সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদি আরব সফর শেষে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। রিয়াদের উপ-গভর্নর মুহাম্মদ বিন আব্দুলরহমান বিন আব্দুলআজিজ বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রধানমন্ত্রী শেহবাজ সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে রিয়াদে যান। সফরকালে পাকিস্তান ও সৌদি আরব একটি ঐতিহাসিক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তিতে বলা হয়, কোনও একটি দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই চুক্তি এমন এক সময়ে সই হলো, যখন ইসরায়েল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায়, যা মুসলিম বিশ্ব ও বৈশ্বিক নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে শেহবাজ শরিফ জানান, সফরকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেওয়া উষ্ণ আতিথেয়তায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছেন। তিনি বলেন, রিয়াদে যে অভূতপূর্ব সাড়া তিনি পেয়েছেন, তা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বহিঃপ্রকাশ। প্রধানমন্ত্রী আরও জানান, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠকে আঞ্চলিক চ্যালেঞ্জ ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি মুসলিম বিশ্বের জন্য যুবরাজের দূরদর্শিতা ও নেতৃত্বের প্রশংসা করেন। দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে শেহবাজ বলেন, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের বিনিয়োগ, বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে যুবরাজের আগ্রহ ও নিরবচ্ছিন্ন সহযোগিতা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন।
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মোদি নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় দেশটির সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। একইসঙ্গে তিনি শান্তি প্রতিষ্ঠায় কার্কির প্রচেষ্টার প্রতি ভারতের দৃঢ় সমর্থনের আশ্বাস দেন এবং নেপালের জাতীয় দিবস উপলক্ষে তাকে ও নেপালবাসীকে শুভেচ্ছা জানান। আজ এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে মোদি জানান, নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সঙ্গে একটি আন্তরিক ফোনালাপ হয়েছে। সাম্প্রতিক মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছি এবং দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি। এছাড়াও ১৯ সেপ্টেম্বর নেপালের জাতীয় দিবস উপলক্ষে তাকে ও দেশটির জনগণকে উষ্ণ শুভেচ্ছাও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ক্ষমতা পরিবর্তনের পর এটি ছিল দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ, যা প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পেনসিলভানিয়ায় গু*লিতে ৩ পুলিশ নি*হ*ত, হামলাকারীও নি*হ*ত

পেনসিলভানিয়ায় গু*লিতে ৩ পুলিশ নি*হ*ত, হামলাকারীও নি*হ*ত যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যে এক বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুই কর্মকর্তা। পরে পাল্টা গুলিতে নিহত হন ওই হামলাকারীও। স্থানীয় সময় বুধবার ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের। রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, পুলিশ কর্মকর্তারা আগের দিনের একটি পারিবারিক কলহজনিত ঘটনার তদন্তে ওই বাড়িতে গিয়েছিলেন। অভিযানের সময় হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু করে এক বন্দুকধারী। ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় দুই কর্মকর্তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, তদন্তের অংশ হিসেবে পুলিশ সদস্যরা যখন তল্লাশি চালাচ্ছিলেন, তখনই ওই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশের পাল্টা গুলিতে বন্দুকধারীও নিহত হন। তবে এখন পর্যন্ত তার পরিচয় প্রকাশ করা হয়নি। ঘটনার পর হাসপাতালে গিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো।
লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে

লুক্সেমবার্গ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আরো কয়েকটি দেশের সাথে যোগ দিবে বলে জানিয়েছে। গাজায় প্রায় দুই বছরের অভিযানের কারণে আন্তর্জাতিকভাবে ইসরাইলের নিন্দা বৃদ্ধি পাওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ব্রাসেলস থেকে এএফপি এই খবর জানিয়েছে। সোমবার রাতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেছেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে’। ফ্রিডেন বলেছেন, ‘দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক তা প্রমাণ করার জন্য ইউরোপ এবং বিশ্বজুড়ে এখন একটি আন্দোলন গড়ে উঠছে’। ‘এ কারণেই লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহের দ্বি-রাষ্ট্র সমাধান সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সাথে যোগ দিতে চায়।’ ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং বেলজিয়ামসহ দেশগুলো জানিয়েছে, তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। ইসরাইল এবং তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার বলেছেন, এই পদক্ষেপ হামাসকে ‘উৎসাহ’ দিয়েছে। এএফপি’র সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরাইলের ওপর আক্রমণের ফলে গাজায় যুদ্ধ শুরু হয়েছিল। ওই হামলায় ১,২১৯ জন বেসামরিক ইসরাইলি নাগরিক নিহত হয়েছিল। জাতিসংঘের কাছে নির্ভরযোগ্য বলে মনে করা হয় এমন অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসর্ইালের প্রতিশোধমূলক অভিযানে কমপক্ষে ৬৪,৯০৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘের তদন্তকারীরা গতকাল মঙ্গলবার ইসরাইলকে ‘ফিলিস্তিনিদের ধ্বংস করার’ লক্ষ্যে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনেছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের উস্কানির জন্য দায়ী করেছেন।
পাকিস্তানের বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ সেনা

পাকিস্তানের বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৫ সেনা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলার শেরবান্দি এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। একই অভিযানে ‘ভারত-সমর্থিত’ পাঁচজন সন্ত্রাসীও নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর সামা টিভির। আইএসপিআর এক বিবৃতিতে জানায়, শেরবান্দি এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ধ্বংসে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছিল। এ সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি আঘাতপ্রাপ্ত হয়, এতে পাঁচজন সেনা নিহত হন। নিহত সেনারা হলেন- ক্যাপ্টেন ওয়াকার আহমদ (লোরালাই), নায়েক আসমাতুল্লাহ (ডেরা গাজী খান), ল্যান্স নায়েক জুনায়েদ আহমদ (সুক্কুর), ল্যান্স নায়েক খান মোহাম্মদ (মারদান) এবং সিপাহী মোহাম্মদ জাহুর (সোয়াবি)। আইএসপিআর বলেছে, পাকিস্তানের সাহসী অফিসার ও সেনাদের ত্যাগ দেশ থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করে। এদিকে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে। শুধু গত এক সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অভিযানে অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার লালকিলা মাইদান এলাকায় ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’দের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন সেনা সদস্য নিহত হন।
গ্যাং হামলায় হাইতিতে নিহত অর্ধশতাধিক

গ্যাং হামলায় হাইতিতে নিহত অর্ধশতাধিক গত সপ্তাহে হাইতিতে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। সংকটে জর্জরিত ক্যারিবীয় দেশটির সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি। স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে সোমবার পোর্ট-অ-প্রিন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্ক (আরএনডিডিএইচ) এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’ গ্যাংগুলোর একটি জোট আক্রমণ শুরু করলে ২০২৪ সালের গোড়ার দিকে পরিস্থিতি আরও খারাপ হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি। আরএনডিডিএইচ জানিয়েছে, ‘ভিভ আনসানম’ গ্যাং জোট নিকটবর্তী ল্যাবোডেরি শহরে ‘বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে।’ ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৫ মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে শনিবার এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ইউকাতান অঙ্গরাজ্যের সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে, মেরিদা ও কামপেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে একটি পণ্যবাহী ট্রাক উল্টে গিয়ে একটি গাড়ি ও নির্মাণ শ্রমিক বহনকারী একটি ট্রাকে আঘাত হানে। সংস্থাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে ট্রাকচালকও রয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এক সপ্তাহেরও কম সময়ে দেশটিতে বড় ধরনের প্রাণহানীর এটি তৃতীয় সড়ক দুর্ঘটনা। গত সোমবার মধ্য মেক্সিকোতে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি ডাবল-ডেকার বাসের সংঘর্ষে ১০ জন নিহত ও ৪১ জন আহত হন। দুই দিন পর, প্রায় ৫০ হাজার লিটার গ্যাস বহনকারী একটি ট্রাক মেক্সিকো সিটিতে উল্টে গিয়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় ১৩ জন নিহত ও বহু মানুষ মারাত্মকভাবে দগ্ধ হন বলে শনিবার হালনাগাদ করা এক হিসাবে জানানো হয়েছে।
ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের

ন্যাটোকে রুশ তেল কেনা বন্ধের দাবি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে প্রস্তুত রয়েছেন। তবে, শর্ত হিসেবে তিনি বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সব মিত্রকে রাশিয়ার তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং মস্কোর বিরুদ্ধে তাদের নিজস্ব নিষেধাজ্ঞা বাস্তবায়নে সম্মত হতে হবে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে ন্যাটো মিত্রদের চীনের ওপর ৫০ শতাংশ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনারও পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জানান, সব ন্যাটো দেশ যখন একমত হবে ও একই পদক্ষেপ নেবে এবং যখন ন্যাটো’র সব দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে, তখন আমি রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত। গত সপ্তাহে মস্কো বাহিনী ইউক্রেনে বড় ধরনের বিমান হামলা চালানোর পর রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। হুমকি দিলেও মস্কোর বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ না দেখে হতাশ হয়ে পড়েছে কিয়েভ। গত মাসে আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করেছেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া থেকে ন্যাটোভুক্ত দেশগুলোর তেল ক্রয়ের বিষয়টি ক্রেমলিনের সঙ্গে দরকষাকষির ক্ষমতাকে দুর্বল করে দিচ্ছে। ট্রাম্প বলেছেন, যাইহোক, আপনারা যখন এগিয়ে আসবেন তখন আমিও প্রস্তুত থাকবো। শুধু বলুন, সময়টা কখন?
কঙ্গোতে পৃথক দুই নৌকাডুবিতে নি*হ*ত অন্তত ১৯৩

কঙ্গোতে পৃথক দুই নৌকাডুবিতে নি*হ*ত অন্তত ১৯৩ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দুই নৌকাডুবির ঘটনায় অন্তত ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও নিখোঁজ রয়েছেন বেশকয়েকজন। কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরা। দেশটির ইকুয়েটর প্রদেশে প্রায় ১৫০ কিমি (৯৩ মাইল) দূরে বুধবার ও বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটে। কঙ্গোর মানবিক কার্যক্রমবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৫০০ যাত্রীবাহী একটি নৌকা যাত্রা করে। পরে আগুন ধরে উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে প্রদেশের লুকোলেলা এলাকার মালাঙ্গে গ্রামবিনাশের কাছে অবস্থিত একটি হোয়েলবোটে। এতে ১০৭ জন নিহত হন। উদ্ধার করা হয় ২০৯ জনকে। কঙ্গোর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় এখনো ১৪৬ জন নিখোঁজ আছেন। একদিন আগে, অন্য আরেক পৃথক দুর্ঘটনা ঘটে। দেশটির বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা উল্টে যায়। এতে অন্তত ৮৬ জন নিহত হন, তাদের অধিকাংশই শিক্ষার্থী, সরকারি গণমাধ্যম জানিয়েছে। দুইটি ঘটনার একটিরও কারণ জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচন মার্চে

ভেঙে দেওয়া হলো নেপালের সংসদ, নতুন নির্বাচন মার্চে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সুশীলা কার্কির পা ধরে আশীর্বাদ নেন নেপালের জেন-জি বিপ্লবের নায়ক সুদান গুরুং। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, গতকাল রাতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ। গতকাল রাতে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়। গতকাল স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা। এরআগে নেপালের জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধি, প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয়। এরপর সুশীলাকে প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়। এরমাধ্যমে তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে আন্দোলনে নামে নেপালের জেন-জিরা। এরমধ্যে গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে অনেক শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভে ফেনে পড়েন বিক্ষোভকারীরা। মঙ্গলবার তাদের আন্দোলনের তীব্রতা বাড়লে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন কেপি শর্মা অলি। এরপর তিনি গা ঢাকা দেন। ওইদিন বিক্ষোভকারীরা সাবেক দুজন প্রধানমন্ত্রীসহ অনেক মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এরমধ্যে অর্থমন্ত্রীকে রাস্তায় পেটানোর ঘটনাও ঘটে। সুশীলা কার্কি ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি ছিলেন। তিনি দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি হন। বিচারক থাকাকালীন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এ কারণে জেন-জির কাছে তার জনপ্রিয়তা রয়েছে। তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। একবার ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সুশীলা বলেছিলেন, ভারত নেপালকে অনেক সহায়তা করেছে।