্রের প্রমাণ দেয়নি।
ভারতে চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু

ভারতে চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে ১০ হরিণের মৃত্যু বেওয়ারিশ কুকুরের আক্রমণে ভারতে নতুন একটি চিড়িয়াখানায় আন্তত ১০টি হরিণ প্রাণ হারিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় সদ্য উদ্বোধন করা চিড়িয়াখানায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে এমন ঘটনা ঘটেছে। মাত্র দুই সপ্তাহ আগেই চিড়িয়াখানাটি উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর ১৫ দিন না পেরোতেই এ ঘটনায় চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা ও কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টমর্টেম শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে। চিড়িয়াখানার পরিচালক নাগারাজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার বন্যপ্রাণী বিশেষজ্ঞ অরুণ জাকারিয়ার নেতৃত্বে একটি দল চিড়িয়াখানায় পৌঁছেছে। গোটা এলাকা পরিদর্শনের পাশাপাশি বিস্তারিত তদন্ত শুরু করেছে তারা। ৩৩৬ একর জমিতে গড়ে ওঠা ত্রিশূর চিড়িয়াখানাটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের প্রথম ‘ডিজাইনার জু’ হিসেবে পরিচিত। গত ২৮ অক্টোবর কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সম্প্রতি পুথুর চিড়িয়াখানাটি দর্শনার্থীদের জন্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন চালু করেছে। তবে এখন পর্যন্ত শুধু স্কুল ও কলেজের শিক্ষার্থীদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সাধারণ দর্শনার্থীদের জন্য এটি খোলার তারিখ ঘোষণা করা হয়নি এখনো।
যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১ হাজার ৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল

যুদ্ধবিরতির পর গাজায় কমপক্ষে ১ হাজার ৫০০ ভবন ধ্বংস করেছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েল তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে। গাজা উপত্যকার স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভেরিফাই এ তথ্য জানিয়েছে। গত ১০ অক্টোবর আমেরিকার মধ্যস্ততায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক স্যাটেলাইট ছবি তোলা হয়েছে ৮ নভেম্বর। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ইসরায়েলি সেনা নিয়ন্ত্রণাধীন এলাকায় পুরো পাড়া এক মাসেরও কম সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভবনগুলো বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ভেরিফাই কিছু এলাকার স্যাটেলাইট ছবি সংগ্রহ করতে পারেনি, যার অর্থ-প্রকৃত ধ্বংসের পরিমাণ আরও বেশি হতে পারে। কিছু বিশেষজ্ঞ বলছেন, ভবন ধ্বংসের এই ঘটনা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বিবিসি ভেরিফাইকে বলেছেন, তারা ‘যুদ্ধবিরতির কাঠামোর মধ্যে’ কাজ করছেন।
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করেছে সিরিয়া

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের আলোচনা নাকচ করেছে সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা নাকচ করেছেন সিরিয়ার বিপ্লবী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। একই সঙ্গে ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমি ইস্যুতেও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন নতুন করে তার আব্রাহাম অ্যাকর্ডস উদ্যোগকে সক্রিয় করার চেষ্টা করছেন তখনই সিরিয়ার পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আল শারা স্পষ্টভাবে বলেন, মার্কিন পৃষ্ঠপোষকতায় যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, সিরিয়ার পরিস্থিতি সেই দেশগুলোর মতো নয়। তিনি বলেন, “সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত রয়েছে, আর ইসরায়েল ১৯৬৭ সাল থেকে গোলান মালভূমি দখল করে রেখেছে। বর্তমানে আমরা (ইসরায়েলের সঙ্গে) কোনও সরাসরি আলোচনায় যাচ্ছি না। হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র এই ধরনের আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে।” তিনি আরও জানান, ২০২৪ সালে আসাদ সরকারের পতনের পর ইসরায়েল গোলান মালভূমিতে দখলদারিত্ব আরও বাড়িয়েছে। আর এটি সিরিয়ার জন্য বাস্তবেই বড় সংকট তৈরি করেছে।